পাপড়ি রহমান

শততম সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে ওয়েবজিন ‘গল্পপাঠ’! এ বড় চাট্টিখানি কথা নয় হে! আর মাত্র আটটি সংখ্যা প্রকাশিত হলেই ১০৮ সংখ্যক নীলপদ্ম তুলে ফেলতে পারবে সে। এবং বহু বছর যাবত মিথ হয়ে থাকা উপাখ্যানটি পেরিয়ে যাবে অনায়াসে!

বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম
তবুও কথা রাখেনি বরুণা...

না, ওরম কিছু নয়, গল্পপাঠ কথা রেখেছে! কথা রাখতে যাচ্ছে সে! আন্তরিক অভিবাদন গ্রহণ করো হে ‘গল্পপাঠ’!

আমি তো এজলাসের বিচারক নই, তাই অন্যের ভালো বা মন্দ বিচার করার ক্ষমতাও আমার নাই। থাকলেও আমি ওই পথ মাড়াতে চাই না। শুধু বলতে চাই, ‘গল্পপাঠের’ এই সেঞ্চুরি করা অত সহজ কম্ম ছিল না! অতি সহজ নয় কিছুতেই। এত সুদীর্ঘ সময় ক্রিজে টিকে থাকাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেখানে একেবারে একশো সংখ্যার সাহিত্যপত্র প্রকাশকে আমি মহাযজ্ঞই বলব।

‘গল্পপাঠ’ যখন প্রথম প্রকাশিত হয়, তখনো কিন্তু অত্র সময়ের ব্যাঙের ছাতার মতো হেথা-হোথা গজিয়ে ওঠা ওয়েবজিনের প্রকাশ দেখা যায়নি। কিন্তু গল্পপাঠের আইডিয়াটি যাঁর, তিনি কুলাদা রায়। যিনি একদমই হেলদোলবিহীনভাবে কাজ করে গেলেন। গেলেনই। তিনি একাই করলেন নাকি তাঁর টিম? নিঃসন্দেহে টিমওয়ার্ক। নইলে এত বড় যজ্ঞ টেনে নেওয়া সম্ভবপর হয়ে উঠত না। সুতরাং গল্পপাঠ পরিবারকে আমি আমার হার্দিক অভিনন্দন পৌঁছে দিতে চাই। সঙ্গে কৃতজ্ঞতা, ভালোবাসা যা যা আছে সেসবের সকলই।

যদিও আমি লিখছি তিন দশকের অধিককাল সময় ধরে, কিন্তু আমাকে লেখক হিসেবে কেউ তেমন চেনে-টেনে না বা চিনলেও গোনাগুনতিতে ধরতে চায় না। তা না-ই ধরতে পারে। সকলের কেন আমাকে পড়তেই হবে? তাই এসবে আমার বিন্দুমাত্র শোক-আফসোসও নাই। কারণ আমি আকাশমুখী বিদ্যা জানি না। জানার চেষ্টাও করি নাই কোনোদিন। অধুনা জনা তিন-চার লেখক বেশ নামধাম কামিয়ে, ময়ূরের পুচ্ছ লাগিয়ে তাক লাগানোর কায়দাকানুন ভালোই রপ্ত করেছে। তাঁদের কাছ থেকে জেনেছি ‘গল্পপাঠ’ থেকে তাঁরা আমাকে পড়েছেন। এঁরা ছাড়াও পাশের দেশ ভারতের তরুণ কিংবা অনতিতরুণ লেখকদের কাছ থেকেও জেনেছি, তাঁরা অনেকেই আমাকে পড়েছেন এই ‘গল্পপাঠ’ থেকেই। শুনে আমি আনন্দিত ও কৃতজ্ঞ দুই-ই হয়েছি এই ওয়েবজিনের প্রতি। সত্যিই গল্পপাঠ আমাকে দিয়েছে প্রচুর স্পেস। আমাকে নিয়ে তাঁরা করেছে বিশেষ আয়োজনে ‘ক্রোড়পত্র’। আজ অব্দি অন্য কোনো পত্রিকাই এই কাজটি সাধন করে নাই। কিংবা করার ইচ্ছাও প্রকাশ করে নাই। এবং এই যে অন্য কোনো পত্রপত্রিকা করে নাই, তা নিয়েও আমার তেমন কোনো শোক-আফসোস নাই। সকলে আমাকে লেখক হিসেবে মান্যিগণ্য করবে বা আমাকে পাঠ করবে এরকম গাঁজাখুরি সাধ-আহ্লাদ আমার কস্মিনকালেও ছিল না। আজকাল তো সেসব সাধ-আহ্লাদের প্রশ্নই ওঠে না!

এই ডিজিটাল যুগে কেউ তেমন বইপত্র ধরতে-পড়তে চায় না, চাইবে না—গল্পপাঠ এই দশা পূর্বেই হয়তো আন্দাজ করতে পেরেছিল। আন্দাজ করতে পেরে নিজের কাজটি এঁরা করেই গেছে। যেমন প্রচুর অনুবাদ প্রকাশ করেছে। প্রকাশ করেছে উচ্চমানের সাক্ষাৎকার। মোটামুটি ভালো লেখকদের হাজির করেছে ডিজিটাল যুগের বই-বিমুখ স্মার্ট পাঠক-লেখকদের সামনে!

