ছবিটা শুরু হয়েছিল কান্না দিয়ে। অদ্ভুত আততিতে ভরা, দীর্ঘশ্বাসে মোড়া। মানুষের স্বাভাবিক কোনও ক্রন্দন নয়, গোঙানিও নয়, এমনকি। শব্দটা উঠে আসছিল ভিতর থেকে : নিষ্পলক নীরবতা এক, যা কেবল হৃদয়ের গহন থেকে ফেটে বেরোয়। রহস্যে ঘেরা প্রাচীন কোনও কাস্‌লের মধ্যে বন্দি কোনও প্রেত মুক্তির আকাঙ্ক্ষায় উন্মাদ হয়ে পড়ে যখন, তার ক্রুদ্ধ চিৎকার প্রতিধ্বনি তোলে দুর্গের পাথুরে দেয়ালে, আন্ডারগ্রাউন্ডে নির্বাসিত কফিনের ডালায় ওঠে দুদ্দাড় শব্দ, তেমনই উদ্‌ভ্রান্তের মতো ছবি এঁকে চলেছিল ফ্রান্সিস।

গত ক-দিন ধরে আর্ট অ্যাকাডেমিতে একটা যৌথ প্রদর্শনী চলছে ওদের কয়েকজনের আঁকা সাম্প্রতিক ছবিগুলি নিয়ে, ফ্রান্সিস বারউড যেখানে হাজির হয়েছে তার হালফিলের দুঃখ-কষ্টের টুকরো কিছু দৃশ্য নিয়ে; ফলত কোনও ছবি জুড়ে নেমে আসা পাহাড়ি ঝরনার স্রোতধারা নদীতে মেশার আগেই হারিয়ে যায় মাঝপথে—শূন্যে, কোথাও আবার গোটা ক্যানভাস জুড়ে একটাই ঘোরানো সিঁড়ি—ঘুরতে-ঘুরতে উপরে উঠে ভেঙে গেছে আচমকা, কিংবা সমান্তরাল এক রেললাইন যার সামনে-পিছনে একই বিন্দুর উপস্থিতি—বুঝি-বা পথ হারিয়ে ফেলেছে গোলকধাঁধায় : কোনও ছবিতেই সাবজেক্ট আর গন্তব্যে পৌঁছতে পারে না। যেন ঠিকানা নেই, বদলে আছে শুধু অবিশ্রাম ঘুরে ফেরা—তীর্থযাত্রা আছে, অথচ তীর্থ নেই কোনও। আকাশের গায়ে বিশেষ এক নক্ষত্র দেখে ম্যাজাইরা বুঝেছিল, নতুন রাজার জন্ম হয়েছে। প্রাচীন ধর্মগ্রন্থ তাদের জানিয়েছিল, সেই নতুন রাজা আসবে বেথ্‌লেহেম থেকে। সেইমতো জেরুজালেম থেকে উপহার নিয়ে বেথ্‌লেহেম পৌঁছবে বলে পথচলা শুরু করে তারা। যদিও বেশ কিছুটা যাওয়ার পর আর পথ ঠাহর করতে পারে না—ভুল মনে হয় সকল দিক্‌নির্দেশ।

ইজেলে রাখা ক্যানভাসের উপর প্রথমে ফুটে উঠেছিল একটা কুকুরের মুখ, ক্রমে তার বাকি শরীর—ফক্স টেরিয়ার—ঘনিষ্ঠজন মাত্রেই নিপারকে চিনতে পারবে।

