রাতদুটোয় সুঁই খুঁজে পাওয়া বেশ মুশকিল। খাতা সেলাই করা সুঁই। এখন আমার খাতা লাগে না। কোনো কিছু লিখি না। সুঁই দরকার অন্য কাজে। এ মুহূর্তে ভীষণ দরকার। কেননা খুঁচিয়ে খুঁচিয়ে কোনো কিছু তুলে ফেলবার মতো এর চেয়ে ভালো টুলসের খবর জানা নেই। মাথায় আসছে না।
মিলা ঘুমিয়ে আছে। আমার ঘুম হয় না। দিনশেষে শরীরের যতটুকু ক্লান্তি, সেই সময়কাল নিঃসাড় পড়ে থাকি। মিলা ঘুমোয়। তাকে ডেকে তোলা যায় না। সারাদিন এটা-ওটা নানান কাজে নিজেকে ছড়িয়ে রাখে। মেয়েদের অনেক কাজ, বাসন মাজামাজি, রান্না, সকলকে খাওয়ানো, কাপড় ধোয়া, ঘর মোছা, বিছানা ঠিক করা কত কি! সে কাজের কোনো হিসাব নেই, থাকে না। সে রাতে মোষের মতো ঘুমোয়। তাকে ডাকি না। সকালে অন্তত পঁচিশবার অভিযোগ করবে। ‘মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিয়েছ...এখন মাথাব্যথা করছে। ইত্যাদি ইত্যাদি।’
তারপর হাই তুলবে। মেয়েরা যে ঘুমকাতুরে কে না জানে! এসব ভালো লাগে না। এখন আমার একটি মজবুত সুঁই দরকার। আমার চারপাশে শুধু অভিযোগ। অসহ্য! নিজের কাছেও আমার শত নালিশ। তাই এই নির্জন নিস্তব্ধতায় সুঁই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সকল অভিযোগ রক্তাক্ত করা যায়। মুখ আর গালের যন্ত্রণা কমে। এছাড়া আমার কোনো পথ নেই। কেননা ফেস ইজ দ্য ইনডেক্স অব মাইন্ড। আমার চেহারায় নিরত্যয় বিমর্ষতা। বিষণ্ণ মুখ। চেহারায় শত শত অভিযোগ আর হতাশার বিবর্ণ তৈলচিত্র। মানুষ বিষণ্ণ মুখাবয়ব পছন্দ করে না। আমি তেমন একজন কেউ পছন্দ করে না। যেখানে দাঁড়াই গাছের পাতা শুকিয়ে যায়। ছায়া ছায়া চমৎকার দিন কালো মেঘে মেঘে আচ্ছন্ন হয়। আমি তাই ঘরের অন্ধকার প্রকোষ্ঠে থাকি। আমার কোনো দিন বা রাত নেই। শুধু অন্ধকার। একসময়ে আলোয় ছিলাম। আলোকিত করার চেষ্টা ছিল। এখন শুধু যন্ত্রণা। এ কষ্টের শেষ হওয়া দরকার। একটি সুঁই দিয়ে শুরু করা যেতে পারে। কলজের অস্বস্তি এড়িয়ে কষ্ট গেঁথে গেঁথে বুকের রক্ত ঝরালে মাথা হালকা হবে। চেহারা-গাল-মুখের যন্ত্রণা কমে যাবে। আমি নিশ্চিত। এছাড়া আপাতত অন্য কোনো পথ নেই।
দিন কয়েক আগে সেই লোকের কাছে গেলাম। তার অ্যাসিস্ট্যান্ট স্পাইরাল নোটবুকে নাম লিখছিল। নামের তালিকা। সিরিয়াল নম্বর। আমার সিরিয়াল হলো সাতাশ। অদ্ভুত সংখ্যা। সাতাশ, সাতাশের যুবক, এখন সাতাশ দ্বিগুণে চুয়ান্ন; চুয়ান্নের বৃদ্ধ। নিজেকে বৃদ্ধ ভাবতে সকলের কষ্ট লাগে। কেননা যুবা বয়সের সোনালি দিন আর মধুময় স্মৃতি মনের গভীরে বড়শি বা আঁকশিতে লটকে থাকে। ছাড়তে চায় না। ইচ্ছে করে না। তবু দিনে দিনে ধীরে ধীরে বয়স বাড়ে, কেউ বলে কমে; যেহেতু অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঘনিয়ে আসে। মানুষের জীবন ওয়ানটাইম বলপয়েন্ট কলম। এক কিলোমিটার, আসলে তেমন দূরত্বের সত্যি কি না প্রমাণিত নয়, যেটুকু পথ পেরোনো যাক; শেষ তো আয়ুর সমাপ্তি। এত দীর্ঘ পথ পেরিয়ে শেষে তীরে এসে মনে হয়, এই তো সেদিন কি সুন্দর দিনগুলো চলে গেল! আহা এত দ্রুত ফুরিয়ে গেল সবকিছু! জীবন কত ছোট! লোকটিকে বলি,
‘নাম তালিকায় একটু সামনে এগিয়ে নেয়া যায় না?’
সে এমনভাবে তাকাল যে, ব্যাটা দুদকের চেয়ারম্যান; সত্যনিষ্ঠ যুধিষ্ঠির! তার বিস্ময়-আবর্তিত জিজ্ঞাসা, -
‘আপনার সিরিয়াল?’
‘সাতাশ।’
‘সাতাশ, মাহবুব আলি; এতগুলো লোককে টপকিয়ে আপনাকে নেব?’
‘একটু দেখেন না, কিছু করা যায় কি না। সময় কম আর যন্ত্রণাও হচ্ছে।’
‘এদের বলেন, তারা যদি বলে।’
এরপর আর কোনো কথা থাকতে পারে না। সকলের তাড়া আছে। স্বার্থ আছে। যেমনভাবে খুব অনায়াসে যন্ত্রণার ওজর দিয়ে গেলাম। যন্ত্রণা ছিল এখনো আছে। তেমন যন্ত্রণা থাকলে কোনো কিছু করার নেই। দুটো প্যারাসিটামল সে যন্ত্রণার কিছু দমিয়ে রেখেছে মাত্র। এ যন্ত্রণা সহজে যায় না। তখন গোধূলির আকাশে বিশাল সূর্য, ডিমকুসুম হয়ে দক্ষিণ-পশ্চিম কোণে ঝিলমিল করছে। হাসপাতাল রোডে প্রচুর ধুলো, রিকশা আর নানান রেস মানুষের ভিড়। জোড়াব্রিজের পার্শ্বে ক্লিনিকের ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায়। অনুভব করা সহজ। সিরিয়াল সাতাশ। আমার সেলফোনের শেষ দুই ডিজিট তেরো, আনলাকি থার্টিন। সবকিছুতে আনলাকি। ব্যাংকে গেলাম, হিসাব নম্বরের শেষ ডিজিট হলো সাত। সাত নাকি লাকি নম্বর। সেই লাকে দেখা গেল, হিসাব নম্বরে কোনো টাকা বাড়ে না; শুধু চার্জ দিতে হয়। এভাবে একদিন আরব্য উপন্যাস শেষ। শাহরাজাদের গল্পের যবনিকা। উপসংহার যা সে শুধু ভীষণ ভারী এক দৈত্য জীবনের কাঁধে শক্ত করে গেঁথে বসে গেছে। সে অ্যাকাউন্ট একদিন বন্ধ হয়ে গেল, সে যাক; এসব নিয়ে আর তেমন ভাবনা নেই।
