একটা...দুইটা করে অন্তত দশটা তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

অথচ আমাদের শহরটা মানুষের। আমাদের শহরের টেরিকাটা বাবলাও মানুষ। মানুষ টেরিকাটা বাবলার গল্পটা এক লক্ষ একবার বলতে শুরু করেও শেষ করতে পারিনি। টেরিকাটা বাবলার গল্প শুরু করলে শেষই করা যায় না। ও নিজেই শেষ করতে দেয় না। কী করে শেষ হবে! টেরিকাটা বাবলাই তো প্রতিদিন নতুন নতুন গল্পের সন্ধান দেয়। গল্পই বলতে হবে। সংবাদের মোড়কে এলেও যেকোনো সংবাদকে একেবারে গল্পের শরীর দেওয়া ওর স্বভাব। যাহোক, টেরিকাটা বাবলার গল্প বলার আগে আমাদের শহরের গল্পটা বলা প্রয়োজন।

আমাদের শহরটা সুন্দরই ছিল। এখানে অতীতকাল ব্যবহারের পেছনে অনেক কারণ বর্তমান আছে। নিশ্চিতভাবে মহাবিশ্বের অবধারিত গন্তব্যের জন্যই আমাদের অতীত ফুরিয়ে বর্তমান এসেছে। তবু টেরিকাটা বাবলার কাছ থেকে কোনো একটা সংবাদ পাওয়ামাত্র আমাদের অতীতের কথা মনে পড়ে যায়।

অতীতে আমাদের শহরের মানুষের জীবনে গতি ছিল, উন্নতির বেগ ছিল আর মানুষগুলো ছিল আবেগসর্বস্ব। হাতে হাত রেখে পথ চলা, একে অন্যের বিপদে ছুটে যাওয়া, সবার আগে গিলোটিনে নিজের মাথা ছেড়ে দেওয়ার মতো মানসিকতা ছিল বলে মানুষগুলোর জীবনে বিপদ বলতে কিছু ছিল না। সবুজ-শ্যামল শহরজুড়ে এমন একটা মফস্বলি ভাব ছিল যে এর মায়াবী রূপ থেকে চোখ ফেরানো যেত না। শহরের সৌন্দর্যবর্ধনের সবচেয়ে বড়ো রূপকার ছিল আমাদের দুই নদী, রূপেশ্বরী আর মায়াশ্বরী। দুই নদী ঈশ্বরীর মতো বুক পেতে আমাদের আগলে রাখত। নদী দুটো এখন নেই, মানুষ আধুনিকতার জাদুমন্তর শেখার পর এরা মানচিত্র থেকে একেবারে উধাও হয়ে গেছে। নদীর বদলে এখন আমাদের শহরে আছে সারি সারি কলকারখানা, আবাসিক হোটেল, সুউচ্চ ভবন, হরেক রাইডে ঠাসা বিনোদন চত্বর আর তেলাপোকা।

একটা...দুইটা করে অন্তত ত্রিশটা তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

অথচ আমাদের শহর এখন আধুনিক, বিশ্বসেরা। ধীরে ধীরে শহরটা যত আধুনিক আর অভিজাত হয়ে উঠছে, শহরের মানুষগুলো তত আবেগহীন হয়ে পড়ছে। এই সংবাদও টেরিকাটা বাবলার বহন করে আনা। সারাদিন পথেঘাটে, অলিতে-গলিতে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করা ছাড়া টেরিকাটা বাবলার আর কাজ কী। তাই বলে ওকে আবার কেউ সাংবাদিক ভেবে বসবেন না। বছর দুই আগে একটা নির্মাণাধীন ভবনের সাততলার ছাদ থেকে লাফ দিয়ে সাংবাদিক মনিরঞ্জন স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিলেও এখনও আমাদের শহরের সংবাদ সংগ্রহের জন্য বিস্তর সাংবাদিক আছে। টেরিকাটা বাবলা এদের থেকে আলাদা। ওর কোনো অফিসঘর নেই, পত্রিকার সঙ্গে সংযোগ নেই, ফ্রিল্যান্সার হিসেবে কোনো আইডিকার্ডও নেই। ওর সংগৃহীত সংবাদ আর এসব প্রচারের ধরন-ধারণ একেবারে আলাদা, বলা যায় শহরবাসীর পিলে চমকে দেওয়ার মতো।