মার্কের মৃত্যুর পর থেকেই বোবায় পেয়েছিল নিপারকে। খায় না, ঘুমোয় না, জবুথবু মেরে বসে থাকে শুধু। ফ্রান্সিসের মন-মেজাজও বশে ছিল না ওই সময়; বাল্যে পিতা-মাতার অনুপস্থিতি থেকে যে-দাদা মাথার উপরে ছাতা হয়ে ছিল এতগুলো বছর, সেই মার্ক বারউডের আকস্মিক মৃত্যু স্বভাবতই ভিতরে-ভিতরে নাড়িয়ে দিয়ে গিয়েছিল তাকেও। নিপার মার্কের প্রিয় পোষ্য হলেও তার নয়; শুধু স্মৃতি রেখে দাদার এহেন অন্তর্ধানের পর, প্রথম ক-দিন, ফলে ফ্রান্সিসের নজর সেভাবে পড়েনি কফিরঙা কান আর সাদা লোমের কুকুরটার উপর। যেদিন চোখ পড়ল, সে দেখল, সাদা লোমের আস্তরের উপর প্রকট হয়ে একটা খয়েরি চামড়ার কলার অদ্ভুত এক বৈপরীত্য তৈরি করেছে : হালকা রঙের মধ্যে গাঢ় রঙের এক প্রকট বিরোধাভাস। সোফায় গা এলিয়ে দিয়ে নিপারকে কাছে ডেকেছিল ফ্রান্সিস; সাড়া মেলেনি তার তরফে। একপ্রকার বাধ্য হয়েই তখন উঠে এসেছিল সে, ঝুঁকে পড়ে হাত রেখেছিল কলারে, অনুভব করেছিল দাদার স্পর্শ, পবিত্র ওম; আর দেখেছিল, চামড়ার সেই মসৃণ গলাবন্ধে মাইনাসকুল কার্সিভে লেখা : নিপার অ্যান্ড হিজ মাস্টার—মার্ক বারউড। বাক্‌স্ফূর্তিরহিত নিপারের মাথায় ভরসার হাত রাখে ফ্রান্সিস আর অস্ফুট উচ্চারণে বলে, যা সেইভাবে শুনতে পাওয়া যায় না : ‘ও লর্ড, ইউ কিপ হিম ইন পারফেক্ট পিস্‌ হুজ মাইন্ড ইজ স্টেইড অন ইউ, বিকজ হি ট্রাস্ট্‌স্‌ ইন ইউ।’

সোফার এককোণে গুটিয়ে থাকা নিপারের মাথার উপর সেই মুহূর্তে চোখবোজা ফ্রান্সিসের স্নেহকরস্পর্শ, অন্যপাশে কাঠের শো-কেসের উপর নির্বাক গ্র্যামোফোন, তামাকহীন শূন্য পাইপ, আর সংলগ্ন আর্মচেয়ারটি মার্ক বারউডকে হারিয়ে পড়ে আছে একলা—মালিকানাহীন।

এর কিছু পরে গ্র্যামোফোনের সামনে এসে দাঁড়িয়েছিল ফ্রান্সিস, আলতো হাত বুলিয়ে দিয়েছিল চোঙের গায়ে, তারপর চোখ তুলে তাকিয়েছিল শো-কেসের কাচঢাকা দেরাজের দিকে। ঠিক এই সময়ই, গ্র্যামোফোনের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘ স্থবিরতা ভেঙে মুখ তুলে কিঞ্চিৎ নড়েচড়ে বসেছিল নিপার; ফ্রান্সিস, বার্নিশ করা কাঠের শো-কেসের দিকে মুখ করে ছিল যেহেতু, খেয়াল করেনি পোষ্যের সেই প্রাণস্পন্দন। কাচের পাল্লা খুলে প্রথমটায় রেকর্ডগুলোর উপর হাত রেখেছিল ও; পাশের দেরাজে থরে-থরে সাজানো বিথোভেনের ‘মুনলাইট সোনাটা’ থেকে ‘ফিফ্‌থ্‌ সিম্ফনি’ হয়ে ‘ওড টু জয়’ অবধি প্রায় সবটাই, এমনকি মোজার্টের পুরো কালেকশন, পবিত্র বাইবেলের পঁচাত্তর ঘণ্টার রেকর্ড : কত-কত বছর ধরে, তিলে-তিলে, এতসব রেকর্ড সংগ্রহ করেছিল মার্ক—শুবার্টের ‘উইন্টাররেইস’, মাহ্‌লারের ‘নাইন্‌থ্‌ সিম্ফনি’, স্যামুয়েল বারবারের ‘অ্যাডাজিও ফর স্ট্রিংস’য়ের রেকর্ড তিনটে নামিয়ে এনেছিল তাক থেকে আর দেখেছিল, ফক্স টেরিয়ারের লেজের মৃদু কাঁপন। গ্র্যামোফোনে পিন লাগিয়ে মাহ্‌লারের রেকর্ড চালাতেই মুহূর্তে গোটা ঘর জুড়ে ছড়িয়ে গিয়েছিল বিষণ্ণ এক সুর, ধ্বস্ত মনকে যা আরও গভীর দুঃখের দিকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে; অথচ এই প্রথম, ফ্রান্সিস দেখেছিল, গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে নিপার, গ্র্যামোফোনের কাছে এসে বসেছে আশ্চর্য নীরবতায়—বাধ্য পোষ্যের মাফিক।

