এক.
সাধারণ সম্পাদকের ভাষণ দিয়েই অনুষ্ঠান শুরু হল।
হরষিতের আজ অনুষ্ঠানে আসবার ইচ্ছে ছিল না। কদিন ধরে শরীরটা ভালো নেই। বুকের মধ্যে এক ধরণের যন্ত্রণা। খুবই দুর্বল বোধ করছেন। তাও শেষ মুহূর্তে অণিমার পীড়াপীড়িতে এসেছেন। কিন্তু হলের মধ্যে ঢোকা অবধি শরীরটা আইঢাই করছে।
পুরু লেন্সের চশমার আড়ালে একজোড়া উজ্জ্বল চোখকে আরো বাঙ্ময় করে ভাষণ দিতে উঠলেন ‘ইন্দ্রপুরী’ হাউসিং এস্টেট’-এর ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক উপমন্যু সিকদার।
বন্ধুগণ, ইন্দ্রপুরী হাউসিং এস্টেটের ত্রয়োদশ বিজয়া সম্মিলনী উপলক্ষে ভাষণ দিতে গিয়ে আজ অতীতের দিনগুলো বারবার ধাক্কা মারছে স্মৃতির দরজায়। ইস্টার্ন বাইপাসের লাগোয়া এই সাজানো-গোছানো আবাসন প্রকল্পটি দীর্ঘ কুড়ি বছরের ঘাম ঝরানোর ফল। এককালে ওটা লবণহ্রদ এলাকার মধ্যেই ছিল। আজ কল্পনা করাও কঠিন, এইসব এলাকার অবস্থা বিশ বছর আগেও কেমন ছিল! খোদ ইস্টার্ন-বাইপাসই তখন কাগজের প্ল্যানে ঘুমোচ্ছে। সেই সময়ে, সত্তর বিঘে জলা জায়গা জুটিয়ে নিয়ে শুরু করেছিলুম আমরা ক’জনায় মিলে। বাইরের থেকে মাটি বয়ে এনে ভরাট করা হলো জমি। রাস্তাঘাট তৈরি হলো। প্লটে-প্লটে ভাগ হলো। পানীয় জলের বন্দোবস্ত। প্রচার। মানুষ কি প্রথম প্রথম আসতে চায় এই পাণ্ডববর্জিত জায়গায়? দু-চারজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ এলেন। জমি কিনে বাড়ি বানালেন। দেখাদেখি আরো অনেকে। আপনারা এলেন। ধীরে ধীরে ভরে গেল, ‘ইন্দ্রপুরী’র সবকটি প্লট। ‘ইন্দ্রপুরী’ এখন তার চারপাশের সীমানা বাড়াতে চাইছে। আরো অন্তত একশটি প্লট বানাবার মতো জমি আমাদের জোগাড় করতেই হবে। কারণ, সমাজের বহু বরেণ্য ব্যক্তি আজ ‘ইন্দ্রপুরী’তে সেটল্ করতে চাইছেন। অত্যন্ত গর্বের বিষয়, আজ ‘ইন্দ্রপুরী’ বৃহৎ কলকাতার যে কোনো অভিজাত এলাকাকে প্রথম দর্শনেই লজ্জা পাইয়ে দেবে। কী নেই এখানে? চারটি সেক্টরে সাড়ে তিনশ প্লটের এই আধুনিক নগরীর মধ্যে রয়েছে সুসজ্জিত পার্ক, শিশু-উদ্যান, স্পোর্টস-কমপ্লেক্স, শপিং-সেন্টার, স্কুল-কলেজ-লাইব্রেরি, নিজস্ব মেডিকেল ইউনিট, কমিউনিটি হল, ক্যাসেট লাইব্রেরি, ওপেন স্টেজ, সেলুন-লন্ড্রি-বিউটি পার্লার, হবি-সেন্টার –অ্যাণ্ড হোয়াট নট! আর সর্বোপরি রয়েছেন আপনাদের মতো কিছু রুচিসম্পন্ন সংস্কৃতিবান মানুষ, যাঁরা কেবল শান্তিপূর্ণ অত্যাধুনিক জীবনযাপনের টানে ‘ইন্দ্রপুরী’ কে বেছে নিয়েছেন। সবকিছু মিলিয়ে ‘ইন্দ্রপুরী’ আজ রাজধানীর দুঃসহ জীবনের পাশাপাশি এক টুকরো শ্যামল মরুদ্যান। এখানে জীবন মধুর, স্নিগ্ধ, সুশৃঙ্খল। এক ছায়া-সুনিবিড় শান্তির নীড়...। অশান্তি, উদ্বেগ, বিশৃঙ্খলা, হইচই, ‘ইন্দ্রপুরী’তে ঢুকতে সাহস পায় না...।
শেষ বয়েসে হরষিত যখন এক টুকরো জমি খুঁজে খুঁজে হয়রান, তখনই অণিমা নিয়ে এলেন খবরটা। হরষিতরা তখন বাগবাজারে একটা আড়াই কামরার ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন। ওখানেই কেটেছে দীর্ঘ তেত্রিশটি বছর। নিজের বাড়ির স্বপ্ন অণিমাই দেখত বহুদিন ধরে। মেয়েরাই আগে দ্যাখে। স্বপ্নটা হরষিতের মনেও সংক্রমিত হচ্ছিল। কিন্তু উপায় ছিল না তখন। তিন মেয়ে এবং এক ছেলের ভরণপোষণ, এডুকেশন, মেয়েগুলোকে সুপাত্রস্থ করা—এসব চুকিয়ে-টুকিয়ে বাড়ির কথা ভাববার সময় পাওয়া গেল যখন, হরষিতের রিটায়ারমেন্টের আর বছর দু-তিন বাকি। একমাত্র ছেলে টিক্কু সবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে প্রেসিডেন্সি কলেজে। বছরখানেক চলল জমি খোঁজাখুঁজি। নিজের পাড়ারই শেষ প্রান্তে এক টুকরো জমি বিক্রি ছিল। পাড়ার শুভানুধ্যায়ীরা এক বাক্যে পরামর্শ দিয়েছিল, জমিটা কিনে ফেলুন। এমনকী, জমির মালিক সুশোভনবাবুও বলেছিলেন, আপনি যদি নেন তো কমে-টমে দিয়ে দেব। হাজার হোক, আপনার মতো মানুষ এ পাড়ায় থাকলে...। হরষিত নিমরাজি হয়েছিলেন। কিন্তু বাধ সাধলেন অণিমা। এ পাড়ায় মরে গেলেও বাড়ি করবেন না। অণিমার যুক্তিগুলোকেও একেবারে উড়িয়ে দিতে পারেননি হরষিত। তিনিও তো পাড়াটাকে দেখছেন তিন দশকেরও বেশি। এককালে হয়ত বনেদী মানুষজনের বাস ছিল, কিন্তু এখন এক্কেবারে বসবাসের অযোগ্য। বিশেষ করে বুড়ো বয়েসে মানুষ যে একচিলতে শান্তি খোঁজে, সেটিই এখানে পুরোপুরি অনুপস্থিত। সরু সরু গলিগুলো বাহাত্তুরে বুড়োদের শরীরের শিরা-উপশিরার মতো চারিয়ে গেছে পাড়াময়। দিনের বেলাতেও কেমন অন্ধকার ভাব। ওর মধ্যে বসবাসের বাড়িঘর, মুদির দোকান, কয়লার ডিপো, গম ভাঙানোর কল, লন্ড্রি, সে...। রাস্তাগুলো খানাখন্দতে বোঝাই। দু’পাশের কল থেকে চব্বিশ ঘণ্টা ঘোলাটে জল বয়ে গিয়ে খানা-খন্দগুলো ভরিয়ে তোলে। রাস্তার দুধারে নোংরা ড্রেন। তাতে আদ্যিকালের কাদা-ময়লা মাখানো তেলতেলে কালো জল। পচা বেড়াল ছানা...। মরা সাপের মতো ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে গিজগিজ করে হেঁটে চলেছে মানুষ। ছুটে চলেছে টেম্পো, অটোরিকশো, ঠেলা...। বেওয়ারিশ ষাঁড় শুয়ে রয়েছে রাস্তার মাঝ-বরাবর। অল্প হাঁটতেই প্রাণ হাঁফিয়ে ওঠে। গলির মুখেই ট্রাম-রাস্তা। ভোর তিনটে থেকে রাত বারোটা অবধি ঘড়ঘড়িয়ে চলছে ট্রাম। কেঁপে কেঁপে উঠছে পুরনো কালের বাড়িঘর। ছুটে চলেছে ডবল-ডেকার বাস, মিনি, বিশালকায় ট্রাক। তাদের সমবেত গর্জন এবং কালো ধোঁয়ায় এ এলাকার বাতাস বিষাক্ত হয়ে থাকে বারো মাস। তাও পাড়াটায় যদ্দিন শান্তি ছিল, এসব মেনে নেওয়া গেছে। ইদানিং তাও উধাও। ভদ্রবাড়ির ছেলেপিলেরা সব প্রকাশ্যে মস্তানি-গুণ্ডামি করে বেড়ায়। জবরদস্তি চাঁদা আদায় করে। দিনভর রাতভর অকারণে মাইক বাজিয়ে ফুর্তি করে। হাজার ফিকিরে মানুষের ওপর জুলুম করেই ওদের সুখ। ওদের আবার তিন-চারটে দল। সব এক-একটি পার্টির টিকিতে বাঁধা। আলাদা আলাদা চাঁদা দিয়ে তুষ্ট রাখতে হয় প্রত্যেককে। মাঝে মাঝে কারণে-অকারণে বেধে যায় শুম্ভ-নিশুম্ভের লড়াই। বোমা ফাটে। চাকু-পিস্তল চলে। লাশ পড়ে। এইসব নিয়ে সর্বক্ষণ বাস করতে গিয়ে স্নায়ুর ওপর যে প্রচণ্ড চাপ পড়ে, তা সহ্য করাই কঠিন। অ্যাদ্দিন তবু বয়েসের জোরে কিংবা নিরুপায় হয়ে সবই সয়েছেন হরষিত। কিন্তু বুড়ো বয়েসে এসব সইবে না। এখন চাই শান্ত পরিবেশে ছিমছাম একখানি বাড়ি। নিটোল দিঘির মতো স্বচ্ছ নিরুদ্বেগ জীবন।
অণিমা বলল, ‘সনৎ একটা জমির খোঁজ পাঠিয়েছে।’
‘কোথায়?’
