এই বাড়িটা মুসলমানদের ছিল। এখন অবশ্য আমাদের। বিশাল বড় বাড়ি! বড় উঠান, বাড়ির সাথে লাগোয়া আম-কাঁঠালের বাগান, পুকুর, মন্দির, বাঁশবাগান। এখন সবই আমাদের জ্যাঠামশাই, বাবা-কাকাদের নামে। তবে কেনা নয়—আমার দাদুর দখল করা; কেড়ে নেওয়া সম্পত্তি। অবশ্য সে অনেক আগের কথা। বর্তমান প্রজন্ম এসব পুরোনো কাসুন্দির বোতল ঝাঁকায় না; ঝাঁকালে ঝাঁঝ ওঠে। এ প্রজন্ম হুইস্কি, সোডার বোতল ঝাঁকায়—যেমন এখন চলছে আমাদের ড্রইংরুমে।

ড্রইংরুমের বাতাসে নীলচে ঝাঁঝালো গন্ধ। কলকাতা থেকে আমার কাকাতো দাদা-ভাই-দিদিরা এসেছেন; প্রতি বছরই আসেন; আমিও তাদেরই একজন। আমাদের সাথে এসেছে ডজন হুইস্কি। সেই বোতল থেকে কনকতরল গড়িয়ে পড়ছে সুদৃশ্য ছোট ছোট গ্লাসে; আর সেই তরলের সাথে গড়িয়ে পড়ছে বিশ্বরাজনীতি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, সিপিএম-এর রাজনৈতিক ভুল, ইরানের যুদ্ধাবস্থা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্যামসনের ব্যাটিং, পদ্মার ইলিশ, বাংলাদেশের রাজনীতি—কিছুই বাদ যাচ্ছে না। “আরে আমাকে সোডা ওয়াটার দিও না মেজদা বরং প্লেন জল দাও”—বিট নুন আর লঙ্কা মাখানো বয়েল্ড ছোলা চিবুতে চিবুতে বলে—অতীশ, আমার ছোট কাকার ছেলে। বিরেনদা, আমার জেঠতুতো দাদা বলল, “সে তোমরা যা-ই বলো না কেন, এবারও তৃণমূলই।” বিরেনদা তৃণমূল নেতা।

“হবে না কেন—সিপিএম-এর তো ভোট নেই, আছে স্লোগান”, দীপঙ্কর বলে ওঠে। সকলেই একসাথে হেসে ওঠে।

এভাবেই বোতল খোলা হয়, খালি হয়; দাদা-ভাইদের চুল উসকোখুসকো হয়, দৃষ্টি ঘোলা হয়ে ওঠে ধীরে ধীরে। আর অ্যাশট্রেতে জমা হয় দামি ব্রান্ডের সিগারেটের নিম্নাংশ। আমি বাইরে এসে দাঁড়াই।

বৈশাখ মাস। গরম পড়ছে খুব। আলিপুর বলছে তাপমাত্রা আরও বাড়বে। তারপরও হালকা বাতাস ছুটে আসে দিগন্ত ঝাঁপিয়ে, গরম বাতাস, বাতাসে কচি কাঁঠালের গন্ধ। আকাশের কোণে মাছের আঁশের মতো মেঘের রেখা জেগে উঠেছে, রাতে হয়তো বৃষ্টি-ঝড় হবে। আমি লম্বা শ্বাস নিই। সাথে সাথে আমার ভিতরটা গুলিয়ে ওঠে। আমার ঘোলা চোখের সামনে ড্রইংরুমের উজ্জ্বল শরীর, সুদৃশ্য গ্লাসের রঙিন তরল আর সিগারেটের নীলচে ধোঁয়াতে প্রাণবন্ত আমাদের ড্রইংরুমটা দুলতে থাকে—এই ঘরটা ছিল তাদের দলিজা, বৈঠকখানা।

