পুরুষোত্তম সিংহ

গল্পজীবনের প্রথম থেকেই তপন বন্দ্যোপাধ্যায় (১৯৪৭) একজন অত্যন্ত সচেতন গল্পকার। সময় সম্পর্কে স্বচ্ছ জ্ঞান, প্রশাসনিক জীবনের অন্দরমহলের ফাঁকফোকর, দেশকালের রুক্ষতা-অভাবকে যথার্থ মাত্রায় নির্মাণ এবং ভাষার মধ্যে হিউমার, স্যাটায়ার মিশিয়ে গল্প পরিবেশনের কুশলী দক্ষতা একজন তাৎপর্যপূর্ণ কথাকার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। তপন বন্দ্যোপাধ্যায় গল্পই শুনিয়েছেন তবে গল্প শোনানোর নতুন ভাষা আয়ত্ত করেছেন। রাঘব বন্দ্যোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্যের মতো রুক্ষতা, আক্রমণাত্মক ভঙ্গি এখানে নেই। গল্পের ভাষায় রয়েছে হাস্যরস সৃজনের যথার্থ প্রয়াস। আবার সেই হাস্যরস সৃজনে ভাষার বিশুদ্ধ আস্তরণকে একটু ভেঙে নিয়েছেন। সেই নির্মাণ আবার স্বপ্নময় চক্রবর্তী থেকে পৃথক। স্বপ্নময়ের ভাষায় ব্যঙ্গ অধিকহারে প্রবল। হাসি অপেক্ষা ব্যঙ্গে সময়-জীবনের রোমন্থনকে পর্যবেক্ষণ। তপন বন্দ্যোপাধ্যায় হিউমারকে অধিকমাত্রায় ব্যবহার করেছেন। হিউমার সৃজনে জীবনের উদ্ভট, খামখেয়ালিপনা, গপ্প গড়ার মুন্সিয়ানা চোখে পড়ার মতো। স্বপ্নময়ের সব গল্পেই শ্লেষ-ব্যঙ্গপ্রধান। তপন বন্দ্যোপাধ্যায়ের প্রান্তজীবনকেন্দ্রিক গল্পে শ্লেষ-ব্যঙ্গ অনুপস্থিত। বাংলা গল্পে কথাজালের নব্য গড়ন গড়ে তুলেছেন ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী। পাঠককে গল্পই শোনানো হবে কিন্তু নতুন ভাষা চাই। গত শতকের সাতের দশকে বাংলা গল্পের পালাবদলে গল্প গড়ার ভাষার মুখ্যত ভূমিকা স্বীকার করতেই হবে। যে ভাষার মধ্যে অধিকমাত্রায় রঙ্গ-ব্যঙ্গ-তামাশা-টিটকারি-অন্যকে লঘু করা-অন্যের ভুল ধরে কথাকে ভিন্ন মেরুতে চালনা করার মধ্যে যে গল্প গড়ে ওঠে তা জীবনের অবসাদ-ক্লান্তি-অভাবকেও যেন ছায়াতাপে ঢেকে রাখে। তা পাঠককে আর বেদনার্ত, ক্রুদ্ধ, অসহায় করে না। পাঠক একটা আমেজে ডুবে থাকেন। অথচ আমজের গভীরে আছে সময় ও জীবনের গভীর সংকট।

প্রথম থেকেই তিনি উপন্যাসের দিকে ঝুঁকে ছিলেন। গল্প লিখলেও গল্পের প্রতি তেমন দায়বদ্ধতা পালন করেননি। ২০০২ পর্যন্ত লিখিত গল্পের সংখ্যা আড়াইশো হলেও গল্পসংকলনের সংখ্যা তিন এবং গ্রন্থভুক্ত গল্পের সংখ্যা চব্বিশ। এই উদাসীনতায় বঙ্গীয় পাঠকের কাছে তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পকার সত্তা যেমন অনুপস্থিত থেকেছে তেমনি সমালোচকের কাছেও তেমনভাবে ধরা দেয়নি। গত শতকের সাতের দশকে লিখতে আসা গল্পকাররা যারা প্রথম দুই দশক গল্প দ্বারাই নিজেদের প্রতিষ্ঠা করেছেন মননশীল পাঠক ও সমালোচকের কাছে, প্রবাহিত সময়ের গল্পকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, সেই সমীক্ষায় সাধন চট্টোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভিজিৎ সেন, অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, কিন্নর রায়, নলিনী বেরা, সৈকত রক্ষিত, রামকুমার মুখোপাধ্যায় বারবার আলোচিত হয়ে উঠলেও পিছিয়ে থাকেন তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বভাবজনিত এই উদাসীনতা বাংলা গল্পের পরতপক্ষে ক্ষতিই করেছে, নিজের ক্ষতি হয়েছে ঢের বেশি। এযাবৎ তাঁর হাত থেকে প্রাপ্ত গল্পসংকলনগুলি হল—‘তপন বন্দ্যোপাধ্যায়ের গল্প’ (১৯৮১), ‘ইঁদুর’ (১৯৯০), ‘নির্বাচিত বারো’, ‘গল্পসমগ্র ১’ (২০০২), ‘আমার একান্নটি গল্প’ (২০০৮), ‘সেরা পঞ্চাশটি গল্প’ (২০১৫), ‘বস বৃত্তান্ত’ (২০১৭), ‘নির্বাচিত প্রেমের গল্প’ (২০২০), ‘আলো হাতে সেই মেয়েটি’ (২০২০) ও ‘তোমাকেই পেয়ে গেছি’ (২০২০)।

যৌবনে অন্যান্য লেখকদের মতো তিনিও কবিতা দিয়েই শুরু করেছিলেন। পরে গল্পে এসেছেন। প্রথম গল্প ‘হরিণের মাংস’ (‘সমতট’, ১৯৭৯)। তবে কবিতা পিছু ছেড়ে যায়নি, যা এখনো অব্যাহত। প্রসঙ্গত মনে পড়ে নবারুণ ভট্টাচার্য, মলয় রায়চৌধুরী, নলিনী বেরা, সৈকত রক্ষিত, অনিতা অগ্নিহোত্রী, দেবজ্যোতি রায়, সব্যসাচী সেন, রাজা সরকার, তৃপ্তি সান্ত্রা, তৃষ্ণা বসাকের কথা। এঁদের অনেকেই কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ-অনুবাদ সব শাখাতেই অবাধ বিচরণ। তপন বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সুর প্রথম গল্পে মেলেনি। নবারুণ ভট্টাচার্যের ‘ভাসান’, স্বপ্নময় চক্রবর্তীর ‘রত্নাকরের পাপের ভাগ’, অমর মিত্রের ‘মেলার দিকে ঘর’, নলিনী বেরার ‘বাবার চিঠি’ গল্পে যেমন নিজস্ব সুর চিহ্নিত হয়েছিল তা এখানে অনুপস্থিত। গল্পের পটভূমি সুন্দরবন। গদাধর মাঝি, পবনমাঝি, নয়নখুড়োকে নিয়ে সুন্দরবনে মধু, কাঠ সংগ্রহ অভিযান। গভীর জঙ্গলে গাছ-পাখি-পশু দর্শন, সুন্দরবনের জীবন-জীবিকার সংকট, প্রান্তিক মানুষের অভাবী জীবনের চিত্রের একটা পরিসর। সেখানে নিম্নবিত্ত জীবনে হরিণের মাংস যেন বিরাট প্রাপ্তি। লেখক সুন্দরবনের অর্থনীতি-প্রান্ত মানুষের অভাবী চিত্রে জোর দিয়েছেন। কিন্তু সেই বর্ণনায় নিজস্বতা ধরা পড়েনি।

তপন বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতবর্ষ’ গল্পের সঙ্গে রমাপদ চৌধুরীর ‘ভারতবর্ষ’ গল্পের প্রভেদ আছে। রমাপদ চৌধুরী শেষপর্যন্ত মানুষকে ভিখারিতে পরিণত করেছিলেন। কিন্তু তপন বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ভিক্ষার বদলে বাদাম বিক্রির মধ্য দিয়ে টাকা চাইছেন। রমাপদ চৌধুরীর গল্পের প্রেক্ষাপট পাহাড়তলি সংলগ্ন আদিবাসী অধ্যুষিত রেলস্টেশন। তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্রেক্ষাপট বইমেলা। রমাপদ চৌধুরীর চরিত্ররা শেষপর্যন্ত ভিক্ষার জন্য হাত পেতেছিল। তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পের সর্বস্বহারা বালিকাটি বাদাম বিক্রির মধ্যে যাপনের সত্য খুঁজতে চাইছে। রমাপদ চৌধুরী সাম্রাজ্যবাদ-উপনিবেশের সত্যে মগ্ন থাকলেও তপন বন্দ্যোপাধ্যায় উপনিবেশ উত্তর সময়ের মানচিত্র খুঁজে চলেন। প্রসঙ্গত মহাশ্বেতা দেবীর বিবিধ আখ্যানে দেখেছি তিনি চরিত্রকে শেষপর্যন্ত ভিখারিতে পরিণত করেন। ‘ভারতবর্ষ’ নামে অনেক গল্প আমরা পেয়েছি। দেশের নামে দেশকালের সন্ধান, ভারতীয় চেতনা, জীবনের সার্বিক সত্যকে নানাভাবে ব্যঞ্জনাময় করে তুলেছেন সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, প্রফুল্ল রায়, অমর মিত্র। তপন বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতবর্ষ’ গল্পের পাশে রেখে পড়া যায় আরেকটি গল্প—‘প্রধানমন্ত্রীর ভারতবর্ষ’। গল্পের সূচনা হয়েছে প্রধানমন্ত্রীকে লেখা অতুলবিহারী বজ্রপানির চিঠি দিয়ে। রামকুমার মুখোপাধ্যায়ের নঙ্গরচন্দ্র মেদ্যা যেমন প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তেমনি তপন বন্দ্যোপাধ্যায়ের অতুলবিহারী বজ্রপানিও। নঙ্গরচন্দ্র প্রান্তিক সমাজের প্রতিনিধি। অতুলবিহারী অবসরপ্রাপ্ত চাকুরিজীবী। নঙ্গরচন্দ্র পঁচাশি হলেও অতুলবিহারী ষাট। দুইজনের চিঠির ভাষায় তেমন প্রভেদ নেই। কেননা বেনামে চিঠি তো লিখছেন লেখক। আবার নঙ্গরচন্দ্রের ভাষায় যে কাব্যময়তা আছে তা অতুলবিহারীর নেই। খণ্ড খণ্ড নঙ্গরচন্দ্রকে জুড়ে জুড়ে রামকুমার মুখোপাধ্যায় উপন্যাসে পৌঁছে গেলেও, তপন বন্দ্যোপাধ্যায় গল্পতেই সীমাবদ্ধ। তবে কেউই চিঠির উত্তর পায়নি। দুইজনই দেশকাল-সমাজ-রাজনীতি-অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতে চান। অতুলবিহারী নিম্নমধ্যবিত্ত আর নঙ্গরচন্দ্র নিম্নবিত্ত বলে চিন্তাভাবনায় একটু ফারাক আছে। নঙ্গরচন্দ্রের চিঠিই গল্প, তপন বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে শুরু করে গল্পের মোড় বদলান। জীবন রহস্যের আরো গভীর ধারাপাত বাকি। সাংসারিক ঝামেলা কে পোহাবে? নঙ্গরচন্দ্র জীবনের শেষযাত্রায় বলে সাংসারিক চিন্তা অবসন্ন, অতুলবিহারীর সম্পূর্ণ সংসারে স্ত্রীর মুখ ঝামটা, কলহই একমাত্র আশ্রয়। দুইজনের চিঠির শেষ অংশ উল্লেখ করলে পাঠকের আরো বুঝতে সুবিধা হবে জীবনচেতনার প্রভেদ—