‘ইস্টার্ন বাইপাসের ধারে সুন্দর হাউসিং এস্টেট। ওখানকার পরিবেশের নাকি তুলনাই হয় না।’
দামটা কিছু বেশিই পড়ল। কিন্তু পুরো এস্টেটখানা দেখে দু’চোখ জুড়িয়ে যায় হরষিতের। কলকাতার ধার ঘেঁষে এমন এক ‘ইন্দ্রপুরী’ ছিল, ভাবাই যায় না! হাউসিং এস্টেট তো নয়, কোনো শিল্পীর নিপুন হাতে আঁকা একখানা ছবি বুঝি! প্রতিটি প্লট তিন কাঠা করে। এক্কেবারে সমান মাপের। সামনে ঋজু-প্রশস্ত পিচের রাস্তা। তেলতেলে মসৃণ। রাস্তার দু’ধারে সারিবদ্ধ প্লটগুলোতে হাল-ফ্যশানের দোতলা বাড়ি। বাড়ির সামনে একচিলতে বাধ্যতামূলক বাগান। রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া, দেবদারু, সিলভার-ওক্, জ্যাকারাণ্ডা লাইন করে লাগানো। সব কিছুই সুপরিকল্পিত, সুবিন্যস্ত। তিন-চারখানা মাত্র প্লট খালি ছিল তখনো। চটপট তারই একখানা কিনে ফেললেন হরষিত।
হাউসিং এস্টেটের একটি নির্বাচিত ওয়েলফেয়ার কমিটি আছে। তারাই সারা এস্টেটের প্রশাসনিক, নান্দনিক ও উন্নয়নমূলক ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। ওদের অনুমোদিত প্ল্যান অনুযায়ীই বাড়ি বানাতে হল। শুধু তাই নয়, সামনে যে একচিলতে বাগান, তারও লে-আউট দিয়ে গেল কমিটি-নিযুক্ত ডিজাইনার। তা হোক। নান্দনিক শৃঙ্খলার প্রয়োজনে এটা মেনে নিতেই হবে। সবাই যদি নিজের খুশিমতো প্ল্যানে বাড়ি বানায়, ইচ্ছেমতো দোতলা-তেতলা তোলে, যে-কোনো জাতের গাছ-গাছালি দিয়ে ভরিয়ে দেয় বাগান, তবে এই ছবির মতো কমপ্লেক্সটা দু’দিনেই বাগবাজারের ওই গলির রূপ নেবে। পুবমুখো একতলা বাড়ির পাশেই উঠবে দক্ষিণমুখো পাঁচতলা। আমার বাড়ির গন্ধরাজ গাছকে গ্রাস করবে পাশের বাড়ির ঝাঁকড়া কাঁঠাল কিংবা বকুল। তার চেয়ে ওই বন্ধন ঢের ভালো। বাগানের গাছগুলোর জাত অবধি ঠিক করে দিয়েছে ওরা। কতখানি উঁচু হলে ছেঁটে ফেলতে হবে, সে ব্যাপারেও রয়েছে সুস্পষ্ট নির্দেশিকা। এই শৃঙ্খলাটিকে শৃঙ্খল মনে হয়নি হরষিতের। নতুন পাড়ায় এসে ওঁরা বেঁচেছেন।
দুই.
বাগবাজারে ঘোতন নামে একটি ছোকরা আছে। তাকে ওই তল্লাটের প্রত্যেকেই যমের মতো ভয় করে। ভদ্রবাড়ির ছেলে। দাদু ছিল উকিল। বাবারা চার ভাই মাঝারি চাকরি করে। পৈতৃক তিনতলা বাড়িটিকে ভাগাভাগি করে নিয়েছে ওরা। দরকার মতো দেওয়াল তুলেছে, পাঁচিল ভেঙেছে। ঘোতনটা স্কুলের গণ্ডি কোনো গতিকে টপকেছিল। তারপর আর এগোয়নি। পাড়ার ‘শক্তি সংঘ’-র সেক্রেটারি সে। তার একটি চামচে-বাহিনী আছে, যারা ঘোতনের কথায় দিন-দুপুরে মানুষের ধড় থেকে মুণ্ডু নামিয়ে দিতে পারে। বারো মাস-তিরিশ দিন পাড়া দাপিয়ে বেড়ায় ওই বাহিনী। বারো মাসে তের পার্বণ লেগেই আছে ওদের। পাড়ার পুজো, পাড়ার স্পোর্টস, পাড়ার জলসা, পাড়ার মারামারি—সবকিছু নিয়ে মশগুল রয়েছে সর্বক্ষণ। অস্থির করে তুলেছে পাড়ার শান্তিপ্রিয় মানুষজনকে। হুমকি দিয়ে চাঁদা তুলছে। বোমা-পটকা নিয়ে তাণ্ডব বাধাচ্ছে। আকণ্ঠ মদ গিলে প্রেত নৃত্য নাচতে নাচতে প্রতিমা ভাসাতে চলেছে রাস্তাঘাট জ্যাম করে। গভীর রাতে হইহই করে মড়া বয়ে নিয়ে চলেছে শ্মশানে। বলো হরি--। শেষরাতে মড়া পুড়িয়ে হইহই করে ফিরছে। ওদের চিৎকারে সারা পাড়ার মানুষের ঘুমের দফা গয়া। ঘোতনের একটা মোটর সাইকেল আছে। রাজদূত। আদ্যিকালের পুরনো ঝরঝরে। তার বিকট গর্জনে কানে তালা লাগে। বুক ধড়ফড় করে। তার এক্জস্ট্ পাইপ থেকে কলের চিমনির মতো কালো ধোঁয়া হল্কা দিয়ে বেরোয়। সারাদিন ওই রাজদূতে চড়ে পাড়াময় টো-টো করে বেড়ায় ঘোতন। পেছনে বসে থাকে এক নম্বর চামচে বিল্টে। কালো চামচিকের মতো অবয়ব তার। কিন্তু খেপে গেলে ওই শরীরে নাকি শয়তান ভর করে। ওদের তেমন একটা ঘাঁটান নি হরষিত। ঘাঁটানোর ইচ্ছে কিংবা সাহস কোনোটাই ছিল না। কিন্তু ওর ওই শব্দ-বাহনটি দিনের মধ্যে নানান আছিলায় যাতায়াত করত হরষিতের বাড়ির সামনে দিয়ে। পাশে ছিল গদাইয়ের পান-সিগ্রেটের দোকান। ঘোতন ওখানে পান-সিগ্রেট খেত। গাড়ির ইঞ্জিন বন্ধ করত না। বরং মাঝে মাঝে পিক-আপ তুলত দ্বিগুণ, আর কালো ধোঁয়া ছড়াত চতুর্গুণ। ওই বিকট আওয়াজ আর বিষাক্ত ধোঁয়া বেশিক্ষণ সহ্য করা কঠিন। একদিন বেজায় বিরক্ত হয়ে হরষিত বলেছিলেন, ‘তোমার মোটর-বাইকটায় বড্ড আওয়াজ হয়। সাইলেন্সার-পাইপটা—।’ জবাব যা দিল, কানে আঙ্গুল দিতে হয়। সেই থেকে হরষিত পণ করেছিলেন, ওদের সঙ্গে আর কথাই বলবেন না। মুখদর্শনও নয়। কিন্তু হরষিতের ইচ্ছেয় তো সবকিছু হয় না। ওরাই আসত দর্শন দিত। ধূমকেতুর মতো উদয় হত যখন-তখন। আগমনের প্রধান উদ্দেশ্য ছিল চাঁদা আদায়। হাজার অছিলায় চাঁদা তুলত ওরা। পুজোর চাঁদা, পার্টির চাঁদা, আমোদ-প্রমোদের চাঁদা...। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, সরস্বতি, গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, জগদ্ধাত্রী, মায় সন্তোষী মায়ের পুজো অবধি কিছুই বাদ দিত না। পার্টির চাঁদাও হরেক কিসিমের। পার্টির মাসিক চাঁদা, বার্ষিক চাঁদা, মিটিং-মিছিলের চাঁদা, নির্বাচন তহবিল, আঞ্চলিক সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য-সম্মেলন, বন্যা-খরা...। এছাড়াও আরো কত অজুহাতেই যে চাঁদা তুলত ওরা! একটা জলসা করছি দাদা। চাঙ্কি পাণ্ডেকে কন্ট্যাক্ট করেছি। দুটো বেওয়ারিশ মড়া পোড়াতে হবে দাদা। সামনের হপ্তায় পাড়ার স্পোর্টস্। ক্লাব থেকে সাইকেল-ভ্রমণে বেরোচ্ছে তিনজন। দল বেঁধে আসত, দরজা খটখটাত, রসিদখানা ধরিয়ে দিয়ে বলত, এখন দেবেন? নাকি ক্লাবে গিয়ে দিয়ে আসবেন? চামচেরা যখন এসব কম্মো করত, ঘোতন বসে থাকত ওর ঝরঝরে রাজদূতে। বিকট আওয়াজ তুলত ইঞ্জিন। কালো ধোঁয়া ছাড়ত। দু’কান ঝালাপালা। হরষিত তখন কোনো গতিকে চাঁদাটি মিটিয়ে দিয়ে রেহাই পান। ব্যাপারটা তাও কোনো গতিকে সহ্যের মধ্যে ছিল। এক্কেবারে অসহ্য হয়ে যেত টেলিফোন নিয়ে। হরষিতের একটা টেলিফোন ছিল। কখনো-সখনো চালু থাকত ওটা। অধিকাংশ সময়ই বিকল। ওই টেলিফোনটার দিকে থাকতা সারা পারার শ্যেনদৃষ্টি। ঘোতনরা তো মাঝে-মাঝেই আসত। দরজা খুলতেই সদলবলে ঢুকে পড়ত হইহই করে। অনুমতির ধার ধারত না।
-টেলিফোনটা তো খারাপ, ভাই।
-ও কথা সবাই বলে দাদা।
-সত্যি বলছি, খারাপ।
-আমাদের হাতের ছোঁয়ায় ফের চালু হয়ে যাবে দাদু।
--এই, এই, তোমরা বিশ্বাস করছ না তো? শুধু শুধু যাচ্ছ বাবা। চালু থাকলে—
--আরে, এ তো আচ্ছা ঠ্যাঁটা লোক মাইরি! পটলা বোসের দাদু হেঁচকি তুলছে। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। আপনি তো আচ্ছা সেলফিস্ জায়েণ্ট মাইরি!
