নিউ ইয়র্কে থাকেন মার্কিন নাগরিক বাংলাদেশের লেখক অসিত রায়। বললেন, দাদা, উনি মনে হয় আমেরিকায় আর থাকেন না।

— চন্দ্রনাথ সরকার?

— তাঁর কথাই তো জিজ্ঞেস করতেছেন।

— কিন্তু যোগাযোগ হবে না কেন এই ইন্টারনেটের যুগে, একেবারে অন্তরালে চলে যাবেন?

— আমরা একটা প্রবাসী বাংলাদেশী লেখকদের সম্মেলন করলাম নিউ ইয়র্কে, ওকে ইনভাইট করলাম মেইলে, কোনও উত্তর পাইনি, পরে সান দিয়েগোতে থাকে আনিস ভাই, সে বলল, নেই, চলে গেছেন।

— আশ্চর্য, হাওয়া হয়ে গেলেন, ফ্যামিলিতে ক’জন?

— তিনজন, শুনেছি ছেলেটা কানাডায় থাকে।

— তাহলে কি কানাডায় থাকেন উনি, আমি কথা বলতে চাই, একটা সাক্ষাৎকার নেব।

— চন্দ্রনাথদা খুব ভালো লেখক, আপনি তাঁর লেখা পড়েছেন?

অবনী বলল, পড়েছে, ভস্মশেষে উপন্যাসটি ক্লাসিক ঘরানার মনে হয়েছে, রহিম মিদ্দের ঘরবাড়িও, কিছু গল্প পড়েছি, আমি ঢাকার ইব্রাহিম চৌধুরীকে জিজ্ঞেস করলাম, চন্দ্রনাথ কোথায় থাকেন, যোগাযোগ করতে চাই।

অসিত বলল, ইব্রাহিম ভাইয়ের পত্রিকায় উনি নিয়মিত লেখেন তো।

— তা লেখেন, কিন্তু ইব্রাহিম মেলে লেখা চান, উনি মেলে লেখা পাঠান, বললেন, মনে হয় কানাডা কিংবা ইউ এস এ থাকেন। অবনী কথাটা বলে থামল।

অসিত চুপ করে থাকল কয়েক মুহূর্ত, তারপর বলল, ছিলেন ইউ এস এ, আমি ২০০৫ সালে এসেছি, উনি তার ক’বছর বাদে আসেন, তখন দেশে থাকাই বিপজ্জনক হয়ে উঠছিল, সেই সময় আমেরিকান সরকার ইন্ডিয়া এবং চিন বাদ দিয়ে বহু দেশের মানুষকে আমেরিকায় নাগরিকত্ব দিচ্ছিল, কেন, না কাজের লোক কম হয়ে গিয়েছিল, উনিও এসেছিলেন।

কথাটা জানে অবনী। আগে শুনেছে অসিতের কাছেই। চন্দ্রনাথ ছিলেন সান দিয়েগো, মেক্সিকো সীমান্তে, প্যাসিফিকের ধারে। কিন্তু টিকতে পারেননি।

— কেন? অবনী ধর জিজ্ঞেস করল, বলল, সে একবারই ইউ এস এ গিয়েছিল এবং তা ক্যালিফোর্নিয়া স্টেটে, পশ্চিম উপকূলে, সান দিয়েগো ঘুরতে গিয়েছিল লস এঞ্জেলস থেকে, প্রশান্ত মহাসাগরের তীরে, ওপারে জাপান, এশিয়া মহাদেশ, অপূর্ব জায়গা, মন বসল না?

— না বসেনি, আনিসকে বলেছিলেন ভাল্লাগছে না, মন বসছে না, তারপর বেশ কিছুদিন পরে আনিস হোয়াটসঅ্যাপ করে, কোনও উত্তর পায় না, চন্দ্রনাথের ভাড়া বাড়িটা ছিল স্প্যানিশ কলোনির ভিতরে, আনিসের সন্দেহ হচ্ছিল, সে চলেই গেল এক রবিবার, দেখল সে বাড়িতে একটি মেক্সিকান ফ্যামিলি।

অবনী কথা বলছে ভোরে। নিউ ইয়র্কে তখন সন্ধে। হতাশ হচ্ছিল অবনী। আর তার স্বভাব এমন যে হতাশ হলে জেদ চেপে বসে। জিজ্ঞেস করল আনিস ভাইয়ের নাম্বার দেবেন?