১৯৪৭ সালের আগস্ট মাসের মাঝামাঝি। তখন কলকাতা থেকে লালমুখো সাহেবগুলো রেলগাড়ি অথবা জাহাজ বোঝাই করে কোথায় জানি চলেছে। ওদের মুখ গম্ভীর, থমথমে। অবশ্য এই খবর নদিয়া জেলার, করিমপুর থানার, নাজিরপুর গ্রামের হাজী সাহেবের দলিজায় সরাসরি এসে পৌঁছায় না। শুধু এই সংবাদ কেন, কোনো বড় ঘটনাই এখানে সরাসরি পৌঁছায় না। একজন শোনে, তার কাছ থেকে অন্যজন, তার কাছ থেকে আরেকজন, তার কাছ থেকে—এভাবেই কোনো খবর হাজী সাহেবের দলিজায় এসে থিতু হয় কোনো একসময়।

শ্রাবণ মাস। গত দুদিন ধরে ভারি বর্ষণ হয়েছে। তারপরও টিপটিপ একঘেয়ে বৃষ্টি। এবারে বর্ষার চাপটা একটু বেশি, সপ্তাহব্যাপী একটানা বৃষ্টিতে থমকে গেছে নাজিরপুর গ্রামের যাপিত জীবন। তারপরও জ্বলে উঠেছে হাজী সাহেবের বৈঠকখানায় সেজের আলো। সেই আলো চারপাশের গুমোট অন্ধকারকে জমাট করে তুলেছে।

প্যাচপ্যাচে কাদা আর ঝিঁঝিঁর ডাক সাথে নিয়ে এসেছে নিতাই পাল, সুধীর কৈবর্ত, অধিরত বাগদি, করিম শেখ, হেবা দুলেসহ অন্যান্যরা। প্রস্তুত করা হয়েছে দুটো হুঁকো। একটা সাধারণের, অন্যটা হাজী দরিবুল্লাহ সাহেবের জন্য।

দরিবুল্লাহ নাজিরপুরসহ তিন গ্রামের সম্মানীয় মানুষ। আরবি পড়তে জানেন, সামান্য উর্দু-ফারসিও বলতে পারেন। তা ছাড়া গোলাভর্তি ধান তার বারো মাস, গোয়ালভর্তি গরু, ছয়খান নাঙল চলে মৌসুমে। উনি হাজী। বোম্বাই-হাজী। দরিবুল্লাহর নিঃসন্তান স্ত্রী গত হওয়ার পর কিছুদিন তিনি খুব উদাস-বিষণ্ন হয়ে যান। ধর্মে-কর্মে মন দেন। তারপর হঠাৎ একদিন, আশপাশের গ্রামের সব বালকদের দাওয়াত করে, গরু জবাই দিয়ে পেট ভরে খাইয়ে আবেগি গলায় ঘোষণা দিলেন, “আমার আব্বাজানগণ, আপনারা আমারে দুয়া করবা। আমি আগামী হপ্তায় হজব্রত পালনের উদ্দেশ্যে রওনা করব, পাকপরওয়ারদিগার যদি চান।” প্রথমে বোম্বাই—সেখান থেকে পানজাহাজে আল্লার দেশে—বলতে বলতে তিনি অশ্রুিক্ত হলেন। দরিবুল্লাহর সেই লোনা জলের ধারা তার চিবুক না ছুঁতেই সমবেত জনেরা হাউমাউ করে কেঁদে উঠলেন। সবচেয়ে বেশি কেঁদেছিলেন আমার দাদু নিতাই পাল, আমার পূর্বপুরুষ। তিনি বুক ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন, “কত্তা আপনে না থাকলে গ্রাম আমাদের শ্মশান; আপনে আমাদের বটগাছ; ভগবান, তুমি আমার পরমায়ু নাও আর কত্তামশাইকে দিয়ে দাও ঠাকুর——”

পরবর্তীকালে শোনা গেছে যে, দরিবুল্লাহ বোম্বাই পৌঁছাতে পারেননি। কলকাতার বউবাজার নামক কোনো এক স্থানে বছরখানেক ছিলেন। অতঃপর বিবি আকলিমুন নেছাকে সাথে নিয়ে ফিরে আসেন নাজিরপুরের মাটিতে।

তবুও তিনি ‘হাজী’র সম্মান পান। তার বিবিজানও ভরিয়ে দিয়েছেন তার ভাঙা সংসার। চার ছেলে-মেয়ে সংসারে এখন সুখের অন্ত নেই। বিবি সাহেবা, অর্থাৎ কত্তামা-ই প্রতি সন্ধ্যায় বৈঠকখানায় অন্দর থেকে কোনো দিন নাড়ু-মুড়ি, কোনো দিন মোয়া, আবার কোনো দিন গরম খৈ পাঠান। সেই মুড়ির এক ফাঁক মুখে দিয়ে গোপাল খুড়ো জিজ্ঞেস করে, “আচ্ছা শুনলাম নাকি সাহেবরা দলে দলে গাড়ি চড়ে কুঠারই যেন যাইচি? তুমি কিছু জানেন না কি কত্তা?”