টেলেফোন চালু থাকলে দু দশ মিনিটে ব্যাপরটা হয়ত চুকে যেত। কিন্তু অচল থাকলে বাড়িসুদ্ধ লোকের দুর্দশার অন্ত থাকত না। বিকল টেলিফোনে লাইন পাওয়ার আশায় অবিরাম রিসিভার তোলা-নামানো, এক নাগাড়ে খটাখট বোতাম টিপতে থাকা। ছোটমেয়ে সুমিতার বিয়ে হয়নি তখনো। ওই ঘরে বসেই পড়াশুনা করে সে। অন্য ঘরে পালিয়েও তার নিস্তার নেই।
--এই মেয়ে, এক গ্লাস ফ্রিজের ঠাণ্ডা জল আনো তো।
--আমিও এক গ্লাস খাব।
--আমিও খাব।
জল খেয়েই দলের একটা খ্যাংরা-কাঠির মতো ছোকরা শুধোয়, কোন ক্লাসে পড়, খুকি? খুকি! সুমিতা তো রেগে টং। রাগের চোটে কেঁদে ফেলে বুঝি। খালি গেলাসখানা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় শোবার ঘরে।
তিন.
সনৎ, অণিমার পিসতুতো ভাই, থাকে একনম্বর সেক্টরে। চার নম্বর থেকে বেশ দূরে। বলেছিল, ইনভিটেশনটা আপনার ব্যাপার। ওঁরা আসবেন কিনা, সেটা ওঁদের ব্যাপার। সেই অনুসারে হরষিত চার নম্বর সেক্টরের সবাইকে নেমন্তন্ন করেছিলেন গৃহপ্রবেশের দিনে। এখানে নেমন্তন্ন করবার কোনো ঝক্কি নেই। একদিন হরষিত গেলেন ওয়েলফেয়ার কমিটির অফিসে। একটা ছোট্ট অ্যাপলিকেশন, আমি গৃহপ্রবেশ উপলক্ষে চার নম্বর সেক্টরের সবাইকে নেমন্তন্ন করতে চাই। সঙ্গে পঁচাত্তরটি ছাপানো কার্ড, খাম এবং টাইপিং ও ডেলিভারি বাবদ কিছু টাকা। টাকার পরিমাণটা মোটেই বেশি নয়।
‘ব্যস।’ সনৎ বলল, ‘ইয়োর টাস্ক ইজ ওভার। ওরাই এবার খামে ঠিকানা টাইপ করবে, ডাক টিকিট লাগাবে, এবং যথা সময়ে পোস্ট করে দেবে।’
‘চিঠিগুলো সব ডাকে যাবে নাকি?’
‘তবে?’ সনৎ কপাল কোঁচকায়, ‘হাতে হাতে বিলি করবে নাকি? হাতে একগোছা খাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দরজা খট-খটানো! ওইসব ব্যাপারগুলোই এখানে ভুলে যান হরষিতদা। এখানে কেউ কাউকে বাধ্য না হলে, একতিল বিরক্ত করবে না। সেদিন আমাদের কমিউনিটি হলে একটা ওয়ার্কশপ হয়ে গেল ওই নিয়ে। ‘ভেক্সিং ইয়োর নেইবার’। কত সামান্য কারণে যে মানুষ কত বেশি ডিস্টার্বড হয়...। ভারি সুন্দর আলোচনা হল। একজনের বাড়িতে একটিবার মাত্র কলিংবেল টিপলেই, ওই বাড়ির সমস্ত বাসিন্দার ওই দিনের জীবন-যাপনের ছন্দটাই কীভাবে পুরোপুরি এলোমেলো হয়ে যেতে পারে, ওই বক্তৃতা শুনলে বুঝতেন।
আশ্চর্য! হরষিত ভাবেন। এ-পাড়ায় কি তবে বাণীদি নেই? আকাশবাণীদি? ওয়েলফেয়ার কমিটির অফিসে সেদিন উপমন্যু সিকদার বললেন, ‘বাই দ্য বাই, গৃহপ্রবেশের দিন বাড়িখানা সাজাবেন-টাজাবেন তো?’
মাথা নেড়ে সায় দেন হরষিত। মৃদু হাসেন, সামান্য একটু ডেকরেশন...।
‘সামান্য কেন? ভালো করেই সাজাবেন। গৃহপ্রবেশ বলে কথা।’ উপমন্যু প্রশ্রয়ের হাসি হাসেন, ‘আপনি ইচ্ছে করলে সেজন্যে কমিটির অ্যাপ্রুভ্ড্ ডেকোরেটর নিতে পারেন।’
হরষিত ইতস্তত করেন। ডেকোরেশনের জন্য পাড়ার অসিতকে তিনি অ্যাড্ভান্স করে ফেলেছেন। তিন মেয়ের বিয়েতে গেট-প্যাণ্ডেল-আলো সবকিছুর ঝক্কি সামলেছে অসিতই। আর, এমন আনন্দের দিনে তাকে বাদ দেওয়াটা—
‘অ্যাপ্রুভ্ড্ ডেকোরেটর নেওয়াটা কি ম্যাণ্ডেটরি?’
