অফিসারের মন খারাপ। তিনি এখানে এসেছেন একজনকে হত্যার নির্দেশ দিতে। বললেই ছেলেটাকে গুলি করে মারা হবে। কোনো আপিল-প্রতিবাদ নেই। তার নির্দেশই শেষ কথা।
এ কাজটা তিনি খুব দক্ষতার সঙ্গে করেন। হাসিমুখে গুলি করার নির্দেশ দিয়ে সিগারেট ধরান। এমনিতে তিনি খান গোল্ডলিফ। তখন ট্রিপল ফাইভ। লন্ডন থেকে এক কার্টন সিগারেট এনে রেখেছেন। শুধু এই সময়ের জন্য।
একবার ঝামেলা দেখা দিল। সিগারেটটা খুঁজে পাচ্ছিলেন না। ওদিকে সব প্রস্তুত। শুটাররা তাড়া দিচ্ছে। ধমক দিয়ে বললেন, ‘মানুষ হত্যার জন্য তোমাদের এত উৎসাহ কেন?’
সবাই এমন চমকে গেল! তিনিই এই কাজের জনক বলে গণ্য। তার কিংবদন্তিতুল্য ইমেজের তুলনায় এটা এমন বেমানান যে, পরে গল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। ‘অমুক স্যার জীবনে একবারই কারো প্রতি মায়া দেখিয়েছিলেন। পাঁচ-সাত মিনিট দেরি করেছিলেন নির্দেশ দিতে।’
তবু তারও কখনো মন খারাপ হয়। কেউ দেখতে পায় না। নিষ্ঠুরতার ওপরইতৈরি তার ব্যক্তিত্ব। এতে সামান্য আঁচড়ও লাগতে দেওয়া যাবে না। মাঝেমধ্যে ভাবেন, তিনি কি স্যাডিস্ট? মানুষ মারতে ভালো লাগে! সেরকম কিছু তো নয়। মায়া-মমতা সবই আর দশজনের মতো। বউয়ের সঙ্গে গভীর রাতে প্রেমময় স্বরে কথা বলেন। মেয়ের সঙ্গে ভূত সেজে কত এমন শিশুতোষ কারবার করেন যে, অম্বিকা মাঝেমধ্যে ধরে নেয় বাবার বয়স বোধ হয় তার চেয়েও কম।
তৌফিক ঘরে ঢুকে বিরাট স্যালুট দিয়ে বলল, ‘স্যার, লাঞ্চে কী খাবেন?’
তৌফিক এখানকার ক্যাম্পের কমান্ডার। তার ক্যাম্পই এ ছেলেটাকে আটক করেছে। ওরা ছিল চারজন। দুজন পালিয়েছে, একজন মারা গেছে ঘটনাস্থলেই। তৌফিকদের দলেরও ক্ষতি হয়েছে বেশ। কেউ মারা না গেলেও দুজন হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি হেসে বললেন, ‘কী খাওয়াতে চাও?’
‘স্যার, পাশেই বিলে টাটকা মাছ ধরা পড়ে। আপনার আসা উপলক্ষে বিলের ইজারাদার সকালে জেলে নামিয়েছিল।’
‘হুঁ। আর কার কাছ থেকে কী জোগাড় করলে?’
‘কিছু জোগাড় করতে হয় না। চলে আসে।’
‘আচ্ছা, তৌফিক এরা কি জানে যে আমরা মানুষ মারি?’
‘জানে স্যার। এজন্যই তো এত খাতির।’
‘ভয়ে?’
‘না স্যার, খুশিতে। এ ছেলেগুলো তো ওদের জন্য বিরাট উৎপাত। এই চিঠি পাঠিয়ে বলে, অত টাকা দাও, না হলে মাথা দাও। আমাদের একেকটা অপারেশন হলে ওরা যে কী খুশি হয়। আমাদের ইজারাদার তো মহাখুশি।’
‘কেন, ওকে তো আর মারেনি।’
‘ওর ভাইকে মেরেছে। টাকা চেয়েছিল, পুরোটা দিয়েছে। তবু...’