লোকটির নাম মোকসেদ। কেউ ঠিক এমন অথবা তেমন নামে ডেকে উঠেছিল। এখন সেই ডাকে সাড়া দেয়। অতএব মোকসেদ। অপেক্ষার ঘরে প্লাস্টিকের চেয়ারে বসে আছে কয়েকজন। একজন তরুণী উপস্থিত সকলের কমবেশি মনোযোগ কেড়ে নিয়েছে। সে বোঝে কি বোঝে না, নাকি কোনো কিছু জানে না, জেনেও না জানার ভান করে আছে কে জানে! এ পোড়া দুচোখ তার দিকে ঘুরে এলো কয়েকবার। তার পরনে লাল জমিনের উপর হলুদ-কালো-সবুজ-বেগুনি রঙের ফুল আর ফার্ণের প্রিন্ট, সে লতাপাতা ফুল আর কি কি ঠিক বোঝা যায় না; তবে আশ্চর্যরকম আকর্ষণ আছে। একগোছা হালকা চুল আর পেছনে পরচুলা দিয়ে তৈরি খোঁপা। সেখানে একটি জবা ফুল। আমার দৃষ্টি মেয়েটির চোখ-মুখ-ঠোঁট আর ডানদিকের স্ফীত গণ্ড ঘুরে এসে বারবার জবার লালে থমকে দাঁড়ায়। না এ ফুলের সঙ্গে কোনো পিরিত নেই। সত্যি বলতে অনেকদিন জবা ফুল দেখিনি। যুগপৎ ভাবনার ঢেউ বয়ে যায় মস্তিষ্কের তন্ত্রীতে। সেগুলো ঘুরপাক খায়, একটি গ্রহের দুটি কক্ষপথে যেমন দুটি উপগ্রহ পরিক্রমণ করে, করতে থাকে; কখনো মনে হয়, জুয়ার আসরে সুতীক্ষ্ণ তীরচক্রের মতো কোনো মায়াজাল। হুইল অব ফরচুন। আমার কোনো ফরচুন নেই।
কোনো কোনো দিন একজন জবাকে দেখি বাসের ভেতর। প্রাইমারি স্কুলের টিচার। জোড়াব্রিজ থেকে ছেড়ে যাওয়া বগুড়া মেইলে কখনো দাঁড়িয়ে কখনো ভাগ্য প্রসন্ন থাকলে বসে বসে হেলেদুলে আমবাড়ি গিয়ে নামে। তারপর হাঁটা পথ। একদিন কথা হয়, সে নাকি সতীশ বাবুর ভাগনি। চারটি থার্ড ডিভিশন নিয়ে একেবারে আঠারো বছরের অভিজ্ঞ প্রভাষক সতীশ বাবু, অর্থশালী ভূস্বামী লোক; তারপর মাইনরিটি কোটা। এদেশে টাকায় কি না হয়! বাঁদরের গলায় মুক্তোর মালা ওঠে, দস্যু আর ক্যাডারেরা আইন তৈরির ঘরে বসে মাঝেমধ্যে তাশ পেটায়। এ সমাজে সবকিছু সম্ভব। এসব না জানলেই ভালো...বলতে গেলে শত বিছুটির দংশন। রিমান্ড আর টর্চার। আমার সাধের গণতন্ত্র!
জবার সঙ্গে দেখা হয়ে গেলে সুন্দর করে হাসে। মেয়েদের হাসিতে কি জাদু মাখা কে জানে, লিওনার্দো দা ভিঞ্চি তার রহস্য খুঁজে গেছেন; আমার দৃষ্টি কোন্ ছার! অবাক হয়ে থাকি আর চুয়ান্ন বছরের ফেলে আসা দিনগুলো নিয়ে দুঃখের স্রোত বুকের শিরা-উপশিরায় লাভার ঢেউ হয়ে বয়ে যায়। হায় জীবন! আজ হাসতে ভুলে গেছি। এখন অনন্ত পিপাসায় ইলেকট্রনিক মিডিয়া খুলে ভিনদেশি কমেডি সার্কাস দেখতে হয়। অ্যাডাল্ট কথনের টুকরোতে হাসির গমকে গমকে কিম্ভূতকিমাকার কম্পন বাতাসে ঢেউ তুলে তুলে ঘরের দেয়াল থেকে আছড়ে বাইরে ছড়িয়ে পড়ে অবশেষে।
আমার দুচোখ ঘুরে ফিরে জবায় এসে হোঁচট খেতে থাকে। অনেকদিন পর জবা ফুল দেখছি। বহুবছর দেখিনি তাকে। আর এ জনমে দেখা হবে এমন ভরসা বা বিশ্বাস নেই। দেখা হলে কী হবে? এমন উৎকট ভাবনায় শিহরণের কোনো কিছু নেই জেনেও ভাবতে বসি। জবা থেকে জোর করে দৃষ্টি সরিয়ে আকাশে চোখ রাখি। সন্ধে নামছে। চারপাশে হাত-পা ছড়িয়ে গভীর অন্ধকারের প্রস্তুতি। সিরিয়াল পাঁচ ভেতরে গেছে। একেকজন প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট। কেউ কেউ তারও বেশি। সিরিয়ালের কয়েকজন নেই। মোকসেদ ঘন ঘন বাইরে তাকায়। উদ্ভ্রান্ত দৃষ্টিতে তার কোনো রঙিন হাউজি খেলা চলে। কখনো নির্বিকার অথবা কৌতূহলী বোলচাল। এর মধ্যে সাতাশ আসতে অনেক দেরি। সেই দেরিতে অনুপস্থিত লোকজন ‘ইয়েস স্যার’ হয়ে যাবে নিশ্চিত। আমি আবার জবায় চোখ ফেলে রাখি। আমি আর জবাফুল। জবাফুল একুশ-বাইশ, আমি সাতাশ; চুয়ান্নকে গোলি মারো! আমি তাকে ভাবতে বসি। মহুয়াকে মনে পড়ে। ওদের বাসার পশ্চিম দেয়াল ঘেঁষে জবার একটি গাছ ছিল। গন্ধহীন ফুল দেখতে দেখতে কত দিন অপরাহ্ণে তার সঙ্গে দৃষ্টির যোগ হয়েছে। তেমন করে কোনো কথা না বলেও দু-জন কত কাছের আর দু-জনের হয়ে গেছি! সে শুধু স্মৃতি, শত শত দৃষ্টির সংযোগ হলো; যোগফল হয়নি। সে এখন কোথায়?
আমি ড্রয়ার খুলে খুঁজতে বসি। সেখানে প্লাস্টিকের তিন-চারটি কৌটো, সবগুলোই শেষ হয়ে যাওয়া কোনো না কোনো কসমেটিকসের; এর কোনো একটিতে সুঁই থাকতে পারে। কোথায় কোন্টিতে? আমার ড্রয়ারে একটি অ্যান্টি কাটার রয়েছে। সুতীক্ষ্ণ ভয়ংকর! সেটি দিয়ে কাজ হবে না। নির্দিষ্ট কাজের জন্য বিশেষ টুলস বা অস্ত্রের দরকার পড়ে। এটি লঘু পাপে গুরু দণ্ড। এর জন্য সুঁই সবচেয়ে উপযুক্ত। খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা যায় সহজে। উপড়ে তুলে ফেলা যায় বা যেতে পারে যন্ত্রণার শিকড়।
মিলার দিকে তাকাই। তার নাক আর ঠোঁটের উপর মৃদু স্বেদবিন্দু। শুনেছি, এমন মেয়েরা নাকি স্বামী-সোহাগি হয়, ছেলেরা বউ-পিয়ারি। অনেক কথা মনে পড়ে যায়। মহুয়া একদিন বলে, -
‘তোমার ভাগ্য ভালো...বউ-পিয়ারি।’
‘সে তো এখন থেকেই দেখছি প্রিয়, আমিও তোমায় খুব ভালোবাসি।’
‘কেমন?’
‘খুব মানে প্রচণ্ড!’