মৃদু হাসেন উপমন্যুবাবু। বলেন, ‘আসলে কী জানেন? প্রথম প্রথম আমরা অ্যালাও করতাম। কিন্তু নানা জনে নানা পার্টিকে নিয়ে আসে। তারা এই এস্টেটের রীতিনীতি কিছুই জানে না। ভর দুপুরে, লেডিজদের রেস্ট নেবার সময়, ঘড়ঘড় আওয়াজ তুলে বাঁশের ঠেলা ঢুকল। তারপর ধরুন, বাঁশ, কাগজ, পীচ বোর্ড, চাঁচের বেড়া ইত্যাদি এনে, সামনে স্তূপাকার করে, দিনভর ঠকাঠক...গর্ত খুঁড়ছে, পেরেক পুঁতছে...। কাজের শেষে বাড়ির সামনে ফেলে গেল কাঠের টুকরো, বাঁশের পাব, মরচে ধরা পেরেক, কাগজ-রাংতা—সব মিলিয়ে ব্যাপারটা অন্যের কাছে বড়ই ডিস্গাস্টিং। সেই কারণে, আমরা মিটিং করে, রেজোল্যুশন নিয়ে...। আমাদের ডেকোরেটরকে কমিটির অ্যাপ্রুভ্ড্ ডিজাইন দেওয়া আছে। রেটও রিজনেব্ল্ অ্যান্ড ফিক্স্ড্। ওরা সবকিছু ওদের ফ্যাকট্রিতে বানাবে। গৃহপ্রবেশের দিন নিঃশব্দে সেট করে দেবে। আপনার ‘নেইবার’রা জানতেই পারবে না। আমাদের এই সিদ্ধান্তটিকে একটু হয়ত ডিক্টেশন মনে হতে পারে, কিন্তু কী জানেন মিঃ বাগচী, আজকের দিনে, মানুষের কাছে, পিস ইজ আ মির্যাজ। সেই কারণেই, কোনোভাবেই মানুষের সামান্যতম শান্তিভঙ্গ করাটা এক ধরণের ক্রাইম।
এর ওপর আর কথা চলে না। অসিত, অতএব, বাতিল।
একদিক থেকে দেখলে, ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। সমস্ত কাজ কত সহজে, কত মসৃণভাবে চুকে যায় এতে। দর কষাকষি, মন কষাকষি, তাগাদা, হুজ্জোতি, উদ্বেগ—এসবের বালাই নেই। আর, খরচ যা পড়ল, অসিতের চেয়ে সামান্য বেশি।
গৃহপ্রবেশের দিন ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারিকে নিয়ে নিমন্ত্রিত ছিলেন ছিয়াত্তরটি ফ্যামিলি। তার মধ্যে আটষট্টিটি পরিবার থেকে শুভেচ্ছাবাহী টেলিগ্রাম সকালের ডাকে পেয়ে গেছেন হরষিত। উপমন্যু, এলেন নটায়। কমিটির তরফ থেকে ফুলের সুদৃশ্য বোকে দিয়ে গেলেন। সাড় নটা নাগাদ বাকি সাতজন এলেন মিনিট দশকের ব্যবধানে। ঢাউস ফুলের তোড়া দিলেন হরষিত আর অণিমার হাতে। আপনাদের ‘ইন্দ্রপুরী’-বাস সুখ ও শান্তিময় হোক।
--বসুন, বসুন। কী সৌভাগ্য আমাদের। ওরে, কে আছিস, জলদি পাত পেড়ে দে এঁদের জন্য।
--সরি! লাঞ্চ সেরেই বেরিয়েছি। অফিসে যাচ্ছি তো।
--আর, আমি তো দশটায় লাঞ্চ করিই না। এখন হেভি-টিফিন। দেড়টায় অফিস-ক্যান্টিনে লাঞ্চ।
--তা হোক। আজকের দিনে অন্তত একটু মিষ্টিমুখ না করলে—
-- মিষ্টি? আপনি হাসালেন মিঃ বাগচী। মিষ্টি সেই কবে ছেড়ে দিয়েছি।
--আইসক্রীম? ক্রনিক ফ্যারেন্জাইটিস।
--আচ্ছা একখানা মিষ্টি দিন। স্রেফ একখানা। ম্যাডামের অনারে।
আত্মীয়স্বজনরা এসেছিল হাতিবাগান-চেতলা-পুঁটিয়ারি থেকে। হইহই করে সব পোলাও-মাংস, দই-মিষ্টি সাবাড় করল ওরাই। ভাগ্যিস এসেছিল! নইলে, অত জিনিষ, নষ্টই হত! ‘ইন্দ্রপুরী’র রীতিনীতি সম্পর্কে খানিকটা জ্ঞান-সঞ্চয় হলেও, এটা হরষিত এক্কেবারেই আন্দাজ করতে পারেনি। সনৎও কোনো আগাম আভাস দেয়নি। পরে জিজ্ঞেস করায় ব্যাপারটা খোলসা করেছিল। এহ্ হে! এ কী-কাণ্ড করেছেন আপনি! কথায় কথায় সব্বাইকে বাড়িতে ডেকে এনে গাণ্ডেপিণ্ডে গেলানো। আসবে, গিলবে, ব্যবস্থাপনার নিন্দে করতে করতে ফিরে যাবে, এই তো? যত না খাবে, ফেলে-ছড়িয়ে নষ্ট করবে তার চতুর্গুণ। বাড়ির সামনে কাঙালিদের ভিড় জমে যাবে। এঁটোকাঁটার স্তূপে একপাল কুকুর রাতভর থার্ড ওয়ার্ল্ড–ওয়ার বাধাবে। মেয়ের বিয়ে দিয়ে ফতুর হওয়ার জোগাড়, কিংবা হয়ত প্রিয়জনের মৃত্যুশোক জমাট বেঁধে রয়েছে বুকের মধ্যে ভারি পাথরের মতো, তার মধ্যেও পাড়া-পড়শি, চেনে-আধচেনা, সবাইকে পাত পেড়ে গেলাতে হবে। বলেছি না, এখানে ওসব শরচ্চন্দর-মার্কা সিস্টেম ভুলে যেতে হবে আপনাকে।
--এখানে কি তবে বিয়ে-শাদি-উৎসবে খানা-পিনার কোনো বন্দোবস্তই নেই?
--আছে, তবে খুবই কম। এটা যে শুধু খরচের প্রশ্ন, কিন্তু নয়। আসলে, এটা অতি ডিস্টার্বিং সিস্টেম। আপনি তো নেমন্তন্ন করেই খালাস। আমি ইনভাইটেড হয়ে, পড়লাম অবলিগেশনে। আমার অন্য কাজ আছে, আমার শরীর ভালো নেই, আমি সারা সন্ধ্যে পড়াশুনা করব ভেবেছি, আমার ইচ্ছে করছে না—তা সত্বেও একখানা প্যাকেট বগলে গুঁজে আমাকে যেতে হবে আপনার বাড়িতে। আপনার খেয়ালখুশিমতো সময়ে আপনি আমাকে পীড়াপীড়ি করে খাওয়াবেন সেইসব বস্তু, যার অধিকাংশই আমি খাই না। আমার ওয়ার্ক-রুটিনের বারোটা বাজল। আমার ডায়েট-রুটিন, ডায়েট-চার্ট, শিকেয় উঠল। খাওয়ার দশ মিনিট আগে আমার একটা লিকুইড টনিক খাওয়ার কথা ছিল, এদিনের মতো বাদ রইল সেটা। কেন? আমার ছন্দোবদ্ধ জীবনের ওপর এতখানি অত্যাচার করে আপনি কিনলেন খানিকটা তৃপ্তি, কী না, কত খরচই না করলাম! কী ভুরিভোজখানাই না দিলাম! কী সুখ্যাতিই না হল আমার!
--এখানে কি তবে বিয়ে-শাদিতে প্রীতিভোজের ব্যাপারটাই উঠে গেছে?
--পুরোপুরি ওঠেনি। কেউ কেউ এখনো অন্যকে ডিস্টার্ব করে আনন্দ পায়। আর, যে কোনও ছুতোয় গাদাগুচ্ছের খরচ করে মধ্যযুগীয় সুখ পায়। কী আর করা যাবে! একদিনেই সব বদলানো যায় না। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে--। তবে করলেও এখন আর কেউ নিজের বাড়িতে এসব ঝঞ্ঝাট রাখে না। কমিউনিটি হলের লাগোয়া আমাদের ক্যাটারিং-কর্ণার রয়েছে। অ্যাপ্রুভ্ড্ ক্যাটারার রয়েছে। ওয়েলফেয়ার কমিটিকে তিন-লাইনে অ্যাপ্লাই করুন, মেনু এবং হেডসহ। তিনদিনের মধ্যে এস্টিমেট পেয়ে যাবেন। টাকাটা জমা দিয়ে আপনি চুপচাপ বসে থাকুন ঘরে। কমিটি উইল টেক কেয়ার অব্ এভ্রিথিং। আপনি শুধু দেখবেন, নির্দিষ্ট দিনে ক্যাটারিং-কর্নারে অভ্যাগতরা এলেন, ক্যাটারার পরিবেশিত সুস্বাদু খাবার খেলেন এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে ফিরে গেলেন। এই তো, আমার ছোটমেয়ের বার্থ-ডে-তে পার্টি দিলাম। সবাই এল, অ্যাটেন্ড করল, আমি তখন স্টেট্স-এ।
--বুঝলাম। তবুও আমার অনুষ্ঠানে আমার বাড়িতে পাঁচজনের পায়ের ধুলো না পড়লে—
--শুধু পায়ের ধুলোই পড়বে? জোরে হেসে ওঠে সনৎ। সারা ঘর, মেঝে, দেওয়াল, কার্পেট জুড়ে তেল-মশলা, অন্ন-ব্যঞ্জনের হরেক ছোপ, আপনার বেডরুম, ড্রইংরুম এলোমেলো ছত্রাকার..., আপনার সাধের বাগানটি পদপিষ্ট..., ঠিক নয়?
গৃহপ্রবেশের পরদিন হরষিত গিয়েছিলেন কমিটির অফিসে। অনেক গল্প-গুজব হল উপমন্যু সিকদারের সঙ্গে। বিদায় নেবার সময় উপমন্যুবাবু বললেন, ‘খুব হইচই হল কাল, কী বলেন? গৃহপ্রবেশ বলে কথা।
‘’কয়েকজন আত্মীয় এসেছিল তো—।’ হরষিত মৃদু হাসলেন, ‘ওরাই মাতিয়ে রেখেছিল বাড়িটা।’
‘ভেরি গুড।’ উপমন্যু সিকদার অমায়িক হাসেন, ‘শুধু দেখবেন, আপনার আনন্দ চারপাশের মানুষজনের কষ্টের কারণ হচ্ছে কিনা।’ একটু থামলেন উপমন্যু সিকদার। লক্ষ্য করলেন হরষিতের প্রতিক্রিয়া, ‘একটা জিনিষ আমাদের সব্বাইকে মনে রাখতে হবে। আমাদের চারপাশের বাড়িগুলোতে একজামিনি-স্টুডেন্ট রয়েছে, ইন্সেন্টিভ কেয়ারের পেশেন্ট রয়েছে, দিনভর খেটে আশা মানুষজন রয়েছে, ঘুমের পিল খেয়ে ঘুমানো বৃদ্ধ রয়েছেন—আর, এঁরা সব্বাই এখানে এসেছেন, ঠিক আপনার মতোই, একটুখানি নিরুদ্বেগ স্নিগ্ধ জীবনের আশায়।
খুব মিষ্টি করেই কথাগুলো বলেছিলেন উপমন্যু সিকদার। কিন্তু হরষিতের বুঝতে কষ্ট হয়নি, তিনি বাইরের উটকো লোক এনে গভীর রাত অবধি নিজের বাড়িতে হল্লা বাধানোর জন্য তিরস্কৃত হলেন।
পরবর্তীকালে পুরো বাপারখানা বিশ্লেষণ করে দেখেছেন হরষিত। শুনতে খারাপ লাগলেও, কথাগুলো অযৌক্তিক নয়। কী অধিকার আছে তাঁর, অন্যের বহুমূল্যে কেনা শান্তিটুকু কেড়ে নেওয়ার? এই ক্ষোভেই না তিনি নিজের বাগবাজার ছেড়েছেন তেত্রিশ বছর বাদে!
