অঞ্জন আচার্য

[১৯৫২ সাল। বয়স কম, পকেট প্রায় খালি, সামনে অজানা এক মহাদেশ। তবু চোখে ছিল দূরপথের স্বপ্ন। ঘর, পরিচিত শহর আর নিরাপদ জীবনের গণ্ডি পেরিয়ে দুই তরুণ বন্ধু বেরিয়ে পড়েন পৃথিবীটাকে একটু কাছ থেকে দেখতে। তাদের একজন আর্নেস্তো চে’ গুয়েভারা, অন্যজন আলবার্তো গ্রানাদো। সঙ্গে ছিল না বিলাসবহুল কোনো গাড়ি, ছিল একটি পুরোনো মোটরসাইকেল আর দুজনের দুরন্ত কৌতূহল।

গ্রানাদোর সেই বাইকটি ছিল ১৯৩৯ সালের ব্রিটিশ Norton 500cc। বাহনটির নাম দেওয়া হয় ‘La Poderosa’, মানে, ‘শক্তিশালী’। নামটি যেন হয়ে উঠেছিল সেই দুই তরুণের স্বপ্নেরই প্রতীক। পুরোনো, জীর্ণ সেই মোটরসাইকেলটির ওপর ভর করেই তারা পাড়ি দিতে চান দক্ষিণ আমেরিকার দীর্ঘ পথ। তখনও জানতেন না তারা, এই যাত্রা শুধু এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে না; পথ তাদের নিয়ে যাবে মানুষের কাছে, মানুষের দুঃখের কাছে, সমাজের অন্ধকার বাস্তবতার কাছে, শেষ পর্যন্ত নিজেদের কাছেও।

সেই স্মৃতিময় অভিযাত্রার দিনলিপিই পরবর্তীকালে রূপ নেয় The Motorcycle Diaries-এ। বিখ্যাত সেই বইটি নিছক কোনো ভ্রমণকাহিনি নয়; এক তরুণের চোখে দেখা লাতিন আমেরিকার মানুষ, ভূগোল, দারিদ্র্য ও সমাজবাস্তবতার এক জীবন্ত দলিল। আর এই পুরো অভিযাত্রার নীরব কিন্তু অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ‘লা পোদেরোসা’।]

ভালো কোনো সাহিত্য কখনো কখনো এমন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, যার উত্তর নিজের ভেতরেই খুঁজতে শুরু করি আমরা। আমাদের এই বাস-অবাসযোগ্য পৃথিবীকে বুঝতে শেখায় বিজ্ঞান। সেই বোধকে সহজ করে তোলে ইতিহাস ও রাজনীতি। তবে এই গ্রহের বিচিত্র মানুষকে বুঝতে শেখায় সাহিত্য। বর্তমান বিশ্বে প্রতিটি দেশের সাহিত্য অঙ্গনের বিস্তৃত ভূমি দখল করে আছে কথাসাহিত্য। কথা শুরু করছি কথাসাহিত্য নিয়ে।

আমি মনে করি, যত দিন মানুষের মুখের কথা থাকবে, তত দিন কথাসাহিত্যও থাকবে। কথা চলমান প্রবাহ। কখনো শেষ হওয়ার নয়। জলবায়ু বদলের মতো বদলে যাচ্ছে মানুষের কথোপকথন। পাল্টে যাচ্ছে কথার চরিত্র, ভাষিক আঙ্গিক। এমনকি, একদিন পৃথিবীতে কোনো কথা না থাকলেও লেখা হবে কথাসাহিত্য। মূক সাহিত্য। আর কে না জানে, কথার চেয়ে অনেক শক্তি ধারণ করে নীরবতা। তাই অবিনশ্বর এ কথাসাহিত্য।

কথাসাহিত্য হলো সেই জানালা, যা মানুষের জীবনকে গভীরভাবে দেখার সুযোগ করে দেয়। গল্প-উপন্যাসের মধ্য দিয়ে মানুষ শুধু কাহিনি পড়ে না, বরং দেখতে পায় অন্য মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, সংকট, প্রেম, বঞ্চনা ও সংগ্রামের বহুমাত্রিক রূপ। চিন্তা ও মানবিক বোধকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে কথাসাহিত্য দৃশ্যমান করে তোলে সমাজের অদৃশ্য বাস্তবতাকে। ইতিহাস যেখানে ঘটনার বিবরণ দেয়, কথাসাহিত্য সেখানে হয়ে ওঠে মানুষের অন্তর্গত অনুভূতির ভাষা। পাঠকের চিন্তাকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে একটি শক্তিশালী ছোটগল্প বা উপন্যাস, বদলে দিতে পারে জীবন ও সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি।