মহুয়ার সঙ্গে শেষ-অবধি কিছু হলো না। জানা গেল না, স্বামী-পিয়ারি আর বউ-পিয়ারির খাবনামা। এর সকল দায় আমার। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে জানালা গলিয়ে দূর আকাশে দৃষ্টি ছড়িয়ে দিই। রাতের আকাশ। তার পরতে পরতে অদ্ভুত সৌম্যশান্ত গভীরতা; অনাস্বাদিত রহস্যময়। তার পটভূমিকায় নক্ষত্রেরা হাতে হাত রেখে সখ্যতার ছায়াপথ তৈরি করেছে। আমার মনে আকস্মিক তার ছবি ভেসে ওঠে। সে ছবির কোনো বয়স বাড়ে না। সে মুখ রাতের আলোছায়া দেয়ালে ভেসে ভেসে চলচ্চিত্র হয়। অসম্ভব ফরসা এক কিশোরী, তার প্রজাপতি বেণিতে লাল ফিতের দুটি ফুল। কলাপাতা-সবুজ কামিজ আর অফহোয়াইট পায়জামা। নাকের ডগায় সদ্য ছিদ্রে বিবর্ণ-নীল সুতোর রিং। আমার কৈশোর-স্বপ্ন-দোলা। মিথ্যে স্বপ্ন আর কল্পনার অসমাপ্ত গল্প। সে কাহিনী একান্ত আপনার। কারও প্রবেশ-অধিকার নেই। মিলার দিকে তাকাই। আমার মহুয়া ঘুমিয়ে আছে। তার কপালে চুলে স্পর্শ করি। ইচ্ছে করে একবার ‘মহুয়া’ বলে ডাকি। একবার দু-বার বারবার। না পারি না...পারা যায় না। একজনকে দিয়ে আরেকজনের শূন্যতা পূরণ হয় না। একজনকে সামনে রেখে অন্যজনের ভাবনা নিষিদ্ধ বিকৃতি। আমি চাই না...পারি না। মিলাকে জড়িয়ে ধরি। সে ঘুমের ঘোরে অথবা কোনো স্বপ্নের বালুকাবেলায় হেঁটে হেঁটে কাব্যবিভোর আমাকে তার বুকের সঙ্গে মিশিয়ে ফেলে। জীবনের এইটুকু প্রাপ্তি স্বর্গের চেয়ে বেশি।
আনলাকি থার্টিন ছিল না। সে এলো। সে নয় তিনি একজন মোটাসোটা মধ্যবয়সি মহিলা। ইলেকট্রনিক মিডিয়ার কোনো চ্যানেলে শাড়ি-গয়নায় সেজেগুজে আসা রেসিপি অনুষ্ঠানে দেখা রাঁধুনির মতো। তিনি এখন চকোলেট কেক তৈরি শেখাবেন। এদেশের অনেক মানুষ দু-বেলা ঠিকমতো ভাত জোগাড় করতে পারে না। তারা আধপেটা কি না-খেয়ে স্বপ্ন দেখে, দেখিস একদিন আমরাও; তারা কেক খাবে। আমি চকোলেট কেকের বাহার দেখে ঘন ঘন ঢোক গিলে ফেলি। থার্টিন মনে হয়, কোনো পার্লার থেকে এসেছেন। দুচোখের পাতায় সবুজ-রুপালি আভা আর ঘরের মধ্যে পারিজাত সৌরভ। তার কাছে জবাফুল অতি ক্ষুদ্র জোনাকপোকা। যুগপৎ দু-দিকে দৃষ্টি ফেলে আমি চেয়ারের দিকে তাকাই। প্লাস্টিকের চেয়ার ভেঙে যাবে না তো? তেমন কিছু হয় না। তিনি আয়েশে বসে গেলেন। একটি মেয়ে সঙ্গে এসেছে, আট-দশ বছরের; একহাতে প্যাকেট ধরে চিপস খাচ্ছে। বোম্বে সুইটস। অপেক্ষার ঘরটিতে তখন পাটাশ পাটাশ শব্দে ভরে যেতে থাকে।
তখন আবুল হাসিম আর ইদ্রিশ আলির কথা মনে পড়ে যায়। তাদের চেহারা আর কথকতা ভেসে ওঠে। ইদ্রিশ আলি সকাল এগারোটায় অফিসে আসে। অফিসমুখে জোরে আওয়াজ তোলে ‘পাটাশ’। ফিরে যাওয়ার সময় বেলা আড়াই কিংবা তিন আরেকবার ‘পাটাশ’। আবছা অন্ধকার ঘরের কোণায়, ল্যাট্রিন যাওয়া-আসার পথে ধ্যানমগ্ন বসে থাকি। দেশ আর মানুষের পক্ষে সরকারের গুষ্টি উদ্ধার করে সম্পাদকীয় ভাবনায় কাতর। শব্দটি পটকার মতো ফেটে ফেটে ভেসে ভেসে সেখানে পৌঁছয়, কাঁপতে থাকে; চেয়ার-টেবিল হাঁপায়। মনে মনে কোনোদিন বুকের মধ্যে বেজে ওঠে সেই হাঁক। তার কোনো মানে জানি না, বুঝি না এর উচ্চারণে কিইবা মজা; একদিন দুপুরের শেষাশেষি অফিস থেকে ফিরে যেতে যেতে মুখ দিয়ে আকস্মিক দাঁড়কাকের মতো বেরিয়ে আসে ‘পাটাশ’। সবকিছু কি থমকে যায়? অফিস রুমের বাতাস, রাস্তার প্রান্ত বা অন্য কেউ? আবুল হাসিম মৃদু হাসতে থাকে। সে হাসি কত কুটিল আর মতলববাজ কে না জানে! তার চেহারা থেকে সেই ভাইরাস ছড়িয়ে পড়ে সবখানে...রাস্তার গলি আর হাটবাজার। আসলে ‘পাটাশ’ কী?
মোকসেদ কাছে এসে দাঁড়ায়। হাতে ধরা স্পাইরাল নোটবুক সেখানে নাম তালিকার ক্রমানুসার, সেটিকে পাখা করে ঝাঁকাতে থাকে। কিছুক্ষণ ঝাঁকানাকা নাকাঝাঁকা। স্বরাষ্ট্রমন্ত্রীর ঝাঁকুনি তত্ত্ব। রানা প্লাজা এর কারণেই পড়ে গেছে। মরেছে এক হাজার একশত পঁয়ত্রিশ জন নারী-পুরুষ। মূল্যহীন মানুষের ক্ষতিপূরণ কয়েক হাজার টাকা!
‘স্যার আপনার কি খুব তাড়া?’
‘উঁ...একটু আগে করে দিতে পারলে খুব ভালো হয় আর কি!’
‘একটু এদিকে আসেন।’
মোকসেদ এখন সিরিয়াল পরিচালক, অবলম্বনহীনের অবলম্বন। প্যাসেজের ভেতরে আলোছায়া অন্ধকার। একটি পঁচিশ বা চল্লিশ ওয়াটের বাল্ব হাঁশ-ফাঁশ করে হাঁপায়। তার ম্লান আলোতে জীবনের শত বেদনা শত যন্ত্রণা।
‘বারো নম্বর আসেনি, আপনি যাবেন?’
‘হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়।’
‘চা খাওয়ার একটু আবদার করি স্যার।’
‘আচ্ছা আচ্ছা সে হবে ক্ষণ।’
এখন দিনদুনিয়া এ রকমই। পূর্ণচন্দ্র রায় আর মুসার কাছে গিয়েছি। দুই ব্যাংকের দুই ক্রেডিট অফিসার। সোনালি মানুষ জনতার সেবক তারা উন্নয়ন আর জনসেবার অগ্রণী সৈনিক। অনেক উঁচু আর দায়িত্বশীল পদ। নিঃস্বার্থ স্বার্থহীন। কথা বলতেই সাফ জানিয়ে দিল,
‘বাজেট নাই, দু-সপ্তাহ পরে একবার খোঁজ করবেন; আরে ভাই যাদের দিয়েছি তারা বড় যন্ত্রণা করছে। পালিয়ে বেড়ায়। কালেকশন নাই। কোত্থেকে দেব বলেন?’