অসিত বলল, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।

অবনী ধর বলল, আনিসকে একটু বলে দেবেন, আমি একটু কথা বলব।

— বলব দাদা, ও স্প্যানিশ জানে, স্প্যানিশ থেকে অনুবাদ করে, গল্প লিখতে চেষ্টা করে, আপনাকে চেনে মনে হয়।

আনিস রহমান অবনীর ফোন ধরে বলল, দাদা আদাব, আমাকে অসিতদা সব বলেছে, আমি তো ভাবতাম আপনি সেই হাংরি জেনারেশনের রাইটার অবনী ধর, যিনি ‘ভাতের জন্য শ্বশুরবাড়ি’ গল্প লিখেছিলেন।

অবনী বলল, তিনি যখন মারা যান, তখন আমি ছ-সাত বছর হব।

— আমি হাংরির লেখার খুব ভক্ত, বাসুদেব দাশগুপ্ত, অবনী ধর, ফাল্গুনী রায়, অনেকদিন ভাবতাম আপনিই তিনি, পরে ভুল ভেঙেছে।

— দেশ আলাদা হয়ে এমন হয়েছে। বিমর্ষ গলায় বলল অবনী, সে খুব চেষ্টা করছে ওদেশের সাহিত্য নিয়ে কাজ করতে। একটি বাংলাদেশ সংখ্যা করবে তার পত্রিকায়, সেই সংখ্যায় চন্দ্রনাথ সরকারের সাক্ষাৎকার ছাপতে চায়। উনিই এখন সিনিয়র মোস্ট লেখক, বেঁচে নেই তার প্রিয় লেখকরা, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির প্রমুখ।

— আমরা কিন্তু বাংলাদেশে বসেই অবনী ধর পড়েছি, পড়ায় কোনো অসুবিধা হয়নি, জানায় অল্পবিস্তর।

অবনী বলল, “আমি আগে চন্দ্রনাথ সরকারের কোনও লেখাই পড়িনি বলতে গেলে, নামই শুনিনি, বছর চার আগে একটা বই হাতে আসে, পড়ে দেখি দুর্দান্ত, ইন্ডিয়াতে তিনি তত পরিচিত নন।”

কথা হতে লাগল দূর পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরের ওপারে থাকা আনিস রহমানের সঙ্গে। আনিস বলল, আমেরিকায় না থাকলেও খুলনায় উনি ফিরতে পারবেন না, আমার দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল বিশ্বাস হয় না, ধর্ম কত ভয়ানক হতে পারে দেশের পক্ষে তা দেখছি, আপনারা সাবধান, আমার দেশ এখন কাদের হাতে পড়েছে বলুন দাদা, আমিই যাই না, ফ্যামিলি নিয়ে চলে এসেছি।

অবনী জিজ্ঞেস করল, “ওঁর কী হয়েছিল?”

— যা হয়, তাই হয়েছিল, উনি কেন নবীর অবমাননা করেছেন।

— সে কী, এ তো ভয়ানক ব্যাপার।

— তখন থাকতেন ঢাকায়, খুলনায় দেশের বাড়ি, জমিজমা সব দখল হয়ে গিয়েছিল, উনি দুয়ারে দুয়ারে ঘুরেছেন, কিস্যু হয়নি।

— নবীর অবমাননা কীভাবে হল বলুন তো, ব্যাপারটা কী?

— কিছু না দাদা, উনি এসব কিছু লেখেননি, তখন ফেসবুক ছিল না, তাই ফেসবুকে লেখার কথাই ওঠে না।

— তাহলে রটল কেন?

— এমনি, রটিয়ে দেওয়া হল, কে আর চেক করে দেখছে চারশো পাতার উপন্যাস রহিম মিদ্দের মানব জীবন, বই পোড়ানো হল, আসলে চন্দ্রনাথদাকে টার্গেট করা হয়েছিল, হিন্দু কেউ ওদেশে থাকবে না, জমিজমা ফেলে চলে যাও।

— রহিম মিদ্দের ঘরবাড়ি আর একটা উপন্যাস?

— এইটা একটা সিরিজ স্যার, আর একটা হল রহিম মিদ্দের স্বাধীন দেশ।

অবনী বলল, বাকি দুটির কথা আমি জানি না।

আনিস বলল, আমরা যা জানি আপনাদের লেখা নিয়ে, আপনারা গুটিকয় জানেন, শওকত আলি পড়েছেন, প্রদোষে প্রাকৃতজন?

অবনী বলল, “কিছুদিন আগে পড়েছি।”

— তাহলে বুঝুন, আমরা সকলকে পড়েছি, সে পাইরেট এডিশন হোক বা অরিজিনাল হোক।

অবনী বলল, “তা সত্যি, চন্দ্রনাথের নাম এত বছর বাদে জানলাম, ১৯৪৭ সালে জন্ম, মানে ৮০ বছরে পা দিয়েছেন মনে হয়।”

— উনি খুব রেস্পেক্টেড লেখক, আমরা কলেজে পড়ি তখন, ওঁর নতুন বই নিয়ে আমাদের কী আগ্রহ, কলেজে একবার গল্প পাঠ করলেন, কিন্তু কী যে হয়ে গেল, আমাদের ভিতর এত বিষ আমরা জানতাম না।

— কেউ প্রতিবাদ করেনি?