চার.
বাণীদিকে সবাই আকাশবাণীদি বলে।
আকাশবাণী বাগবাজার--। খবর পড়ছেন...। বাণীদির নজর এড়িয়ে এ পাড়ায় কিছু হওয়ার জো নেই। প্রত্যেকের দুটো করে চোখ, তাও সামনের দিকে। বাণীদির মুণ্ডুজুড়ে সামনে পেছনে অসংখ্য চোখ। তাই দিয়ে তিনে সব দেখতে পান। পাড়ার-বেপাড়ার প্রতিটি ঘরের হাঁড়ির খবর বাণীদির নখদর্পণে। পাড়ার সব্বাই তাঁকে চেনে। তিনিও সব্বাইকে। সব বাড়িতেই তাঁর অবাধ যাতায়াত। মাছি যেমন মুখে নোংরা নিয়ে উড়ে বেড়ায়, বাণীদিও তেমনি। এক ঘরের কথা বয়ে নিয়ে যান অন্য ঘরে। সেখানে ওটা খালাস করে দিয়ে, আবার ওই বারির কথা মুখে নিয়ে উড়ে যান তৃতীয় বাড়িতে। এইভাবে বাণীদির দিন কেটে যায়। কারোর বাড়ির কোনো খবর জানতে হলে, তাই, এ পাড়ার কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়ায় না। সরাসরি বাণীদির কাছে গিয়েই হাজির হয়। বাণীদিও রেডিওতে খবর পড়বার ভঙ্গিতে সবকিছু বলে যান গড়গড় করে। আসলে, এটা স্থানদোষ। বাণিদি একটু বেশি বেশি করলেও, এ পাড়ায় প্রায় সকলেই একই রোগে ভুগছে। অন্যের ব্যাপারে সর্বদা অগাধ কৌতূহল। কে কী খেল, কী করল, কে কোথায় বেড়াতে গেল, সব জানা চাই মানুষজনের। বাইরের রোয়াকে বসে কথা বলছে দু’জনায়। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কান খাড়া করে শুনে নিচ্ছে তৃতীয় জন। জানলার পর্দা ভেদ করে চোখদুটি অব্যর্থ নিশানায় পাঠিয়ে দিচ্ছে একেবারে রান্নাঘর অবধি। আর একটি রোগ হল, সর্বদা গায়ে-পড়া ভাব। আলাপ থাকলে তো কথাই নেই। গায়ে পড়ে গপ্পো জুড়বে, খবর দেবে, নেবে। আধ-চেনা কিংবা অচেনা হলেও ‘ক’টা বাজে দাদা’, কিংবা ‘উহ্, আজ কী গরম পড়েছে দেখেছেন—’ বলে আলাপ জমিয়ে ফেলবে। অন্যের ব্যাপারে কৌতূহল দেখানো যে এক ধরণের রুচি-বিকৃতি তা ও-পাড়ার মানুষ বোঝেই না।
‘ইন্দ্রপুরী’তে এসে হরষিত তাই অণিমাকে প্রথম প্রশ্নটি করেছিলেন, ‘এই যে আমরা এখানে এলুম, তোমাদের আকাশবাণীটি তো জানেই।’
‘জানলেই বা। বয়েই গেল।’
‘যদি ঠিকানা খুঁজে চলে আসে কোনোদিন? লাইফ হেল করে দেবে।’
অণিমা জবাব দেয় না। সেও জানে, আকাশবাণীদি সেটা পারে। অন্যের ব্যাপারে খবর সংগ্রহ করে সে এক বিজাতীয় আনন্দ পায়।
কিন্তু ক’দিন কেটে গেল, বাণীদি এল না। হরষিতরা হাঁফ ছেড়ে বাঁচলেন।
‘ইন্দ্রপুরী’তে এ সবের বালাই নেই। কেউ কারোর কথায় থাকে না। আড়িপাতা, চোরা-চাউনি, কারো ব্যাপারে অকারণ উৎসাহ দেখানো, আগ-বাড়িয়ে ভাব জমানো, একের খবর অন্যকে পরিবেশন করা—এসব এখানে ভাবাই যায় না। বাড়ির সামনে একচিলতে সবুজ জমি। বিকেলের দিকে চেয়ার পেতে বসেন হরষিত আর অণিমা। গ্রীলের গায়ে অলক-লতা দোল খায়। সামনের রাস্তা দিয়ে মানুষজন হেঁটে গেল। সামান্য কৌতূহলবশতও তাকাল না হরষিতের বাড়ির দিকে। এসব এটিকেট বিরোধী কাজ। এমনকি শপিং-সেন্টারে, কিংবা কমিউনিটি হলে, খুব বন্ধুত্ব না থাকলে, বেশি কথাবার্তা বলবে না কেউ। শুধু ‘হ্যালো’ বলবে। সঙ্গে মৃদু হাসি-বিনিময়। চেনা কিংবা অচেনা, ওই মৃদু হ্যালোজেনটি জ্বালাতেই হবে মুখে। না হলে সেটাও চরম অসৌজন্য।
বাণীদি অবশ্যি মাস তিনেক বাদেও এলেন না। হরষিতের মনের দুশ্চিন্তা তবু ঘোচে না। বাণীদি না এলেও অন্যেরা রয়েছে। ঘোতন অ্যাণ্ড কোং। এখন না এলেও পুজোর আগে তো আসবেই। পুজোর মাসখানেক আগে থেকেই বুকটা তাই ঢিপঢিপ করছিল হরষিতের। এদেশে পুজো মানেই হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া। সকাল না হতেই দলে দলে হাজির হবে। লাল-হলুদ-গোলাপি রসিদ ছুঁড়ে মারবে। ঘোতনের দল আসবে একেবারে শেষে। অন্য পাড়ায় আগে, নিজের পাড়ায় শেষে। নিজের পাড়ার লোকজন মানে তো খাঁচার মুরগি। যখন ইচ্ছে জবাই করা যায়। গেল বছর সাকুল্যে সাড়ে চারশ টাকা চাঁদা দিতে হয়েছিল হরষিতকে। সে তো তবু ভাড়াবাড়ি ছিল। এবার হরষিতের নিজস্ব বাড়ি। --তিন লাখ খসিয়ে বাড়ি করলেন দাদা, একান্ন টাকার রসিদ দেখেই ভিরমি খাচ্ছেন? চারপাশে অনেকগুলি পুজোর ব্যানার ঝুলছে রাস্তায়-ঘাটে,মোড়ের মাথায়। যাতায়াতের ফাঁকে নজরে তো পড়েই। হৃদ্কম্পটা বেড়ে যায়। এরা সবাই আসবে চাঁদার বই নিয়ে। হরষিত যে রিটায়ার করেছেন, সেটা কি চাঁদা তোলার সময় মনে রাখবে ওরা?