‘আমার দ্বারা এমন সমস্যা হবে না।’
‘নেয়ার সময় সকলেই এমন কথা বলে বুঝলেন। মানুষ চরিয়ে খাই, লোক চিনি না বলতে চান?’
‘আমাকেও কি সেই গোত্রে ফেলছেন নাকি দাদা?’
‘সে কথা নয়, বাজেট নাই; আসুক। অনেকে সিরিয়াল ধরে আছে। খরচপাতিও করতে চায় ষোলো আনা।’
‘খরচপাতি মানে?’
‘আ রে ভাই আপনি তো নিয়মকানুন জানেন না দেখছি! এখন মাল ফেলবেন কাজ পাবেন। দেখেন না বিদ্যুতের সমস্যা হলে লোক আসে, ঠিক করে দেয়; তারপর চা খাওয়ার টাকা চায়।’
‘হ্যাঁ হ্যাঁ তাই তো! সে করা যাবে, করতে হবে। নিয়মকানুন আছে না?’
‘টাকা দিয়ে কী করবেন?’
‘এই ধরেন...।’
‘গৃহ সংস্কার। আমার দশ পার্সেন্ট, বুঝেছেন?’
‘একেবারে দশ পার্সেন্ট দাদা! একটু কমে...?’
‘দশই দিতে হবে। ডিড স্ট্যাম্প রেভিনিউ এসব আলাদা। বলেন তো এক সপ্তাহের মধ্যেই টাকা...হে হে হে!’
লোকটির হাসি বাতাসে ছড়াতে ছড়াতে দৃষ্টি ঘোলাটে হতে থাকে। তার ভেতর দিয়ে দেখা যায়, কোনো মানুষ নয় একটি শূকর চেয়ারে বসে পা দোলায় আর তার পান খাওয়া ঠোঁটের কশ বেয়ে রক্তের মতো লালা টেবিলময় ছিটকে পড়ছে; না কি সারাদেশ? কি আশ্চর্য স্বাধীনতা!
‘হাতে তো এই মুহূর্তে টাকা নেই দাদা।’
‘টাকা তুলে দেবেন। অ্যাকাউন্ট আছে তো?’
‘হ্যাঁ তা আছে।’
সবখানে পাটাশ। আবুল হাসিম সেদিন শব্দটির মানে বলে, ‘বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট’। এর মানেও তেমন বুঝি না। শেষে রাগ করে উপসংহার টানে।
‘আপনাকে দিয়ে হবে না, আস্ত বুরবাক।’
‘সে আবার কী?’
‘হা হা হা সত্যি হাসালেন মাইরি!’
অবশেষে যা জানা গেল, একেবারে নোংরা। মানুষের মুখ এত কুৎসিত! তারা নোংরা খায়। মুখে বিকট দুর্গন্ধ। দাঁত আর মাড়িতে ক্যাভিটি আর পালপাইটিস। তাদের শরীরে পরজীবী আর পচন। মৃত মানুষের দুর্গন্ধ। তাদের নীতিবোধ বিশ্বাস আর সততা মরে গেছে। আর এর জন্য সংক্রামক কিছু তো আছে...লোভ আর ভোগাসক্তি। আমাদের দিনযাপনে দিনভর সে-সবে ঘৃণা থাকলেও নিরুপায় অবশেষে তার কাছে অসহায় সমর্পণ। কেননা তাদের হাতেই ক্ষমতা। কত শতবার থুতু ছিটিয়ে তাদের কাছেই বারবার যেতে হয়। তাই একদল শূকর হামলে পড়ে সবকিছু চেটেপুটে খেয়ে চলে। তাদের কোনো যন্ত্রণা নেই, শুধু দুর্গন্ধ; ছড়িয়ে পড়ে চার-দেয়ালের ভেতর থেকে বাইরে আকাশের গায়ে দিগন্তে দিগন্তে। বাতাসের পরতে পরতে আর মাটির অণু-পরমাণুতে। কষ্টভোগা মানুষের রক্তের মধ্যে জেগে থাকে অসহায় বিবমিষা আর সেটি ছড়িয়ে পড়ে শুধু তার মনের গভীরে। একেবারে কলজের তলায়। উপায় কোথায়?
এই তো তিন দশক আগের কথা। ঘরের পশ্চিম দেয়াল সীমানা ঘেঁষে সাড়ে তিন ফুটের প্রশস্ত গলি। সে গলি উত্তর থেকে শুরু হয়ে চলে গেছে দক্ষিণে। তারপর বাঁক শেষে একেবারে পুবে। তারামণি অনেক সকালে গলিতে ঢোকে। তিন কোণায় তিন বাড়ির তিনটি সার্ভিস ল্যাট্রিন। সে-সবের কোনোটিতে জাহাজমার্কা সরিষা তেলের লম্বা টিন আর কোনোটির নিচে মাটির তৈরি বড় বড় চাড়ি। বাড়ির লোকজন সেগুলো ব্যবহার করে। তারামণির হাতে বড় বালতি, সেটির গা ঘেঁষে কত বর্ণালি রংধনু। হলুদ খয়েরি লাল কালো মিলেমিশে একাকার ভূ-ভাগের মানচিত্র। আমাদের দ্রুত জানালা বন্ধ করতে হয়। তারামণি অন্য বালতি রেখে গেছে উত্তরের সীমানা প্রাচীরের কাছে। সেখানে ভন ভন করে শত কিসিমের মাছি ওড়ে, উড়তে থাকে; বসতে থাকে রংধনুর চারপাশে। তারামণি গলিতে খালি বালতি নিয়ে যায়। টিন আর চাড়ির সবটুকু জমা ঢেলে টাপুর-টুপুর ভরপুর ফিরে আসে। গলির বাতাসে ধীরে ধীরে আবার চম্পা-বেলির মৌতাত ছড়াতে ছড়াতে রাস্তায় গিয়ে দাঁড়ায়। সেখানে এক মহিষ-টানা ড্রাম-গাড়ি। একজন কিশোর আর সেই মহিষ একাডেমি স্কুলের গলিতে উঁচু মাথা নির্বাক দাঁড়িয়ে থাকে। সেই নির্বোধ প্রাণীর দুচোখ ভারি অসহায় আর করুণ! কোনোদিন খড় বা আখের ছোবড়া চিবোয়, মুখ দিয়ে ফেনা ঝরে, কোনোদিন নির্নিমেষ অসহায় চাহনি; বলো কী অপরাধ হে মানব সকল? কেন আমায় টেনে নিতে হয় তোমাদের পাপ-বর্জ্য? তাকে দেখে কষ্ট বাজে। মনে হয়, ঈশ্বরের মতো অসম্ভব ধৈর্যের ধ্যান-গম্ভীর কোনো চেহারা তার মুখে সেঁটে আছে। কখনো ভুল হয়ে যায় ইতিহাসপূর্ব কোনো সময়ের দিনকাল ভেবে। আহা কি জীবন! কি সভ্যতা! দেখতে দেখতে কত আদিম দাহকাল আর পেরোতে হবে? এখন পূর্ণবাবু আর মুসা ভাইয়েরা দু-হাতে ব্যাগ ঝুলিয়ে বাজারে যায়। ঘরে ফিরে আসে নানান বাজার নিয়ে। সেই ব্যাগ কখনো তারামণির বালতি হয়ে যায়। ঘরের গৃহিণীরা উপুড় করে ঢেলে দেখে ব্যাগ-ভর্তি পুরীষ। তাদের পকেট-ভর্তি টাকা...ব্যাগ ভর্তি গু। তারা খালি হাতে অফিসে যায়...ফিরে আসে পকেট ভর্তি করে।
মোকসেদকে গু খাওয়ার টাকা দিতে হলো। অসম্ভব যন্ত্রণা। থুতুর সঙ্গে রক্ত বেরোয়। কত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ। এখন কার দোষ? কর্মদোষে দোষী মানুষ খোদারে দোষী বানাও, চিন্তা করে দেখ মানুষ কেন এমন হয়? এ দায় নিজের। পৃথিবীর সবখানে ফাঁদ পাতা। সর্বত্র সুচালো ফাঁদ মুখিয়ে আছে। উদোম ম্যানহোল। ‘এ্যয় ভাই জারা দেখকে চলো, আগে পিছে আর বাঁয়ে ভি...।’ সে আপনার চোখ, এক অথবা দুই আর তৃতীয় নয়ন। তারপরও দৃষ্টিতে ভ্রম হয়ে যায়। মানুষ বড় বিচিত্র আর ক্যামেলিয়নের মতো রূপ বদলিয়ে ফেলে।
