নোতর-দামের ঘণ্টা আর কুঁজো মানুষের গান : ভিক্টর হুগোর চিরন্তন বার্তা


সৌম্য কৌস্তভ
ভিক্টর হুগো উনবিংশ শতকের ফরাসি সাহিত্য ও রোমান্টিক আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী লেখক, কবি ও চিন্তাবিদদের একজন। ১৮০২ সালে ফ্রান্সের বেজঁসোঁ শহরে জন্ম নেওয়া হুগো শৈশব থেকেই সাহিত্য, ইতিহাস ও রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন। তরুণ বয়সে তিনি কবিতা লিখে রাজা লুই আঠারোর কাছ থেকে পুরস্কার পান এবং দ্রুতই খ্যাতি অর্জন করেন। রোমান্টিসিজম আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেন তিনি—যেখানে কল্পনা, আবেগ, প্রকৃতি ও মানবমনের স্বাধীনতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। ১৮৩১ সালে প্রকাশিত Notre-Dame de Paris (পরবর্তকালে ইংরেজিতে The Hunchback of Notre-Dame) তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই উপন্যাসে তিনি গথিক স্থাপত্য, মানবিক করুণা ও সামাজিক ন্যায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। পরবর্তীতে Les Misérables (১৮৬২) রচনার মাধ্যমে তিনি দারিদ্র্য, নৈতিকতা, অন্যায় আইন ও মানবমুক্তির মহাকাব্যিক ব্যাখ্যা দেন।

জীবনের শেষভাগে হুগো রাজনৈতিকভাবেও অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি রাজতন্ত্রের বিরোধিতা করে প্রজাতন্ত্রের সমর্থক হন, ১৮৫১ সালের নেপোলিয়নের অভ্যুত্থানের পর নির্বাসনে চলে যান এবং সেই নির্বাসনেই লিখেন তাঁর শ্রেষ্ঠ কাব্য ও উপন্যাস। Les Contemplations, Les Châtiments ও La Légende des siècles–এর মতো কাব্যগ্রন্থে তিনি ব্যক্তিগত বেদনা ও মানবতার ইতিহাসকে এক সূত্রে বেঁধেছেন। ১৮৭০ সালে প্যারিসে ফিরে তিনি জাতীয় বিবেকের প্রতীক হয়ে ওঠেন। ১৮৮৫ সালে তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় প্যানথিয়নে সমাধিস্থ করা হয়। হুগো আজও প্রাসঙ্গিক কারণ তাঁর সাহিত্য মানুষকে মনে করিয়ে দেয়—সৌন্দর্য কেবল নিখুঁততায় নয়, মানবতার অসম্পূর্ণতাতেও ঈশ্বরের স্পর্শ লুকিয়ে থাকে।
---------------------------------------------


প্রারম্ভ : এক শহর, এক গির্জা, এক মানুষ

ভিক্টর হুগোর The Hunchback of Notre-Dame (১৮৩১) শ্রেষ্ঠ উপন্যাস। এটি কেবল একটি উপন্যাস নয়, এক সভ্যতার আত্মপরিচয় পুনরুদ্ধারের আর্তি। প্যারিস শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা নোতর-দাম গির্জা কেবল একটি স্থাপত্য ছিল না, ছিল ফরাসি আত্মার প্রতীক, ইউরোপীয় মধ্যযুগের নান্দনিক ও আধ্যাত্মিক রক্তধারা। হুগো তাঁর উপন্যাসের মাধ্যমে যেন এই রক্তধারাকে পুনর্জাগরিত করতে চেয়েছিলেন।

তিনি লিখেছিলেন যখন, তখন ফ্রান্সে গথিক স্থাপত্যকে ‘পুরনো ও কুৎসিত’ বলে ধ্বংস করা হচ্ছিল। নতুন ইউরোপীয় আধুনিকতার ঝলমলে মঞ্চে মধ্যযুগকে কেবল ধুলোমাখা প্রাচীনতার প্রতীক হিসেবে দেখা হচ্ছিল। এই প্রেক্ষাপটে হুগো গির্জাটিকে বেছে নেন তার প্রতীক হিসেবে—যে গির্জা ভেঙে যাচ্ছে, ভুলে যাওয়া হচ্ছে, কিন্তু যার ভেতরে এখনো বেঁচে আছে মানুষের ইতিহাস, প্রেম ও বিকৃতি, সৌন্দর্য ও করুণা।