গল্পপাঠের এই একশো নীলপদ্ম তোলার কালটিতে আমার কাছে কিছু প্রশ্ন রাখা হয়েছিল। সেগুলি আমি ভালো করে না পড়েই লিখতে শুরু করেছিলাম। কারণ যে প্রশ্নগুলি করেছে সে আমার অত্যন্ত স্নেহভাজন। তার আবদার আমি ফেলতে পারি নাই কভু। তাই স্থান-কাল-পাত্র চিন্তা না করে ধামাধাম লিখতে বসে গিয়েছিলাম। সহসা মনে হলো কোনো নির্দিষ্ট ছকে ফেলে লিখতে হবে নাকি? এক্ষণে প্যান্ডোরার বক্সখানা ওপেন করে দেখি বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতোমধ্যে দিয়ে ফেলেছি। তাহলে কি নটে গাছটি মুড়িয়ে ফেলব? আরে ধুর মিয়া, কী যে কইন? সবে তো সাঁঝবাতি জ্বলল। ইনিয়ে-বিনিয়ে নিজের কিসসাকাহিনি না কইলে কেউ কি বড় লেখক হইতে পারে নিহি? খাড়ান, খাড়ান ইয়াদ কইরা লই কী কী গুণ গাওন যায় নিজের সম্পক্কে?

সব কথা বলা হলো
বাকি রয়ে গেল শুধু বলিতে
যে কথা মনের কথা
কতবার থেমে গেছি
বলিতে বলিতে বলিতে বলিতে…

মুকুল দত্তের এইসব কবিতার মতো কথা নিয়া হেমন্ত মুখোপাধ্যায় মনের মধ্যে আতকা হাজির হয়ে গেলে আমাকে তো থামতেই হয়। হয় না কি? বলেন?

যাকগে, রঙ্গরস বহু হইলো এইবার আসল কথায় আসি। আগেই বলেছি গল্পপাঠ ইতোমধ্যে বিশাল যজ্ঞ করে ফেলেছে। চক্ষের নজর ক্ষয়ে গেছে বলে অনলাইনের লেখাপত্র খুব বিপদে না পড়লে আজকাল আর পড়া হয়ে ওঠে না। পড়া হয়ে ওঠে না, না বলে বরং বলি—পড়তে পারি না। তাই জানি না গল্পপাঠ সেই কাজটি আজও জারি রেখেছে কি না? কোনো লেখকের ৫০তম জন্মদিনটি সামনে রেখে তাঁকে নিয়ে সবিশেষ আয়োজন করা।

আমার বন্ধু ও কথাসাহিত্যিক, ছোটকাগজ ‘কথা’ সম্পাদক কামরুজ্জামান জাহাঙ্গীরের ৫০ সামনে রেখে একটি স্পেশাল আয়োজন করেছিল গল্পপাঠ। এবং ওঁর মৃত্যুপরবর্তী সময়ে আরেকটি স্মরণীয় সংখ্যা। শেষের সংখ্যাটির কথা আমি কোনোদিন ভুলতে পারব না। এজন্য গল্পপাঠের কারিগর কুলাদা রায়কে এইখানে, গল্পপাঠের ১০০তম সংখ্যা প্রকাশের বিরল মুহূর্তে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে যেতে চাই।

৫০ কিন্তু মনুষ্যজীবনের জন্য একটা বড়সড় ও ভারী সংখ্যা। কারণ জীবনের তিন ভাগের দুই ভাগ এতদিনে ব্যয়িত হয়ে যায়। তাই কোনো লেখকের ৫০-এর আগে-পরে গল্পপাঠ এই কাজটি করে যেতে পারে। কাদম্বরী মরিয়া প্রমাণের পূর্বেই তাকে যা দেবার দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হয়। আমি অন্তত তাই-ই মনে করি।

এই খেদ আমার মনে—
ভালবেসে মিটল না সাধ,
কুলাল না এ জীবনে।
হায়—জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?

আর কোনো লেখক চিরকালের জন্য অন্তর্হিত হলে তাঁকে নিয়েও কিছু কথাবার্তা বলা উচিত। ইদানীং আমরা এতটাই আত্মপর হয়ে উঠেছি যে, অন্যকে নিয়ে কিছু বলা থেকে বিরত থাকতেই চাই। নিজের ঢোল বাজাতে বাজাতে ফাটিয়ে না ফেলা পর্যন্ত আমরা থামতে জানি নাকি? একজন মানুষ সারাজীবন ধরে লেখালেখি করে গত হয়েছেন, তাঁর প্রতি সামান্যতম ট্রিবিউট কি আমরা সেভাবে জানাতে পারি? কিন্তু পারা তো উচিত। লেখকেরা এত অনুদার হলে দেবী সরস্বতীর দেখা তাঁরা কি পাবেন ইহজনমে?