একদিন ডাকে একখানা চিঠি পেলেন হরষিত। বেশ জমকালো মোটা খাম। খাম খুলেই ধীরে ধীরে বোধগম্য হল। ওয়েলফেয়ার কমিটির চিঠি। কমিটির গত বছরের সিদ্ধান্ত অনুসারে সবাইকে একান্ন টাকা দিতে হবে ‘ইন্দ্রপুরী’ হাউসিং এস্টেটের নিজস্ব পুজা বাবদ। আগামী অমুক তারিখের মধ্যে পুজো কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে, রসিদের একটি জেরক্স কপি কমিটির অফিসে জমা দেবার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, আগামী এত তারিখে বিজয়া সম্মিলনী হবে কমিউনিটি হলে। নাচ, গান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। সেই কারণে আপনার কাছে পাঠানো হল একটি ফর্ম। আপনি কিংবা পরিবারের কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে, অংশগ্রহণকারীর নাম, বয়স, কোন বিভাগে অংশগ্রহণ করতে চান ইত্যাদি লিখে ফর্মটি অমুক তারিখের মধ্যে কমিটির অফিসে অবশ্যই জমা দেবেন। হরষিত বিস্মিত হয়ে কাগজগুলোর ওপর চোখ বোলাতে থাকেন। সকাল নেই, দুপুর নেই, রাত্রি নেই, যখন খুশি দরজা ঝনঝনাবে, চাঁদার পরিমাণ নিয়ে তর্কাতর্কি, অপমান, হুমকি—এসব নইলে পুজো! বাগবাজার হলে অ্যাদ্দিনে ঘোতনের ঝরঝরে রাজদূত দিন-রাত কান ঝালাপালা করে দিত না? সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার আমন্ত্রণও এভাবে কস্মিনকালে পাননি তিনি। পুজো উপলক্ষে সাতদিন ধরে অবশ্যি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বাগবাজার এলাকার সব প্যাণ্ডেলে। চব্বিশ ঘণ্টাই মাইকে চড়াগলায় ‘দম মারো দম’ গোছের গান। দিনে-রাতে এক মুহূর্ত থামে না। ‘বাগবাজার চক্র’ নামে একটি নাটকের ক্লাব আছে। তারা কোনো কোনো বছর পুজোর সময় নাটক করে। গলির মোড়ে স্টেজ বানিয়ে, বড় রাস্তাটাকে অডিটোরিয়াম হিসেবে ব্যবহার করে ওরা। একবার ওই ক্লাবের পাণ্ডা শঙ্কর এল দলবল নিয়ে। তাদের আগামী নাটকে হরষিতের মেজ মেয়ে পাপিয়াকে পার্ট করতে হবে। হরষিত-অণিমা প্রবল আপত্তি জানান। ওরা অনুরোধ করতে থাকে নরমে-গরমে। শেষে হুমকি দিয়ে যায়। নাটক-ফাটক তো এক বাহানা, শঙ্করও ঘোতনেরই স্বগোত্র। বিষ্ঠার ও-পিঠ। ওকেও ভয় পায় বাগবাজারের সব্বাই। ওদের সংস্থাটিকে বলে, ‘বাগবাজার চক্রান্ত’। অনেক ভেবেচিন্তে, শুভার্থীদের পরামর্শে শেষ অবধি নিমরাজি হত হয় হরষিতকে। মেয়েটা যে ভেতরে ভেতরে একপায়ে খাড়া, তা কি তখন জানতেন? অনুমতি পেয়েই যেভাবে লাফাতে লাফাতে রিহার্সালে চলে গেল, তাতেই মালুম হল ব্যাপারটা। হরষিত স্পেশাল কার্ড পেয়েছিলেন নাটকের দিন। গিয়েছিলেন অণিমাকে নিয়ে। পাপিয়াকে মানিয়েছিল দারুণ। পার্টও খুব ভালো করছিল। চড়াচড় হাততালি পড়ছিল ওর পার্ট শুনে। সত্যি কথা বলতে কী, হরষিতের মন্দ লাগছিল না ব্যাপারটা।
পাঁচ.
বুকের ব্যথাটা ক্রমশ বাড়ছে। সারা শরীর আইঢাই করছে। দম আটকে আসছে যেন। গুলা শুকিয়ে কাঠ। ঠোঁট, জিভ চটচটে লাগছে। দরদরিয়ে ঘামছেন হরষিত।
বক্তৃতা থেমে গেছে। এখন নাচ-গান চলছে স্টেজে। অণিমা মনোযোগ দিয়ে দেখছেন। হরষিত অলক্ষ্যে একখানা হাত রাখলেন অণিমার হাতে। স্পর্শ মাত্রই চমকে তাকালেন অণিমা। আবছা আলোয় হরষিতকে দেখলেন।
--একি, একদম ঘেমে গিয়েছে যে!
হরষিত অতি কষ্টে সামলাচ্ছেন নিজেকে। চাপা গলায় বললেন, ‘বুকে প্রচণ্ড পেইন হচ্ছে। দম আটকে আসছে।’
অণিমা বিপন্ন বোধ করেন। এই নিশ্ছিদ্র স্তব্ধতায় বেশি কথা বলতেও সংকোচ হয়। ঘড়ির ডায়ালে চোখ ফেললেন অণিমা। এখন সাতটা, কার্ড ছাপা অনুষ্ঠান-সূচী অনুযায়ী, ফাংশন চলবে আটটা অবধি। অতক্ষণ মানুষটাকে এখানে বসিয়ে রাখা উচিৎ হবে না।
অণিমা হরষিতের কানের কাছে মুখ এনে বললেন, ‘চলো, বাড়ি যাই।’ যন্ত্রণা কাতর চোখে সায় দেন হরষিত।
অণিমা চারপাশে আলতো নজর বোলান। আবছা আলোয় নজর বোলান প্রতিটি মুখের ওপর। সবগুলো চোখ মঞ্চের ওপর নিবদ্ধ, স্থির। অণিমা বোঝেন, এ সময়ে উঠে দাঁড়ানো, সারবন্দী দর্শকের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে আসা, সে এক নিরারুণ অসৌজন্য। এক তিলের জন্যও এই নিমগ্নতা ভেঙে গেলে মনে মনে বিরক্ত হবে সবাই। তা-ও নিরুপায় অণিমা উঠে দাঁড়ালেন। হাত দিয়ে হরষিতকে তুললেন। পায়ে পায়ে নিঃশব্দে বেরিয়ে এলেন হল থেকে। কেউ তেমন করে গা করল না ব্যাপারটা। দু-এক মুহূর্তের জন্য তাকিয়েই ফের ফিরিয়ে নিয়েছেন মুখ। কেউ কোনো প্রশ্নই করেন নি। প্রতিটি পদক্ষেপে বাগবাজারি কৌতূহল ইন্দ্রপুরীর মানুষজনের নেই। অণিমার স্বস্তি এখানেই। নইলে, ‘চলে যাচ্ছেন কেন’, কী হয়েছে ওর’, ‘কেমন ব্যথা’, ‘আগে স্ট্রোক-ফোক হয়েছিল কিনা’, লাস্ট কবে ই-সি-জি করিয়েছিলেন’, ‘গ্যাসের ট্রাবল আছে কিনা’, ‘বিকেলে কী খেয়েছিলেন’,--হাজার জনের হাজার কৌতূহল মেটাতে জেরবার হয়ে যেতেন অণিমা।
বাইরের ঠাণ্ডা হাওয়াটা ভালো লাগল। অণিমার হাত ধরে পায়ে পায়ে বাড়িতে এলেন হরষিত। অণিমা ওঁকে বিছানায় শুইয়ে দিয়ে পাখা চালিয়ে দিলেন। মুখে-চোখে অল্প জলের ছিটে দিলেন। দু-এক ঢোক জল খাওয়ালেন। হরষিত নিঃসাড় হয়ে শুয়ে রইলেন বিছানায়।
এখন ঘড়িতে সাতটা দশ। টিক্কু গেছে স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে ব্যায়াম করে, সাঁতার কেটে, টেবিল টেনিস খেলে আটটা নাগাদ ফিরবে সে। ওসব সাংস্কৃতিক অনুষ্ঠান সে একদম পছন্দ করে না। টিক্কুর ফিরতে এখনো মিনিট- পঞ্চাশেক বাকি। অণিমা কী করবেন, ভেবে পাচ্ছেন না। একবার মনে হল, বেহালায় মেজ জামাইবাবুকে ফোন করেন। পরমুহূর্তে ভাবলেন, কী লাভ? অদ্দুর থেকে ওরা করবেই-বা কি? সনৎ কে ফোন করে লাভ নেই। ও এখন বউ-ছেলে নিয়ে ফাংশন দেখছে। এস্টেটের মধ্যেই মেডিক্যাল সেণ্টার। ওদের ফোন নম্বরও রয়েছে অণিমার কাছে। ফোন ধরে ডায়াল করলেন অণিমা এবং কী আশ্চর্য, এক চান্সেই পেয়ে গেলেন।
--হ্যালো, আমি চার নম্বর সেক্টরের সি-১৪ থেকে মিসেস বাগচী বলছি। আমার হাজব্যান্ড হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। কী বললেন? না, না, বুকে ব্যথা, বড্ড ঘামছেন। তালু অবধি--। না, কেউ নেই। ছেলে গেছে খেলতে। আমি? আমাকে যেতে হবে আপনাদের ওখানে? ফর্ম? কিসের ফর্ম? কিন্তু আমি ওঁকে একলাটি ফেলে রেখে যাই কী করে? ছেলে ফিরলে? খুব দেরি হয়ে যাবে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা, কি আর করা যাবে? আচ্ছা, রাখছি, নমস্কার।
হতাশ চোখে ফোন নামিয়ে রাখলেন অণিমা। ব্যাকুল চোখে ঘড়ি দেখলেন। সাতটা কুড়ি। পরদা সরিয়ে বাইরে এলেন। টিক্কুটা আজ একটু জলদি ফিরলে ভালো হয়। কিন্তু সে তো আর জানে না বাবার অসুস্থতার কথা। অল্পক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ফের ঘরে ফিরলেন অণিমা। হরষিত শুয়ে রয়েছেন বিছানায়। বাঁ-হাত দিয়ে বুকখানা আলতো ঘষছেন। কপালে বিন্দু বিন্দু ঘাম। আঁচল দিয়ে কপালটা মুছিয়ে দিলেন। বললেন, ‘একটু জল খাবে?’