 উপন্যাসের জন্ম : ধ্বংস থেকে রক্ষার লড়াই

১৮২০-এর দশকের শেষভাগে হুগো গথিক স্থাপত্য সংরক্ষণের ডাক দেন তাঁর প্রবন্ধ War to the Demolishers-এ। তিনি লিখেছিলেন, স্থাপত্যও একপ্রকার ভাষা—যে ভাষায় সভ্যতা কথা বলে। কিন্তু এই কণ্ঠস্বর আধুনিকতার কংক্রিটে ডুবে যাচ্ছিল। তাঁর সেই ভাবনা পূর্ণাঙ্গ রূপ পায় Notre-Dame de Paris-এ , যেটি ইংরেজি অনুবাদে হয়ে যায় The Hunchback of Notre-Dame.

১৮২৮ সালে প্রকাশকের সঙ্গে চুক্তি করার পরও তিনি লেখায় মনোনিবেশ করতে পারেননি—Marion de Lorme ও Hernani নাটক লিখে ব্যস্ত ছিলেন। Hernani মঞ্চে উঠে রোমান্টিসিজম বনাম ক্লাসিসিজমের তীব্র বিতর্ক জাগায়। শেষমেশ হুগো চার মাস নিরবচ্ছিন্ন পরিশ্রমে উপন্যাসটি সম্পূর্ণ করেন—এক রোমান্টিক, দার্শনিক, ঐতিহাসিক মহাগ্রন্থ হিসেবে।

নোতর-দাম : চরিত্র না পটভূমি?

হুগোর উপন্যাসের প্রকৃত নায়ক কে—কুয়াসিমোদো, না গির্জা নিজে? উত্তরটি হুগো নিজেই দিয়েছেন তাঁর ফরাসি শিরোনামে: Notre-Dame de Paris. গির্জাটিই এখানে মুখ্য চরিত্র। এটি একইসঙ্গে ইতিহাসের সাক্ষী ও মানবিকতার প্রতীক। ফরাসি রাজনীতি, ধর্ম, বিজ্ঞান, প্রেম ও পাপ—সব কিছুর সংঘর্ষ এই গির্জার ঘন্টার আওয়াজে প্রতিধ্বনিত হয়।

কুয়াসিমোদো, বিকৃত ও একাকী ঘণ্টাবাদক, আসলে সেই গির্জারই মানবিক অবয়ব। তার দেহবিকৃতি নোতর-দামের ক্ষয়িষ্ণু দেয়াল, ভাঙা মূর্তি, নিঃসঙ্গ গোপনতা—সব কিছুর প্রতীক। হুগোর চোখে ‘অপূর্ণতাই পূর্ণতা’—তিনি সৌন্দর্যের ধারণাকে মধ্যযুগীয় সীমানা থেকে টেনে এনে মানবতার করুণায় মিশিয়েছেন।

মধ্যযুগের আত্মা ও রোমান্টিক পুনর্জন্ম

হুগো চেয়েছিলেন মধ্যযুগের ‘স্পিরিট’ পুনরুদ্ধার করতে। এজন্যই তিনি The Hunchback of Notre-Dame-কে কেবল প্রেমকাহিনি হিসেবে নয়, বরং এক civilizational epic হিসেবে নির্মাণ করেন। ১৪শ শতকের প্যারিসে তিনি সাজিয়ে দেন রাজা, সৈন্য, কবি, ভবঘুরে, ভিখারি ও গির্জার ঘণ্টাবাদক—সকল শ্রেণির মানুষের এক সম্মিলিত কোরাস। ইতিহাস তাঁর কাছে কেবল পটভূমি নয়, চরিত্রের ভেতর দিয়ে বয়ে চলা সময়ের স্রোত। এক অধ্যায়ে তিনি গোটা শহরকে দেখান পাখির চোখে—A Bird’s Eye View of Paris—যেখানে স্থাপত্য, জনজীবন ও সময় মিশে গেছে এক মহাজাগতিক চিত্রপটে।