লোকটি টাকা নিল। যন্ত্রণা শুধু নিজের। সেই ছোটবেলা থেকে দেখছি তাকে। ফায়ার ব্রিগেডের সামনে পুব রাস্তায় চার-পাঁচটি দোকানঘর। তার একটিতে কাজ শিখছেন-কাজ করছেন খবিরুদ্দিন। সেলুনে ছোট ছেলেদের চুল কাটার জন্য যেমন উঁচু চেয়ার, তার সামনে সেখানে এক লোক বসে আছে। খবিরুদ্দিন কখনো হ্যান্ডপিস হাতে নেন, কখনো টুইজারের আগায় সাদা বা গোলাপি তুলো; লোকটি রাবণের মতো মুখ হাঁ করে আছে। খবিরুদ্দিনের আঙুল সেখানে সহজে যাতায়াত করে। তারপর আর কি কি ম্যাজিক হয়? পায়ের জুতো হাতে ঝুলিয়ে নিয়েছি। উৎসুক দৃষ্টি। জুতোর ভেতরে মোজা, সে দুটোর সাদা রং ঘোলা হয়ে গেছে। পায়ে মোজা পরে রাস্তায় হাঁটা যায় না। জুতোজোড়া বড় যন্ত্রণা। দু-পায়ের বুড়ো আঙুল কড়ে আঙুল আর পেছনে ফোস্কায় জ্বলছে। হাফ কিলোমিটার দূরের স্কুল, রাস্তায় রিকশা ট্রাক মোটরবাইক, হাঁটার পথ বড় সংকীর্ণ। সেভাবেই আসা...যাওয়া। সেদিন কেন মাঝে মধ্যে আর পারা যায় না। পায়ের জুতোয় ফোস্কা পড়ে। ফেটেফুটে দামা-দাম-মস্ত কালান্দার।
মনসুর চাচার রেডিও মেকানিকস দোকানে মাইক বাজে। সামনে চার ফুট প্রশস্ত বারান্দা। সেখানে নীল রঙের ঢাউস লাউডস্পিকার থরথর কেঁপে যায়। পশ্চিম রাস্তা থেকে পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ আদিগন্ত ধুমধাম সুর-তাল ছড়িয়ে পড়ে। লোকজনের ভিড়। বিয়েবাড়ির জন্য কলেরগান আর মাইক ভাড়া চাই।
‘গানের রেকর্ড কতগুলো? নবাব সিরাজউদ্দৌলা নাটক আছে তো?’
‘হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মউ থাকতে হবে।’
‘এ ছাড়া দামা-দাম-মস্ত কালান্দার? সে গান না হলে চলবে না, আছে তো?’
‘আছে আছে সব গান আছে। আর কি কি চাই?’
‘ও রসিক রাজা, আর চাই কী তোমার বুঝিয়ে বলো না।’
‘তুমি আসবে বলে ভালবাসবে বলে।’
‘মস্ত কালান্দার আছে তো?’
‘আছে আছে, আব্বাসউদ্দীন থেকে আহমাদ রুশদি সব আছে।’
গান শোনা পাবলিক। গান শোনে...মাথা দোলায়। ভাষণ শোনা মানুষ। লগি-বৈঠা হাতে তুলে নেয়। মিছিল করে। রক্ত ঢালে। প্রাণ দেয়। তারপর সেই আবার যেই সে মহৎজন। রাজা যায় রাজা আসে। বেকুবের দল স্বপ্নে বাতাসা চাটে।
খবিরুদ্দিন উঁচু চেয়ারে বসে থাকা বৃদ্ধের মুখের সামনে অ্যালুমিনিয়ামের গ্লাস এগিয়ে ধরেন। তারপর চিলমচি। বুড়োর গালে ইধার-উধার সমুদ্রের ঢেউ, তারপর পচাৎ করে কুলকুচার পানি ফেলে চিলমচিতে। মুখভর্তি পচা পানি। রক্তের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ। অনেক বছরের ব্যামো। পচেগলে একেবারে সার্ভিস ল্যাট্রিন। সেই দেশ বিভাগের সময় কত হই-হুল্লোড় করে আমগাছের ডগায় সবুজ সাদা কাপড়ের চাঁদ-তারা পতাকা উড়িয়েছিল, এখন সেই কাপড়ের মতো ঝলসে গেছে সব। দুর্গন্ধের সঙ্গে রক্ত। রক্তের রং লাল। সব মুসলমান ভাই ভাই। তুমি খাবে চার আনা আমি না হয় দশ আনা দেব। তারপর কেটে গেল আরও কয়েক বছর। পঁচিশে গিয়ে ঠেকল। রক্ত-উদ্দাম বাতাস। উঁচু চেয়ারে লোক বসে থাকে। খবিরুদ্দিনের পরনে সেমি-টেডি প্যান্ট। ওয়াহিদ মুরাদ চুলের বাহার।
একদিন পশ্চিম দেয়ালের পেছন ঘেঁষে যে গলি, সেখানের জানালা খুলে দিই। তারামণি সকালে এসে কাজ করে গেছে। এখন একটু সুবাতাসে তাকলা মরু অভিযানের কাহিনী টানছে। রান্নাঘর থেকে ভেসে আসে গরুর মাংস কষানোর ক্ষিদে লাগা সুগন্ধ। রমজান মাস। আমার কোনো রোজা নেই। দিনের বেলা আহারের যে রুটিন রাতে শিফট করা গেল না। উপরি হিসেবে বুন্দিয়া জিলাপি পেঁয়াজু আলু চপ বেগুন চপ আর তেলে চপচপ ঘুগনি সবকিছুই প্রতিদিন আজানের সঙ্গে সঙ্গে খাওয়া চলছে। রোজা থাকতে চাই। অনুমতি নেই। বন্ধ শেষে বার্ষিক পরীক্ষা। অতএব তাকলা মরু পথে পানির পিপাসায় আকণ্ঠ কাতর সেদিন কষানো মাংস খেয়ে চলি। আমকাঠের দুর্বল জানালা খুলে পাল্লায় এক-পা তুলে ফোল্ডিং চেয়ারে কোনো কল্পনার রাজ্যে হারিয়ে যাই। যেতে থাকি দূর অনেক দূর। অসম্ভব কল্পনায় ফ্লাইং সসারের ছবি দেখতে দেখতে মঙ্গল গ্রহের লাল ভূপৃষ্ঠে হাঁটি। তখন বিপত্তি ঘটে গেল। মাংসের একচিলতে আঁশ গেঁথে গেল দাঁতের ফাঁকে। খবিরুদ্দিনের কথা মনে পড়ে যায়। ওই পর্যন্ত। আমরা কত সহজে পায়ে কাঁটা নিয়ে ল্যাংচাতে থাকি।
প্রায় সতেরো-আঠারো বছরের কথা। একটি সুঁই খুঁজে নিয়ে কিংবা ট্রিট ব্লেডের চোখা কোণা, হয়তো সহজে স্বাভাবিক হয়ে যাবে; চেষ্টা চলে। আসলে কিছু হয় না, হয়ে যায় না; মাঝখান থেকে মনের মধ্যে কাঁটা জায়গা করে নেয়। সে ক্ষত কখনো যন্ত্রণায় মাথা উঁচু করে দাঁড়ায়। ওলটপালট কেয়ামত। তখন একটি সুঁই খুঁজে রক্তপাত আর অসহ্য যন্ত্রণা। অবশেষে পেইনকিলার। এভাবে কেটে গেল কয়েকটি বছর। নতুন দেশ নতুন জীবন। এর মধ্যে মিলা এসে গেল। নতুন বউ নির্বাক দেখে দেখে একদিন মুখ খোলে। কথায় কথায় মালা গাঁথে। সে মালার প্রতি ফুলে ফুলে আবেগ আর গতিবেগ। অধৈর্যের বহিঃপ্রকাশ।
‘তুলে ফেলো না কেন?’