সাদা শতরঞ্জিতে বসে হুঁকোতে লম্বা দুটো টান দিয়ে সরু দৃষ্টি নিয়ে নিশ্চুপ থাকেন হাজী দরিবুল্লাহ। কিছুটা বিপন্ন বোধ করেন তিনি। বৈঠকখানার সব প্রশ্নের উত্তরই তার জানা থাকতে হবে—এটাই নিয়ম। দলিজার সকলেই উত্তরের অপেক্ষায় তার দিকে চেয়ে থাকে। ধেয়ে চলা সময় স্তব্ধ হয়ে, আটকা পড়ে হাজী সাহেবের গোবরলেপা, বাঁশ-খড়ের এই ঘরে। দরিবুল্লাহ উত্তর তৈরির জন্য সময় খায়—উত্তর তো তাকে দিতেই হবে। তারপর সামান্য কেশে, গলা ঝেড়ে একটু উঁচু স্বরে বলে ওঠে, “তা সাহেবদের মাগ-ছেলে-পুলে নেই? ওরা যাইচি পরিবারের সাথে দেখা করতে; মাইনির টাকা বিবি-বাচ্চার হাতে তুলি দিয়ে আবার আসপে”—এমন একটা যুতসই উত্তর পেয়ে সকলেই স্বস্তির আওয়াজ তোলে, “ও....ও....ও”। তারপর আবার তারা মনোযোগ দেয় নাড়ু-মুড়ির দিকে। সকলেই ব্যস্ত হয়ে পড়ে। দু-চোখে অপরিসীম তৃপ্তি নিয়ে হাজী দরিবুল্লাহ দেখতে থাকেন এই অপূর্ব দৃশ্য এবং ফাঁকে ফাঁকে হুঁকোতে মৃদু টান দিতে থাকেন।

এভাবেই দিন দিন প্রতিদিনের সন্ধ্যাকালীন আড্ডা একটা অলিখিত সামাজিক নিয়মে পরিণত হয়েছে। আজও যথানিয়মে হাজী সাহেবের দলিজা পরিপূর্ণ। অন্দর থেকে আজ কত্তামা পাঠিয়েছে চিড়ে-মুর্কি। সকলেই নির্বিনিমেষ মনে কত্তামার আশীর্বাদ চিবুচ্ছে। একগাল চিড়ে-মুর্কি মুখে নিয়ে হঠাৎ তোরাব আলি প্রশ্ন করে, “আচ্চা কত্তা, শুনা যাইচি দ্যাশ নাকি ভাগ হয়ি যাইচি? এক দ্যাশে মুছলমান আর অন্য দ্যাশে হেঁন্দুরা থাকপে, সত্যি নাকি?”

বৈঠকখানার বাইরে তখন অন্ধকার আরও ঘন হয়েছে; ঝিঁঝিঁ পোকারা সে অন্ধকারকে গভীর ও স্থায়ী করেছে। দু-একটা জোনাকি পোকা ভেসে বেড়াচ্ছে সেই অন্ধকারের গায়ে—তাদের পাখায় জ্বলে থাকা তীব্র সবুজ আলো বড়ই স্নিগ্ধ। দূর থেকে ভেসে আসছে ব্যাঙের সম্মিলিত ডাক—আর সেই আওয়াজে নাজিরপুরের বৃষ্টিঝরা রাতকে আরও স্যাঁতসেঁতে আর রহস্যময় করে তুলেছে। গুড়...গুড়... আওয়াজ করে মেঘার্ত আকাশ; শ্রাবণের বৃষ্টি জেঁকে আসে। দলিজার খড়ের চালে অদ্ভুত এক শব্দ তৈরি হয়—এর মাঝে এই জটিল প্রশ্ন উপস্থিত সকলকে বিমূঢ় ও শংকিত করে তোলে। লালামিশ্রিত ব্যস্ত মুখের চিড়ে-মুর্কি জিভের জলে দলা পাকিয়ে স্থির হয়ে থাকে। আজও সকলেই হাজী সাহেবের দিকেই তাকিয়ে থাকে উত্তরের জন্য বোকা বোকা চোখ মেলে।