প্রেম, পাপ ও ধর্মের সংঘর্ষ

উপন্যাসের ট্র্যাজিক কেন্দ্রবিন্দু হলো ফ্রোলো, এসমেরালদা ও কুয়াসিমোদোর ত্রিভুজ। ফ্রোলো একজন পাদ্রি—ধর্মীয় শপথে বাঁধা মানুষ—যে প্রেমে পড়েছে রমণীর। তার প্রেম পবিত্র নয়, বিকৃত, লালসা-নির্ভর।
এসমেরালদা, যাকে সমাজ ‘জিপসি’ বলে তুচ্ছ করেছে, সেই অবহেলিত মেয়েটিই আসলে মানবতার প্রতীক। তার করুণা ও সৌন্দর্য দুই-ই বিপজ্জনক। আর কুয়াসিমোদো—শরীরে কুৎসিত কিন্তু হৃদয়ে নিষ্পাপ। এই তিন চরিত্রের সংঘর্ষে হুগো প্রশ্ন তোলেন, ধর্ম কি সত্যিই পবিত্র? নাকি মানবিক ভালোবাসাই ঈশ্বরের কাছাকাছি?

প্রথম প্রকাশে পাঠক সমাজ চমকে গিয়েছিল। পাদ্রি ফ্রোলোর আকাঙ্ক্ষা ও পাপবোধ, সমাজের বিকৃতি, আর শেষ পর্যন্ত এসমেরালদার মৃত্যুদণ্ড—এসবই তাদের অভ্যস্ত নৈতিকতার পরিপন্থী ছিল।

কুয়াসিমোদো : কুৎসিতের মহিমা

রোমান্টিক যুগে ‘বিকৃতি’ এক ধরনের সৌন্দর্যবোধে পরিণত হয়। হুগোর কুয়াসিমোদো সেই বোধেরই সর্বোচ্চ প্রতীক। তার দেহবিকৃতি মানুষের ভিতরের কুৎসিততাকে নগ্ন করে তোলে; কিন্তু তার ভালোবাসা ও আত্মত্যাগ প্রমাণ করে যে মানবতার সৌন্দর্য বাহ্যিক নয়। এসমেরালদার মৃত্যুর পর সে যখন নিজেকে তার মৃতদেহের পাশে উপবাসে নিঃশেষ করে, তখন হুগোর কলমে কুৎসিততা পরিণত হয় পরম আত্মার প্রতীকে।

রূপান্তর ও ভুল ব্যাখ্যা

উপন্যাসের এত বিস্তৃত গঠন যে সিনেমা বা নাটকে তাকে সম্পূর্ণভাবে ধরা সম্ভব হয়নি। ডিজনির অ্যানিমেশন সংস্করণে কুয়াসিমোদোর গল্পে যোগ হয় কথা বলা গার্গয়েল আর কৌতুকমিশ্রিত উপকাহিনি। সমালোচক লিন্ডসে এলিস বলেছেন, “কোনো চলচ্চিত্রই সেই বিষণ্নতা ধরতে পারে না, যেখানে প্রায় সব চরিত্রই মারা যায়।” ইংরেজি অনুবাদেও মূল ফোকাস বদলে যায়—ফরাসি Notre-Dame de Paris হয়ে যায় The Hunchback of Notre-Dame। অর্থাৎ গির্জা নয়, মানুষই মুখ্য হয়ে ওঠে। ফলে গির্জার প্রতীকী চরিত্র অনেকটাই হারিয়ে যায়; কিন্তু একইসঙ্গে উপন্যাসের মানবিক দিক বিশ্বজনীন হয়ে ওঠে।

স্থাপত্যে উপন্যাসের প্রভাব

হুগোর বই প্রকাশের পরপরই ফ্রান্সজুড়ে গথিক স্থাপত্য রক্ষার আন্দোলন শুরু হয়। ১৮৪৫ সালে মাত্র ত্রিশ বছর বয়সী স্থপতি ইউজেন ভিওলে-লে-দ্যুক নোতর-দামের সংস্কারকাজ শুরু করেন। তাঁর নকশায় তৈরি হয় নতুন চূড়া—পাঁচশ টন কাঠ ও আড়াইশ টন সিসা দিয়ে গড়া এক গথিক বিস্ময়। তিনি গার্গয়েল ও রাক্ষস-মূর্তি যোগ করেন, যা পরবর্তীকালে বোদলেয়ার ও রোদ্যাঁর কল্পনাকে উসকে দেয়। এই স্থাপত্যরূপ হুগোর স্বপ্নকেই বাস্তব রূপ দেয়—নোতর-দাম আবার হয়ে ওঠে প্যারিসের প্রাণকেন্দ্র।