এই যেমন আজ সকালে ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে বাড়ির সবাই সংবাদ পেলাম আমাদের শহরের মাটিটুকু চুরি হয়ে গেছে। অমন অলুক্ষণে একটা কথা শোনামাত্র পায়ের নিচ থেকে কেমন সরসর করে মাটি সরে যায় না বলেন? আমাদের বাবা তো টেরিকাটা বাবলার মুখে সংবাদটা শুনে লুঙ্গি পরা অবস্থাতেই ঘরের বাইরে ছুটে গেছে। আমরাও একে একে বাবার পিছু পিছু ছুটেছি। বড়ো রাস্তায় পা দিতে না দিতেই হুঁশ ফিরেছে সবার। দেখি কীসের কী, আমাদের ভিটেবাড়ির সীমানা, চৌহদ্দি সবই সুরক্ষিত আছে। এদিকে ধোঁকা খেয়ে হতবুদ্ধি হয়ে গেছে বাবা। মায়ের মুহুর্মুহু ইশারার পর সম্বিত ফিরে পেয়ে ঘরে ছুটে গিয়ে বাবা উদাম গায়ে ফতুয়া চাপিয়ে এসেছে। অবশ্য এর আগেই বাবার ফরসা পিঠের আঁচড়ের লাল লাল দাগগুলো আমাদের চোখে পড়ে গেছে। ওই দাগ বাড়ির মেনিমুখোর দেওয়া না অন্য কারও—ভাবতে শুরু করার মিনিটখানেকের মধ্যে শহরের মাটি চুরি হয়ে যাওয়ার দুঃসংবাদের কথা আমাদের মনে লাফিয়ে উঠেছে। পরে টেরিকাটা বাবলার মুখোমুখি দণ্ডায়মান বাবার কুঁচকানো ভ্রুজোড়া দেখে আমরা ধাতস্থ হয়েছি। আরে তাই তো, পুরো একটা শহরের মাটি কী করে চুরি হয়ে যায়! এতো আর গহনার বাকশো বা বারান্দায় দাঁড় করিয়ে রাখা বাইসাইকেল, মোটরসাইকেল না যে দিনেদুপুরে বা কালসন্ধ্যায় চুরি হয়ে যাবে!

‘তাহলে আসল ঘটনা কী? কী চুরি হলো? কে চুরি করল?’ পরপর প্রশ্ন করে মা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই টেরিকাটা বাবলা শহরের মাটি চুরির গল্প শোনাতে অন্য কারও বাড়ি লক্ষ্য করে ছোটে।

একটা...দুইটা করে অন্তত পঞ্চাশটা তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

ঘণ্টাখানেক পরে টেরিকাটা বাবলার গল্পের বাকিটা জানা যায়। আমাদের পাড়ার নিকিতা আছে না? সেই নিকিতা, গত বছর যে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে সবাইকে চমকে দিয়েছিল, ওদের বাড়ি সংলগ্ন ফাঁকা জায়গাতে এলাকার প্রভাবশালী এক নেতার চ্যালা লাবু দলবলে এসে ‘সানসাইন ক্লাব’ সাইনবোর্ড লাগিয়ে গেছে। ওহ! এই কথা! তা কী আর এমন আছে ওই জায়গায়! দুইটা টিঙটিঙে মেহগনি, গোটা চার অফলা আমগাছ আর পশ্চিমের দিকে উঁচু করে রাখা শ পাঁচেক ইট—এই তো। অবশ্য ইটের পাশে বালুর একটা ঢিবিও ছিল, বৃষ্টি-বাদলায় ক্ষয়ে সেদিকটায় ধুলোট মাটি হয়ে গেছে। চেক ডিজঅনারের মামলায় চার মাস জেল খেটে আসার পর ইট, বালু, সিমেন্ট খরচ করে নিকিতার বাবা আর প্রাচীর তুলতে পারেনি। সন্ধ্যার পর পর উন্মুক্ত ওই জায়গায় লাবু ইয়ার-দোস্তদের সঙ্গে নিয়ে জুয়া খেলতে বসে যায়। মধ্যরাত অবধি ওরা হৈ-হুল্লোড়, খিল্লি-খিস্তি করে। নেশাগ্রস্ত অবস্থায় ধস্তাধস্তি, মারামারিও করে। আগে দুই-একজন ট্রিপল নাইনে ফোন করে এদের তাড়া খাওয়াত। নম্বরটা বদলে ট্রিপল জিরো হওয়ার পর আজকাল কেউ আর ফোন-টোন করে না।