ঘাড় নাড়লেন হরষিত। ডান হাতটা দিয়ে শক্ত করে ধরলেন অণিমার একখানা হাত। অণিমার চোখ ফেটে জল আসার উপক্রম। বড় অসহায় লাগছে নিজেকে। ঘন ঘন ঘড়ির ডায়ালে চোখ ফেলছেন।
এখন সবে সাড়ে সাতটা বাজে। কিন্তু পুরো এলাকাটা কী নির্জন! রাস্তায় লোক চলাচল নেই বললেই হয়। রাস্তার দু’ধারে সারবন্দী সাজানো গোছানো হাল-ফ্যাশানের বাড়িগুলো। এখন বাগবাজার এলাকায় কী দারুণ ভিড়! গমগম করছে পুরো এলাকাটা। ট্রাম-বাস-লরি-ঠেলার পাঁচমেশালি বিকট আওয়াজ। রকে রকে চ্যাংড়াদের আড্ডা। পেছন থেকে মেয়েদের টিটকিরি-শিস দেওয়া। ঘোতনের ঝরঝরে রাজদূতের কান ফাটানো আওয়াজ। কালো ধোঁয়ায় ধোঁয়াকার পুরো গলিটা। গদাইয়ের পানের দোকানে খবর পড়ছে রেডিয়োতে। টিক্কু মাঝে মাঝেই চেঁচিয়ে উঠত, ‘উহ্, এত চিৎকারে পড়াশুনো করা যায়? নিজের গলার আওয়াজ নিজের কানেই ঢোকে না।’
আটটা নাগাদ টিক্কু ফিরল। সব শুনে-টুনে বাবার ঘরে এল। হরষিতের কপালে হাত রাখল। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেল মেডিকো-সেণ্টারের দিকে।
অণিমা দেখলেন, কমিউনিটি হলের দিক থেকে দলে দলে মানুষ ফিরে যাচ্ছে যে-যার বাড়ির দিকে! ফাংশন শেষ হল বুঝি। এখানে ফাংশন আটটা-সাড়ে আটটার মধ্যেই শেষ হয়ে যায়। বাগবাজারের মতো ‘সারারাত্রিব্যাপী’ পাড়ার তাবৎ মানুষের ঘুমের বারোটা বাজিয়ে ‘অমুক কুমার’ কিংবা ‘অমুক দেবী নাইট’ চলে না এখানে। ‘ইন্দ্রপুরী’র মানুষের সময়ের দাম আছে। পরের দিনের ঠাসা প্রোগ্রাম রয়েছে সবাইয়ের। এখানে সবকিছু চলে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে।
মেডিকো-সেণ্টার অনেকখানি পথ। প্রায় দু’নম্বর সেক্টরের কাছাকাছি। পাশেই থাকেন ডাঃ বোস। চার নম্বর সেক্টরের বি-রোডে। টিক্কু সাইকেল চালিয়ে দিল ডাঃ বোসের বাড়ির দিকে।
ডাঃ বোসের বাড়ির গেট ভেতর থেকে বন্ধ। গেটের বাইরে কলিং বেল। বেল টিপতেই একটি মাঝবয়েসি লোক বারান্দায় এসে দাঁড়াল। গ্রীলের ভেতর থেকে শুধালো, ‘কাকে চাই?’
‘ডাঃ বোস আছেন?’
‘সিমলা গেছেন। সামনের হপ্তায় ফিরবেন।’ বলেই ভেতরে ঢুকে গেল লোকটি। টিক্কু কয়েক মুহূর্ত বোকার মত দাঁড়িয়ে রইল। তারপর সাইকেল চালিয়ে রওনা দিল মেডিকো-সেণ্টারের দিকে।
‘আমার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন।’
‘বসুন।’ বেশ আন্তরিক গলায় বললেন রিসেপশনের ভদ্রলোক, মিঃ গুহ। ড্রয়ার থেকে একখানা ফর্ম বের করে এগিয়ে দিলেন টিক্কুর দিকে, ‘এটা পূরণ করুন।’
চার পাতার বিশাল ফর্ম। তাতে রোগীর নাম, ধাম, ফোন নম্বর, রোগের যাবতীয় বিবরণ, পূর্বে চিকিৎসা হয়ে থাকলে সে বিষয়ে বিস্তৃত তথ্যাবলী, কোথায় চিকিৎসা করাতে চান, কোন ডাক্তার পছন্দ, অ্যাম্বুলেন্স লাগবে কিনা, আরো অনেক, অনেক কিছু। ফর্মখানা পূরণ করতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছিল টিক্কু। অনেক প্রশ্নের উত্তর তার মাথায় আসছিল না। মিঃ গুহর পরামর্শ নিতে হচ্ছিল বার বার।
ফর্ম পূরণ শেষ হলে, মিঃ গুহ মন দিয়ে পড়লেন তথ্যগুলো। কিছু প্রশ্নও করলেন। যথাসম্ভব মাথা ঠিক রেখে জবাব দিয়ে গেল টিক্কু।
‘নার্সিং হোম চাইছেন? গ্রীন-ভিউই ভালো। বুকের পেইনটা কি হার্টের ট্রাবল বলে মনে হচ্ছে? তাহলে এই নিন আমাদের এনলিস্টেড কার্ডিওলজিস্টদের নাম এবং ফি-এর তালিকা। সিলেক্ট করুন, কাকে দিয়ে চিকিৎসা করাবেন।’
‘আমি তো কিছুই বুঝতে পারছি না, মিঃ গুহ। আপনি, প্লীজ, যা ভালো বোঝেন, একটা ব্যবস্থা করে দিন।’ টিক্কু ব্যাকুল গলায় বলে ওঠে।
লিস্টখনা হাতে নিয়ে মাথা চুলকোতে থাকেন মিঃ গুহ। ‘ডাঃ ধরকে তো এখন পাবেন না। তিনি এখন স্টেটস-এ। ডাঃ পণ্ডিত খুব সম্ভব সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছেন। ডাঃ সান্যাল নিজেই বেড্-রিডন্। সেকেন্ড স্ট্রোক হয়ে গেছে। বাকি রইলেন ডাঃ ষড়ঙ্গী। দেখি, যদি পাওয়া যায়।’ ডায়াল ঘুরিয়ে কথা বললেন মিঃ গুহ। ফোন নামিয়ে বললেন, ‘বেলভিউতে। কখন ফিরবেন ঠিক নেই।’
‘বেলভিউতেই যদি নিয়ে যাই?’
‘বেলভিউ তো আমাদের এনলিস্টেড নার্সিং হোম নয়—।’
‘ডাঃ ষড়ঙ্গী কখন ফিরবেন, জানা গেল না?’
‘বলতে পারল না ওর বাড়ির লোক।’
‘একবার বেলভিউতে ফোন করলে হত না? রোগীর অবস্থা জানালে, হয়ত-বা—।’
‘আমি সব জায়গায় ফোন করতে রাজি। কারণ, টেলিফোন চার্জ আপনার বিলের মধ্যেই ঢুকে যাবে।’ মিষ্টি হেসে ডায়াল করতে শুরু করেন মিঃ গুহ।
‘বিলভিউতে ডাঃ ষড়ঙ্গী আছেন। কিন্তু তিনি এখন সিরিয়াস মেডিকেল-বোর্ডে বসেছেন। কথা বলতে পারবেন না।’ ফোন নামিয়ে রাখলেন মিঃ গুহ, ‘ঠিক আছে, আপনি এখন যান। ফর্মে তো সবই লেখা রইল। আমি খানিক বাদে আবার কনট্যাক্ট করার চেষ্টা করব। যদি অ্যাপয়েণ্টমেণ্ট করতে পারি, খবর পাবেন’ আপনাদের টেলিফোনটা ঠিক আছে তো?’