যেইমাত্র এমনটা ঘটে, ফ্রান্সিসের অবধারিত মনে পড়ে যায় : মার্ক এই গ্র্যামোফোনটা বাড়িতে নিয়ে আসার পর ক-দিন ভূতে পাওয়ার মতো অবস্থা হয়েছিল তার, দাদার ব্যারিটোন ভয়েস, ওর মতো মিহি নয়, ফলত কবিতা পাঠের জন্য আদর্শ বলেই মনে হয়েছিল এবং তড়িঘড়ি কিছু কবিতা ওকে দিয়ে রেকর্ড করিয়েছিল সে; মাঝের সময়ে নিজের আঁকিবুকি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল, মেতে উঠেছিল আর্ট কলেজের বন্ধুদের সঙ্গে বিবিধ উল্লম্ফনে, সেসব অতএব ভুলে গিয়েছিল একপ্রকার। স্মৃতির ধুলো ঝেড়ে এরপর সে খুঁজে বের করেছিল মার্কের কবিতাপাঠের রেকর্ড আর ‘নাইন্‌থ্‌ সিম্ফনি’ বন্ধ করে দিয়েছিল মাঝপথেই : মার্কের ব্যারিটোন কণ্ঠ গমগম করে উঠেছিল ঘর জুড়ে, নিপারের চোখের কোল ছাপিয়ে জল গড়িয়ে নেমে ভিজিয়ে তুলেছিল গালের নরম সাদা লোম : ‘শি ড্যুয়েলস উইথ বিউটি—বিউটি দ্যাট মাস্ট ডাই; অ্যান্ড জয়, হুজ হ্যান্ড ইজ এভার অ্যাট হিজ লিপ্‌স্‌, বিডিং আদিউ—’।

গ্র্যামোফোনের ভিতর থেকে ছিটকে বেরোনো দরাজ কণ্ঠস্বর আর তার সামনে নিপারের নতমুখে বসে থাকা ওই মুহূর্তে ফ্রান্সিসের মনে নতুন এক ছবির জন্ম দিয়েছিল—হয়তো-বা মনখারাপের উপশমও।

দ্রুতপায়ে ফ্রান্সিস চলে এসেছিল নিজের একান্ত কুঠুরিতে—তার স্টুডিওতে। রং তুলি ইজেল কাগজ প্যালেট—ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে আঁকার সরঞ্জাম সব। চটজলদি একটু-আধটু গুছিয়ে কোনওরকমে আঁকার উপযোগী করে নিয়েছিল সে আর তারপর শুরু করেছিল নতুন ছবির কারুকাজ। ছবিটা শুরু হয়েছিল কান্না দিয়ে। অদ্ভুত আততিতে ভরা, দীর্ঘশ্বাসে মোড়া। মানুষের স্বাভাবিক কোনও ক্রন্দন নয়, গোঙানিও নয়, এমনকি। শব্দটা উঠে আসছিল ভিতর থেকে : নিষ্পলক নীরবতা এক, যা কেবল হৃদয়ের গহন থেকে ফেটে বেরোয়। রহস্যে ঘেরা প্রাচীন কোনও কাস্‌লের মধ্যে বন্দি কোনও প্রেত মুক্তির আকাঙ্ক্ষায় উন্মাদ হয়ে পড়ে যখন, তার ক্রুদ্ধ চিৎকার প্রতিধ্বনি তোলে দুর্গের পাথুরে দেয়ালে, আন্ডারগ্রাউন্ডে নির্বাসিত কফিনের ডালায় ওঠে দুদ্দাড় শব্দ, তেমনই উদ্‌ভ্রান্তের মতো ছবি এঁকে চলেছিল ফ্রান্সিস।

ফ্রান্সিসের ব্যস্ততার দিনগুলোয় নিপারই ছিল মার্কের একমাত্র শ্রোতা। যদিও মার্ক কথা বলত খুবই কম, কিন্তু নিপার শুনত অনেক কিছু—বিনা প্রশ্নে, বিনা ব্যাখ্যায়, বিনা প্রতিদানে। ফের যখন বেজে উঠল রেকর্ড, অনুপস্থিত মার্কের সরব উপস্থিতি জানান দিল, ঠাহর হল সেকেন্ড কামিং, নিপারের চোখে তখন বিস্ময় নয়, লেগে ছিল ধরাশায়ী আনুগত্য। সেই ছবিই আঁকছিল ফ্রান্সিস। ধীরে-ধীরে ক্যানভাসে ফুটে উঠছিল নিপারের অবয়ব—নাক, কান, পিঠের লোম, ঝুঁকে থাকা ঘাড়। তার ঠিক পাশে রাখা পরিচিত গ্র্যামোফোন। ফ্রান্সিস জানে, রেকর্ড বেজে চলেছে নিজের খেয়ালে; কিন্তু ছবিতে শব্দ থাকে না, ছবি নিজেই শব্দ বানিয়ে নেয়—সে-শব্দ সবার কর্ণগোচর হয় না।