শুনেছি সকালের ঘটনার পর নিকিতার বাবা শামসুদ্দিন প্রামাণিক খানিকক্ষণ কান্নাকাটি করে থানার দিকে ছুটে গেছে। এরপর কী ঘটেছে তা জানতে আমরা কেউ আর ওদের বাড়িতে যাইনি। ওসব নিয়ে পড়ে থাকলে আমাদের চলে না। নিজেদের পায়ের নিচের মাটি টিকে যাওয়ার আনন্দ উপভোগ করতে করতে আমরা ডিমভাজা আর ঘন ডাল দিয়ে গরম গরম ভাত খেয়ে যে যার কাজে চলে যাই। কাজের ফাঁকে ফাঁকে মোবাইল স্ক্রল করে দেখি, এবাড়ি-ওবাড়ির দশ-বিশজন সমঝদার মানুষ বিষয়টা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।

আমাদের টেরিকাটা বাবলার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবুও শহরের সব গল্প সবার আগে জেনে যায়, আমাদেরও জানায়। বিকালের দিকে ওর বরাতেই জানা যায়, আজ রাতে আকাশে সূর্য উঠবে। খবরটা জানিয়ে টেরিকাটা বাবলা গর্বমিশ্রিত হাসি দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরাও চোরা চাহনিতে ওকে দেখি। ওর চোখজোড়া অদ্ভুত রকমের গোল, মণি দুটো অস্বাভাবিক ছোটো আর বামদিকের মণিটা সামান্য ট্যারা। কালো বলের মতো মণি দুটো সর্বক্ষণ চৌদিকে ছুটে বেড়ায়। ওর পা-জোড়াও ছোটে। আমরা বলি, টেরিকাটা বাবলার পাজেরো। যাহোক অনেক দিন পর ওকে বাগে পাই আমরা। ওর ঝাঁকড়া চুলের গোছা টান দিয়ে বলি, ‘বলিস কী রে! রাতে আকাশে সূর্য উঠবে! তা তুই কি এখন জ্যোতির্বিদ হয়ে গেলি?’

যদিও বাবলার ওপরে আর ভরসা করতে পারি না তবু রাতের আকাশে সূর্য ওঠা দেখতে আমরা তড়িঘড়ি খাওয়া শেষ করি। এরপর যে যার বাড়ির ছাদ বা বারান্দায় দাঁড়িয়ে আকাশ লক্ষ্য করে ঊর্ধ্বমুখী হয়ে থাকি। অমাবস্যার রাত, মা বলে, বিনবিনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাবে না। অপেক্ষায় থাকতে থাকতে যেই মুহূর্তে আমরা ঘুমাতে যাব বলে ভাবি সেই মুহূর্তে পুব আকাশে কমলা, হলুদ রঙের একটা চাকতি ভেসে ওঠে। ধীরে ধীরে চাকতিটা সূর্যের তেজ নিয়ে আমাদের শহরকে আলোয় ভরিয়ে তোলে। আমরা থমকে যাই, তবে কি টেরিকাটা বাবলার কথাই সত্যি হলো!

একটা...দুইটা করে অন্তত একশ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

সত্যি-মিথ্যার কাছাকাছি কিছু একটা হয় বৈকি। ওই রাতে কে বা কারা এসে মালোপাড়ায় আগুন দেয়। এ নিয়ে কেউ আর উচ্চবাচ্য করে না। প্রশাসনের রাশভারী কর্মকর্তারা এসে পোড়া ঘরবাড়ি দেখে, শুনে কী কী সব নোট করে নেয়। গাড়িভর্তি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আসে। কিন্তু তারা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেছে মর্মে টেরিকাটা বাবলা কোনো সংবাদই দিতে পারে না। মাথার দুই পাশের খোলা চুল ঝাঁকাতে ঝাঁকাতে ও শুধু জানায়, দোষটা মালোপাড়ার মনিষ কাকার ছেলে ঋষিরই। ঋষি নাকি ফেসবুকে ধর্ম আর বিজ্ঞান নিয়ে সাংঘর্ষিক একটা স্ট্যাটাস পোস্ট দিয়ে হামলাকারীদের উসকে দিয়েছে।