মাথা নেড়ে সায় দেয় টিক্কু।
‘ওক্কে। আপনি এন্ট্রি ফি, ডাক্তারের ফি, অ্যাম্বুলেন্স চার্জ, বেড-ফি,--সব জমা দিয়ে যান। আমাদের অ্যাম্বুলেন্সটা অবশ্যি এই মুহূর্তে বাইরে গেছে। রাতের মধ্যেই ফিরবে। ডাঃ ষড়ঙ্গীও আজ রাতে আর দেখবেন বলে মনে হয় না। সব ঠিকঠাক চললে, কাল সকালে পেশেন্টকে মুভ করানো যাবে।’
‘কিন্তু, এর মধ্যে যদি তেমন কিছু—।’ টিক্কুর চোখ ছলছল হয়ে ওঠে।
‘কাণ্ট হেল্প’—ম্লান হাসলেন মিঃ গুহ, ‘তেমন মনে করলে, ট্যাক্সি-ফ্যাক্সি ডেকে হসপিটাল শিফ্ট করতে পারেন। সে ক্ষেত্রে কিন্তু এই মেডিকো-সেণ্টার কোনো দায়িত্ব নেবে না। নার্সিং হোম এবং ডাক্তারের সঙ্গে অ্যাপয়েণ্টমেণ্ট হয়ে গেলে আপনার ডিপোসিটও রিফান্ড করা যাবে না।’
বড্ড অসহায় লাগে টিক্কুকে। বিধ্বস্ত শরীর ও মনটাকে সে টেনে তুলল চেয়ার থেকে।
মিঃ গুহ সমবেদনার হাসি হাসলেন, ‘আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, ইয়ং ম্যান। কিন্তু বুঝতেই পারছেন, আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়। ওক্কে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের দিক থেকে চেষ্টার ত্রুটি হবে না।’
দ্রুত সাইকেল চালিয়ে ঘরে ফিরল টিক্কু। বুকের ব্যথাটা বেড়েছে। চোখ-মুখ বিকৃত করে বহু কষ্টে যন্ত্রণাটা সহ্য করবার চেষ্টা করছেন হরষিত। দরদরিয়ে ঘামছেন। দু’চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অণিমা অস্থির হয়ে পড়েছেন। আঁচলে মুখ ঢেকে বহু কষ্টে কান্না সামলাচ্ছেন তিনি। টিক্কুর দিকে তাকিয়ে কাতর গলায় বললেন, ‘একটা কিছু কর বাবা। আমার ভীষণ ভয় করছে।’
টিক্কু এগিয়ে যায় টেলিফোনের দিকে। সনৎকে ফোন করে।
‘হ্যালো, মামা—।’ টিক্কু সবকিছু খুলে বলে মামাকে।
‘আই সি।’ ওপার থেকে গম্ভীর গলা সনতের। বলে, ‘এখানকার মেডিকো-সেন্টার খুবই সিনসিয়ার। ওরা যখন দেখবে বলেছে--। তাও তোমাকে ডাঃ পালধির ফোন নম্বরটা দিচ্ছি। ফোন করে আমার নাম বলো, কিছু অ্যাডিশন্যাল অ্যাডভাইস পাবে। আমি? আরে স্কুটারটা রিপেয়ারে গেছে কাল থেকে। শম্পা শপিং-এ বেরবে বলছিল, যাওয়া হল না। আচ্ছা, কাল সকালে একবার ডেভেলপমেণ্টটা জানাবে। কোনো হেল্প দরকার হলে, বোলো।’
টেলিফোন নামিয়ে রাখে টিক্কু। কী করবে, ভেবে পায় না। মিঃ গুহর দ্বিতীয় প্রস্তাবটা ভোলেনি সে। সাইকেল চালিয়ে সুভাষ কলোনির মোড় অবধি গেলে একটা ট্যাক্সি হয়ত পেয়ে যেতেও পারে। ওই দিয়ে বাবাকে নীলরতন কিংবা আর জি করে নিয়ে যাওয়াও সম্ভব। কিন্তু, তারপরে? হাসপাতালের ব্যাপারস্যাপার যা, মনে হলেই হৃৎকম্প শুরু হয়। এমার্জেন্সির ডাক্তার খোঁজা, ভরতি করানো, বেড জোগাড় করা, ডাক্তার ডাকিয়ে আন, নার্স খুঁজে আনা, ওষুধ কিনে আনা, হাসপাতাল তো নয়, নরক এক-একটি। দশজনে মিলে হই-হুজ্জুতি করেও ম্যানেজ করা যায় না। রোগী বিনা চিকিৎসায় মরে গেলেও গা করে না কেউ। এমন জায়গায় একলাটি এমন সিরিয়াস পেশেণ্ট নিয়ে—।’ আর ভাবতে পারে না টিক্কু। মায়ের দিকে তাকায়।
--একটা কিছু কর বাবা। অণিমা চোখের জল মোছেন নিঃশব্দে।
টিক্কু দ্রুত বেরিয়ে আসে বাইরে। রাস্তায় নামে। চারপাশের বাড়িগুলোর দিকে তাকায়। রাস্তার উলটোদিকে পর পর দুটো বাড়িতেই আলো নেভানো। সি-১৯’এ আলো জ্বলছে। প্রফেসর বোসের বাড়ি। স্বামী-স্ত্রী দুজনেই অধ্যাপনা করেন। মনটা অস্থির হয়ে উঠছিল ক্রমশ। নিরুপায় হয়ে টিক্কু প্রফেসর বোসের বাড়ির দিকেই হাঁটতে লাগল দ্রুত।
এখানকার সব বাড়িতেই একই ব্যবস্থা। গেটে তালা থাকে চব্বিশ ঘণ্টা। গেটের ওপারে ছোট্ট বাগান। তারপর গ্রীল দেওয়া সুদৃশ্য বারান্দা।
গেটের বাইরে দাঁড়িয়ে কলিং বেল-এ চাপ দিল টিক্কু। ঘরের মধ্যে আলো জ্বলছে। টিভি চলছে। চড়াগলায় পার্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভেসে আসছে হাওয়ায়। ঘড়িতে চোখ রাখল টিক্কু। নটা পনেরো। হিন্দি সিরিয়াল চলছে। আজ কি বার? কোন সিরিয়াল আজ? মনে করবার চেষ্টা করল টিক্কু। অজান্তে ফের চাপ দিল কলিং বেল-এ। বেল বাজল কিনা অদ্দুর থেকে বোঝার উপায় নেই। খানিক অপেক্ষা করে ফের সুইচে চাপ দিল।
চারপাশটা ভারি নির্জন। শেষ অক্টোবরের রাত। হিমেল হাওয়া আলতো ছুঁয়ে যাচ্ছে তার কানের ডগা, চুল...। শিউলি ফুল এখনো ফুটছে বুঝি। হাওয়ায় গন্ধ।
‘কে--?’ গ্রীলের ভেতর থেকে ভরাট গলা।
‘আমি। সি-১৪য় থাকি। আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। বুকে পেইন হচ্ছে ভীষণ--। কী করব বুঝতে পারছি না।’
অন্ধকার বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক। কথা বলছেন না। পেছনে টিভি চলছে ফুল ভল্যুমে।
‘মা খুব অস্থির হয়ে পড়েছেন।’
‘আপনি ভুল করছেন। ডঃ পি বাসু থাকেন নেক্সট রো-তে। বি-রোডে।’ বলতে বলতে পিছু ফিরলেন ভদ্রলোক। দরজা সশব্দে বন্ধ হয়ে গেল।
অন্ধকারে বোকার মতো দাঁড়িয়ে রইল টিক্কু। বাবার যন্ত্রণাকাতর মুখখানি মনের মধ্যে ভাসছে। মায়ের মুখখানাও। ‘ইন্দ্রপুরী’তে রাত ক্রমশ নিঝুম হয়ে আসছে।
উলটো দিক থেকে একখানা গাড়ি তীরবেগে ছুটে আসছিল। মেডিকো-সেণ্টারের দিক থেকেই আসছে ওটা। টিক্কু ব্যাকুল চোখে তাকিয়ে রইল আশায় আশায়।
পাশ দিয়ে হুশ করে চলে গেল গাড়িটা। প্রাইভেট কার। সি-রোড পেরিয়ে ওটা তিন নম্বর সেক্টরের দিকে চলে গেল।
টিক্কু’র কান্না পাচ্ছে। গলার মধ্যে দলা পাকিয়ে রয়েছে কিছু। নানা আশঙ্কায় জমাট হয়ে আসছে বুক। মা নিশ্চয় খুব কাঁদছে এতক্ষণে।
সাত-পাঁচ ভেবে ফের কলিং বেল টিপল টিক্কু। পরপর তিনবার। বারান্দায় আলো জ্বলে উঠল দপ করে। টিভিতে খবর পড়ছে ইংরেজিতে।
‘কে--?’ মিঃ বাসুর গলার তীব্র বিরক্তি।
‘আমি।’ বিপন্ন গলায় বলল টিক্কু। ‘বাবার অবস্থা ভালো নয়--। মা খুব কাঁদছে। কী করব বুঝতে পারছি না। আপনি যদি আসেন একটি বার—।’
‘কী করে বোঝাই আপনাকে? আমি ডঃ পি বাসু। ডাক্তার নই ডক্টরেট ইন সোসিওলজি। ইম্পসিবল্! ডাঃ পি বাসু বি রোড়ে থাকেন।’
বলতে বলতে ঘরে ঢুকে গেলেন মিঃ বাসু। চকিতে নিভে গেল বারান্দার আলো।
টিক্কুর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল নিমেষে।
পায়ে পায়ে ঘরে ফিরল টিক্কু। অণিমা ব্যাকুল গলায় শুধলেন, ‘কীরে কিছু হল?’
নিঃশব্দে মাথা নাড়ল সে। সংক্ষেপে বলল তার অভিজ্ঞতার কথা। অণিমা ধপ করে বসে পড়লেন চেয়ারে।
প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও বুঝি টিক্কুর কথাগুলো কানে গেছে হরষিতের। নির্বাক চোখ দুটি সিলিং-এর দিকে নিবদ্ধ। র্যাকে রাখা ডায়েরিখানা ইঙ্গিতে চাইলেন তিনি। কাঁপা কাঁপা হাতে পাতা উলটে বের করলেন বাগবাজারের সাধু খাঁ-দের তেলকলের ফোন নাম্বার।
বহুকষ্টে চিবিয়ে চিবিয়ে বললেন, ‘ঘোতন।’
প্রথম বারেই তেলকলের লাইন পাওয়া গেল। ঘোতনরা আড্ডা মারছিল পাশেই। পুরো ঘটনাটা সংক্ষেপে বলল টিক্কু।
‘মাল খাওয়ার সময়ে উটকো ঝামেলা বাধালে তো! শালা এই ঘোতন দত্তর কপালে সুখ নেই মাইরি! আসছি।’ বলেই ফোন ছেড়ে দিল ঘোতন।
হরষিত চোখ মুদলেন। আধো-অচেতনে তাঁর মগজে অনেক দৃশ্য, অনেক স্মৃতি...। কানে বাজছে একটি জরাজীর্ণ রাজদূতের বিকট ঘরঘরে আওয়াজ। ‘ইন্দ্রপুরী’র অভিজাত বাতাস কেটে কেটে, রাতের নিস্তব্ধতা ভেঙে খানখান করে যেন তীব্র বেগে ছুটে আসছে ওটা।
পুরোপুরি জ্ঞান হারাবার আগে অবধি ওই বিকট আওয়াজটাকে বুকে জাগিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা করলেন হরষিত।

0 মন্তব্যসমূহ