ছবিতে শুধু দেখা যায়, গ্র্যামোফোনের সামনে বসে, অম্লানবদনে, উৎসারিত উচ্চারণ শুনছে ফক্স টেরিয়ার প্রজাতির একটি কুকুর : তার প্রভুর কণ্ঠস্বর শুনছে।

হঠাৎই ফ্রান্সিস দেখে, ক্যানভাসের বাইরে, তার চারপাশে, স্টুডিওর ভিতর আরও অনেক কুকুর। ছোটো-বড়ো-মাঝারি, সাদা-কালো-বাদামি, নধর এবং ঘেয়ো—সব ধরনের কুকুর। হরেক রকমের এত কুকুর একজোট হলে সাধারণত যা-যা হয়ে থাকে, তেমন কিছুই ঘটে না; কোনও চিৎকার শোনা যায় না, শোনা যায় না এমনকি চাপা গজরানিও। তারা প্রত্যেকেই বসে থাকে চুপ করে, আশ্চর্য নীরবতায়, মগ্ন শ্রোতার মতো রেকর্ড শোনার বিভঙ্গে। কুকুরের দল যেন শুনে চলে—প্রভুর বাণীসমূহ।

আঁকতে-আঁকতে আচমকা নিজেকেই প্রশ্ন করে বসে ফ্রান্সিস : আমরা কি সবাই আদতে কুকুর? কে লিখে দেয় আমাদের উচ্চারণ? কার ভাষায় কথা বলি আমরা?

পরিচিত এক কবি-বন্ধুর কথা মনে পড়ে যায় ফ্রান্সিসের। ঈস্টারের ঠিক আগের দিন, গুড ফ্রাইডের পরের দিন, শনিবার, তাদের বাড়িতে বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছিল এবার। আড্ডার মাঝে, হ্যামের সসেজ মুখে পাচার করে, ওয়াইনের গ্লাসে আলতো একটা চুমুক দিয়ে সেই বন্ধু বলেছিল : ‘আমি সেই ভাষাতেই লিখি, সেই কবিতাই লিখি, যাতে প্রকাশকের সম্মতি থাকে। আজকালকার সিনেমাগুলো দেখিস না? সেখানেও সাবজেক্ট নিয়ে মার্কেট স্টাডি হয় আগে, তারপর সেইমতো স্ক্রিপ্ট লেখার অর্ডার দেয় প্রোডিউসার।’

সেই মুহূর্তে ফ্রান্সিসের মনে হয়েছিল, বাতিল গল্প-কবিতা বা চিত্রনাট্যগুলোকে যদি ঠিকমতো সংরক্ষণ করা যেত, তবে হয়তো ভবিষ্যতে সেইসব থেকেই আজকের সময়ের মন ও মেজাজের একটা ধরতাই—একটা আদল—পাওয়া গেলেও যেতে পারত।

এই মুহূর্তে ক্যানভাসে রঙের প্রলেপ দিতে-দিতে ফ্রান্সিস বোঝে, কুকুরের দল কেবল চারপাশেই নয়, ক্রমে সেঁধিয়ে যেতে চাইছে তার মস্তিষ্কের প্রতিটি কোষে। হঠাৎ ক্যানভাসের এককোণে আঁকা রেকর্ডটা চলতে শুরু করে—হুবহু বাস্তবের মতোই। কোনও সুর নয়, কোনও গান নয়, গ্র্যামোফোনের কৃষ্ণগহ্বরের অতল থেকে ঠিকরে বেরিয়ে আসে শুধুই আদেশ : ‘এভাবেই আঁকো। না-না, এই রংটা একটু বেশিই গাঢ়। বাজারে বিকোবে না মোটে।’

প্রয়োজনীয় নির্দেশটুকু দিয়ে আবারও নীরব হয়ে যায় রঙিন গ্র্যামোফোন আর ফ্রান্সিস শোনে অমোঘ দৈববাণী : শিল্পী মাত্রেই নিজেকে স্বাধীন বলে ভাবতে ভালোবাসে। অথচ ঘুণাক্ষরেও সে বোঝে না যে, কত-কত শৃঙ্খলে বাঁধা পড়ে গেছে তার দৈনন্দিন। শিল্পী, প্রকৃত প্রস্তাবে, অনুগত।’

ফ্রান্সিসের দম বন্ধ হয়ে আসে। চোখ বুজে ফেলে সে। তার মনে হয়, এইসব কুকুরেরা যেন ওর ভিতরেও এক-একটা পেইন্টব্রাশ ধরে বসে আছে, গ্র্যামোফোন থেকে বেরোনো নির্দেশ মেনে ছবি আঁকবে বলে, যেগুলির রং সবই অস্পষ্ট হওয়ায় বক্তব্যসমূহ বায়বীয়—ঘোলাটে—কুয়াশাকঠিন—অমীমাংসিত।