কিন্তু এই প্রশ্ন হাজী সাহেবকেও বিব্রত করেছে। ভারি অবাক লাগে তার; দ্যাশ কি আম-কাঁঠাল? দ্যাশকে কি ভাগ করা যায়! এ ঘোষণা দেবেই বা কারা? দিলেই বা কি? হাজার বছরের সম্পর্ক কি এক ঘোষণার সাথে ভেসে যেতে পারে? হাজী সাহেব সামান্য গলা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেন, তারপর থেমে থেমে বলেন, “তাই কুনুদিন হয় রে? এই দ্যাশে আমাদের চোদ্দো পুরুষের বাস; এই নাজিরপুরের মাটিতে আমার পূর্বপুরুষের কবর। আমার বাপজানের চল্লিশায় মোল্লা-ব্রাহ্মণ পাশাপাশি বসে অন্ন খেয়েছে—আর দ্যাশ কী শুধু মাটি, সে ভাগ করবি—”

তবুও বেতের কাঠার চিড়ে-মুর্কি শেষ হয় না, সকলের মুখ শুকিয়ে আসে; অজানা এক ভয় তাদের আচ্ছন্ন করে। হাজী সাহেবও খেই হারায়। হুঁকোটা বেড়ার নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে বলে ওঠে, “ওরে গফুর।”

“আজ্ঞে কত্তা”, উত্তর করে বিশ্বস্ত কৃষাণ গফুর।

“কাল বিহানে গাড়ি নাগাস। তোদের মা কুতুবপুর, তার আত্মীয়বাড়ি যাবেন।”

“জ্বী কত্তা। সে আপনাকে ভাবতি হবে না। আমি ফজরের কালেই গাড়ি জুড়বো।”

“ও গফুর ছই নাগাস। ছেলে-মেয়েরাও যাবে। বৃষ্টি-বাদলার সময়। ভৈরবে এখন পানি বেড়িচে—সামাল করি পাড় হোস ক্যান্ত—”

আড্ডা ভেঙে যায়। সবাই চলে গেলে পাহাড়সমান নিঃসঙ্গতা দরিবুল্লাহকে গ্রাস করে। উঠানের কোণে গফুর আগামীকালের যাত্রার প্রস্তুতি নিচ্ছে। সেখান থেকে উড়ে আসছে ছোট ছোট শব্দ। হাজী সাহেব ভাবতে থাকে, দ্যাশ ভাগ হবে? তাহলে এই আকাশও ভাগ হবে? আকাশও তো দ্যাশেরই অংশ; বাতাস, নদী, অন্ধকার? এই আকাশ হবে হিন্দুদের আর একটা আকাশ থাকবে—সেটা মুসলমানদের। ভৈরব নদের ‘জল’ আর ক্রোশখানেক এগুলেই হয়ে যাবে ‘পানি’! হাজী সাহেবের অস্থিরতা বাড়ে। তার হঠাৎ মনে হয় শ্বাপদ প্রাণীদের কথা—হিন্দু ব্যাঙ, হিন্দু সাপ, মুসলমান বাঘ—এমন শ্রাবণ রাতেই তার বড় বোনকে সাপে খেয়েছিল। তিন গ্রামের ওঝারা কিছুই করতে পারেনি—ঐ তো, ঐখানে, শুয়ে আছে দাদাজানের পাশে, দাদির কোলে আব্বা-আম্মার সাথে। দু-চোখে পরম মমতা নিয়ে হাজী দরিবুল্লাহ কবরস্থানের দিকে তাকায়। শ্রাবণ রাতের ভেজা অন্ধকার চারদিকে। কামিনী গাছটা ফুলে ফুলে সাদা। দূর থেকে মনে হয় কাফনের কাপড় মাথায় নিয়ে কেউ ঠাঁয় দাঁড়িয়ে। ব্যাঙের কোলাহল হঠাৎ থামে। অন্ধকার আরও অন্ধকার হয়। মৌমাছির চাকের মতো হালকা সাদা ধোঁয়া পাক খেয়ে যেন উঠে আসে কবরস্থান থেকে। হাজী সাহেব ভয় পায়! ভীষণ ভয়! বিড়বিড় করে তিনি পাঠ করার চেষ্টা করেন, “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা...” তার গলা আটকে আসে। তিনি মুহূর্তে চোখ ফেরান। ভয় কাটানোর জন্য অস্থিরভাবে পায়চারি করেন, অযথা কাশেন। তার খড়মের বিদঘুটে আওয়াজ অন্ধকারের অদৃশ্য ভেজা দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়। দূরে কোথাও কুকুর ডাকে। নিঃস্তব্ধতা ভাঙে, এমন ঝুম রাতে কুকুরের কান্না অশুভ! হাজী সাহেবের মনে হয় এর চেয়ে নিঃস্তব্ধতা ঢের ভালো।