‘বলো কী, আমি তো জানি, কথা শুনলে ওরা কিছু করে না। ওদের কিছু নীতি আছে।’
‘না, স্যার। কিচ্ছু নেই। মুখে বড় বড় কথা কিন্তু সব বদমায়েশি। আমার তো মনে হয়, ধরার পর আর দেরি করা উচিত না। সঙ্গে সঙ্গেই গুলি করে...’
বলেই বুঝতে পারে একটু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুলি করে ফেললে আর বললে বড় কর্তার গুরুত্ব অস্বীকার করা হয়। নির্বিচার গুলির আগে যে সামান্য বিচার সেটাই কর্তার কাজ।
তাড়াতাড়ি বলে, ‘স্যার, তাহলে বিলের মাছ...’
‘না। আমি ওসব খাই না।’
তৌফিক একটু ভড়কে যায়।
অফিসার হেসে বলেন, ‘তবে তোমার ইজারাদারকে ডাকো। ওর সঙ্গে একটু কথা আছে।’
কর্তা যে খেপে যাননি তৌফিক তাতে স্বস্তিবোধ করে। একটু ইতস্তত করে বলে, ‘ইজারাদার সাহেবের আরেকটা ছোট্ট অনুরোধ আছে। তিনি ঘটনার সময় থাকতে চান। এরা তাকে এত যন্ত্রণা করেছে যে, নিজের চোখে ওর মৃত্যুটা দেখতে চান।’
‘ঠিক আছে আসতে বলো’— বলে তিনি সিগারেট ধরান।
বাইরে সুন্দর দৃশ্য। বিলের বিস্তৃৃত জলরাশি। পাখি ডাকছে। অপারেশনে যাওয়ার ডাক পড়লে তিনি খুশি হন এই ভেবে যে, কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে।
ছেলেটার বয়স কত হবে। ২৩-২৪। শরীরও সাদামাটা। বেখেয়ালে বেড়ে যাওয়া চুল আর অবহেলা করা পোশাকে জংলির মতো দেখায়। অথচ এ ছেলেটিই নাকি এমন ত্রাস যে, নাম শুনলেই নামি আর ধনী মানুষদের জ্বর এসে যায়। কতজনকে যে মেরেছে, তা গুনেই শেষ করা যাচ্ছে না।
ইশারায় বসতে বললেন। রাজি নয়। আগে কেউ কি ওকে বসতে দেয়নি! খাতিরটা অপ্রত্যাশিত বলে বোধ হয় নয়, বরং এ ব্যবস্থার সবকিছু প্রত্যাখ্যান করার একটা তীব্রতা যেন।
চোখটা খেয়াল করেন। এখানেই তার বিশেষত্ব সম্ভবত। একাধারে তাতে প্রবল ঘৃণা ও প্রবলতর বিশ্বাস। যেন ঘোষণা, যা করেছি সেটা মহান কাজ। তোমরা যা করবে সব তুচ্ছ।
তিনি এবার সিগারেটটা বাড়িয়ে দিলেন।
ছেলেটা অদ্ভুতভাবে হাসে। কিন্তু সিগারেট নেয়ও।
তিনি একটু অপ্রস্তুত। লাইটারটা ওর দিকে ঠেলে দেন।
সে লাইটারটা নেয় না। হাত দিয়ে সিগারেটটা দুমড়ে-মুচড়ে ছুড়ে মারে।
তৌফিক মারতে হাত উঠিয়েছিল। অফিসার থামান।
অনেক হয়েছে। এখন সোজা কথায় যেতে হবে। এদের নিজেকে প্রকাশের প্রাথমিক সুযোগ দেন। কিন্তু জায়গামতো থামিয়েও দেন। বিশ্বাসটা পুরো চলে এলে যা-তা করে বসতে পারে। হয়তো ঘুসি মেরে বসল। একবার একজন গালি দিয়েছিল। ‘শালার ব্যাটা’ বলে বসল মুখের ওপর। এমন কোনো তীব্র গালি না; কিন্তু ‘শালার ব্যাটা’ বড় যন্ত্রণা দেয়। এখনো মাঝে মাঝে এমন স্পষ্ট কানের কাছে বাজে যে, মনে হয় সবাই বোধ হয় শুনতে পাচ্ছে। শালার ব্যাটা হয়ে যাওয়ার ভয় তাড়িয়ে বেড়ায় বলে আর দেরি করলেন না।
কড়া গলায় বললেন, ‘তোমার বক্তব্য?’