দুই.
ছবি আঁকা শেষ হলে ফ্রান্সিস বারউড সেটির নাম রাখে : হিজ মাস্টার’স ভয়েস। পাশাপাশি টানা তিনদিন বাড়িতে আটকে রাখে নিজেকে। এই তিনটে দিনের বেশির ভাগ সময়ই সে কাটায় তার স্টুডিওতে—ঘোরের ভিতর।

সদ্য আঁকা ছবিটা—হিজ মাস্টার’স ভয়েস—দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।

সেই দেয়ালের দিকে তাকিয়ে সে দেখে, ছবির ভিতরের ফক্স টেরিয়ারটির চোখের অপলক দৃষ্টি যেন তার উপরই স্থির হয়ে আছে; তবে সরাসরি নয়—অদ্ভুত এক ছায়ার আড়াল থেকে। ছবির কুকুরটা যেন দেখতে পাচ্ছে এমন কিছু, যা ফ্রান্সিস নিজেও জানে না।

একভাবে তাকিয়ে থাকতে-থাকতে কখন দৃষ্টি ঘোলা হয়ে গিয়েছিল, বোঝেনি ফ্রান্সিস; ভ্রূযুগলে ব্যথার বোধ জন্মালে আপনাআপনিই বুজে এসেছিল চোখ—ক্লান্তি ডুবিয়ে দিয়েছিল ঘুমে। সেই অসচেতন ঘুমের সুযোগে, স্বপ্নের ভিতর, সে ঢুকে পড়েছিল সম্পূর্ণ অচেনা এক শহরে—সে এক সমান্তরাল জগৎ—যেখানে রাস্তায় মানুষ নেই কোনও, শুধু কুকুর আর কুকুর আর কুকুর। তারা কেউ ঘেউ-ঘেউ করে না, আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, খাবারের পিছনে ছোটে না। তারা পোশাক পরে, সিগারেট ফোঁকে, কবিতা লেখে। এমনই একটা কুকুরকে দেখে ফ্রান্সিস, ল্যাপটপের সামনে একাগ্রচিত্তে বসে আছে, কানে হেডফোন; কবিতা লিখছে। হেডফোন বেয়ে প্রভুর নির্দেশ প্রবেশ করছে কুকুরটার কর্ণকুহরে : ইয়োর মাস্টার ডাজ নট লাইক ফ্রি ভার্স।

দৃশ্যটা দেখে বিরক্তিতে সরে আসে ফ্রান্সিস। হাঁটতে থাকে সামনের দিকে : মানুষের সভ্যতায় সম্মুখযাত্রা ব্যতীত আর কোনও পথ থাকে না। জনমানবশূন্য এক নতুন শহরের শুষ্ক নিকাশিব্যবস্থাকে পাশে রেখে বাঁধানো সড়ক বেয়ে নাক-বরাবর সিধে হেঁটে চলে সে। উদ্দেশ্যহীন বেশ কিছুটা নাগাড়ে হেঁটে চলার পর দূর থেকে মনুষ্যকণ্ঠের আওয়াজ তার কানে এসে আঘাত করে। সেই শব্দ লক্ষ্য করে, তার উৎসসন্ধানে সে এসে পড়ে একটা কানাগলির সামনে।

গলিটার একেবারে শেষপ্রান্তে ছোটোখাটো একটা মঞ্চ। সেই মঞ্চের উপর দাঁড়িয়ে গল্প পড়ছে একটা কুকুর। মঞ্চের নিচে, দর্শকাসনে বসে, নিজেদের মধ্যে চাপা গলায় খোশগল্প জুড়েছে একদল কুকুর, কেউ-বা খুনসুটি করছে পাশের কুকুরের সঙ্গে—গল্প কানে যাচ্ছে না কারও। অথচ গল্প শেষ হওয়ামাত্র হাততালিতে সরগরম হয়ে উঠল সেই অন্ধগলি। সশব্দ করতালি থেমে গেলে অবাক বিস্ময়ে ফ্রান্সিস দেখল, মঞ্চের ঠিক নিচে, একেবারে সামনে থেকে, বিনা প্ররোচনায় নীরবতা ভেঙে বেজে উঠল একটা গ্র্যামোফোন : ‘ব্যঙ্গ করো, আরও-আরও ব্যঙ্গ করো। আরও কিছুটা রাজনৈতিক হও। তবে একটু জল মেপে। এই অনুষ্ঠানের আয়োজকরা যেন চটে না-যায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এর অন্যথা কোনওমতেই বরদাস্ত করা হবে না, মনে রেখো।’