ক. “ভারতবর্ষ যেমন সারাক্ষণ চিৎকার করে আপনার কান ঝালাপালা করে, তেমনই অলকাও আমার কর্ণে সারাক্ষণ মধুবর্ষণ করিতেছে। তাহা ছাড়া আরও একটি কাণ্ড। সেদিন আমি হাঁটুর বেদনায় কষ্ট পাইতেছি দেখিয়া পাশের বাড়ির বাঁটুলবাবু পূর্ববঙ্গীয় টানে কহিলেন, ‘কী হইল মহয়, আপনেও দেখি প্রধানমন্ত্রীর ব্যামো বাধাইছেন’। পার্থক্য এই যে আমি হাঁটু বদল করিতে পারিতেছি না। কারণ অর্থাভাব। তবে হলফনামা পেশ করিয়া বলিতে পারি, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম দেশ আরও ভালো করিয়া চালাইতাম। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী অতুলবিহারী বজ্রপানি।” (‘প্রধানমন্ত্রীর ভারতবর্ষ’, তপন বন্দ্যোপাধ্যায়, সেরা ৫০টি গল্প, দে’জ পাবলিশিং, প্রথম প্রকাশ, জানুয়ারি ২০১৫, পৃ. ৬১)

খ. “আশির গায়ে জীবন ও মরণের যে খালটি কাটলেন তা আমি পাঁচবছর আগে পেরিয়ে এসেছি। এখন যারা আশির পিছনে আছেন তাদেরই চিন্তা। প্রধানমন্ত্রী বাজপেয়ীমশাই বোধহয় দু-আড়াই বছরের জন্যে খালের ওপাশটিতে আটকে গেলেন। তাঁকে আশির খালও পেরোতে হবে, ভবনদীও সাঁতার কাটতে হবে। আমার সামনে শুধু নদীটি, আমার পত্নীরও তাই। ওটি পেরতে পারলেই ভবলীলা শেষ। তখন শুধু কার্তিক মাসে ধরাধামের দিকে তাকিয়ে দেখব সংসারের লোকজন স্বর্গবাতি দিল কিনা।/ শুভানুধ্যায়ী নঙ্গরচন্দ্র মেদ্যা।” (‘মাননীয় সম্পাদক, রামকুমার মুখোপাধ্যায়, শ্রেষ্ঠ গল্প, করুণা প্রকাশনী, প্রথম প্রকাশ ২০২৫, পৃ. ২৪০)

রামকুমার মুখোপাধ্যায়ের চিঠিই গল্প। তপন বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে শুরু করে গল্পে প্রবেশ করেন। অবসরপ্রাপ্ত অতুলবিহারী বজ্রপানির পাগলাটে স্ত্রী, সন্তান দিয়ে এক উদ্ভ্রান্ত পরিবার। অতুলবিহারী প্রতি সকালে প্রাতরাশে বের হবার সময় স্ত্রীকে ডাক দিয়ে যান। অদ্য ভোরে চিঠি লিখে বাড়ি থেকে বের হবার সময় স্ত্রীকে ডাকতেই বিবাদ ঘটে। স্ত্রী নাকি স্বপ্নে ক্যানসার নিরাময়ের বিধান পেয়েছিলেন। কিন্তু স্বপ্ন সম্পূর্ণ হবার আগেই স্বামীর ডাকে নিদ্রাভঙ্গ হয়ে গোলাযোগ সৃষ্টি হয়েছে। তাই নিয়ে যেমন হাস্যরস তেমনি সংসারের নিত্যদিনের যাপনচিত্রের অব্যর্থ ভাষ্য যে বয়ানে স্পষ্ট হয় তা গল্পের মেদুরতাকে কয়েকগুণ বৃদ্ধি করেন। গল্প শুনিয়েও, গল্পকে ঢিলেঢালা রেখেও গল্পশরীরে যে দেশকালের ধারাপাত পুরোমাত্রায় বুনে দেওয়া সম্ভব তার আশ্চর্য শিল্পী তপন বন্দ্যোপাধ্যায়। গল্পকে তিনি ঘন নিবিড়, আটোসাটো বক্তব্যনির্ভর করতে চান না। বক্তব্যের মধ্যে একটা খেয়ালি আয়েশভাব রেখে দেন। যা পাঠককে যেমন মুগ্ধ করে তেমনি গল্পের তলদেশ দিয়ে দেশকালের অস্থিরতা, পতনশীলতাকে পুরোমাত্রায় চিহ্নিত করে।

বাংলা গল্পে হাস্যরসের ধারা নানাভাবে সৃজন করেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায় ও রাজশেখর বসু। আরো পরবর্তীতে বলাইচাঁদ মুখোপাধ্যায় ও চারুচন্দ্র চক্রবর্তী। সাতের দশকের কথাকারদের মধ্যে উল্লেখ করতে হয় তপন বন্দ্যোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, রামকুমার মুখোপাধ্যায়। আবার হাস্যরস অপেক্ষা ব্যঙ্গ অধিক পরিমাণে আছে রাঘব বন্দ্যোপাধ্যায়ে। আরো পরে ব্যঙ্গ শ্লেষকে তীব্রমাত্রায় প্রয়োগ করেছেন অলোক গোস্বামী। তপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র প্রশাসনিক জীবনের অভিজ্ঞতাকে পুরোমাত্রায় ব্যবহার করেছেন। যেমনভাবে নিজের জেলর জীবনের অভিজ্ঞতাকে ব্যবহার করেছেন চারুচন্দ্র চক্রবর্তী, ডাক্তারি জীবনের অভিজ্ঞতা বলাইচাঁদ মুখোপাধ্যায়। তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পে একটা উৎফুল্লভাব বজায় থাকে। সমস্ত সিস্টেমের ফাঁকফোকর ধরে, সকলেই যে প্রত্যেকের উপর নির্ভরশীল অথচ প্রশাসনিক মহলে কারোরই সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, সকলের টিকিই অন্যের ঘাড়ে বাঁধা তার আশ্চর্য আলেখ্য বিবিধ গল্পে বিভিন্ন কায়দায় নির্মাণ করেছেন। ‘রাজ্যপালের অসুখ’ (‘ঋতুপত্র গাঙ্গেয়’, ১৯৮৪) গল্পে সরকার-প্রশাসন-পুলিশ-ডাক্তারকে সামনে রেখে সমস্ত ব্যবস্থার যে ফাঁকফোকর এবং সকলেই যে সকলের উপর নির্ভরশীল, সকলেই যে উপরমহল কর্তৃক অপদস্ত হয়, সকলেই যে চাকরির ভয় নিয়ে কম্পিত তার যে বৃত্তান্ত নির্মিত হয় তা বাংলা গল্পের সম্পূর্ণ ভিন্ন পরিসর। প্রশাসন-পুলিশ-ডাক্তার সকলেই চাকরিজীবী অথচ সকলকেই অপদস্ত হতে হয় নির্বাচিত প্রতিনিধি মন্ত্রী বিধায়ক, এম.পি. দ্বারা। তপন বন্দ্যোপাধ্যায় নিজেও আমলা ছিলেন বলেই জানেন এই মহলের কর্মব্যস্থতা। এমনকি সমস্ত কাজেই যে জোড়াতালি লাগিয়ে কোনোরকমে চালানো হচ্ছে, প্রকৃত সমাধানের বদলে অন্যকে তলব করে কোনোমতে কাজে উদ্ধার পাওয়া তার গোপন খবর যে বয়ানে উঠে আসে তা গুরুত্বপূর্ণ। কাকদ্বীপে এসেছেন রাজ্যপাল। এখানে তেমন ভালো হাসপাতাল, চিকিৎসা নেই। রাজ্যপাল সামান্য অসুস্থতা বোধ করলে হেলথ সেন্টারের ডাক্তারকে ডাকা হয়। প্রান্তিক পরিসরে বিশেষজ্ঞ তেমন নেই, সকলেই কোনো মতে কাজ চালান। ডাঃ মাত্রের মনে হয় রাজ্যপালের হার্টের সমস্যা বোধহয়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে জানানো, দ্রুত কলকাতা থেকে ডাক্তার কাকদ্বীপে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এমনকি দ্রুত যেন রাজ্যপালকে কলকাতায় পাঠানো যায় সে নিমিত্তে কাকদ্বীপে হেলিকাপ্টার নামানোর হেলিপ্যাড তৈরি করা হয়। গল্পের পরিসর একরাত। একরাতের মধ্যে তা সম্ভব? ফলত ডি.এম., এস.ডি.ও, বি.ডি.ও, এস.পি., ডি.এস.পি নিয়ে এক দফারফা ব্যাপার। রাজ্যপাল ঘুমাচ্ছে, মন্ত্রী নাক ডেকে ঘুমাচ্ছে, আমলা, পুলিশ, ডাক্তার বাইরে তো নাজেহাল হচ্ছে। লেখক সরকার কর্তৃক নির্দেশ নামায় এই আমলারা কীভাবে নাজেহাল হয় তার বহু দৃষ্টান্ত গড়ে তোলেন। যেখানে সিস্টেমের ফাঁকফোকর যেমন আছে তেমনি চাপা হাস্যরস লুকিয়ে থাকে। একবার নির্দেশ এসেছিল গ্রামে ভবঘুরের পরিসংখ্যান রাতের মধ্যেই যেন পার্লামেন্টে জানানো হয়—

