সাদিয়া সুলতানা

আজ যা তুমুল সজীব, ঝকঝকে চকচকে শরৎদিন, কালই তা স্মৃতি। এমন কোনো দিন নেই যে স্মৃতিতে ফেরা হয় না, স্মৃতির দুয়ারে নিজেকে সমর্পণ করা হয় না। স্মৃতির মিনার সময়ের সঙ্গে সঙ্গে আকাশচুম্বী হতে থাকে। মিনারের গায়ের নিখুঁত কারুকাজ দেখতে দেখতে মনে পড়ে যায় কী করে একদিন গল্পপাঠের বৃত্তে ঢুকে পড়েছি।

২০১৪ তখন, কঠিন একটা সময় পার করছি। বলা যায় পারিবারিক ও পেশাগত কারণে শারীরিকভাবে ও মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে আছি। একদিকে কপালে কলঙ্কের তিলক এঁকে দেওয়ার জোর চেষ্টা চলছে, আরেকদিকে চলছে নীলগর্ভের শূন্যতার জন্য হাহাকার। নির্ঝরের হুহু পাখি ক্রমাগত ডেকে চলছে কোন সে এক পাতাল থেকে। মনে হচ্ছে ডুবেই যাব, মুক্তির কোনো উপায় মিলবে না। দিনের চেয়ে রাতগুলো বেশি নির্মম হয়ে উঠছে। দুরধ্যেয় হয়ে উঠছে সময়ের ভাষা। হঠাৎ একদিন কলমকেই নির্বাণের মোক্ষম পথ বলে উসকে দিল বন্ধু অপর্ণা। দীর্ঘ একটা বিরতির পর পুনরায় লেখালেখির জগতে ফিরলাম। নামটা একপ্রকার আড়াল করে চুপিচুপি ব্লগিং করতেও শুরু করলাম। ক্রমে সচলায়তন হয়ে উঠল প্রিয় এক নাম, লেখালেখির খসড়ার খাতা।

সচলায়তনের পাতায় ওই সময়ে বেশ কাঠখড় পুড়িয়ে সচল হতে হতো। শ্রমসাধ্য লেখা ছাড়া লেখা প্রকাশ করার সাহস পাওয়া যেত না, লেখা প্রকাশিত হওয়ামাত্র ছুরিকাঁচি নিয়ে বিদগ্ধ সব পাঠক লেখক হাজির হয়ে যেত। লেখা নিয়ে কোনো প্রকার ফাঁকিবাজিই করা যেত না। সেই সূত্রে অসংখ্য প্রতিশ্রুতিশীল আর সাহসী লেখকের লেখার সঙ্গে পরিচিত হতে থাকি। এই ওয়েবজিনের সঙ্গে যুক্ত একজন গল্পকারের নামটি সচলায়তনের পাতাতেই প্রথম দেখা। এরপর কী করে যেন একদিন ফেসবুকের সঙ্গে যুক্ত হলাম আর সেই গল্পকারের পোস্টের সূত্রে গল্পপাঠের সন্ধান পেলাম।

মনে পড়ে ২০১৫ সালের ১১ মার্চ 'গার্হস্থ্য নীতি' গল্প দিয়েই গল্পপাঠে অভিষেক হয়েছিল। এরপর থেকে গল্পপাঠ টিমের যত্নে বেশ কিছু গল্প, বই পাঠের অনুভূতি প্রকাশিত হয়েছে। বলতে আনন্দ পাই, জীবনের প্রথম সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছিল গল্পপাঠে।

শুধু কি লেখালেখির প্ল্যাটফর্ম? ধীরে ধীরে গল্পপাঠ হয়ে উঠেছে প্রিয়তম লাইব্রেরি। কালজয়ী লেখা থেকে শুরু করে সমসাময়িকদের লেখা একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে। এক আঙুলের স্পর্শেই পৌঁছে দিয়েছে বিশ্বসাহিত্যের বৈচিত্র্যময় ভুবনে। এখন ঘরে বসেই পড়তে পারছি ভিনদেশি লেখকদের লেখা। দেশের সেই কোন প্রত্যন্ত অঞ্চলে বসে কোনো এক অপরিচিত-অনালোচিত লেখক লিখছেন, তাঁর লেখার সন্ধানও পেয়ে যাচ্ছি নিমিষে। আবিষ্কার করছি নতুনকে, মুগ্ধ হচ্ছি, নিজের গোপন অহমিকা দুমড়ে-মুচড়ে যাচ্ছে। বলতে দ্বিধা নেই, গল্পপাঠ শুধু এই কারণেই পাঠক আমার চোখে অনন্য হয়ে থাকছে। দেখতে দেখতে একযুগ পেরিয়ে গেছে, এভাবে লেখকের চেয়ে বেশি পাঠক হিসেবেই গল্পপাঠের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছি।

হঠাৎ হঠাৎ মনে হয় সবকিছু পচে গেছে। আঁতকে উঠে দেখি সিন্ডিকেটবাজির ভেতরে পা পড়ে যাচ্ছে। টের পাই বয়কট শব্দটাও রংবাজি করছে, দুর্গন্ধে মন বিষিয়ে উঠছে। আবার হুট করে যেমন নাকে দুর্গন্ধ ছুটে এসেছিল তেমন হুট করে মৌ মৌ সুঘ্রাণে মেতে উঠেছে চারপাশ। প্রিয় গল্পপাঠ থেকে চিরসবুজ কিশলয় মাথা জাগাচ্ছে, 'আমরা আছি, আমরা জেগে রই...' ·