কুকুরসর্বস্ব শহরের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে চলে ফ্রান্সিস। পথে চোখে পড়ে দেয়াললিখন : কুকুরদের জন্য ওপেন আর্ট এক্সপ্রো—হিজ মাস্টার’স ভয়েস প্রেজেন্টস—। প্রদত্ত দিক্‌নির্দেশ মোতাবেক অতঃপর সে এসে পৌঁছায় একটা বিশাল আর্ট গ্যালারির সামনে। মানুষের মনে কৌতূহল ভরপুর, তাই ইতস্তত করেও সে ঢুকে পড়ে ভিতরে। গ্যালারির ভিতরে ঢুকে সে দেখে, ছবিতে ছয়লাপ প্রতিটি দেয়াল। যদিও দুটো মাত্র ছবি দেখে গা ঘুলিয়ে ওঠে তার এবং পাকস্থলী ঠেলে বেরোতে চাওয়া বমনেচ্ছাকে কোনওরকমে দমন করতে-করতে সে এসে দাঁড়ায় খোলা আকাশের নিচে। অথচ ছবি দু-টিকে কোনওভাবেই মন থেকে সরাতে পারে না ফ্রান্সিস বারউড; ছবি দু-টি ছিল অনেকটা এমন :

প্রথম চিত্র : একটি কুকুর কেটে ফেলেছে নিজের গলা—কণ্ঠনালী, মুখবিবর উন্মুক্ত, হেসে চলেছে তবু। ছবির শিরোনাম : সায়লেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ্‌ ওবিডিয়েন্স।

দ্বিতীয় চিত্র : পুরো ছবি জুড়ে একটি কুকুরের পশ্চাৎদেশ, তার উপরে ছোট্ট লেজ, গোটানো। আর কিছু নেই। ছবির শিরোনাম : মেড ফর দ্য মাস্টার।

ফ্রান্সিস বোঝে, মাস্টারের নির্দেশ যেখানে থামে, এই কুকুরেরাও সেখানেই থেমে যায়; সৃষ্টির নামে রক্ত দিলে, সেও হয়তো শিল্পই, শুধু যদি মাস্টার পছন্দ করেন। ফ্রান্সিস বুঝে যায়, এই সারমেয়পদে শিল্পী মাত্রেই কুকুর—সৃষ্টিশীল, প্রতিভাধর, পাগলাটে, অনুভবী—এবং কুকুর মাত্রেই শিল্পী, যদি মাস্টার বলেন। তবু তারা নিজেদের মর্জিমাফিক কিছু সৃষ্টি করে না, নিজেদের গল্প বলে না; তারা শুধু শোনে আর তা পালন করে : হিজ মাস্টার’স ভয়েস। এইভাবেই ক্রমে একসময় গড়ে উঠবে প্রভুর কাঙ্ক্ষিত অখণ্ডমণ্ডলাকার একমাত্রিক সাংস্কৃতিক জগৎ।

একে অচেনা শহর, তায় এতক্ষণ ধরে ঘোরার ফলে ক্লান্তি ঘিরে ধরে ফ্রান্সিসকে, পা দুটো চলতে চায় না আর; অগত্যা পথের ধারের একটা রোয়াকের দিকে এগিয়ে যায় সে। ভাষা হারিয়ে ফেলা কুকুরেরা বসে সেই রোয়াক জুড়ে নিজেদের মধ্যে বাকতাল্লা চালাচ্ছে আকারে-ইঙ্গিতে। একেবারে কাছে এলে বোঝে, রোয়াকটা আসলে একটা চায়ের ঠেক। কুকুরগুলোর জিভ প্রভুর পদলেহনে এতটাই সক্রিয় ছিল যে চা খাওয়ার জন্য একটুও ঝুঁকতে হচ্ছিল না আর; মানুষ যেদিন দু-পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে শিখেছিল, মেরুদণ্ড ঋজু হয়ে উঠেছিল ক্রমে, তখন তার হাতের দৈর্ঘ্যও অপ্রয়োজনীয় বোধে কমে গিয়েছিল। হালে এই কুকুরগুলোর জিহ্বাও, আজানুলম্বিত, তাদের কোনও-না-কোনও কাজে সহায়ক হয়ে উঠেছে। ওদের থেকে কিছুটা দূরত্ব রেখে বসে ফ্রান্সিস। ওদের ভিতর থেকে একটা কুকুর, বয়স্ক, লোলচর্ম কথা বলে ওঠে তার সঙ্গে। এই প্রথম কোনও কুকুরকে কথা বলে উঠতে দেখে ঘাবড়ে যায় সে, জানতে পারে, প্রতিবাদ থেকে শুরু করে ন্যূনতম বিরুদ্ধ স্বরের যাবতীয় শক্তি যেহেতু অন্তর্হিত হয়েছে তার, তাই প্রভুর নির্দেশে পুনরায় কথা বলার অধিকার পেয়েছে সে : ‘তুমি এখানে নতুন, তাই না? তোমার মধ্যে এখনও ঘেউ রয়ে গেছে। কিছুদিন পর তুমিও বাকিদের মতো অবিকল বোবা হয়ে যাবে, দেখো।’

‘আমি ছবি আঁকি। এত প্রতিভা থাকা সত্ত্বেও আমি বোবা হব কেন?’