“রাতের বেলা না গোনা হলে প্রকৃত তথ্য পাওয়া যাবে না, তাই এমন নির্দেশ। সমস্ত বি.ডি.ও তাদের দলবল নিয়ে মাঝরাতে ঘুরে বেড়িয়েছে ভবঘুরের সংখ্যা গুনতে। ভোরের মধ্যে সব বি.ডি.ও.-ই খবর পাঠাল, শুধু একজন বি.ডি.ও জানতে চাইল, ভবঘুরের সংজ্ঞা আসলে কী! রাতে যারা নৌকায় শুয়ে থাকে তারা ভবঘুরে কিনা। যেসব পাগল রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ভবঘুরে বলা যায় কিনা। মফস্‌সলে ফুটপাথ নেই, সেক্ষেত্রে রাস্তায়, নদীর ঘাটে, বারোয়ারিতলায় শুয়ে থাকা মানুষদের ফুটপাথ বাসিন্দা বলে গণ্য করা যায় কিনা।” (‘রাজ্যপালের অসুখ’, তদেব, পৃ. ৭৮)

আবার রাতের মধ্যে তো হেলিপ্যাড বানানো সম্ভব নয়, অন্তত সাতদিন সময় প্রয়োজন। তা ডি.এম., বি.ডি.ও. সকলেই জানে। কিন্তু হেলিপ্যাড না হলে মুখ্যমন্ত্রী বরখাস্ত করবে ডি.এম.-কে, ডি.এম. নোটিশ পাঠাবে বি.ডি.ও-কে, বি.ডি.ও. পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারকে। রাতেই বি.ডি.ও দৌড়েচ্ছেন ইঞ্জিনিয়ারের কাছে। যার মধ্যে লুকিয়ে আছে গভীর হাস্যরস—

“খবর শুনে মিঃ ভট্‌চাজ কোনো গুরুত্বই দিলেন না। বললেন, হেলিপ্যাড বানাতে হবে, তা রাতের বেলা এসেছেন কেন! হেলিপ্যাড বানানো কি চাট্টিখানি কথা। এস্টিমেট করতে হবে, টেন্ডার ডাকতে হবে, কনট্রাকটারকে ওয়ার্ক-অর্ডার দিতে হবে। সে অনেক হ্যাঁপা। বেলা, এগারোটার পর আসবেন।

বি.ডি.ও. চোখে সর্ষেফুল দেখে। বলল, আজ্ঞে, বেলায় এলে হবে না। এক্ষুনি চাই, এক দেড় ঘণ্টার মধ্যে।

ইঞ্জিনিয়ার হেসে বললেন, আপনার মাথাটাথা কি খারাপ হয়েছে! এ কি মায়ের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে। এখন কোথায় ফান্ড, কোথায় কনট্রাকটর, তার ঠিক নেই। সাড়ে সাতশো ইঁট লাগবে, লেবার লাগবে, রোলার লাগবে।” (তদেব, পৃ. ৭৯)

সারা রাতের চেষ্টায় যখন হেলিপ্যাড প্রস্তুত, আমলা, পুলিশ, ডাক্তার কারো চোখেই ঘুম নেই তখন সকালে উঠে রাজ্যপাল জানালেন শরীর ঠিক আছে, তখনও মন্ত্রী ঘুমাচ্ছেন। এতো শুধু গল্প নয় আমাদের প্রশাসনিক ব্যবস্থার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন। যার মধ্যে চাপা আর্তনাদ, সংকট ও হাস্যরস উভয়ই লুকিয়ে আছে। গত শতকের সাত-আট-নয়ের দশকে একদল গল্পকার যখন ভূমি-কৃষি-জমিদারের দ্বন্দ্বের নানা ফরমানের গল্প লিখছেন, দেশকালের চিত্র আঁকছেন তখন তপন বন্দ্যোপাধ্যায় আরো এক অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে চলেছেন, যা বাংলা গল্পের সম্পদ।

তপন বন্দ্যোপাধ্যায়ের ‘রাজ্যপালের অসুখ’ গল্পের বিপরীত পিঠে রাখা যেতে পারে ‘ইঁদুর’ গল্পটিকে। ‘ভারতবর্ষ’ গল্পের মতো ইঁদুরকে কেন্দ্র করেও বাংলা সাহিত্যে কম গল্প লেখা হয়নি। মনে পড়ে সোমেন চন্দ, বিমল করের কথা। কল্যাণ মণ্ডল ‘ইঁদুরনামা’ উপন্যাসে ইঁদুরের প্রতীকে একটা জনপদ জীবনের আস্ত প্রতিচ্ছবি নির্মাণ করেছেন। তপন বন্দ্যোপাধ্যায় মহাকরণ দপ্তরে কাজের জটিলতা বোঝাতে ইঁদুরের প্রতীক ব্যবহার করেছেন। মূল সমস্যা মহাকরণে ইঁদুর ফাইল কাটছে। সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকের কিছু বেতন সংক্রান্ত ফাইল ইঁদুর কেটেছে। মহাকরণ থেকে ইঁদুর নিধন কীভাবে করা যায় তা নিয়ে মিটিং, ফাইল, টেন্ডার, নিয়োগ, বিদেশভ্রমণ, সংবাদপত্র, কাটমানি, বনদপ্তর, পশুহত্যা, অফিসারদের ব্যস্থতা, গুলবাজি, কর্মপদ্ধতির ফাঁকিবাজি নিয়ে যে পরিসর নির্মিত হয় তা সরকারি কর্মপদ্ধতির শূন্যতাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তপন বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবে, নিপুণ ভঙ্গিতে, অনাবিল হস্যরসের স্বভাবসিদ্ধিতে, কোথাও চাপা শ্লেষে মহাকরণের কর্মপদ্ধতির নিয়মতান্ত্রিক যান্ত্রিকতা কত প্রখর অথচ কাজের কাজ শূন্য তা পাঠকের সামনে মেলে ধরে। মহাকরণের ইঁদুর নিধনের জন্য ফাইল, টেন্ডার, নিয়োগ, ইঁদুর গণনা, ইঁদুরের চরিত্র নির্ধারণ চলছে। দিনের পর দিন ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিয়তির পরিহাসে ইঁদুর নিধনের ফাইল ইঁদুর আবার ছিন্নভিন্ন করেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক তার প্রাপ্য অর্থ আজও পাননি। অর্থের জন্য কন্যার বিবাহও ভেঙে গেছে। লেখক তাৎপর্যপূর্ণ বয়ানে আমাদের সরকারি কর্মপদ্ধতিতে যে যান্ত্রিক গোলকধাঁধা যা কর্মের নামে অষ্টারম্ভা অথচ নিয়মতান্ত্রিক পরিসরকে এমন জটিল করে তোলে যে কোনো কাজই সম্পূর্ণ হয় না অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফাইলে ধুলা জমে, অফিসাররা কাজের নামে দৈনিক মশগুল থাকেন, ফাইল কেবল এ টেবিল থেকে ও টেবিলে দৌড়ায় আর ধুলা জমে—যার মধ্যে সিস্টমের প্রবল শূন্যতা বিরাজমান, তার নির্মাণ যে বয়ানে উপস্থিত হয় তা বাংলা গল্পের ক্ষমতাতাত্ত্বিক ভাষ্যকে আক্রমণের মুন্সিয়ানাকে প্রবল প্রত্যক্ষে প্রমাণ করে। পাঠকের জন্য গল্পের সামান্য বয়ান উল্লেখ করা যাক—

“মিটিং-এর সিদ্ধান্ত শুনে ভারি খুশি হলেন মুখ্যমন্ত্রী। অন্তত কিছু বেকার যুবকের হিল্লে হল তাঁর আমলে। কিছু খবরের কাগজ এই নিয়োগের বৈধতা নিয়ে লেখালেখি শুরু হয়ে গেল। যাই হোক খবরের কাগজের চক্রান্ত ব্যর্থ করে পঞ্চাশজন জবরদস্ত ক্যাডার প্রবল উদ্যমে যোগদান করল নতুন দপ্তরে, আর কেয়ারটেকারের নেতৃত্বে শুরু হল ইঁদুরসুমারি। দু-মাস তিন শিফটে কাজ করে যে হিসেব পাওয়া গেল তাতে মোট সংখ্যা দাঁড়াল একলক্ষ বিরাশি হাজার সাতশো ষাট। রিপোর্টের শেষে বিঃ দ্রঃ হিসেবে লেখা আছে—এছাড়া প্রতিদিন গড়ে তিনহাজার দু-শ ইঁদুরের জন্ম হচ্ছে মহাকরণের ভেতর।” (তদেব, পৃ. ১১৬)