তবে সবাই সন্তুষ্ট ছিল না। বিশ্লেষক ইয়ান নায়ার্ন একে বলেছিলেন ‘এক বিষণ্ন ভবন, যেখানে পরিবর্তনের কোনো আশাবোধ নেই।’ কিন্তু অন্যদিকে প্রুস্ত ও ফ্রয়েডের মতো লেখকেরা এই স্থাপত্যে আবেগময় সৌন্দর্য খুঁজে পান। প্রুস্ত একবার কেবল অনুপ্রেরণার আশায় শীতের রাতে গির্জার সামনে দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন—রাত্রিবস্ত্র ও কোটে মোড়া অবস্থায়।

এক ব্যর্থ অপেরা ও পরবর্তী অভিযোজন

১৮৩৬ সালে হুগো নিজেই তাঁর উপন্যাস অবলম্বনে অপেরা La Esmerelda লেখেন। সুরকার ছিলেন তাঁর বন্ধু লুইস বের্তিন। কিন্তু মঞ্চে এটি ভীষণভাবে ব্যর্থ হয়, মাত্র ছয়টি প্রদর্শনের পর বন্ধ হয়ে যায়। ধর্মীয় সেন্সররা ‘priest’ শব্দটি গাওয়া নিষিদ্ধ করেন; কেউ কেউ সেই নিয়ম ভুলে ফেলায় আরও বিতর্ক তৈরি হয়। এই অপেরা আসলে ভবিষ্যতের সব অভিযোজনের জন্য এক প্রারম্ভিক উদাহরণ, যেখানে মূল কাহিনি বদলে গিয়ে ‘সুখী পরিণতি’র মতো আপসের রূপ নেয়।

মৃত্যু ও বেঁচে থাকা

মূল উপন্যাসে কেউই সুখে বাঁচে না। এসমেরালদা ফাঁসিতে ঝোলে; কুয়াসিমোদো ফ্রোলোকে হত্যা করে নিজেই আত্মনাশে যায়; ফ্রোলোর ভাই, এমনকি এসমেরালদার প্রকৃত মা—সকলেরই মৃত্যু ঘটে। যারা বেঁচে থাকে, তারাও নৈতিকভাবে মৃত—গ্রিংগোয়ার পালিয়ে যায়, ফিবাস তার কপট জীবন চালিয়ে যায়। অর্থাৎ মানবজীবনের ক্ষণস্থায়িত্বের বিপরীতে একমাত্র স্থায়ী সত্তা রয়ে যায় গির্জা—নোতর-দাম। হুগো তাই দেখাতে চেয়েছিলেন, ইতিহাসের সব চরিত্রই বিলীন হবে, কিন্তু সভ্যতার শিল্প, স্থাপত্য, ও মানবিক স্মৃতি থেকে যাবে চিরকাল।
স্থাপত্য বনাম ভাষা : হুগোর দার্শনিক বার্তা

উপন্যাসে হুগো এক গভীর প্রতীকী তত্ত্ব পেশ করেন—“এই বই হত্যা করবে সেই স্থাপত্যকে।” অর্থাৎ মুদ্রণযন্ত্র ও লেখার মাধ্যম একদিন স্থাপত্যকে ছাপিয়ে যাবে; মানুষ আর পাথরে তার গল্প খোদাই করবে না, করবে কাগজে। ফরাসি অধ্যাপক রবার্ট জারেটস্কির ভাষায়, “স্থাপত্যের ইতিহাস আসলে লেখার ইতিহাস।” স্টোনহেঞ্জ থেকে রোজেটা স্টোন পর্যন্ত মানুষ পাথরে লিখেছে তার ভাবনা। কিন্তু হুগোর যুগে সেই লেখাই কাগজে স্থানান্তরিত হয়—স্থাপত্য হয়ে পড়ে স্মৃতির ভাষা। বিরোধাভাস হলো, হুগো নিজে যে প্যানথিয়ন ভবনকে ‘একটি বিশাল স্পঞ্জ কেক’ বলে তুচ্ছ করেছিলেন, মৃত্যুর পর তাকেই সেখানে সমাহিত করা হয়!