আমাদের ড্রইংরুমটা এখন ছাদে উঠে এসেছে। শ্যাওলাধরা শতবর্ষী বিশাল ছাদে থই থই করছে চাঁদের নরম আলো। পরিত্যক্ত জাহাজের ডেকের মতো এই ছাদে উঠলে অনেক দূর দেখা যায়।

ঝিরঝির হাওয়া আসছে চারদিক থেকে। আমাদের দাদা-ভাই-দিদি-জামাইবাবুরা জোছনাপ্লাবিত গ্রাম-দেশ দেখছেন। হাতে সুদৃশ্য গ্লাস। ছোট ছোট চুমুকের মধ্যেই তারা কথা বলছেন, হাসছেন—“এই সৌমেন, নিচে কেন? ছাদে আয়”—চিৎকার করে ডাক দেয় আমার মেজদি।

ওর মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। বাদ দে—দীপঙ্কর দাদা উত্তর করে।

সত্যিই তাই। আমার ভিতরটা ওলোটপালট করছে। শরীরটা ভারি; পায়ের নিচে ভূমিকম্প। আমাদের ছাদের কোল ছুঁয়ে একটা মাধবীলতার গাছ। ঝাঁকে ঝাঁকে ফুল ধরেছে তারার মতো।

“এই আমরা কলকাতা ফিরবো কবে?”—একজন জিজ্ঞেস করে।

“অভিয়াসলি কাল সকালেই”—মেজদি উত্তর দেন।

“কেন, থাকবি না?”

“প্রশ্নই ওঠে না। আজ রাতে অধিবাস—তারপর থেকে মহানামযজ্ঞ শুরু—”

হ্যাঁ, আমাদের বাড়িতে বৈশাখ মাসে খুব ঘটা করে মহানামযজ্ঞ হয়। খুব বড় আয়োজন। এ উপলক্ষেই আমাদের আসা। এর মধ্যে আমাদের আত্মীয়সম্পর্কের কেউ এসে তাড়া দেন, “এ্যাই তোমরা এসো, অধিবাস শুরু হয়েছে—”

সকলেই গ্লাসের শেষটুকু শেষ করে বাধ্য ভক্তের মতো আমাদের মন্দিরের দিকে এগোতে থাকে। সারিবদ্ধভাবে। শুধু আমি এগোতে পারছি না, আমার পা টলছে।

মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজছে। হঠাৎ আমার দাদু নিতাই পালের প্রতি কৃতজ্ঞতা উথলে ওঠে। ভাগ্যিস তিনি হাজী দরিবুল্লাহর পারিবারিক কবরস্থানে আমাদের এই বিশাল গৃহমন্দিরটা গেঁথেছিলেন—না হলে এত বড় মাঙ্গলিক কাজ কোথায় হতো!

ভিতর পাক দিয়ে ওঠে আমার। ঠিক তখনই আমার মনে হয় সেই মায়ের কথা, যিনি চার ছেলেমেয়ে নিয়ে চলে গিয়েছিলেন, তিনি কি আর ফিরতে পেরেছিলেন এই হিন্দু আকাশের নিচে? হারিয়ে যাওয়া পরিচিত উঠানে?

আমি শব্দ করে বমি করি। ঝাঁঝালো টক গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ে। কতগুলো মাছি উড়ে আসে কোত্থেকে জানি। এদের মনে হয় কোনো দেশ নেই। ·