গোটা গল্প জুড়েই এমন অজস্র বয়ান মিলবে। সরকারি পরিসেবা মহলের ভিতরের কর্মপদ্ধতির গোপন জাল কত ভয়ংকর তার হদিশ মিলবে। কেউই কাজ করছে না শুধু দপ্তর থেকে দপ্তরে কাগজ ঘুরে যাচ্ছে। তপন বন্দ্যোপাধ্যায় নিজেও আমলা ছিলেন বলে সরকারি কর্মপদ্ধতির জটিলতা কত ভয়ংকর, এমনকি কর্মপদ্ধতির মধ্যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা জট কীভাবে ইচ্ছাকৃত সৃষ্টি করেন, এমনকি নিজস্ব এক্তিয়ারের বাইরে সামান্য কোনো সিদ্ধান্তও নিতে অক্ষম, এমনকি একটা শৃঙ্খল কীভাবে সমাধান হবে তার বদলে কত জটিল করে তোলা যায় সেই কৌশলে সিদ্ধহস্ত—যার মধ্যে নাগরিক জীবন অস্থির, সেই সত্য যে নিপুণ বয়ানে নির্মাণ করেন তার দক্ষতা প্রশংসনীয়। চাপা শ্লেষ, মৃদু ব্যঙ্গ, অফিসারদের নিত্য মশগুলের মধ্যে একটা বৃত্তের অস্থিরতা কত মারাত্মক হতে পারে তার শনাক্তিকরণ পদ্ধতির যে শৃঙ্খল আবিষ্কৃত হয় তার পাঠতান্ত্রিক পরিসর ভয়াবহ অর্থের দ্যোতনা সৃষ্টি করে।

তপন বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৃত্তের গল্পগুলি বাংলা গল্পের এক নতুন ধাঁচ। গল্পের গঠন না ভেঙেও, পুরোপুরি গোল্প শোনালেও এই গল্পগুলি বাংলা গল্পের নতুন ফর্ম হিসেবে আমার কাছে ধরা দেয়। পার্লামেন্ট, প্রশাসন, আমলাতন্ত্র, স্বাস্থ্যব্যবস্থার হরেকরকম ইতিবৃত্ত নিয়ে প্রান্তিক ভারতকে দেখার এক আশ্চর্য ধারাপাত হয়ে ওঠে। মন্ত্রী পরিষদ-আমলাতন্ত্র-প্রশাসনের একে অপরকে নির্দেশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা অধস্তন কর্তৃপক্ষকে প্রতিপদক্ষেপে চোখ রাঙানি, ঊর্ধ্বতনকে প্রতিমুহূর্তে বস ভাবার প্রথাগত রেওয়াজের মধ্যে গভীর অভিশপ্ত জীবন লুকিয়ে থাকে। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের জন্য কোনো কাজই হয় না, দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। সেই গদাইলশকরি চালের মধ্য দিয়ে তপন বন্দ্যোপাধ্যায় গল্প গড়িয়ে দেন। ব্যঙ্গ-শ্লেষে কোথাও উদ্ভট হিউমার আমদানি করে গল্প শোনানোর নতুন পরিসর নির্মিত হতে দেখি। সাধারণ সত্যের এপিঠে-ওপিঠে কত বানিয়ে তোলা সত্য গড়া সম্ভব, প্রশাসনিক মহলের নিয়মের রাজত্বে সামান্য বৃত্ত কীভাবে বৃহৎ বৃত্ত গড়ে তোলে অথচ কাজের কাজ শূন্য—যার মধ্যে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে প্রতিমুহূর্তে সেই সত্য যে নির্মাণে গড়ে তোলেন তা বাংলা গল্পের এক ভিন্ন স্বর। দায়বদ্ধতার নামে চূড়ান্ত দায়িত্বহীনতা, সাধারণ সত্যকে প্রত্যাখ্যান করে নিয়মের সত্যকে চূড়ান্ত ধরে নিয়ে কেবলই একে অপরের কাঁধে দায়িত্ব ঠেলে দেওয়ার রেওয়াজে সময় ক্রমেই থমকে থাকে। প্রান্তজন ব্যবহৃত হয়। লেখক তীব্র শ্লেষে, উদ্ভট কৌতুকে জীবনের রঙ্গ দেখে চলেন।

‘মুখ্যমন্ত্রীর উপহার’ গল্পে দেখি কাকদ্বীপে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে গাড়ি থেকেই রাস্তার পাশে একটি শিশুকে পড়ে থাকা দেখেন। সঙ্গে সঙ্গে নির্দেশ দেন দ্রুত চিকিৎসার। ও.সি. বাচ্চাকে নিয়ে দ্রুত হাসপাতালে দৌড়ান। নামহীন, পিতৃপরিচয়হীন বাচ্চাকে হাসপাতালের ফরমান অনুসারে ভর্তি করানো অসম্ভব। নাম দেওয়া হয় শ্রীমান ভ্যাবলা। হাসপাতালের নিত্য গুজরানে সে হয়ে যায় মুখ্যমন্ত্রীর বাচ্চা। আপনভোলা শিশুটিও পিতার নাম জিজ্ঞেস করলে জানায় মুখ্যমন্ত্রী। শিশুটি সুস্থ হলেও ছুটি দেওয়া হয় না। ও.সি. ভয় পান। যদি মুখ্যমন্ত্রী খোঁজ নেন। বা সঠিক তথ্য সমেত জানান দিতে পারলে প্রমোশন হতে পারে এই ধান্দায়। হাসপাতালেই থেকে যায় শিশুটি। ডাক্তার যতই বলেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মনে থাকে না, হাসপাতালের শিলান্যাস দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে তবুও ও.সি. সাহস পান না। পরের বছর মুখ্যমন্ত্রী এলে শিশুটি হাসপাতালের সবাইকে ফাঁকি দিয়ে গিয়ে মঞ্চের ফাঁক দিয়ে উঠে মুখ্যমন্ত্রীকে বাবা বলে ডেকে ওঠে। আপাত এই হাস্যরসের আড়ালে রয়েছে গভীর সংকট ও ব্যঙ্গ। শিশু মনস্তত্ত্বের কথা ধরলে শিশুটি হাসপাতাল থেকে রক্ষা পেতে চায়, সে পরিবারের কাছে ফিরতে চায়। মনের মধ্যে বাবা সম্পর্কে যে ধারণা গড়ে উঠেছে সেখানে ফিরতে চায়। অন্যদিকে রয়েছে সরকারি ব্যবস্থার বিপুল ফাঁকফোকর। সিদ্ধান্তহীনতা, ঊর্ধ্বতনকে খুশি করা, মন্ত্রী পরিষদের ভিত্তিহীনতা। শুধু এই গল্প নয় তপন বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক পর্বের গল্পগুলি নিয়ে পৃথক করে ‘বস বৃত্তান্ত’ নামে গল্পগ্রন্থ প্রকাশ করেছেন। মনে পড়ে ‘বস ভার্সাস কেরানি’, ‘প্রধানমন্ত্রীর লাঞ্চু’, ‘রাজ্যপালের বপু’, ‘প্রধানমন্ত্রীর হ্যান্ডশেক’, ‘গবরমেন্ট মানে ঈশ্বর’, ‘রাত এগারোটার কিস্যা’, ‘কমিশনারের কিক’, ‘কমিশনারের অডিট’ গল্পের কথা। প্রায় গল্পে সেই ভিত্তিহীন সিস্টেম, নিয়মের গ্যাঁড়াকল কীভাবে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে অথচ দিনের পর দিন কোন কাজই হচ্ছে না তা যে নির্মাণে উপস্থাপন করেন তা বাংলা গল্পের এক জরুরি আয়োজন। সময়ের অভ্রান্ত সত্যকে, কর্মজীবনের অভিজ্ঞতার আস্তরণকে শিল্পের আঙিনায় কতভাবে প্রতিষ্ঠা করা সম্ভব তা প্রমাণ করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, জরাসন্ধ থেকে একালের তপন বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সেন, অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী।

হাকিম জীবনের অভিজ্ঞতা থেকে বাংলা কথাসাহিত্যের এক নতুন পরিসর গড়ে তুলেছিলেন জরাসন্ধ। অপরাধীদের সত্য-মিথ্যা, পাগলামি, খ্যাপামি, পক্ষ-বিপক্ষের উকিল দ্বারা চূড়ান্ত মিথ্যা ও সত্যের হয়রানির যে বৃত্তান্ত গড়ে উঠেছিল তা বাংলা কথাসাহিত্যের যেমন নতুন দিক তেমনি আমাদের আইনি ব্যবস্থারও নতুন পাঠ। আবার আইন সংস্কার, সংবিধানের ভিত্তিহীন নিয়মনীতিকে সামনে রেখে উপনিবেশ উত্তর দেশের বিচার ব্যবস্থার তত্ত্বকাঠামোকে যে ভঙ্গিমায় দেবেশ রায় ‘সাংবিধানিক এজলাস’ আখ্যানে বুনন করেন তা প্রশংসার দাবিদার। তপন বন্দ্যোপাধ্যায় আমলাতন্ত্র-প্রশাসন-সরকার-বিচার ব্যবস্থাকে নানাদিক থেকে বিশ্লেষণ করে গল্পের প্লট গড়ে তুলেছেন। শৃঙ্খল পরায়ণ এই সাংবিধানিক কাঠামোর মধ্যে যেমন ফাঁফফোকর, চুরি আছে তেমনি আইনের জাঁতাকলে প্রশাসক নিজেও আটকে যাচ্ছে। তপন বন্দ্যোপাধ্যায়ের ‘এন.সি.এল’ গল্পের পটভূমি কিছু পাগলাটের জেল থেকে মুক্তি। এন.সি.এল অর্থ নন ক্রিমিনাল লুনাটিক। পুলিশ রাস্তাঘাটে পাগলাটে, বিকৃত আচরণকারী, উন্মাদ পেলে বন্দি করে রাখে। পরে সঠিক খোঁজ খবর, পরিচয় পেলে আইন ব্যবস্থার সূত্র অনুসারে ছেড়ে দেয়। কিন্তু যাদের কোনো পরিচয় নেই, যাদের খোঁজ কেউ করে না তারা বছরের পর বছর জেলেই থেকে যায়। জেলে এমন বন্দি সংখ্যা তিয়াত্তর জন। সকলেই সরকারি টাকা ধ্বংস করে দিব্যি আছে। এরমধ্যে লাবণ্য দত্ত তেরো বছর ধরে আছে। হাকিম তমোনীশ চান এদের মুক্তি দিতে। সরকারি অর্থ বাঁচাতে। লাবণ্য দত্তকে পূর্বের হাকিমরা কেউই মুক্তি দিতে পারেনি। সে পাগলাটেও নয়। স্বামী অনিমেষ দত্ত রেলের বড় অফিসার। আবার হাকিম তমোনীশ যখন ক্রমেই এন.সি.এল-এর সংখ্যা কমিয়ে আনে, পুলিশ আরো পাগলাটে ভর্তি করে। জেলে খাবার প্রদানের অনুপাতে ভাগ বাটোয়ারা সরকারি ব্যবস্থাকে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে ঠেলে দিতে পারে তা লেখক স্পষ্ট করেছেন—