ব্যস এইভাবে গল্পের উত্তাপ ছড়িয়ে দিয়ে টেরিকাটা বাবলা ছোটে। ওর পায়ের নিচে মেহগনি গাছের শুকনো ফল মটমট করে। আমাদের উঠানঘেঁষা একমাত্র গাছটা থেকে যখন-তখন রাশি রাশি ফল ঝরে। মা বলে, এই ফল টেরিকাটা বাবলার মতো অকেজো জিনিস, মানুষ দূরে থাক পশু-পাখিরও কাজে আসে না। আমরা অবশ্য তা ভাবি না। টেরিকাটা বাবলাও আমাদের কাজে আসে, এই যে আমাদের নিস্তরঙ্গ জীবনে তরঙ্গ বয়ে আনা এ কি আর কোনো ছোটোখাটো কাজ? আমরা তাই প্রশান্ত দৃষ্টিতে ছুটন্ত টেরিকাটা বাবলাকে দেখি আর মা বিরক্তিভরা দৃষ্টি সরিয়ে উঠান ঝাঁট দিতে থাকে।

একটা...দুইটা করে অন্তত দুইশ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

পরের দিন শহরের বুকে নতুন সংবাদ জন্ম নেয়। সেই সংবাদও টেরিকাটা বাবলার কল্যাণে সবার দোরে দোরে পৌঁছে যায়। এবারের সংবাদ পিলে চমকানোর মতো, সন্ধ্যা নামলেই নাকি ঘরে ঘরে যমদূত আসবে! শহরে কি মহামারি শুরু হবে? তা না হলে ঘরে ঘরে কেন যমদূত আসবে? যমদূত এলে কোনো প্রস্তুতি নিয়েও রক্ষা পাব না জেনে দুরুদুরু বুকে আমরা যখন সন্ধ্যা নামার অপেক্ষা করি তখনই মসজিদের মাইকে ঘোষণা শোনা যায়, ‘সম্মানিত এলাকাবাসী, আমাদের শহরে ডাকাত নেমেছে। যার যার ঘরে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’ আমরা ঘরের দরজা-জানালা বন্ধ করে আলো নিভিয়ে চুপচাপ বসে থাকি। বাবা একবার আর্তস্বরে বলে ওঠে, ‘আলো নেভানোটা কি ঠিক হলো?’ মা চাপাস্বরে জানতে চায়, ‘কেন ঠিক হলো না?’ বাবার কণ্ঠ আরও নরম হয়, ‘আলো জ্বালিয়ে রাখলে মনে হয় ওরা এদিক থেকে ফিরে যেত, ভাবত ভেতরে কেউ নেই।’ এমন একটা টানটান মুহূর্তে টুনটুন টুনটুন শব্দে ডোরবেল বেজে ওঠে। আমরা পরস্পরের হাত চেপে ধরি। হঠাৎ চমকে দেখি, মা টেবিলের ওপর থেকে হাতড়ে হাতড়ে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে। কিছু একটা পেয়েও যায় মা। টেবিলে থাকা কাঁচিটা হাতে তুলে মা দরজার দিকে এগিয়ে যেতেই বাইরে থেকে চেনা স্বর শোনা যায়, ‘দরজা খোলো, ডাকাতদল চলে গেছে।’ দরজা খুলতেই উত্তেজনায় ফেটে পড়তে পড়তে টেরিকাটা বাবলা বলে, ‘ওরা চলে গেছে, কোন বাড়িতে কাজ সেরেছে বোঝা যাচ্ছে না।’ এরপর আমাদের নির্বাক দাঁড় করিয়ে রেখে সংবাদদাতা যেমন অতর্কিতে আসে, তেমন অতর্কিতেই চলে যায়।