‘তা হলে খাব কী করে?’
‘আর এতদিন যন্ত্রণা টেনে নিয়ে চলেছ, তার চেয়ে...।’
‘এবার তুলে ফেলব। ঠিক তুলে ফেলব।’
চাইলেই সবকিছু আপরুটেড করা যায় না। যন্ত্রণা থেকে বের হয়ে আসার মধ্যেও যন্ত্রণা থাকে। এ জিনিস সকলের বুকে আছে। কারও চেহারা ছবিতে কারও ভাবনায় বুকের একান্তে। কেউ দেখতে পায় কেউ পারে না। কেউ দেখিয়ে করুণা মাগে কেউ গোপন করে। আমার যন্ত্রণা বুকের মধ্যে থাক। এখন একটি সুঁই খুঁজে বের করতে চাই। খাতা সেলাই করার জন্য বড় মোটা আর শক্ত মজবুত। তারপর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত পীড়ন-অবিনাশী দহন। চকচকে মজবুত একটি সুঁই।
বারো নম্বর আসেনি। আমি সাতাশ থেকে বারো। তেরো নম্বরে মোটাসোটা বিউটি কুইন, লাল রঙের চেয়ারে গ্যাঁট হয়ে বসে আছেন। চেয়ারের চারটি পা কঠোর স্টিফ, ঝুনা বাঁশের মতো শক্ত; তবু বাঁকা হয়ে গেছে। একপাশে জবাফুল নির্মোহ দৃষ্টিতে দেয়ালে তাকিয়ে। সেখানে মুখ-গহ্বরের পেশিতন্ত্র। তার পাশে মানব শরীরের রক্ত সঞ্চালন আর পরিপাক প্রক্রিয়ার খুঁটিনাটি রঙিন তথ্য। বিপরীত দেয়ালে মানুষের বিশাল চোয়াল। তার সামনে ব্রাম স্টোকারের ড্রাকুলা আর তার ছেদনদন্ত। কীভাবে যত্ন করবেন। ব্রাশিং পদ্ধতি। উপর থেকে নিচ...নিচ থেকে উপর। কোনো কিছু বাকি নেই। অবশিষ্ট থাকে না।
খবিরুদ্দিন হ্যান্ডপিস অন করেন। বাতাসে মৃদু ঘর্ঘর শব্দ। বারের আগায় রাউন্ড স্কেলার। মুখ আর মাথার মধ্যে ভূমিকম্প-ঢেউ। মুখের সকল খনিজ পদার্থ বের হয়ে আসছে। এশিয়া এনার্জি। কয়লা চাই না...আগে শহর রক্ষা করো বাবা।
‘শেষ করে ফেলেছেন তো!’
‘তেমন সমস্যা নেই। সেই কলেজে পড়ার সময় ব্লেডের একচিলতে টুকরো আটকে গিয়েছিল। কিছুতেই বেরোল না। এখন চারপাশে কালচে রং ধরেছে।’
‘মরচে পড়েছে। কোন্ কলেজে পড়তেন? কোন্ বছর?’
‘সরকারি। পঁচাত্তরে বিএ থার্ড ডিভিশন।’
‘অনেক বছর! এখন কি ব্যথা আছে? কোনো যন্ত্রণা?...তারপর কী করা হয়?’
‘থার্ড ডিভিশনের কোনো খাওয়া নাই, চাকরি হয়নি; মেধাহীন জঞ্জাল।’
‘কিছু তো করেন?’
‘চুক্তিভিত্তিক কাজ, যখন যেখানে যা জোটে।’
‘ও।’
মন অসম্ভব বিষিয়ে গেছে। যত্ন করে কত বায়োডাটা লিখেছি! কোনো কাজে আসেনি। অথচ অনেক অঘা-মঘা বড় বড় পদে চাকরি করছে। তারা মুক্তিযোদ্ধা কোটা মাইনরিটি কোটা মামার টেলিফোন আর টাকায় অনেক কাজের অনেক দক্ষ রিসোর্স। যার কেউ নেই কিছু নেই। অর্থহীন অথর্ব জীবন। তার আবার ব্যথা...তার আবার যন্ত্রণা!
খবিরুদ্দিন পরিত্যক্ত আয়নার টুকরো কাচে একচিমটি জিংক অক্সাইড রাখেন। তার সঙ্গে ক্লোভ অয়েল ইউজিনল। রিফাইন্ড মোবিলের মতো হালকা সোনালি রং। তারপর ভোঁতা সার্জিক্যাল নাইফ দিয়ে ঘেঁটে ঘেঁটে পেস্ট তৈরি করতে থাকেন। নাইফটি জম্পেশ, বড় হাতলের সামনে ছোট ব্লেড; বাইরের আলোয় চকচক করতে থাকে। তখন কত ছবি ঝিলমিল করে ওঠে!
পশ্চিমে জেলরোডের মসজিদ। তার পুবে রাস্তা। সেটি পেরিয়ে সামনে হরেক রকমের মনিহারি দোকান। সেখানে চাকু কিনতে গেছি। কয়েকদিন ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে সাধের একটি চাকু। তারপর ফায়ার ব্রিগেডের আমবাগান। ছোট ছোট আম...পকেটে চাকু আর লবণ লঙ্কার গুঁড়ো। আমরা তখন কেউ ক্যাপ্টেন মার্ভেল...কেউ আলাউদ্দিন। আকাশে উড়ে বেড়াই...ভেসে ভেসে স্বপ্ন দেখি...কোহকাফের পর্বত। প্রদীপ ঘষে জিন ডেকে স্বপ্নের প্রাসাদ গড়ি। সে-সব গল্প আতা আর সোনালু গাছের ডালে ডালে দাপাদাপি আর নেচে বেড়ানো এক-একটি বাঁদর করে রাখে। তবু দিন ভালো ছিল। আমাদের হাতে কোনো সেলফোন এমপিথ্রি আর মেমরি কার্ড নেই। ছিল না কোনো নিষিদ্ধ দুনিয়া।
খবিরুদ্দিন স্টিলের গ্লাসে পানি এগিয়ে ধরেন। সেদিনের সেলুন মার্কা উঁচু চেয়ার এখন হাইড্রোলিক। পরনের সেমি-টেডি প্যান্টের সঙ্গে গায়ে বাহারি কোট। একাত্তর কত সহজে কত চেহারা বদলে দিল! রাস্তায় রাস্তায় ঘরে ঘরে লাশ পড়ে আছে। তারা লাশ উল্টেপাল্টে দেখে। সোনার চেইন কানের দুল নাকফুল কত কি খুলে নেয়। তাদের শরীরে কোনো গন্ধ হলো না। তারা আলমারি ভাঙে। বের করে আনে বিবিধ জিনিসপত্র মালামাল। লাশের উন্মুক্ত বড় বড় চোখে অবিশ্বাসী ছায়া। এরা যে কত বিশ্বাসের প্রতিবেশী...আজ তাদের চেনা যায় না। অচেনা অজানা। ভয় করে। এরা যুদ্ধ করে কাদের জন্য? আস্তিনের তলায় কবে থেকে রেখেছিল খঞ্জর? যুদ্ধ এদের আশীর্বাদ। যে মানুষ টঙে বসে দুই পয়সার পান বেচত, তার এখন চারতলা আলিশান ভবন। টিভি-মোটরসাইকেলের বিশাল দোকান। সেই শোরুমের বারান্দায় উঠতে সাধারণের প্রাণ কাঁপে। সে লোকের ভারতেও বাড়ি। তার পরনের পোশাক থেকে...শরীরের ভেতর থেকে কত বাহারি সুগন্ধ বাতাসে মেশে! যারা কোনো কিছু লুট করতে পারল না, কেড়ে নিতে শেখেনি; অনিবার্য পথের ফকির। একসন্ধ্যা খাওয়া শেষে পরের কথা ভেবে ভেবে আয়ু কমিয়ে ফেলে।