“নৃপেনবাবু চোরাহাসি হেসে বললেন, মানে বুঝলেন না, স্যার। জেলে যত কয়েদি কিংবা এন.সি.এল থাকবে, তত জেলখানার অফিসার, কর্মীদের লাভ। জেলে একজন লোক বাড়লেই তার থাকা-খাওয়ার খরচ থেকে কিছু ‘কমিশন’ পায় ওরা।

তমোনীশ রেগে গনগনে হয়ে বলল, কমিশন পাওয়াচ্ছি ওদের। আপনি এন.সি.এল.-দের বাড়ি বাড়ি চিঠিগুলো পাঠান তো দ্রুত।

কিন্তু তমোনীশ চারজনকে রিলিজ করতে পারে তো নতুন তিনজন এনে ঢুকিয়ে দেয় পুলিশ। কখনো চিত্রটা আবার উলটো। সে দুজনকে ছাড়তে পারল তো পাঁচজন নতুন এন.সি.এল. এসে ঢুকে পড়ল জেলখানায়।” (‘এন.সি.এল’, তদেব, পৃ. ২৮)

গল্পের দুটি দিক। একদিকে অসংখ্য এন.সি.এল.-দের নিয়ে পুলিশ-আইন ব্যবস্থার চোর পুলিশ খেলা, অন্যদিকে এন.সি.এল. লাবণ্য দত্ত নিজেই কেন্দ্রবিন্দু হয়ে ওঠা। যেহেতু সেই দীর্ঘদিন ধরে এন.সি.এল-এর আওতাভুক্ত হয়ে আছে। তমোনীশের মতে সরকারি অর্থ অপচয়। সে যে করেই হোক লাবণ্যকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু লাবণ্য পূর্ব জীবনে ফিরে যেতে চায়নি, এমনকি জীবনের গল্প শুনিয়েছে। একদিকে নারী মনস্তত্ত্ব, একদিকে আইনশৃঙ্খলার দ্বন্দ্ব বড় হয়ে ওঠে। এন.সি.এল. লাবণ্য দত্ত জেলেই থাকতে চায়। হাকিম তমোনীশ তাকে মুক্তি দিতে চায়। আইনের যুক্তিতে, আইনের সর্বাধিনায়ক আইন প্রয়োগ করে লাবণ্যকে মুক্তি দিলেও পরের দিন দেখে সে হাকিমের বাংলোর সামনে ঘাস খাচ্ছে। সুন্দর লাবণ্য যাকে কোনোদিন পাগলাটে উন্মাদ মনে হয়নি, সেই আজ উন্মাদ হয়ে গেছে। বলা ভালো জীবনের উন্মাদনাকে সে ছায়াতাপে ঢেকে রেখেছে। অথবা জেলে থাকতেই এই উন্মাদের অভিনয়। যে নারীকে স্বামী কলঙ্কবতী বলে তার স্থান বোধহয় গৃহে শোভা পায় না। লাবণ্য উন্মাদ হয়ে জেলেই থাকতে চেয়েছে, স্বামীগৃহে আর ফিরতে চায়নি। জীবনের অভিমান মানুষকে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে নিয়ে যায় তার এক আশ্চর্য আবিষ্কারক তপন বন্দ্যোপাধ্যায়। গল্পসেতু যে বয়ানে নির্মিত হয়ে চলে তাও সম্পূর্ণ নতুন। প্লটের অভিনবত্ব, জীবনকে দেখার মুন্সিয়ানা, জীবনের মধ্যে আইনশৃঙ্খলার ধারাপাত নিপুণভাবে বুনে দেওয়ায় সিদ্ধহস্ত ছিলেন বলেই তপন বন্দ্যোপাধ্যায় একজন জরুরি গল্পকার হয়ে ওঠেন।

গল্প তো ইতিহাসের অংশ, সময়ের পরাক্রান্ত সুর। সময়ের দলিলিকরণে বিশ্বাস রেখেছিলেন মহাশ্বেতা দেবী। প্রবাহিত সময়ের সার্বিক সত্যকে ধরেই জীবনের গল্প শুনিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়। প্রশাসন-পঞ্চায়েত-বিচারব্যবস্থা, শ্রেণিহীনের অকথিত ভাষ্যের মধ্যে সময়ের বীজ, তথ্য, ইতিহাস ও দলিলকে যে মাত্রায় বুনে দেন সেখানে গল্প ইতিহাসের অংশ হয়ে ওঠে। আজ থেকে পঞ্চাশ বছর আগে ঘটে চলা পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থার খুঁটিনাটি, প্রাপ্তি-অপ্রাপ্তির বয়ান, উকিলদের ছকবাজি, বামফ্রন্ট সরকারের ভূমিব্যবস্থাকে সামনে রেখে একাধিক আইন ও আইনকে বুড়ো আঙুল দেখানো পাবলিক নিয়ে ‘অলাতচক্রে অভিমন্যু’ গল্পের যে প্লট গড়ে তোলেন তা নিপুণ সময় জ্ঞানকে যেমন প্রতিষ্ঠা করে তেমনি জীবনের প্রত্যাখ্যানের স্বর কত ব্যাধি আক্রান্ত তা জানান দেয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আমরা দেখেছি গ্রাম্য মানুষ কলহ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-সমরেশ বসু যে পটভূমির সত্য গড়ে তুলেছিলেন, যার মধ্যে দেশকাল সার্বিকভাবে জুড়ে ছিল তা পরবর্তীতে আরেক মাত্রায় প্রতিষ্ঠা করেছেন সাধন চট্টোপাধ্যায়-অভিজিৎ সেন-ভগীরথ মিশ্র-তপন বন্দ্যোপাধ্যায়। তপন বন্দ্যোপাধ্যায়ের আলোচ্য গল্প থেকে জীবনের মশকরা, মামলা মোকদ্দমার হুজুগ ব্যক্তিকে কোন সত্য থেকে কোন সত্যে নিয়ে যায়, ভুলভুলাইয়ায় মত্ত হয়ে জীবনের সাধারণ সত্যই হরিয়ে ফেলে তার একটা দৃষ্টান্ত দেওয়া যাক—

“গতবছর পাশের গাঁয়ের একাদশী মাইতি কী নিয়ে মামলা করা যায়, কী নিয়ে, এমন ভাবতে ভাবতে তার বাইশ বছরের দামড়া ছেলে যে তার আগের দিনের সন্ধেবেলা ইয়ারবন্ধু জুটিয়ে বাড়ির মুরগি কেটে ফিস্ট করেছে, সেটা মনে পড়তেই অমনি ফৌজদারি কোর্টে গিয়ে ছেলের নামে মামলা। বাবা ছেলের বিরুদ্ধে মুরগি চুরির কেস এনেছে শুনে এজলাসে ভিড় হয়েছিল কদিন। ম্যাজিস্ট্রেটও ঠোঁটের কোণে একচিলতে হাসি আলতো করে ঝুলিয়ে সওয়াল শুনতেন মন দিয়ে। শেষে ছেলের নামে পঁচাত্তর টাকা ফাইন হতে একাদশীর কী উল্লাস। মামলায় জিতে এসে ছেলের হাতে পঁচাত্তর টাকা দিয়ে বলল, ‘যা গিয়ে, এজলাসে গিয়ে ফাইনটা দিয়ে আয়।’ ছেলের উকিলের ফি, জরিমানা—সবই একাদশীকে গুনতে হলেও তার একই সঙ্গে দুনো লাভ। কদিন ভরপেট ভাত খেয়ে কোর্টে মামলাও লড়া হল। আবার কেসে জেতাও হল দিব্যি। ছেলেটা হেরে গেল এই যা একটু দুঃখু। হারবে না! যা উদোমার্কা ছেলে তার!” (অলাতচক্রে অভিমন্যু, তদেব, পৃ. ২৪২)

আপাত হাস্যরসের আড়ালে আছে গভীর দেশকালের চিত্র। গ্রামের বোকা মানুষ কীভাবে মামলা মোকদ্দমায় প্রায় নেশাগ্রস্ত হয়ে নিজেদের সর্বস্বান্ত করেছিল। গল্পের নামে পুরাণের ইশারা থাকলেও গল্প পুরাণ প্রসঙ্গ নেই। অর্জুন রাউতের পুত্র নোদো রাউত মৃত পিতার চাকরির টোপে মোকদ্দমায় সর্বস্বান্ত হয়েছিল সেই চিত্র। গ্রাম্য খাঁদু দিন্দার (গ্রামে উকিল বলে পরিচিত হলেও সে উকিল নয়, তাঁর কাজ শহরে উকিলের কাছে মক্কেল পৌঁছে দেওয়া ও কমিশন খাওয়া) পাল্লায় পড়ে মৃত চৌকিদার অর্জুন রাউতের ছেলে নোদো রাউত ও পরিবার সর্বস্ব হারালো। এই চক্রান্তের আড়াল দিয়ে লেখক গত শতকের শেষ তিরিশ বছরের পঞ্চায়েত আইন, চৌকিদারদের সরকারি কর্মীতে রূপান্তর, পর্যাপ্ত বেতন নির্ধারণ, চৌকিদারদের বয়স গোপন, পঞ্চায়েতে মৃত পরিবারের চাকরি সংস্থান, সেখানে নিয়মের গ্যাঁড়াকল, আমলাদের বিধিনিষেধ, আইন সংস্কার, বিচার প্রণালীর বদলের যে এক্তিয়ার গড়ে ওঠে তা বঙ্গদেশের মানচিত্রের এক দলিল। নিয়ম রাজনীতির গোলকধাঁধায়, উকিলি বৃত্তান্তের গোপন যূপকাষ্ঠে নোদো রাউতরা যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ’ উপন্যাসের চালতা গাছ নিয়ে বিবাদরত সর্বস্বান্ত প্রান্তিক পরাজিত মানুষের উত্তরাধিকার বহন করে চলেছে।