— করবে না কেন, কিন্তু যারা ওঁর পক্ষে কথা বলছিল, তারাও টার্গেট হয়ে যাচ্ছিল, মারধোর, অপমান করা, ইস্কুল কলেজে ঢুকতে না দেওয়া, এই রকম, আমিও দাদা এমনি ঝামেলায় পড়ে চলে এসে আর যাইনি আমার দেশে।

— সরকার প্রটেকশন দেয়নি, কিছু বলেনি?

— এসব তুচ্ছ ব্যাপার, বরং চন্দ্রনাথদাকে ডেকে খুলনার ডেপুটি কমিশনার তর্জনী তুলে সতর্ক করে দিয়েছিলেন, তাতে উনি খুব অপমানিত হয়েছিলেন।

অবনী চুপ করে থাকল। সারা পৃথিবীজুড়ে সাধারণ মানুষ, ভালো মানুষের হেনস্থা বেড়েই চলেছে। তার নিজের দেশও ব্যতিক্রম নয়। কোনও কোনও দেশে সংখ্যালঘু আতঙ্কে দেশ ছাড়ছে। আবার যুদ্ধে মরার ভয়ে দেশ ছাড়ছে। কেউ সাম্প্রদায়িক হেনস্থার ভয়ে, জাতিগত হিংসার ভয়ে লুকোচ্ছে, পালাচ্ছে। চন্দ্রনাথ অনেক ঘোরাঘুরি করেছিলেন জমিজমা, বাড়ি জবরদখল মুক্ত করতে, কিন্তু পারেননি, বরং উপদেশ পেয়েছিলেন দেশ ছেড়ে চলে যেতে, আমেরিকা ইংল্যান্ড, ইন্ডিয়া যেখানে খুশি, তিনি আমেরিকায় গেলেন, তারপর প্রশান্ত মহাসাগরে বিলীন হলেন নাকি? অবনী ধরকে আনিস বলল, আপনি বরং লুৎফর রহমানকে ফোন করেন।

— কে তিনি?

— ইঞ্জিনিয়ার, বড় চাকরি করেন, খুলনায় বাড়ি, এখন টরন্টোতে থাকেন, আমি আপনার কথা বলে দিচ্ছি, লুৎফরের স্ত্রী নম্রতা, মানে নাসিফা খাতুন নম্রতা ছিল চন্দ্রনাথদার ছাত্রী, স্যারের কথা সে জানতে পারে, স্যারকে সেই নাকি কানাডায় চলে যেতে বলেছিল, তাহলে আর মন খারাপ হবে না। কানাডায় আছেন মনে হয়।

— হতে পারে স্যার, হতে পারে। আনিস বলল, সে ভেবেছিল সান দিয়েগোতে সেটল করবেন উনি, সে ওঁকে কলম্বিয়া নিয়ে যেত মেক্সিকো পার হয়ে, গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজের বাড়িতে নিয়ে যাবে, কথা হয়ে গিয়েছিল, কিন্তু কী হল!

— অথচ উনি প্রতিবার ঈদ সংখ্যায় গল্প লেখেন, গত বছর উপন্যাস লিখেছেন খুলনা আর ভৈরব নদী নিয়ে, কী টাটকা লেখা, ভাবাই যায় না। অবনী হতাশ গলায় বলল।

কয়েকদিন বাদে অবনী ধর যোগাযোগ করে কানাডার সঙ্গে। লুৎফর রহমান ফোন ধরলেন, অবনী তার পরিচয় দিলে লুৎফর বললেন, “চন্দ্র স্যার, উনি আমার প্রিয় লেখক, আমার দেশকে উনি এত সুন্দর চেনেন, গরিব মুসলমানের ঘরের খবর উনি রাখেন, আপনি গেল ঈদ সংখ্যায় রহিম মিদ্দের গ্রাম-শহর পড়েছেন?”

অবনী না করলে লুৎফর বলল, এসেছিলেন কানাডায়, এক বছরও থাকেননি, চলে গেছেন।

— ঠিক জানেন?

— নম্রতাকে দিচ্ছি, ওর স্যার, তখন খুলনা কলেজে উনি পড়াতেন।

নম্রতা ফোনটি নিয়ে বলল, আপনি ইন্ডিয়া থেকে বলছেন, ইন্ডিয়ায় কেউ ওঁকে চেনে?

— চিনি বলেই তো খোঁজ করছি।

নম্রতা বলল, উনি অবশ্য বলেন, বাংলাদেশের পাঠক পড়লেই হবে, আর দরকার নেই, আমাদের দুর্ভাগ্য এমন লেখক দেশে থাকতে পারলেন না, ওঁকে খুঁজে কেউ পায় না।

— এখন তো দেশে নেই, এখন কেন আড়ালে গেলেন…?