ছেলেটি হাসে। বড় অসহ্য হাসি।
তিনি আবার জানতে চান, ‘বলার থাকলে বলো। তোমার সব কথা আমি শুনব। শোনাই আমার কাজ।’
‘অপ্রয়োজনে আমি কথা বলি না।’
তিনি একটু ভাবেন। একটা চ্যালেঞ্জ বোধ করেন। একে দিয়ে কথা বলাবেন।
হাসতে হাসতে বললেন, ‘তোমাকে একটা সুযোগ দিলাম। তুমি আত্মপক্ষ সমর্থনে কিছু বললেই তোমার মুক্তি। কোনো সাক্ষ্য-প্রমাণে যাব না, তুমি যা বলবে তা-ই মেনে নেব।’
ছেলেটি আবার হাসে। বাইরে কী যেন দেখে।
তিনি বলেন, ‘তুমি বোধ হয় বিশ্বাস করলে না?’
তৌফিক বলে, ‘ব্যাটা জীবনে একটা সুযোগ পেয়েছিস। কাজে লাগা। কাজে লাগা।’
ছেলেটি বলে, ‘আপনাদের কথা শেষ?’
‘তোমার কথা না শুনলে তো শেষ হচ্ছে না।’
‘আমার কথা শুনবেন না।’
ছেলেটি চলে যায়।
তিনি তৌফিককে গুলি করার নির্দেশ দিয়ে দেন।
খেতে বসার সঙ্গে সঙ্গে তৌফিক এসে জানায় বিলের ইজারাদার এসেছে। মধ্যবয়সী পানের রঙে টকটক করা লাল ঠোঁটের একটা মানুষ এসে তেলতেলে হাসি হেসে বলে, ‘স্যারের শরীরটা ভালো?’
‘ভালো। আপনার?’
‘ভালো না।’
তিনি খেয়াল করেছেন, এই ধরনের মানুষের শরীর কখনো ভালো থাকে না। টাকাওয়ালাদের এই মুশকিল। শরীরটা ঠিক টাকার তাপ সহ্য করতে পারে না বা এটাই হয়তো বিচার। টাকা থাকলে শরীর ভালো থাকবে না। শরীর ভালো এবং প্রচুর টাকা এই কম্বিনেশন ভয়ংকর। এরা সব খেয়ে ফেলত।
মানুষটি তার প্লেটের দিকে তাকিয়ে বলে, ‘স্যার, মাছটার ওজন ছিল দেড় কেজি। কিন্তু যদি বর্ষায় আসতেন তাহলে দেখতেন, কী করি...’
‘কী করতেন?’
‘পাঁচ কেজির মাছ খাওয়াতাম।’
‘ঠিক আছে বর্ষায় একবার আসব।’
‘আর শীতেও একবার আসবেন। পাখি খাওয়াব। একবার আসবেন হেমন্তে। নতুন চালের পিঠা খাওয়াব।’
‘আচ্ছা, সব ঋতুতে একবার করে আসব। এবার বলুন দেখি, এই ছেলেটা আপনার কাকে মেরেছে?’
‘ভাইকে।’
‘কেন?’
‘টাকা চেয়েছিল, দেড় লাখ। শীতের সময় ব্যবসা মন্দা। বলেন, এই সময় অত টাকা দেওয়া যায়?’
‘টাকা তাহলে দেয়নি?’
‘দিয়েছিল। পানির সময় ব্যাপারীদের কম দামে জিনিস দেবে প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়েছিল।’
‘তারপর... তবু মেরে ফেলল?’