২.
বাংলা কথাসাহিত্যে সুন্দরবন নিয়ে বহু আখ্যান লেখা হয়েছে। তেমনি সুন্দরবনকেন্দ্রিক গল্প/কবিতার সংকলন যেমন চোখে পড়েছে তেমনি সুন্দরবনকেন্দ্রিক চর্চা দিনে দিনে প্রসারিত হচ্ছে। কথাকারদের মধ্যে মনে পড়ে সাধন চট্টোপাধ্যায়, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সোহারাব হোসেন, নিরঞ্জন মণ্ডল, বীরেন শাসমলের কথা। তপন বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাস ‘নদী মাটি অরণ্য’ এই পটভূমিতেই লেখা। তাঁর অসংখ্য গল্পে সুন্দরবনের পটভূমি এসেছে। সমস্ত গল্পে তিনি ভূগোলের গল্পই শুনিয়েছেন কিন্তু সেই গল্পের মধ্যে সুন্দরবনের সমাজ-অর্থনীতি-রাজনীতি-সংস্কৃতি এমনভাবে মিশে আছে যা প্রশংসার দাবিদার। ‘ব্রহ্মার হাতে গড়া পুতুল’ গল্পের একটি বয়ান শোনা যাক—

“শুনুন, স্যারেরা, আমরা সব ব্রহ্মার হাতে গড়া পুতুল। সৃষ্টিকর্তা সেই একবার গড়ে আমাদের ফেলে রেখেছেন সুন্দরবনের দ্বীপে, তারপর আর খোঁজ নেননি। আপনারা স্যার একটু দেখবেন ব্রহ্মার পুতুলদের। কী যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়।” (তদেব, পৃ. ৩৮৪)

ঘোষণাটি গল্পে তিনাবার উচ্চারিত হয়েছে। তৃতীয়বার শেষাংশে ‘কী যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়’ এর বদলে উচ্চারিত হয়েছে—‘ব্রহ্মার পুতুলরা এত খরাবন্যাতেও মরে না।” ঘোষক কালীবাবু। কাকদ্বীপ মোড়ে তিনি চলমান আকাশবাণী। বাজার সংবাদ, ক্ষুধা সংবাদ, কৃষিসংবাদ, আগন্তুক সংবাদ পরিবেশন করে চলেন। সাইনবোর্ডের বিজ্ঞাপনের তুলনায় মাইকের ঘোষণা অপেক্ষাকৃত কাজ বেশি হয় বলে সমস্ত দোকানদার কিছু অর্থ কালীবাবুকে প্রদান করেন। এইভাবে সংসার চলে। অন্যদিকে গল্পকথক সাংবাদিক তীর্থবাবু প্রায়ই সুন্দরবনে আসেন সংবাদ সংগ্রহে। ফিচার, রিপোর্ট লেখার মধ্য দিয়ে তিনি বারবার জেনে যান সুন্দরবনের মানচিত্র-দুর্দশার খতিয়ান-নোনা জলের সংবাদ-পুঁজিপতিদের বিকাশ-খরা-বন্যায় সাধারণ মানুষের ত্রাহিত্রাহিরব। বছরের পর বছর ব্রহ্মার সন্তানরা এখানে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জন্মের পর না সৃষ্টিকর্তা না রাষ্ট্র কেউই খোঁজ নেয়নি। ভাত কাপড়ের সংস্থান করেনি। মানুষ জন্ম-মৃত্যু-অভাব-ফসলহীনতা-নোনা জলে সর্বস্ব হারিয়ে তবুও সৃষ্টিকর্তার জীব হয়ে টিকে আছে। গল্পশেষে গল্পকথকের বয়ানে পাই—

“খরাবন্যা সুন্দরবনের মানুষদের নিত্যবছরের কাহিনি। রবিচাষ কখনও হবে না এমনই ধারণা ছিল বাসিন্দাদের। তাও সম্ভব হয়ে উঠেছে মানুষের বেঁচে থাকার প্রবল ইচ্ছের ফলে। পৃথিবীর মানচিত্রে সুন্দরবন এলাকা একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিন্দু। এরকম অসংখ্য বিন্দু নিয়েই এই পৃথিবী। খবর নিলে এরকম বহু বিন্দুর লড়াইয়ের কাহিনি প্রকাশিত হবে মানবসমাজে। মানুষ মরে যায়, কিন্তু মানব মরে না।

মাইল মাইল মাঠখেতের পটভূমিতে দাঁড়িয়ে, এত সব কর্মকাণ্ড চাক্ষু করে আমি আশ্চর্য হয়ে আবিষ্কার করছিলাম ব্রহ্মার পুতুলদের বেঁচে থাকার জন্মজন্মান্তরের কাহিনি।” (তদেব, পৃ. ৩৯১)

তপন বন্দ্যোপাধ্যায় গল্পে নিবিড় ডিটেলিং-এ জোর দিয়েছেন। তেমনি কালীবাবু যেন পাড়াগাঁর কথকতার ডিজিটাল ভার্সান। সমস্ত তথ্য-সংবাদ-দুঃসংবাদ কাকদ্বীপ থেকেই স্থানীয় মানুষ এবং ভ্রমণার্থী জেনে যাচ্ছেন। খবরিয়া বৃত্তান্তের আরেক স্বরূপ পেয়েছিলাম অমর মিত্রের ‘মোমেনশাহী উপাখ্যান’ উপন্যাসে। এখানে আরেক পরিসর। আমাদের লোকায়ত সত্যকে ধরেই আধুনিকতার রূপান্তর কীভাবে সম্ভব এই কথাকাররা প্রতিষ্ঠা করে চলেছেন।

বিশ্বায়ন পরবর্তী ভোগবাদ, পুঁজিবাদে মধ্যবিত্ত ভদ্রতাবোধ, মূল্যবোধের যেমন দ্রুত বদল ঘটেছে তেমনি ব্যক্তির আঙ্ক্ষার পরিবর্তন ঘটেছে। গগনচুম্ভী অট্টালিকা, বস্তি উচ্ছেদ, ফ্ল্যাট কালচারে, নগরায়ণে নিম্নমধ্যবিত্ত জীবন সমূহ সংকটের মুখে। ভোগবাদের পৃথিবীতে নগরায়ণে কীভাবে বস্তি উচ্ছেদ ঘটছে, দ্রুত শহর সম্প্রসারণে গাছ-পাখি-মানুষ কীভাবে সভ্যতার কেন্দ্র থেকে বাতিল হয়ে যাচ্ছে তা বিবিধ বয়ানে নির্মাণ করেছেন রাঘব বন্দ্যোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, সাধন চট্টোপাধ্যায়, অমর মিত্র, মধুময় পাল। নগর কলকাতা এক প্রমোদ নগরী, বিলাস সজ্জা। বেআইনী অর্থের প্রাচুর্যে মদে মাংস মেয়ে মানুষে এক উচ্ছৃঙ্খল ভোগবাদে জীবন যৌবনের দফারফা যেমন করছে তেমনি বাঙালির মূল্যবোধ, বাঙালিয়ানা একলহমায় ধসিয়ে দিচ্ছে। তা সুতীক্ষ্ন ব্যঙ্গে আক্রমণ করেন রাঘব বন্দ্যোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, মধুময় পাল। মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তের দ্বন্দ্বময় সংকট, ব্যক্তির অন্তর্গত চাহিদা-ভোগবাদের প্রকাশ ও অক্ষমতার মধ্যে জীবনের সংকট কোনখানে এবং কতখানি তা আশ্চর্য পরিসরে নির্মাণ করেছেন তপন বন্দ্যোপাধ্যায় ‘সাড়ে তিন হাত’ গল্প। গল্পের নামকরণে পাঠকের লিও টলস্টয়ের কথা মনে পড়বে। দুই বন্ধু অতুল দামানি ও রূপাংশু। অতুল ক্রমেই উচ্চমধ্যবিত্ত হয়ে ভোগবাদের সাগরে ডুব দিয়ে উচ্চ ফ্ল্যাটের বাসিন্দা হয়ে ক্রমেই ভোগবাদের দাস হয়ে গেছে। অর্থের প্রাচুর্যে মানুষ জীবনকে যেভাবে ভোগ করে, জীবনের বিলাসসজ্জা সাজায় অন্যদিকে রূপাংশু সাধারণ চাকুরিজীবী। রূপাংশ ইচ্ছাকৃতই বন্ধু অতুলের থেকে দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু ক্রমেই মিশতেই হয়েছে এবং অতুলের ভোগবাদী জীবনের অনেকান্তিক বিন্দু বিসর্গের সাক্ষী হতে হয়েছে। দুইজনের জীবন পরিসরের প্রভেদ এমন—

“সতেরোশ স্কোয়ার ফুটে আত্তো দামি পাথর বসাতে কত খরচ তা আর জিজ্ঞাসা করতে সাহস পেল না রূপাংশু। টাকাটা অতুলের কাছে কোনো ফ্যাক্টর নয়। কী করে আরও কেতায় থাকবে, আরও কতটা সুখ কেনা যায় সেটাই তাদের একমাত্র চিন্তা। রূপাংশু যে ছোট্টো বাড়িটা করেছে তার মেঝের রং লাল। তার চারপাশে কালো বর্ডার দিয়ে একটা রাজকীয়তা ফোটাতে গিয়েছিল সে-সময়। মোজাইক তার কাছে স্বপ্ন। অতুলের বাড়ি এলে সে তার পাশে আরও কয়েক ইঞ্চি ছোট লিলিপুট হয়ে যায়।” (তদেব, পৃ. ১৪০)