তরুণদের লেখাপত্র বেশি বেশি করে প্রকাশ করে গল্পপাঠ আরেকটি বড় দায়িত্ব পালন করতে পারে। এবং তা যেন হয় ক্লিন অ্যান্ড ক্লিয়ার। একেবারে নির্ভেজাল! অর্থাৎ রিয়েল-ভালো লেখকদের সঙ্গে পাঠকের যোগসূত্র স্থাপন করে দেওয়া। সংবাদপত্রের প্রাচীন যুগে একেকজন সম্পাদকের গ্রাম্য মোড়লদের মতো হামবড়া ভাব আজও কি বিস্মৃত হতে পেরেছি আমরা? যাঁরা তখন বয়সে তরুণ, সেইসব সম্পাদকেরা ছিলেন আরও এককাঠি সরস! কী একটা ভাবসাব নিয়া সে গুমোর দেখাইয়া গেছে! সাহিত্যের ইতিহাসে সেইসব সম্পাদকের ভাবসম্বলিত কলঙ্ক অমোচনীয় হয়েই থাকবে।

গল্পপাঠের কাছে আমার তো বহু কিছুই চাইবার আছে, যেমন—‘এ মাসের বই’ নামে কোনো তরুণ লেখকের বইয়ের বা পাণ্ডুলিপির রিভিউ প্রকাশ করা। সঙ্গে তার একটি সিরিয়াস (জলো নয় কিছুতেই। যেমন আপনার ছোটকাল, প্রথম লেখার মতো তরল প্রশ্ন যেন না থাকে) সাক্ষাৎকার ছাপা যেতে পারে।

বছরান্তে ‘সেরা বই’ নামে ৫ বা ১০টি বইয়ের আলোচনা ও সঙ্গে সেইসব লেখকের সাক্ষাৎকার প্রকাশ। এই কাজটিও করতে হবে একেবারে নির্মোহভাবে। কোনো দলবাজি বা বন্ধুকৃত্য করা থেকে বিরত থেকে এ বাছাই সম্পন্ন করতে হবে।

চারপাশে এত হই-হই রই-রই পুরস্কারের ছড়াছড়ি। গল্পপাঠ এক বছর ধরে প্রকাশিত ভালো বই থেকে বাছাই করে ‘গল্পপাঠ ক্লাসিক’ নামে একটা পুরস্কার প্রথা শুরু করতে পারে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওই বইটি বিক্রির ব্যবস্থাও রাখা যেতে পারে। মনে রাখতে হবে, এটাও যেন লবিং-গ্রুপিংয়ের বাইরে হয়। যেন একজন সত্যিকার উত্তম লেখক পুরস্কৃত হন। এবং সে লেখককে বাংলাভাষাভাষী হলেই চলবে। এতে করে কালে কালে এই পুরস্কার আন্তর্জাতিক হয়ে উঠতে পারে।

অসহায় ও দরিদ্র লেখকদের (লেখকেরা এমনিতেই খুব বেশি ধনী তো হয় না, হওয়ার সুযোগও নেই) মাসিক বৃত্তির ব্যবস্থা করা যেতে পারে। (সে লেখক ফ্রড কি না সেটাও ভালো করে যাচাই-বাছাই করে নিতে হবে)।

এখন প্রশ্ন উঠতে পারে, আমি যে এত বড় বড় স্বপ্ন দেখে, বিরাট বিরাট কথাবার্তা বলে ফেললাম—এইসব করতে গেলে তো বিপুল পরিমাণ অর্থের দরকার। সেসবের জোগান কে দেবে? জোগান দেবে প্রবাসী কবি-সাহিত্যিক-শিল্পী, দেশীয় মোগল যাঁরা আছেন তাঁরা এবং যাঁরা শিল্পপতি ও শিল্পসাহিত্যের একান্ত অনুরাগী। এই ফান্ড থাকবে গল্পপাঠের এক্সিকিউটিভ গ্রুপের কাছে। এবং হিসাব-নিকাশে যারা হেরাফেরি করার ধান্ধা করবে না, তাদের হাত দিয়ে এই ফান্ড সংগৃহীত হবে।

এতক্ষণ ধরে যে এত বাচালতা করে গেলাম, এইরকম বাচালতা করার স্কোপও হরহামেশাই জোটে, তাও কিন্তু নয়।

বাঙালি একবার কইতে শুরু করলে আর থামতে জানে না। দাদা, পরদাদা, বড়বাবার শানশওকত বয়ান তো করেই, সেই সাথে আদ্দিকালের বদ্যির বাড়ি গিয়া ঘি খাওয়ার কাহিনিটাও রসিয়ে বলতে ছাড়ে না। মোরা বড়ই গাল্পিক ও রসিক জাতি বটেক!

১০০ বছরের উজ্জ্বল-তরুণ, কর্মযোগী ও দক্ষ ‘গল্পপাঠকে’ ফের আমার উষ্ণতম শুভকামনা জানাতে চাই।

আর কি বা দিতে পারি?
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন/ তোমায় দিলাম আজ…

আস্তা লা ভিস্তা! ·