পুনর্জন্ম : ২০১৯-এর আগুন ও বইয়ের পুনরুত্থান

১৫ এপ্রিল ২০১৯—যখন টেলিভিশনের পর্দায় আগুনে জ্বলছে নোতর-দাম, সারা বিশ্বের মানুষ একসঙ্গে উচ্চারণ করছে কুয়াসিমোদোর নাম। সেদিন যেন হুগোর উপন্যাসের আত্মা ফিরে এসেছিল আগুনের ভিতর থেকে। অগ্নিকাণ্ডের পর The Hunchback of Notre-Dame-এর বিক্রি হঠাৎ বেড়ে যায়—ফ্রান্সে অ্যামাজনের বেস্টসেলার তালিকায় ছয়টি সংস্করণ উঠে আসে। যে স্পায়ারটি ভিওলে-লে-দ্যুক নির্মাণ করেছিলেন, তা ধসে পড়ে; কিন্তু গির্জার মুখ ও দুই টাওয়ার টিকে যায়।

প্যারিসের তৎকালীন মেয়র বার্ত্রঁ দেলানোয়ে বলেছিলেন, “এটি সমগ্র মানবতার ঐতিহ্য—আমরা এর মৃত্যু মেনে নিতে পারি না।” এ যেন হুগোর ভবিষ্যদ্বাণীরই প্রতিফলন—মানবতা নষ্ট হবে, কিন্তু তার প্রতীক স্থাপত্য আবারও জেগে উঠবে।

সাহিত্য, স্থাপত্য ও মানবতার সংলগ্নতা

The Hunchback of Notre-Dame-এর প্রকৃত কৃতিত্ব এখানেই যে এটি সাহিত্য ও স্থাপত্যকে এক সুতোয় গেঁথে দিয়েছে। হুগো জানতেন, মানুষ যতই প্রযুক্তিগত অগ্রগতি করুক, তার আত্মার স্থাপত্য যদি ভেঙে যায়, তবে সভ্যতা টিকবে না। কুয়াসিমোদোর নিঃসঙ্গতা, ফ্রোলোর পাপ, এসমেরালদার করুণা—সবই এই আত্মার ভগ্নস্তম্ভের গল্প। তাই উপন্যাসটি কোনো নির্দিষ্ট যুগের নয়, এক চিরন্তন উপাখ্যান, যেখানে মানবতার সৌন্দর্য ও বিকৃতি পাশাপাশি টিকে থাকে।

নোতর-দামের ঘণ্টাধ্বনি আজও বাজে

১৮৮৫ সালে ভিক্টর হুগোর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি হয়; প্যারিস শহর তার প্রিয় লেখককে শ্রদ্ধা জানায় এমনভাবে, যেন তিনি নিজেই সেই ঘণ্টাবাদক। আজও যখন নোতর-দামের ঘণ্টা বাজে, মনে হয় কুয়াসিমোদো ফিরে এসেছে—তার বিকৃত দেহের ভেতর থেকে বাজছে মানবতার গভীর সুর। আর হুগোর উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়—সৌন্দর্য নিখুঁততায় নয়, অসম্পূর্ণতার মধ্যেও ঈশ্বর আছেন। 

যে স্থাপত্যকে মানুষ ভেঙে ফেলতে চেয়েছিল, সে-ই আজ দাঁড়িয়ে আছে মানব সভ্যতার এক অনন্ত প্রতীকে। ভিক্টর হুগো হয়তো ভাবেননি, দুই শতক পর তাঁর উপন্যাস আবার আলোচনার কেন্দ্র হবে এক অগ্নিকাণ্ডের পর। কিন্তু এটাই সাহিত্য ও স্থাপত্যের ক্ষমতা—তারা সময়ের ছাই থেকে নিজেদের পুনর্গঠন করে নেয়। The Hunchback of Notre-Dame তাই কেবল কুয়াসিমোদোর বা এসমেরালদার গল্প নয়, এটি মানুষের গল্প, যে মানুষ কুৎসিত হয়েও ভালোবাসে, ধ্বংসের মধ্যেও নির্মাণ করে, আর আগুনের মধ্যেও শুনতে পায় নোতর-দামের সেই চিরন্তন ঘণ্টাধ্বনি। ·

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