বয়সের ভারে ঈষৎ ন্যুব্জ কুকুরটা দীর্ঘশ্বাস ফেলে : ‘কারণ মাস্টারের আদেশ শুনতে-শুনতে আমাদের নিজেদের স্বর হারিয়ে গেছে। আমরা আর জানিই না যে কীভাবে নিজের মতো করে ডাকতে হয়। কেউ যদি ভুল করেও ডেকে ফেলে, কোত্থেকে মাস্টারের নির্দেশ ভেসে আসে—ওইভাবে নয়, এইভাবে ডাকো। এভাবেই ডাকো, তাতে পত্রিকা ছাপবে, গ্যালারি পাবে, আমন্ত্রণ মিলবে উৎসবে। ওই দেখো, সিনেমার শ্যুটিং চলছে। কান পাতো, শুনতে পাবে ওদের কথোপকথন।’

ফ্রান্সিস সতর্ক হয়ে শোনার চেষ্টা করে। তার কানে আসে ক্যামেরার পিছনে থাকা কুকুরটার কথা : ‘এখানে কাঁদতে হবে তোমায়, কিন্তু বেশি নয়। নয়তো দর্শক বিরক্ত হয়ে যাবে।’—‘এখানে একটু রাজনৈতিক ট্যুইস্ট দাও, কিন্তু নাম দিও না কারও। দর্শক স্মার্ট, ঠিক বুঝে নেবে।’

ফ্রান্সিস কান পেতে শোনে : ক্যামেরার পিছনে থাকা কুকুরটার মুখে আসলে কোনও শব্দই নেই; প্রতিটি উচ্চারণ বেরিয়ে আসছে অদূরবর্তী এক গ্র্যামোফোনের কন্দর থেকে। সেই শব্দই বলে দিচ্ছে গল্প, সংলাপ, আবেগ, সুরঝংকার। সে দেখে, দেয়ালের সমীপবর্তী একদল কুকুরের জটলা; তারা প্রত্যেকে ছবি আঁকছে, কিন্তু কেউ কিছু দেখছে না—অন্যের আঁকা ছবি তো দূরের প্রসঙ্গ, নিজের আঁকার দিকেও ভুল করে তাকাচ্ছে না। তাদের শুধু একটাই লক্ষ্য : প্রভুর অমোঘ এবং অটল উচ্চারণ। মুখ তাদের গম্ভীর, চোখ অনড়। তারা জানে, প্রভু তাদের পাশে নেই; তবু প্রভুকে অতিক্রম করতে পারে না—প্রভু অলঙ্ঘ্যনীয়; প্রভুর অনুগ্রহ ব্যতিরেকে স্বীকৃতি অসম্ভব। এরই সঙ্গে জুড়ে যায় ভয় : প্রভু যদি কখনও চিরতরে স্তব্ধ করে দেন তাদের বাগযন্ত্র! অথচ তারা বোঝে না, যাকে বাক্‌পটুত্ব বলে ঠাওরাচ্ছে নিজেরা, তার সবটাই প্রভুর মুখনিঃসৃত বাণী—নিজস্ব বচন।

তিন.
ঘুম ভেঙে উঠে ফ্রান্সিস দেখে, সে এখনও তার স্টুডিওর চার দেয়ালের ভিতরই অবস্থান করছে। যদিও বদলে গেছে চারপাশ। আশেপাশের ক্যানভাসগুলো সব নিঃশব্দ, বার্তাবিহীন। তবু কোন গভীর থেকে যেন ভেসে আসছে অবিমিশ্র এক গন্ধ—পশমভেজা গন্ধ, পুরোনো রং আর ধুলোর গন্ধ, মৃত কুকুরের স্মৃতিগন্ধ।