‘কুলি করেন।’
হাইড্রোলিক চেয়ারে আধশোয়া থেকে মাথা উঁচিয়ে কুলকুচা করতে হয়। পায়ের কাছে ফ্যাকাশে সবুজ বালতি। চিলমচির জায়গায় এই পরিবর্তন। বালতি না বড় মগ কে জানে। সেটির কোনো হ্যান্ডেল নেই। গ্লাস মুখে নিতেই থুতুর গন্ধ। বিবমিষাময় বিকার। একথা তো বলা যায় না। আলগোছে একদলা পানি মুখের মধ্যে নিয়ে ফেলে দিতে হয়। বালতির ভেতরে লাল থেকে বর্ণিল, তারপর ধূসর; অবশেষে বিকট কোনো ঢেউ হয়ে থিতিয়ে পড়ে। দৃষ্টিতে খবিরুদ্দিন। যুবা খবিরুদ্দিন কৃশ টিংটিঙে শুকনো...এখন বয়স্ক শেভহীন গালভর্তি সাদা দাড়ি। চিলমচি আর বালতি। বালতি নাকি মগ? ফ্যাকাশে সবুজ, থুতু মেশানো কুলকুচা; কখনো কপিশ কখনো লাল।
খবিরুদ্দিন ঘষে ঘষে পেস্ট নরম করতে থাকেন। কাচের উপর সার্জিক্যাল নাইফের পট পট শব্দ ওঠে। শব্দের ঢেউ তারপর আকস্মিক পাটাশ। যুবা খবিরুদ্দিন পাকিস্তান...বয়স্ক স্বাধীন বাংলাদেশ। চিলমচি থেকে বালতি। চল্লিশ বছরের পরিবর্তন। কত বদলে গেছে সবকিছু! হোটেলের মেসিয়ার এখন হোটেলের মালিক। সকলে নিজেকে সাজিয়ে নিল। ছোট থেকে বড় হলো। চুরি করা বিদ্যায় পিএইচ.ডি. ইউনিভার্সিটির প্রফেসর। আমার কিছু হলো না। একাত্তরের ফার্স্ট ডিভিশন? দুরো সে তো চেয়ার-টেবিল পাস! বুকের মধ্যে এ যন্ত্রণা কোনো হাইড্রোলিক চেয়ারে বসে সিল করা যায় না। মুখের ছবিতে এনে দাঁড় করাতে হয় কৃত্রিম মুখোশ। তারপর কোনো কোনো রাত কিংবা দিন, যন্ত্রণার শুরু; গাল মুখ ফুলে-ফেঁপে ঢোল। পেইনকিলার অ্যান্টিবায়োটিক পাকস্থলীর কোণায় হজম হতে শুরু করে দেয়। তবু ব্যথা যন্ত্রণা। ধীরে ধীরে উৎস থেকে মাথা আর মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে যায়। একদিন মিলা বলে ওঠে, -
‘তোমার তো কোনো সমস্যা ছিল না, সিল করাতে গেলে কেন? এখন খামোখা কষ্ট!’
কোনো কোনো দিন মিশন স্কুলের সামনে দিয়ে একটি ভ্যান হেঁটে যায় উত্তরের দিকে। আঠারো কি কুড়ি বছরের লোক, হাতে হ্যান্ড-স্পিকার। ‘অবাক কাণ্ড/কানা ফুটা বন্ধ/টিন দিয়ে পানি পড়ে টিপ টিপ টিপ। রাতে ঘুমাতে পারেন না/মগের ফুটা জগের ফুটা বন্ধ করে/আসল পুডিং লাগান। ভ্যানের কাছে আসুন। প্রতি প্যাকেট দশ টাকা।’ স্পিকারের বাণী আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে অমোঘ কোরাস। সমস্বরের উচ্চ স্তবগান। কে কোথায় কোন্ ফুটা বন্ধ করে!
তখন আকস্মিক রূপকথার গল্প মনে পড়ে যায়। গ্রামের পাশে শাল-সেগুনের বন। বনের মধ্যখানে বড় দিঘি। তার জল কাকচক্ষুর মতো গভীর আর হিমশীতল। সামনের ঝোপ-জঙ্গল পেরিয়ে সেখানে যেতে হয়। সেই জঙ্গলে আরও নানারকম গাছগাছালি ঝোপঝাড় ফার্ণের ছড়াছড়ি। কয়েকটি বিশাল শাল সেগুন মাথা উঁচু করে, দু-তিনটি বট আর পাঁকুড় নিজেদের জড়িয়ে স্থায়ী আসন করে নিয়েছে। সেই জঙ্গলের গভীরে অশ্বত্থতলায় কোনো এক সাধু-দরবেশ ধ্যানমগ্ন থাকেন। সৎমা আর বোনের অত্যাচার-নির্যাতনে পিতৃহারা কিশোরী সারাদিনের কাজ শেষে বিকেলে দিঘিতে যায়। শীতল জলে নেমে মন শান্ত করার আগে খুব কাঁদে। সে কান্না একান্ত আপন গোপন আর অতীত—সে কান্না তার বর্তমান। মায়ের কথা ভেবে বাবার স্মৃতি হাতড়ে সে কান্নার নীরব সুর বাতাসে ঢেউ খেলে খেলে তরঙ্গ তুলে তুলে সাধু-দরবেশের কানে গিয়ে আঘাত করে। ধ্যান ভেঙে যায়। তিনি একদিন তাকে ডেকে বলেন,
‘মা জননী দুঃখ করিস না, একদিন সব দুঃখের অবসান আছে।’
‘তার শেষ কবে বাবা?’
‘সেই শেষের শুরু কবে, কারও জানা থাকে না মা; মানুষ শুধু গল্পের শুরু জানে। তুই কাঁদিস কেন? একদিন তারও যে শেষ আছে।’
‘আমার জীবন অন্ধকার গোলকধাঁধা বাবা। এ থেকে কবে মুক্তি? তার সূচনা কি শুরু হয়েছে?’
‘এ এক জটিল প্রশ্ন মা জননী। যা তুই দিঘির জলে এক ডুব দিয়ে সে প্রশ্নের ইতি করে আয়।’
মেয়েটি তাই করে। তখন রূপের আলোয় গাছের শাখায় শাখায় গোধূলি চমকে ওঠে। কে এই স্বার্থহীন স্বচ্ছ মনের মানুষ? তার সৌন্দর্য গ্রাম থেকে গ্রামে বাতাসের আগে আগে ছড়িয়ে যেতে ব্যস্ত হয়। সে বোঝে প্রত্যাশিত সমাপ্তির শুরু হয়ে গেছে। দুঃখের দিনশেষে আসছে আনন্দের নতুন দিনকাল। এই গোপন তথ্য জেনে নিয়ে সৎ বোন দিঘিতে আসে। একটি ডুব দেয়। আহা কি মজা! এ দিঘির শীতল জলে এত জাদু মায়া! সে আর একটি ডুব দেয়; আরও মজা। তারপর আর একটি। অতি লোভে তাঁতি নষ্ট। একটি কালো কোলাব্যাঙ তার কপালে স্থায়ী হয়ে ঝুলে পড়ে। ঘর্ঘর নিনাদে ভরে যায় বাতাস। আমাদের সেই সুদিন কবে? আমাদের বুকে যে গগনবিদারী নিনাদ নীরবে হা-হুতাশ করে চলে?