যমদূতের ভয় সরে সাত দিন পার হতে না হতেই নতুন গল্প নিয়ে হাজির হয় টেরিকাটা বাবলা। এই গল্প পুনরায় আমাদেরকে পীড়িত করে। মা আদরের মেনিমুখোকে কোলে তুলে বাড়ির বাইরে ছোটে। ভয়ে, দুশ্চিন্তায় আন্দোলিত শরীর নিয়ে বাবা এবার পেছনেই পড়ে থাকে। শহরের সবার মতো বাবাও জানে এই কাজ কে বা কারা করেছে। প্রকাশ্যে ঘটনাটা না ঘটলেও মেহেরকে কারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল সে তো সবাই দেখেছে। এমনই কপাল মেহেরের, মুমূর্ষু অবস্থায় টানা দেড় ঘণ্টা চকনওদা স্টেশনের কাছে রেললাইনের ওপরে পড়ে থাকলেও একটা ট্রেনও ওর ওপর দিয়ে যায়নি। বিবিধ দাবি আদায়ের জন্য আন্দোলনরত ছাত্রদের একজন কোথায় কোন লাইনের ওপরে শুয়ে পড়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। রেললাইনের ওপরে পড়ে থাকা মেহেরের তবু রক্ষা পেতে বারো ঘণ্টা, পনেরো মিনিট, বিশ সেকেন্ড সময় লাগে। মেহের মারা গেছে—খবরটা প্রচার করতে বেরিয়ে টেরিকাটা বাবলা সবার পিলে চমকে দিয়ে জানায়, অপাপবিদ্ধ মেহের একেবারে বিনাহিসাবে স্বর্গে চলে গেছে।

একটা...দুইটা করে অন্তত তিনশ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

কিন্তু কে জানে স্বর্গ আর নরকের ঠিকানা? ঠিকানা জানা থাকলেই কি খেয়ালখুশিমতো ওসব স্থানে পৌঁছানো যায়? আর কে পাপী কে পাপী না তা কে জানে? মেহেরের কি চলাফেরা ভালো ছিল? রাত করে টিউশন সেরে ওই মেয়ে বাড়িতে ফিরত। প্রকাশ্যে জিনস প্যান্টের সঙ্গে ফতুয়া পরে ঘুরে বেড়াত। ওড়নার বালাই থাকত না শরীরে। ওড়না পরে চলাফেরা করতে বলায় একদিন লাবুকে জুতো দেখিয়েছিল মেহের। কিন্তু টেরিকাটা বাবলাকে এসব কে বোঝাবে। আর ইউটিউবার আর টিকটকারদেরই বা কে বোঝাবে, এসব গল্প ছড়ালে মেহেরের একার নয় পুরো শহরেরই সম্ভ্রমহানি হয়! এরা কী বুঝে মৃতদেহের সৎকার না হতেই মেহেরের গন্তব্য দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে! শুনেছি ভিউ যত বাড়ে এদের অ্যাকাউন্টে টাকার পরিমাণও তত বাড়ে। টেরিকাটা বাবলার ব্যস্ততাও বাড়ে। দুদিন যেতে না যেতেই ঘরের দরজায় ঠকঠক করে ও জানায়, শহরের সব ছেলে স্বর্গের ঠিকানা জেনে গেছে। এ কী কথা! আঁতকে ওঠে মা, বাবা। আমরাও আঁতকে উঠি। আমাদের মুখগহ্বরে থাকা ‘হেভেন সফট অ্যান্ড হেলদি মোমো’র সফট সফট চিকেন মোমো মাটি মাটি হয়ে যায়।

একটা...দুইটা করে অন্তত চারশ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

আজ যেন টেরিকাটা বাবলা সবকিছুর সীমা অতিক্রম করে। ওর ধাঁধাভরা কথা বাবার মতো নিরীহ মানুষকে পর্যন্ত ক্ষেপিয়ে তোলে। মায়ের বদলে বাবাই ওকে তাড়া করতে ছোটে। ঘরে তিন-তিনটা ছেলে যার সে তো এমন উদ্ভট সংবাদ শুনে সংবাদদাতাকে তাড়া করবেই। বাবা অবশ্য দ্রুতই ধরাশায়ী হয়ে যায়। বাবলা ওর পাজেরো নিয়ে পলকে উধাও হয়। মাকে তুলনামূলক শান্ত দেখায়। এত সহজে ছেলেরা স্বর্গের ঠিকানা পেয়ে যাচ্ছে জানার পর আমাদের দিকে তাকিয়ে বরং মায়ের দৃষ্টি অশান্ত হয়। এ কী! মা কী চায়? মা কী চায় আমরা এখন স্বর্গের পিছু ছুটি?