‘এরা তো মানুষ না।’
অফিসার তৌফিককে বললেন, ‘ওকে আবার ডাকো তো।’
ইজারাদার বলে, ‘স্যার, আমি তাহলে অন্য জায়গায় গিয়ে বসি। আপনাদের প্রাইভেট আলাপ।’
‘না, থাকুন। এটা প্রাইভেট না, অফিসিয়াল আলাপ।’
‘অফিসিয়াল আলাপে আমার না থাকাই ভালো। আমি মূর্খ মানুষ, ওসবের কিছু বুঝব না। খামোখা আপনাদের ঝামেলা।’
তৌফিক ছেলেটিকে আনতে বেরিয়ে যায়।
ইজারাদার ভয় পাওয়া গলায় বলে, ‘স্যার, বদমাশটাকে শেষ করে দেবেন তো?’
‘দেব।’
‘তাহলে স্যার থাকি।’
‘শেষ না করলে চলে যাবেন? কেন?’
‘এখানে যদি দেখে... এরপর ছাড়া পেলে আমাকে কেটে পানিতে ভাসিয়ে দেবে। এরা তো বদমাশের বদমাশ।’
ছেলেটি আবার ঢোকে। ইজারাদারকে দেখে ক্রুদ্ধ হয়ে ওঠার কথা। কিন্তু হাসে।
কেন? সব পক্ষই এক, ওদের ভাষায় মানুষের শত্রু, এটা জেনে যেন খুশি।
তিনি সরাসরি প্রসঙ্গে যান, ‘ওর ভাইকে মারলে কেন?’
ছেলেটি নিরুত্তর।
তিনি বললেন, ‘আমি যতদূর জানি, তোমরা কিছু বিষয় মেনে চলো। যদিও নির্বিচারে মানুষ মারার মতো অপরাধ যারা করে তাদের নীতি নিয়ে ভাবার কিছু নেই, তবু কিছু ক্ষেত্রে দেখেছি তোমরা কথা রাখো। কিন্তু এখন দেখছি সেই জায়গাটাও নেই।’
ছেলেটি বলে, ‘আমরা মানুষ মারি না।’
‘তাহলে কাকে মারো?’
‘পশুদের। যাদের জন্য মানুষরা অমানুষের জীবন কাটায়, সেই লুটেরাদের।’
‘কিন্তু সে তো তোমাদের বিচার। তোমরা বললেই তো আর ওরা অমানুষ হয়ে যাচ্ছে না। এর জন্য আইন আছে, আদালত আছে। তুমি ভার্সিটিতে অনার্সে ফার্স্ট হয়েছ, এই অনিয়ম দূর করবে আইনের পথে থেকে...’
অফিসার থামেন। এসব কথা কম বলেননি এই জীবনে। কাজ হয়নি কোনো।
ছেলেটা আবার হাসে। ইজারাদারের দিকে তাকায়।
তিনি একটু অপ্রস্তুত। ও বুঝিয়ে দিচ্ছে, বেশ তো দেখছি। আইনব্যবস্থা কেমন পয়সাওয়ালাদের পকেটে ঢুকে আছে।
কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু নিজের কাছেই মনে হলো, ব্যাখ্যাটা ঠিক মানাবে না। এটা তো ঠিক, ওদের আস্তানার খবরটা এই ইজারাদারের কাছ থেকেই প্রথম পেয়েছিলেন। ওদের সঙ্গে মিলেই এই বিভ্রান্তদের দমন করা হচ্ছে।
ছেলেটি চলে যেতেই ইজারাদার বলে, ‘দেখলেন স্যার, কত বড় বেয়াদব। আপনার মুখে মুখে কথা বলে।’
তিনি কড়া চোখে তাকিয়ে তৌফিককে ডেকে কানে কানে কিছু বললেন। তৌফিক উঠে গিয়ে ইজারাদারকে কষে একটা চড় মারল।
ইজারাদার কিছু মনে না করে বলে, ‘নিশ্চয়ই ভুল কিছু করেছি স্যার। নিশ্চয়ই...’