মোকসেদ দরজার সামনে সবুজ প্লাস্টিকের টুলে বসে ঝিমোয়। ব্রয়লার মুরগির মতো থলথলে থুতনি, ঝুলে পড়া চোয়াল; সে থেকে থেকে লাফ মেরে তালিকার নাম ধরে হাঁক দেয়। জবাফুল এগারো। অনেক অপেক্ষায় থেকে এবার ভেতরে গেছে। এরপর বারো, অরিজিনাল আসেনি; এই ফাঁকে যদি হয়ে যায়। মোকসেদের দিকে দৃষ্টি ফেলে এইটুকু বুঝি সময় হয়ে এসেছে।
অনেক বড় পরিসরের শীতল ঘর। অদ্ভুত নিশ্চুপ শান্ত দিঘির পাড়। কখনো কোনো কৃত্রিম আবহমণ্ডল ভেবে ভুল হয়ে যায়। গ্রিনহাউস ইফেক্ট। এখানে হাইড্রোলিক নেই। ইলেকট্রিক্যাল দুটো চেয়ার। সুইচ টিপে দিয়ে কাউকে কত অ্যাঙ্গেলে ঘোরাতে হয় সবকিছু জ্যামিতিক। একটি চেয়ারে বসি। দেবদূতের মতো লাগে নুরুল ইসলামকে। তার অ্যাসিস্ট্যান্ট দু-জন আজ্ঞাবহ দাস।
‘বলুন তো সমস্যা কোথায়?’
মুখ হাঁ করে সমস্যা দেখাতে হয়। যে সমস্যার সৃষ্টি আমার নিজের একার। সেখানে কারও দায় বা ওজর থাকে কি? আজ সমস্যার জটশুদ্ধ তুলে ফেলতে চাই। কষ্টের মূলোৎপাটন চাই। কি কি কষ্ট, কোথায় কোথায়; তার তালিকা অনেক দীর্ঘ। মিথ্যে প্রতিশ্রুতি অন্যায় শঠতা দুর্নীতি সন্ত্রাস লুটপাট আর কত কি! অনেক যুগ ধরে অনেক কষ্টে কেটে গেল কাল; এবার একটু নির্মল হতে চাই। বড় সাধ হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠত্ব নিয়ে আসি।
‘এটা তো প্রাইম টিথ। এটা না থাকলে খাবেন কী করে? এ হলো চর্বণ দন্ত। তুলে ফেললে কিছু খেতে পারবেন না।’
‘মাঝে মধ্যে খুব যন্ত্রণা, ভার ভার লাগে। সারাদিন চিনচিনে ব্যথা!’
অন্তর্দাহ-দংশনের কথা তো বলা যায় না। দেখানো যায় না। সে তো বিবেকের যন্ত্রণা। আর সে দায় নিজেরই বা কেন? কেননা চালাক আর ধূর্তরা চিরকাল গাছের উপরের আর তলার সবকিছু খায়, আরও খাবে, খেতে থাকবে; তোমার জন্য পড়ে থাকবে শুধুমাত্র ছোবড়া। তোমাকে বহন করতে হবে তার সকল দায়। তারা বুদ্ধিমান...তারা শুধু পাটাশ করবে আর তুমি জীবনের ঘানি টেনে টেনে কোনো অলীক সৃষ্টিকর্তার কাছে কখনো নালিশ, কখনো প্রার্থনা করে যাবে স্বর্গসুখের; অন্য কোনো গ্রহে সুনির্মল জীবনের। এ সকলই কল্পনা আর গল্পে বর্ণিত রহস্যকথা। আপাতত যা উপড়ে তুলে ফেলবার করে ফেলো।
‘কত চিকিৎসা আছে! রুট ক্যানেল করা যায়, না হলে ডেন্টিকিউর। গোড়া নড়ে নাকি? কোনো পেরিওডন্টাল রোগ?’
‘বুঝলাম না।’
‘মাড়ি থেকে রক্ত পড়ে? এটা হলে মুখে দুর্গন্ধ হয়।’
তারপর কী হলো কিছু বোঝা গেল না তেমন। লাল পিঁপড়ের চিমটি। লোকাল অ্যানেস্থেশিয়া। তখন তাকলা মরুর দুর্গম বালুময় পাথার, মাথার উপর উদ্দীপ্ত সূর্যের তেজ আর মরীচিকা-ঝিলমিল মরূদ্যান ভেসে উঠতে থাকে। চোয়াল ভারী হতে হতে নাই হয়ে যায়। আমার দাঁত নেই। মাড়ি নেই। মাথা নেই। মাথাভার মাথার অস্তিত্ব জানিয়ে দেয়, তুমি মরো নাই; দেরি আছে বাছা। দেবদূত গেয়ে চলে কি সব স্তব। তার কোনোটি কানে আসে কোনোটি দৃষ্টি ঝাপসা।
‘প্রথমে টেম্পরারি ফিলিং। সপ্তাহখানেক পর দেখে-শুনে সে ফিলিং তুলে ফেলে রুট ক্যানেল করা হবে। সেই ফিলিং হবে পার্মানেন্ট। সহজ ব্যাপার। বুঝেছেন? রিমার ফাইল দিয়ে এক্সট্র্যাক্ট করে দেয়া হবে।’
আমার কণ্ঠস্বর আছে কি না জানি না। মুখ হাঁ করে শীতল ঘরের হিম খেতে থাকি। তারপর বাকি পথটুকু কীভাবে জানি না, ফিরে এসে শুনি অনন্ত এক জিজ্ঞাসা। সেই দুটি চোখ আকুল-ব্যাকুল। মিলা জিজ্ঞেস করে, -
‘হয়ে গেল?’
এ প্রশ্নের জবাব নেই। হায় সকল জিজ্ঞাসার যদি উত্তর জানা থাকত! তবে এই চুয়ান্ন বছরে বারবার দীর্ঘশ্বাস বেরোত না। তেপান্তরের শেষপ্রান্তে এসে মন ফিরে দেখতে চাইত না কী কী করে গেলাম, কী কী আছে রাখার; ফেলে যাবার। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কতটুকু? শূন্য আর বঞ্চনার কতটুকু ভার বহন করে এলাম? মধ্যরাতে বিধ্বস্ত যন্ত্রণা শুরু হলে অ্যানেস্থেশিয়া আর যা যা স্বপ্ন-মায়া কঠিন বাস্তব বুঝিয়ে ছাড়ে। পুনরায় ফিরে আসে চাপ চাপ মাথাভার অনুভূতিহীন কষ্ট; সহ্য করা মৃত্যুর মতো অন্ধ-বধির। যেভাবে ঘুরে আসে নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতা। আমরা কী চাই, কী পেয়েছি আর কী-ইবা লালন করে চলি। আজ রন্ধ্রে-রন্ধ্রে অণু-পরমাণুতে বাসা বেঁধেছে শূকরের দল। ফরমালিন-কসমেটিকসে সবুজ চেহারার পুরীষভোজী গু-খোর নষ্টরা। এদের আর রাখা যায় না। অসহনীয় যন্ত্রণা দিয়ে চলেছে। তাদের উপড়ে তুলে ফেলতে হবে। একটি সুঁই দরকার। এমন একটি সুঁই বা অস্ত্র, শক্ত মজবুত আর সুতীক্ষ্ণ ফলা। সেটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করতে হবে। আবর্জনায় ছুড়ে দিতে হবে সকল দুষ্টক্ষত। অনায়াসে ফাটিয়ে দেয়া দরকার গু-খোর শূকরের বর্ণালি মুখোশ। নতুন জগতের স্বপ্ন দেখতে চাই।
পটাশ! ·

0 মন্তব্যসমূহ