একটা...দুইটা করে অন্তত সাতশ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

আজ আর বাইরে যেতে হয় না আমাদের, ঘরে বসেই দ্রিম-ধ্রিম, দুপ-ধুপ, দাপ-ধাপ শব্দ পাই। পিস্তল, হাতবোমা ব্যবহারের ফাঁকে ফাঁকে কেউ কেউ মুখবোমাও ছুড়ে মারে, ‘কই গেলি নটির পোলারা, আজ তোদের কলিজাটাইনা ছিঁড়া ফেলমু, আমাদের পাড়া দখল নিবি? একেবারে মাটিতে গাঁইথা রাখমু খানকির পুত...।’ পরিস্থিতি ঠান্ডা হতে হতে ভোর হয়ে যায়। নির্ঘুম আমরা দিনের সূচনায় নতুন কোনো সংবাদের ভয়ে জড়োসড়ো হয়ে অপেক্ষা করতে থাকি। অপেক্ষার অবসাদ একসময় আমাদের চোখে ঘুম নামিয়ে দেয়। আমরা ভুলে যাই ক্ষমতা, অবৈধ অস্ত্র আর দখলদারিত্বের প্রভাবে লাশ হয়ে যাওয়া হাজারেরও অধিক ছেলে-মেয়েদের বাবা-মায়েদের চোখে আর কোনোদিন ঘুম আসবে না।

একটা...দুইটা করে হাজার হাজার তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

ঘুম থেকে উঠে আমরা যখন অমরত্বের বটিকা সেবনের প্রস্তুতি নিই তখন টেরিকাটা বাবলা পুনরায় উৎপাতের মতো হাজির হয়ে জানায়, শহরের পথে-প্রান্তরে, এখানে-সেখানে বিনা টাকায় বিনা টিকিটে মৃত্যু বিক্রি হচ্ছে। গম্ভীর চোখে-মুখে ও প্রত্যেকের দুয়ারে দুয়ারে খবরটা পৌঁছে দিচ্ছে দেখে আমরা বিরক্তি ঝেড়ে খানিকটা তটস্থ হয়ে উঠি। বিনে পয়সা কী! তোড়া তোড়া টাকা-পয়সা, হিরে-জহরত হাতে গুঁজে দিলেও তো মৃত্যুকে কিনতে যাব না। কিন্তু টেরিকাটা বাবলার সংবাদ বলে কথা! দুই চোখে, কানে পট্টি বেঁধে ঘরে বসে থাকার পরেও জানতে পারি, কোন এক অটোরিকশাচালককে লাঠি দিয়ে পিটিয়ে খুলি দুই ভাগ করে ফেলে রেখেছে মৃত্যুর ডিলাররা। মাদ্রাসার বাথরুমের কাপড় ঝোলানোর রিঙেও গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে সাত বছরের বালককে, একইভাবে ঘরের সিলিংফ্যানে ঝুলিয়ে রেখেছে না বুঝে রাজনীতি করা কোন এক অর্বাচীন তরুণকে। মৃত্যুর ডিলারশিপ কারা নিয়েছে—সেই সংবাদ অবশ্য আমরা জানতে পারি না। এর আগেই আমরা ব্যস্ত হয়ে উঠি।

একটা...দুইটা করে লক্ষ লক্ষ তেলাপোকা আমাদের ঘাড়ে-পিঠে লাফিয়ে লাফিয়ে ওঠে!

সকালের সূর্য মাথার উপরে পৌঁছালে টেরিকাটা বাবলা দরজায় নতুন খবর নিয়ে এসে দাঁড়ায়, কাঁধনামা চুলের গোছা থেকে লাল রঙের হেয়ারব্যান্ডটা টান দিয়ে খুলে ফেলে রাস্তায় ছুড়ে ফেলতে ফেলতে জানায়, এই শহরের মানুষেরা তেলাপোকা হয়ে গেছে।

এই প্রথমবারের মতো টেরিকাটা বাবলার গল্প শুনে আমরা বিচলিত হই না। পিঠের সঙ্গে সেঁটে থাকা তেঁতুলবিচিরঙা ডানা জোড়া ফড়ফড় করতে করতে বলি, ‘তোর ডানা কই রে বাবলা?’ ·