একদিকে অক্ষমতা, অপরাধবোধ, অন্যদিকে সেই ভোগবাদী জীবনে মিশতে অনীহা। কিন্তু ঘটনাচক্রে বারবার সেখানে যেতে হচ্ছে, আর বারবারই দেখছে ফ্ল্যাটের সজ্জাবিন্যাস বদলে যাচ্ছে। একদিন হঠাৎ খবর এলো ফ্ল্যাট ভেঙে বহুমানুষ মৃত হয়েছে। বন্ধু অতুলও গোটা পরিবার নিয়ে মৃত। ভিত্তিহীন উচ্চতলার ফ্ল্যাট, দ্রুতগতির যান, ভোগবাদী জীবন কীভাবে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে তার পরিণতি কত ভয়ংকর তা লেখক জানান দিয়ে যান।

৩.
সাপ-মানুষের ইতিবৃত্ত আমরা পেয়েছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘নারী ও নাগিনী’ গল্পে। আবার সর্প নিধনকে সামনে রেখে মহাশ্বেতা দেবী শ্রেণিশত্রু নিধন ও শ্রেণির জয়ের বয়ান গড়ে তুলেছেন। সাপুড়েদের জীবনচেতনা, বংশ পরম্পরায় জীবনকে বৃহৎ পটভূমিতে এঁকেছেন শুভংকর গুহ ‘বিয়োর’ উপন্যাসে। তপন বন্দ্যোপাধ্যায় ‘ব্যভিচারিণী’ গল্পে এক সাপুড়ে ও একাধিক সাপকে কেন্দ্র করে মানুষ-পশুর সম্পর্কের ইতিবৃত্ত যেমন গড়ে তুলেছেন তেমনি পশুর যৌনসত্তাকে প্রাধান্য দিয়েছেন। মানুষ-পশুর সম্পর্ক নিয়ে বাংলা সাহিত্যে একাধিক গল্প লেখা হয়েছে। মনে পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কথা। প্রতি গল্পেই মানুষ-পশুর প্রতি ভালোবাসার সম্পর্ক দেখতে পাই। কিন্তু মানুষ-পশুর যৌনতার সম্পর্ক বাংলা গল্পে এই বুঝি প্রথম। লখিন্দর সাপের সমঝদার। সে সাপ পোষে, মানুষকে সাপের বিষ থেকে নেশা প্রদান করে সামান্য অর্থ রোজগার করে বটে কিন্তু সাপ বিক্রি করে না। আবার সাপের বিষ বিক্রি করে (যা মানুষ নেশা হিসেবে গ্রহণ করে) যে অর্থ পায় তা সাগরেদ ষষ্ঠীপদ রাখে। অর্থের প্রতি তেমন লালসা লখিন্দরের নেই। এমনকি স্ত্রী গোলাপি চলে যাবার পর সাপ পদ্মগোখরোকেই স্ত্রী হিসেবে মনে মনে ভাবে, এমনকি সাপের সঙ্গে নিজে সোহাগ করে। বাস্তব পৃথিবী থেকে সম্পূর্ণ উদাসীন লখিন্দর সাপের সঙ্গে সহবত করেই জীবন কাটিয়ে দিচ্ছে। ঘরে হরেকরকম সাপ। শুধু পদ্মই লখিন্দরের সঙ্গে সর্বত্র যায়, থাকে। এমনকি এই পদ্মগোখরোর বিষ একদিন চেয়েছিল গোপালনগরের ভবগোঁসাই। অভিমানে লখিন্দর বক্রোক্তি তো করেই এমনকি এরপর থেকে পদ্মকে আর বাইরে নিয়ে যায় না। অন্যদিকে আবার একটা গোখরো সাপের খোঁজ পায়। সেটি পুরুষ। লখিন্দর মনস্তাত্ত্বিক দ্বিধায় ভোগে। একঘরে নারী-পুরুষ উভয় সাপ থাকলে সে বঞ্চিত হতে পারে। ফলত সে পুরুষ সাপটিকে বিক্রি করে দিতে চায়। অথচ ঘরে প্রবেশ করে দেখে দুটি সাপ শঙ্খিনী ধরলে অভিমানে সে সাপ দুটিকে হত্যা করে। মানব প্রেমের এক উচ্চস্তর এ গল্পে যেমন দেখি তেমনি মানব মনস্তত্ত্বের নিপুণ বিন্যাস প্রতিফলিত হয়। এমনকি যৌনতার স্বরূপ কত প্রকরণে যেতে পারে, মানুষকে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যেতে পারে তার যে অভ্রভেদী নির্মাণ দেখি তা বাংলা গল্পের এক অচেনা দিক। যৌনতা নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প লেখা হয়েছে, সে জগদীশ গুপ্ত থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, হালের সুবিমল মিশ্র, মলয় রায়চৌধুরী, অজিত রায়, দেবজ্যোতি রায় আরো বহুনাম করা যেতে পারে। কিন্তু মানুষ ও পশুর যৌনতার এতো মরাত্মক বয়ান ও মনস্তত্ত্বের গভীর পাঠ বাংলা গল্পে অনুপস্থিত। বাস্তব থেকে অনেক দূরে গিয়ে এক বিভ্রান্ত বাস্তবে ডুবে গিয়ে, বাস্তবের শূন্যতাকে লখিন্দর ভরাট করতে চেয়েছে নিত্য সঙ্গী পদ্মগোখরো দ্বারা। আবার বিষের নেশায় জীবনের সাধারণ সত্যই যেন ভুলে গেছে। বিষ জীবনকে এমন উন্মাদ করেছে যে বাস্তব থেকে আরো এক বিভ্রান্তির বাস্তবে গিয়ে নিজের স্বাভাবিক অধিকার হারিয়ে আরো এক অধিকারবোধ গড়ে তুলেছে। লখিন্দর নিজের ভালোবাসার সঙ্গী করে রাখতে চায় পদ্মগোখরোকে, এমনকি সাপের লালায় নেশাগ্রস্ত হয়ে জীবনের সাধারণ সত্য ভুলে যায় কিন্তু পশুর যৌনতা তো মানুষ দিয়ে পূরণ হবার নয়। প্রকৃতির জীব তার আপন স্বাজাতিকে পেয়ে যৌনতায় স্বাভাবিক আনন্দে মেতে উঠেছে। যা ঈর্ষারযোগ্য হয়ে উঠেছে লখিন্দরের কাছে। বাংলা সাহিত্যে তপন বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যভিচারিণী’ এক উল্লেখযোগ্য গল্প। সময়ের অনলশিখায় দেশকালের ধারাপাত যেমন বিস্তারিত হয়ে চলে তেমনি বাংলা গল্পের স্পর্ধিত স্বরও ঘোষিত হয় উচ্চস্বরে। প্রসঙ্গত তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পে পশু-প্রাণীর বিবিধ প্রসঙ্গ নানাভাবে এসেছে। পশু প্রাণীকে সামনে রেখে তিনি বঙ্গদেশের স্বরূপ বিবিধ বয়ানে নির্মাণ করেছেন। মনে পড়ে ‘হরিণের মাংস’, ‘সাপ’, ‘কুকুর’, ‘গিনিপিগ’, ‘ফড়িং হইল পক্ষী’ গল্পের কথা।

গত শতকের সাতের দশকে লিখতে আসা নবীন কথাকাররা প্রান্তিক জীবনচেতনার উপর যেমন বিশেষ জোর যেমন তেমনি ভারততীর্থের এক অচেনা দলিল রচনা করেছেন। নগরকেন্দ্রিকতা থেকে বহুদূরে অভাবী প্রান্তজন কীভাবে বেঁচে থাকে। প্রান্তজনের জীবন, ভূগোল, সমস্যা, অনাহার যেমন উঠে এসেছে তেমনি প্রান্তিক মানুষের ভাব ভালোবাসা-প্রেম-শখ আহ্লাদ-জীবনবোধ-উদারতা-বোকামি-সামান্য প্রাপ্তিতে মুখ উজ্জ্বল চিত্র নিয়ে আরেক পরিসর গড়ে উঠেছে। মহানগর থেকে অনেক দূরে ভারততীর্থের আরেক পরিসরের মানুষ সামান্য প্রাপ্তি-অপ্রাপ্তিতে সুখে-দুখে, হাসি-কান্নায়, প্রেম-প্রেমহীনতায় যে জীবনচক্র তপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভিজিৎ সেন, নলিনী বেরা, সৈকত রক্ষিত, আবুল বাশার, আফসার আমেদ আবিষ্কার করেন তা জনগণতান্ত্রিক প্রদেশের বৃহত্তর দলিল। সাহিত্য যে প্রকৃতপক্ষে জীবনবোধ, জীবনের দলিলিকরণ, জীবনের নির্যাসকে অপরূপ কায়দায় নির্মাণ, যে প্রবণতা ছোটোগল্পের ক্ষেত্রে আরো তীব্র, আরো খতরনাক, আরো শুদ্ধ স্বচ্ছ, আরো নিরেট যা এইসব গল্পকাররা নানাভাবে প্রমাণ করেছেন। গত শতকের পাঁচ-ছয়ের দশকে বাংলা সাহিত্য যখন মধ্যবিত্ত শ্রেণিচক্রে ডুবে আছে, নগরকেন্দ্রিকতায় কেবল মানব মনস্তত্ত্ব, নারী-পুরুষের সম্পর্কে নির্ধারণে নরেন্দ্রনাথ মিত্র, জ্যোতিরিন্দ্র নন্দী, দিব্যেন্দু পালিত, সুনীল গঙ্গোপাধ্যায়, রমাপদ চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ক্লান্তিকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘দেশ’ নামক সাহিত্যের বাণিজ্যকেন্দ্রকে সম্মুখে রেখে, পাঠকও ক্রমেই হতাশ হচ্ছে তখন বাংলা সাহিত্যকে কিছুটা হলেও উজ্জীবিত করেছিল এইসব তরুণ গল্পকাররা। তপন বন্দ্যোপাধ্যায়ের ‘রাজা নীলকান্ত ভিখারি নীলকান্ত’ গল্পে জোতদারের মুনিস নীলকান্তের যে নিজস্ব জগত নির্মিত হয়, সর্বস্বান্ত নীলকান্ত নির্জন উদার আকাশের তলায় নিজেকে সম্রাট ভাবে এবং তা একদা ভেঙেও যায় তার মধ্য জীবনচক্রের যে অপরূপ রহস্য রচিত হয় তা জীবনেরই সার্বিক পাঠের মন্থন। জীবনের বহুমাত্রিক সত্য থেকে একটা প্লট তুলে এনে সেখানে চরিত্রের সজ্জায় জীবন ও ভূগোলের সত্যকে ধরে অনুভূতির বিস্মিত পাঠ তা একান্ত গল্পকারের দক্ষতাকে নিঃসন্দেহে প্রমাণ করে। সামান্য রাখাল নির্জন চরে গিয়ে সারাদিন মহিষ চড়ানোর মধ্যে নিজেকে সম্রাট ভাবে। উদার আকাশের অসীম প্রান্তে নির্জন উপসর্গে সে অনুভূতির গভীর প্রদেশে ডুবে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’, সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গোঘ্ন’ যে সামাজিক ইস্তেহারের দলিল তার ঠিক বিপরীতে তপন বন্দ্যোপাধ্যায়ের ‘রাজা নীলকান্ত ভিখারি নীলকান্ত’। এক রাখালের অসীম অনুভূতি যা জীবনচক্রের দলিল, যার মধ্যে শ্রেণিসত্য-ভৌগোলিক সত্য ডুবে আছে অথচ তা অতিক্রম করে জীবনকে উচ্চতম শিখরে পৌঁছে দেওয়া তার অনুভবী পাঠ বাংলা গল্পের উচ্চ নিকেতন। তবে প্রান্তজন তো জিতবে না। নবারুণ ভট্টাচার্য, রাঘব বন্দ্যোপাধ্যায়ের মতো তপন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রকে আবার সীমানায় বেঁধে দেন। এই যে সামান্য বিন্দুতেই উদার আকাশকে অনুভব, যা জীবনকে পবিত্র মহৎ করে তার সমবায়ী পাঠ গল্পকারের দক্ষতাকে প্রমাণ করে।