একবিংশ শতাব্দীর এই টালমাটাল সময়ে ক্রমাগত দ্রুত পাল্টে যাচ্ছে সময়ের চেহারা। এখন এআই যুগ পার করছে বিশ্ববাসী। প্রযুক্তির এই অস্থির পালা-বদলে সাহিত্যকে পাঠকের কাছে পৌঁছে দিতে আরও বেশি গুরুত্ববাহী হয়ে উঠছে সাহিত্য, আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে অনলাইন মাধ্যম। ছাপা পত্রিকার ভৌগোলিক সীমা পেরিয়ে মুহূর্তেই বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম প্রকাশিত লেখা। নতুন ও তরুণ লেখকদের আত্মপ্রকাশের সুযোগ তৈরির পাশাপাশি আরও বিস্তৃত করছে সাহিত্যপাঠকে, পাঠক সমাজকে। একই সঙ্গে আছে পুরোনো সাহিত্য সংরক্ষণ ও সহজপাঠ্যের সহজলভ্যতা। তবে শুধু প্রকাশের গতি নয়, সাহিত্যমান, সম্পাদনা ও রুচিশীলতা নিশ্চিত করাই অনলাইন সাহিত্য পত্রিকার বড় দায়িত্ব। আর এ গুরুদায়িত্বটি নিরবে পালন করে আসছে কথাসাহিত্যের ওয়েবজিন ‘গল্পপাঠ’। এর বর্তমান সম্পাদক নাহার তৃণা। তার সঙ্গে আমার আলাপ নেই। একদিন হয়তো আলাপ হয়ে যাবে। তবে গল্পপাঠের সঙ্গে আমার প্রথম আলাপ একজন গল্পকারের মাধ্যমে। এর বর্তমান পারিষদের অনেকেই আমার শ্রদ্ধাভাজন অগ্রজ, কেউ সুহৃদ, কেউ-বা অনুজপ্রতিম লেখক। তাদের সঙ্গে আমার সখ্য অনাবিল।

গল্পপাঠে নিজের লেখালেখি নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয় ২০১৩ সালের ২০ অক্টোবর। তখন কবিতাই লেখা হতো বেশি। মাঝেমধ্যে গল্প বা অণুগল্প। নিজেকে প্রস্তুত করছি কথাসাহিত্যের সেবক হিসেবে। ২০১৪ সালের ১০ এপ্রিল প্রকাশ হয় পরবর্তী সাক্ষাৎকারটি। দীর্ঘ দুটি আলাপে নতুন করে আবিষ্কার করি নিজেকে। আমার সাহিত্যযাত্রায় যুক্ত হয় নতুন দুই পালক। এরপর সেখানে প্রকাশ হয় একাধিক ছোটগল্প ও অণুগল্প। এর জন্য অশেষ কৃতজ্ঞতা জানাতেই চাই পত্রিকাটির সভাপতি কথাসাহিত্যিক দীপেন ভট্টাচার্যকে।

‘গল্পপাঠ’ নিয়ে নিজের গল্প বলে শেষ করার নয়। বরং পত্রিকাটি নিয়ে দুই-এক ছত্র লেখা যাক। গল্পপাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিষয়গত বৈচিত্র্য। ছকবাঁধা সাহিত্যপোর্টালের মতো সব ধরনের কনটেন্টে ছড়িয়ে না গিয়ে গল্পপাঠ গুরুত্ব দিয়েছে গল্প, অনুবাদ, সাহিত্য আলোচনা, সাক্ষাৎকার ও ধারাবাহিক উপন্যাসকে। এতে তৈরি হয়েছে নির্দিষ্ট এক পাঠকগোষ্ঠী।

বাংলাদেশ, ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী লেখকদের লেখা একই প্ল্যাটফর্মে প্রকাশ করা গল্পপাঠের অন্যতম শক্তি। পত্রিকাটিতে রয়েছে দেশ ও ভাষাভিত্তিক অনুসন্ধানের কৌতূহল। তাই বাংলা সাহিত্যকে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের আলাদা ভূগোলে না দেখে তুলে ধরা হয়েছে এক বৃহত্তর ভাষাভিত্তিক সাহিত্যপরিসরে।

গল্পপাঠের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভাষান্তর বিভাগ। বিশ্বসাহিত্যের ক্লাসিক লেখকদের গল্প অনূদিত হচ্ছে বাঙলায়ানে। অর্থাৎ একজন বাঙালি পাঠক একই জায়গায় পাঠের সুযোগ পাচ্ছেন স্বভাষিক কথাসাহিত্য ও পরভাষিক সাহিত্য। অর্থাৎ গল্পপাঠ শুধু প্রতিষ্ঠিত লেখকদের সংরক্ষণাগারই নয়, নতুন লেখকের আত্মপ্রকাশেরও একটি অনন্য প্ল্যাটফর্ম। এটি এর আলোময় দিক। কালোময় দিক এখন অব্দি চোখে পড়েনি। তবে একটি বিষয়ে গুরুত্ব দিতে বলতে চাই। গল্পপাঠের লেখকদের ছবিগুলোর আপডেট আসা উচিত। এই যেমন ২০১৩ সালে আমি যেমন দেখতে ছিলাম, ১৩ বছর পর ২০২৬ সালে তার সঙ্গে অনেকখানিই অমিল। তাই যাদের ছবি পরিবর্তন সম্ভব, সেটা করা হোক। সেই সঙ্গে হালনাগাদ হোক তাদের ব্যক্তিগত তথ্যও।

বাংলা সাহিত্য এখন শুধু বইয়ের পাতা বা মুদ্রিত লিপিতেই সীমাবদ্ধ নেই। পৃথিবীর যেকোনো প্রান্তের পাঠক এখন পড়তে পারেন হাতের মোবাইল ফোনেই। এই বাস্তবতায় বাংলা কথাসাহিত্যকে সময়, ভূগোল ও পাঠাভ্যাসের পরিবর্তনের সঙ্গে যুক্ত করেছে গল্পপাঠের মতো প্ল্যাটফর্ম। আর এর সব চেয়ে বড় অবদান সম্ভবত এখানেই। নতুন লেখা প্রকাশের পাশাপাশি পুরোনো সাহিত্যকে ডিজিটাল ভবিষ্যতের জন্য সংরক্ষণ করছে গল্পপাঠ। সেই সঙ্গে বিশ্বসাহিত্যের পাশাপাশি পাঠপরিসরে নিয়ে আসছে বাংলা সাহিত্যকে, সাহিত্যকর্মীদেরও। ·