ফ্রান্সিস তাকিয়ে দেখে, নিপারের ছবি জেগে উঠেছে পুনরায়।

এবার আর নিপারের পাশে কোনও গ্র্যামোফোন নেই, বদলে এসে জুড়েছে একটা মিশকালো অন্ধকার দরজা। দু-হাতে চোখ কচলায় ফ্রান্সিস, দৃষ্টি পরিষ্কার করে নিয়ে ভালো করে দেখে, মালুম হয়, দরজাটা যেন ছবি থেকে কোনও-এক অত্যাশ্চর্য উপায়ে বেরিয়ে বাইরে চলে এসেছে। সে এগিয়ে যায়; ধীরে, সন্তর্পণে, হাত রাখে সেই দরজায়। তার হাত দরজা স্পর্শ করার সঙ্গে-সঙ্গেই খুলে যায় অবলীলায়।

দরজার ওপারে কোথাও কিছু নেই, বিন্দুমাত্র ঠাহর হয় না—আলো নয়, অন্ধকারও নয়—গন্ধ, শুধু গন্ধ—কুকুরশরীরের গন্ধ। প্রভুর হাতে খেলা করা কাঁপা কান্নার, কড়া হুকুমের, চাপা বিরক্তির ঘ্রাণ। সেই ঘ্রাণে মিশে আছে অযুত বছরের ভয় মিশ্রিত শ্রদ্ধা, আনুগত্য আর হারানো সুর—যুগপৎ, স্বরও।

ফ্রান্সিস ঢুকে পড়ে খোলা দরজা দিয়ে।

এখানে কোনও দৃশ্য নেই, কোনও শব্দ নেই, কোনও নাম নেই। থাকার মধ্যে আছে শুধু গন্ধ। এক-একটা ঘ্রাণ এক-একটা গল্প। ঘ্রাণ ছায়া, ঘ্রাণ স্মৃতি, ঘ্রাণই শাসন। তবে এখানে এমন একটা গন্ধও আছে, চট করে যাকে ঠিক চেনা যায় না; কুকুরের গন্ধ নয়, মানুষের গন্ধও নয়, ফ্রান্সিসের মনে হয়—আসলে ভাবতে ভালো লাগে—এ নির্ঘাত প্রকৃত শিল্পের অননুকরণীয় সুবাস। সেই গন্ধ অদ্ভুত—কখনও পচনগন্ধী, কখনও কফির মতো তীব্র, আবার কখনও-বা ছিন্ন প্রেমের পুরোনো চিঠির মতো অম্লান।

ফ্রান্সিস বোঝে, এ তার একান্ত নিজের অর্জন। এই প্রথম সে বুঝতে পারে, শব্দ নয়, রং নয়, রূপ নয়—শিল্প আসলে ঘ্রাণ। কুকুর কথা বলে না, তারা গন্ধে বোঝে। প্রভুর উচ্চারণে লেগে থাকা গন্ধে ওরা বোঝে, প্রভু কখন খুশি, কখন বিরক্ত, কখন বিপন্ন। অথচ দীর্ঘলালিত এমত অভ্যাসে এই বোঝার প্রক্রিয়ার ভিতরেই কখন যেন তারা হারিয়ে ফেলে আঘ্রাণের আজন্ম ক্ষমতা।

ফ্রান্সিস ফিরে আসে স্টুডিওয়। এসে দাঁড়ায় সাদা ক্যানভাসের সামনে। এবার সে নতুন ছবি আঁকবে।

একসময় শেষ হয় ফ্রান্সিসের আঁকা। থেমে যায় হাতের তুলির ভূতগ্রস্ত সঞ্চালন। ক্যানভাস থেকে কিছুটা দূরত্ব তৈরি করে পিছিয়ে আসে সে।

ছবির উপর দিকে একটা গ্র্যামোফোন যার কৃষ্ণগহ্বরে ঢুকে যাচ্ছে হরেক প্রজাতির কত-না কুকুর। তার ঠিক নিচে, কিছু কুকুর সেই তীব্র টান ছিঁড়ে বিপরীত অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। কেউ-কেউ সফল হয়েছে সে-প্রয়াসে। ছবির ঠিক নিচে, প্রলয়পয়োধি জলে ভেসে আছে এক নৌকা, যার হাল ধরে আছে এক মানুষ—কুকুর নয় কোনও। শৃঙ্খল ছিঁড়ে বেরোতে পারছে যারা, এসে উঠছে সেই নৌকায়; যারা পারল না, সেই বাদবাকিরা থাকবে না নতুন পৃথিবীতে। লড়াই করে বেরিয়ে এল যারা, শুধুমাত্র তারাই থাকবে আগামী দুনিয়ায়—এবং ইতিহাসেও।

সদ্যসমাপ্ত ছবিটির নিচে অ্যাক্রিলিকে শিরোনাম : অল ফ্লেশ দ্যাট ইজ অ্যালাইভ। জেনেসিস ৬ : ১৭।