গত শতকের পাঁচ-ছয়ের দশকে লিখতে আসা কথাকাররা সাতের দশকে সময়ের গল্প, রাজনীতির গল্প লিখেছেন। নকশাল আন্দোলন পরবর্তীকালীন মুক্তিযুদ্ধ, জরুরি অবস্থা, বামফ্রন্টের উত্থানকালীন রক্তক্ষয়ী সংগ্রামে যে উত্তাল সত্তর তার সমকালীন পাঠকে বিবিধ ভঙ্গিতে ধরে রেখেছেন অসীম রায়, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়, অমলেন্দু চক্রবর্তী, উৎপলেন্দু চক্রবর্তী, মণি মুখোপাধ্যায়, তপোবিজয় ঘোষ, স্বর্ণ মিত্র, মহাশ্বেতা দেবী। তেমনি সাতের দশকে লিখতে আসা সেদিনের তরুণরা সময়কে ছিন্নভিন্ন করেছেন নানা ভঙ্গিতে। স্বভাবতই মনে আসে নবারুণ ভট্টাচার্য, রাঘব বন্দ্যোপাধ্যায়, সাধন চট্টোপাধ্যায়ের কথা। আবার সময়কে ধরেই সময়ের আরেক পরিসর গড়ে তুলেছেন তপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, অভিজিৎ সেন। রক্তক্ষয়ী সংগ্রাম, মার্ডার, অতিরিক্ত রাজনীতি সচেতনার বদলে রাজনীতিকে প্রান্তদেশীয় সংবাদে কীভাবে প্রবেশ করানো সম্ভব তা এইসব গল্পকার নির্মাণ করেছেন। তপন বন্দ্যোপাধ্যায়ের ‘রণাঙ্গন’ গল্পের পটভূমি সাতের দশকের রক্তক্ষয়ী সংগ্রাম, নির্বাচন, মার্ডার, দলগত রাজনীতি। তবে গল্প হিসেবে সাধারণ মানের। এক শিল্পী অঙ্কনের শিল্পসত্তা, সাংসারিক অভাব, দেওয়াল চিত্র অঙ্কনের মধ্যে গণজাগরণ, বিপক্ষ দলের চোখরাঙানির মধ্যে সময়ের মানচিত্র থাকলেও শিল্পের মানচিত্র নেই। বা সময়কে শিল্পে পরিণত করার যে জরুরি আহ্বান তাও চোখে পড়ে না।

কালগত অবক্ষয়ে বঙ্গীয় সংস্কৃতি যখন বিপন্ন তখন জরুরি হয়ে ওঠে তপন বন্দ্যোপাধ্যায়ের ‘এত অক্ষর বলো কোথায় রাখব’ গল্প। আজকের বাঙালির অভিধানচর্চা প্রায় কমে এসছে। এমনকি নতুন শব্দের যে চলমান পরিসর গড়ে উঠছে তার কোনো চর্চা নেই। আবার দুই-একজন অভিধান নিয়ে যথার্থ চর্চা করলেও প্রকাশকহীনতায় সে কাজ দিশাহীন হয়ে থাকছে। আখ্যানের কথনের মধ্য দিয়ে অভিধানচর্চাকে কীভাবে সমৃদ্ধতায় পৌঁছে দেওয়া সম্ভব তা দেখিয়েছেন রামকুমার মুখোপাধ্যায়, স্বপন পাণ্ডা। মধুময় পাল, অলোক গোস্বামী, স্বপ্নময় চক্রবর্তী প্রায়ই নতুন শব্দ সৃষ্টিতে নিজেদের সক্রিয় রাখেন অথচ সেসব নিয়ে যথার্থ চর্চা নেই। বাঙালির অভিধানচর্চা কত গুরুত্বপূর্ণ সেই পাঠ প্রতিষ্ঠা করেছেন লেখক। আবার একটি অভিধানকে কেন্দ্র করে জীবন-সময়-ইতিহাসের গল্প কেমনভাবে গড়ে তোলা সম্ভব তার নির্ভরযোগ্য বয়ান গড়ে তোলেন। গল্পকথকের শৈশবে বই পাঠের অদম্য উৎসাহ ছিল। অথচ তেমন বই ছিল না। গ্রামীণ লাইব্রেরি, অন্যের বাড়ির বিবাহতে প্রাপ্ত বই দ্বারা একটা ক্ষুদ্র লাইব্রেরি গড়ে তুলেছিলেন। প্রধান শিক্ষক অভিধান চর্চার কথা বললে বালকটি দিশাহারা হয়ে যায়। বই ক্রয়ের তো অর্থ নেই। সে ন-কাকার ঘরে একটি অভিধান দেখেছিল। যা ন-কাকা পেয়েছিল পরীক্ষায় ভালো হাতের লেখার জন্য। এমনকি এই পুরস্কারের জন্য উদ্‌বাস্তু দাদু কিছুটা সম্মানিত হয়েছিল। সর্বস্বহারা মানুষ আবার যেন কিছুটা সম্মান ফিরে পেয়েছিল। আবার হাতের লেখা ভালো বলেই ন-কাকা দলিল লেখার চাকরি পেয়েছিল। যত দলিল কপি করতে পারবে তত টাকা। সংসারকে বাঁচাতে ন-কাকার হাতের লেখা নষ্ট হয়ে গিয়েছিল। সে দিনের বালকটি আজ বড় হয়েছেন, অনেক বই কিনেছেন, স্থান সংকটে অনেক বই বিক্রি করেও দিয়েছেন কিন্তু স্মৃতির সূত্র ধরে পুরাতন অভিধানটি রেখে গেছেন। এমনকি অবসরপ্রাপ্ত ন-কাকাকে অভিধানটি ফেরত দিতে চাইলেও, আর ফেরত দেওয়া সম্ভব হয়নি, ন-কাকা হঠাৎ মৃত হন। একটি বইকে সামনে রেখে গ্রন্থচর্চা-জীবনচর্চা-ইতিহাসচর্চা ও অভিধানের গুরুত্ব বুঝিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে। একটি বইকে সামনে রেখে জীবন-সময়ের ভাষ্য কীভাবে বিবর্তিত হওয়া সম্ভব তা পরবর্তীতে দেখিয়েছেন কুলদা রায় ‘মেঘনাদবধ’ গল্পে এবং ভিক্টর ভৌমিক ‘ডাক্তার জিভাগো’ উপন্যাসে।

তপন বন্দ্যোপাধ্যায় নিবিড়ভাবে গল্পই গড়েছেন। সেই গল্পে ফাঁক নেই। পাঠজনিত ক্লান্তি নেই। ভাষার মসৃণতা, হিউমার, রসাসক্তি, জীবনের অমোঘ ঘ্রাণকে জানান দেবার অনেকান্তিক বিদ্যা তাঁকে দক্ষ গল্পকার করে তুলেছে। যে কারণে একই পটভূমি (সুন্দরবন) হলেও গল্প পরিবেশনের নিপুণতার জন্য তিনি ঝড়েশ্বর চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে দেন। ঝড়েশ্বরও গল্পই গড়েন কিন্তু সেই গল্পের মধ্যে নতুনত্ব যেমন নেই তেমনি গল্প পরিবেশনের দক্ষতাও তেমন চোখে পড়ে না। তপন বন্দ্যোপাধ্যায় নিজেকে বারেবারে বদলেছেন। জীবনের বিচিত্র সুর তা ভূমি-কৃষক-শ্রেণি-শ্রেণিহীন-আইন-প্রশাসন-পুলিশ-ডাক্তার-নিম্নবর্গ-নিম্নবিত্ত যাই হোক না কেন সেখানে বহির্বাস্তব-অন্তর্বাস্তবের ঘনঘটায় জীবনের যে বিচ্ছুরণ কোলাহল পরায়ণ বাস্তবতায় ব্যক্ত হয় তা বাংলা গল্পের প্রবহমান ধারাপাতকে অনেকখানি মজবুত করে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনীতির অন্তর্কলহ থেকে তিনি বেশি প্রাধান্য দেন প্রশাসনতান্ত্রিক, সংবিধানতান্ত্রিক পরিসরকে। গণ পরিষদের ভিত্তিহীনতা সমাজ বাস্তবকে কীভাবে দংশন করছে, তার প্রতিফলিত অন্ধকারের ব্যভিচার কত খতরনাক তা যে নির্মাণে গড়ে তোলেন তা বাংলা গল্পের প্রথাহীনতাকে অনেক দূরে পর্যবসিত করে। ·