খাওয়া শেষে তিনি পায়চারি করছিলেন। ফাইভ ফাইভের প্যাকেটটি বের করে ফেলেছেন। একটু পর কাজে লাগবে।
তৌফিক এসে বলে, ‘স্যার, সব প্রস্তুতি শেষ। খাওয়াদাওয়াও করিয়ে ফেলেছি।’
‘খেল?’
‘হু। হাপুসহুপুস করে... এদের স্যার চিনলামই না। খেয়ে এখন গান গাইছে, যেন শ্বশুরবাড়ি যাবে। ইচ্ছে তো হয়েছিল তখন শেষ করে দিই। আবার দেখেন স্যার, প্রেমিকাকে চিঠি লিখেছে। কী সব দাঁতভাঙা কথা।’
‘দেখি চিঠিটা?’
তৌফিক হাতে দিয়ে বলে, ‘স্যার, ১০ মিনিট। সব রেডি করছি।’
চিঠিটা খোলেন। ধারণামতোই হাতের লেখা খুব সুন্দর।
লিখেছে,
‘খুব সম্ভব আমার আয়ু আর কয়েক মিনিট। আমি মারা যাচ্ছি। বেঁচে থেকে মরার চেয়ে মরে গিয়ে মরাই ভালো। সেই পৃথিবীতে বাঁচার কি খুব দরকার, যেখানে সম্পদের শেষ নেই; কিন্তু সেই সম্পদ সামান্য কিছু মানুষের। সব থেকেও বেশিরভাগ মানুষের কিছু নেই। মজার ব্যাপার, সেই মানুষগুলোও বুঝতে পারে না, আমাদের লড়াই ওদের জন্য। মৃত্যুতেও ওরা বুঝবে না, পত্রিকায় দেখে খুশিই হবে হয়তো, আমার কাছে এ বিষয়টাই মজা লাগছে। কিন্তু নিজের কাছে তো তৃপ্তি থাকল, মানুষকে মানুষের জীবন দেওয়ার লড়াইয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছি। আগামী কয়েক মিনিট এই তৃপ্তিতেই কাটবে।’
চিঠিটা বন্ধ করেন।
ধীর পায়ে হেঁটে জায়গায় পৌঁছান। ক্যাম্পের সামনে একটা ঝোপের মতো জায়গা আছে। সেখানেই ব্যবস্থা।
ছেলেটাকে হাত বেঁধে উল্টো করে দাঁড় করানো হয়েছে। মুখটা দেখা যাচ্ছে না। একবার মনে হলো, চেহারাটা একবার দেখেন। সত্যিই কি তৃপ্ত হয়ে বিদায় নিচ্ছে?
তৌফিক শেষ অর্ডার চায়। তিনি মাথা নাড়লেন।
একটা গুলির শব্দ শোনা গেল। তারপর ঢলে পড়া শরীর। ওদের দলের ছুটে যাওয়ার আওয়াজ। কয়েকটা পাখি ভয়ে এই ডাল থেকে ওই ডালে ছুটল।
নিষ্প্রাণ শরীরটাকে টেনে এনে সামনে রাখা হয়েছে। ছবি তোলা হবে এখন। পত্রিকা-টিভির জন্য বিশেষ বয়ান লেখার কাজ শুরু করবে একজন।
তিনি স্থির চোখে সব দেখেন। কেমন যেন ফাঁকা বোধ হয়। একটু ছোট লাগে নিজেকে। অদ্ভুত সব খেয়াল আসে। একবার মনে হয়, মাথা নুইয়ে একটা সালাম দিয়ে দেন।
নিজেকে দমালেন। না, শেষ পর্যন্ত এদের কিছু দেওয়ার সুযোগ নেই।
সিগারেট ধরাতে পকেটে হাত দেন। ওহ হো, ফাইভ ফাইভের প্যাকেটটাই আনা হয়নি।
ফিরে চলেন। আর খুব গোপনে চিঠিটা যত্ন করে পকেটে রেখে দেন। ·

0 মন্তব্যসমূহ