আহমেদ খান হীরক
যেখানে আরম্ভ করে শেষ না করতে পারার গুরু অভিযোগ আমাদের মাথায়, সেখানে নিয়ম করে প্রতি মাসে প্রকাশিত হয়ে সেঞ্চুরি করে ফেলাটা বেশ একটা ঘটনা অবশ্যই। গল্পপাঠকে এ জন্য করতালি তো বটেই, এমনকি টুপিখোলা অভিবাদনও দেওয়া যায়। বাংলা গল্প প্রকাশে এমন একটা ঘটনা তাৎপর্যপূর্ণ। কারণ শুধুই গল্প নিয়ে এমন নিরন্তর নিষ্ঠাপ্রকাশ খুব বেশি চাক্ষুষ হয় না। এ উপলক্ষে গল্পপাঠের একটু পুরোনো মানুষ বলেই হয়তো আমার কাছে কিছু প্রশ্নও এসে জমেছে। সবগুলোর যে উত্তর জানি, তা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি না। এই যে যেমন প্রথমেই একটা প্রশ্ন—সাহিত্যের প্রয়োজনীয়তা কী? এর উত্তর সত্যিই যে কী আমি জানি না। অথচ কদিন আগেও জানতাম। ভাবতাম সাহিত্যের কেজো কোনো প্রয়োজনীয়তা নেই, কোনোকালেও ছিল না। হ্যাঁ, অকেজো কিছু আছে হয়তো। জলসায় কি প্রেমে, একটু-আধটু কবিতা কাজে লেগে যায়। দু-একটা বিশেষ বাণী বেশ লাগাতার বলতে পারলে জ্ঞানী বলে সমীহ পাওয়া যায়।
যায় কি?
এখন বোধহয় যায় না। তাই কদিন আগের পর্যন্ত চিন্তা ছিল, সাহিত্যে যতটুকু লাভ, তা ওই সাহিত্যিক মানুষটিরই। তাঁর লিখে আনন্দ। না হয় আমার মতো লেখা বিযুক্ত করে মুক্ত হওয়ার নির্ভারতা প্রাপ্তি। আর কী?
তবে কি, কিছুদিন থেকে এ ব্যাপারটা বেশ ভাবাচ্ছে যে, আমি এখন প্রায়শ মানুষকে আলাদা করতে পারি। কাজের সুবাদে কত রকম লোকের নিত্য সান্নিধ্য প্রাপ্তি হয়। তাদের না সহজ করে বললে একদম দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগের সাথে সাহিত্যের সম্পর্ক রয়েছে। তারা পাশের মানুষটিকে নিয়ে ভাবতে পারেন। কোথাও কোনো কল থেকে টুপটাপ পানি পড়তে থাকলে বিচলিত হন। তারা, এমনকি এখনও, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বেড়ালটাকে ভ্যাক করে লাথি বসাতে পারেন না। আরেক ভাগ ঠিক এদের উলটো। না পাশের না পেছনের, না সামনের না ওপরের, এই মানুষগুলোর আশপাশ নিয়ে কোনো চিন্তা নেই। সকল চিন্তা সকল সুবিধা কেবলই নিজেদের নিয়ে। আমার ধারণা শৈশবে এরা ঘাসফড়িংয়ের পেছনে সুতো বেঁধে ওড়াত, কৈশোরে কুকুরের গায়ে ফেলত গরম মাড়, এই যৌবনে এর-তার গায়ে, পারতপক্ষে আপন মানুষের গায়েই, হাত তোলে। এরা কর্কশ ও রুক্ষ। আমার ধারণা এদের সাথে সাহিত্যের যোগাযোগ হয়নি। যাদের হয়েছে তারা হয়েছেন সংবেদনশীল মানুষ।
সাহিত্য মানুষকে সংবেদনশীল করে তোলে। করে তোলে বিবিধকে নিয়ে বাঁচার উপযুক্ত মানুষ। এখন যখন চারপাশে নারকীয় হত্যা ও ধর্ষণ দেখি, সমাজরাষ্ট্রকে ব্যর্থ হতে দেখি, তখন মনে হয়, এ ব্যর্থতার কিছুটা আঁচ আমাদের গায়েও আছে। আমরা যারা সাহিত্যিক হতে চেয়েও সাহিত্যকে সবার কাছে, অনেকের কাছে, তাদের কাছে পৌঁছাতে পারিনি। যদি পারতাম, তবে, আমার ঢের বিশ্বাস, এমন অন্ধকার নেমে আসত না আমাদের সমাজরাষ্ট্রে। এই না-পারার সময়ে, গল্পপাঠের নিরন্তর সাহিত্যফেরি অত্যন্ত উদ্দীপক ব্যাপার। গল্পপাঠসহ অন্যান্য মাধ্যমে, আমাদের সবার চেষ্টায় সাহিত্য সবার কাছে, অনেকের কাছে, তাদের কাছে পৌঁছাক, যাদের কাছে পৌঁছানো এখন এক জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন আরও রয়ে গেল, থাকুক। আমার শুধু শুভকামনা রইল সাহিত্যমনস্ক এইসব মানুষের প্রতি, যারা গল্পপাঠকে বিস্তৃত করে চলেছেন ক্রমশ। ·

0 মন্তব্যসমূহ