নম্রতা বলল, দেশ ছেড়ে কেউ ভালো থাকে স্যার, আমরা কি ভালো আছি?

— অত টাকা, অমন উন্নত জীবন, তা কি ভালো না?

— আপনি নিউ ইয়র্কের অসিত রায়কে জিজ্ঞেস করুন, ওঁর লেখা পড়ুন, সব লেখায় বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, সন্ধ্যা নদী, একুশ বছর দেশের বাইরে, কিন্তু দেশের কথাই লিখে যাচ্ছেন, স্যারের লেখাও তাই, স্যারের রহিম মিদ্দের গ্রাম-শহর পড়তে পড়তে কাঁদলাম।

— কী করে পড়লেন?

— পত্রিকাটির পিডিএফ, তা ছাড়া উপায় কী?

— উনি কোথায় আছেন বলতে পারেন?

নম্রতা বলল, সান দিয়েগো থেকে এসে অটোয়াতে থাকতেন, যেভাবে হোক খবর পেয়েছিলাম, গিয়েছিলাম আমি, উনি বললেন, এত শীত, এত নির্জন…।

— তারপর।

নম্রতা বলল, আমি বললাম স্যার নিউ ইয়র্কে যান, কম শীত, কিন্তু উনি কিছুই বলেননি, পরে আর যোগাযোগ করতে পারলাম না, উনি কানাডা ছেড়ে মনে হয় খুলনা ফিরে গেছেন, আপনি ইব্রাহিম ভাইকেই বলেন, উনি খোঁজ দিতে পারবেন।

দুই.
মহাপৃথিবী পত্রিকার ইব্রাহিম চৌধুরী কলকাতায় এলেন চিকিৎসা করতে। খবর তিনিই দিলেন, খবর পেয়ে অবনী ছুটে গেল প্রায়। ইব্রাহিম ছিলেন ধর্মতলার একটি হোটেলে। ইব্রাহিম তাকে মেসেজ করেছিলেন, সময় হলে দেখা করুন। এক সকালে অবনী সেই হোটেলে গেল। এই প্রথম দেখা। সৌম্যদর্শন মানুষ। বয়স বছর ষাট। কিন্তু বেশ শক্ত-পোক্ত শরীর। তাঁর জন্যই অপেক্ষা করছিলেন ইব্রাহিম। অবনী জিজ্ঞেস করল, কার চিকিৎসা?

— বড় ভাইয়ের।

— আমাকে ডাকলেন কেন? অবনীর সন্দেহ হচ্ছিল, বড় ভাই তাহলে চন্দ্রনাথ! কী হয়েছে?

ইব্রাহিম বললেন, ডায়াগনোসিস চলছে, তেমন কিছু সিরিয়াস নয়, এত কথা হয় ফোনে, ভাবলাম অনেক দিন বাদে যখন কলকাতা এলাম, আলাপ করি।

আচমকা অবনীর জেদ চেপে গেল যেন, সে ইব্রাহিম চৌধুরীকে জিজ্ঞেস করল, খুলনায় বাড়ি, তিনিও খুলনার, আপনি লেখা ছাপেন, বই ছাপেন, ঠিকানা জানেন না?

ইব্রাহিম বললেন, আমি তো বলেছি, এইটা ই-মেইলে হয়, ঠিকানা দরকার হয় না। ইব্রাহিম নির্বিকার গলায় বললেন।

— আপনি তো জানেন, উনি কানাডা বা আমেরিকায় নেই, চলে এসেছেন।

— জানি, দেশে ফিরে এসে আবার চলে গেছেন, না হলে জেলের ভাত খেতেন দেশবিরোধী বলে।

— কোথায় চলে গেছেন, কবে চলে গেছেন?

ইব্রাহিম চৌধুরী বললেন, তা তো জানি না।

— আপনি রয়্যালটি দেন না?

ইব্রাহিম বললেন, সব জমা আছে, উনি এসে নিয়ে যাবেন।

চুপ করে থাকল অবনী ধর। তারপর বললেন, আপনার বড় ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে?

ইব্রাহিম জবাব দিলেন না। একটু সময় নিয়ে বললেন, আপনি সাক্ষাৎকার নেবেন, প্রশ্ন পাঠিয়ে দেবেন ই-মেইলে, উনি জবাব দিতে পারেন, আবার নাও পারেন।

— কেন?

— চোখে তেমন দেখেন না, স্ত্রী বাসবী ভাবী পড়ে দেবেন, উনি মুখে বলবেন, বাসবী ভাবী লিখবেন।

— আমি কথা বলতে চাই।

ইব্রাহিম চৌধুরী বললেন, আপনি বিকেলে আসবেন একবার।

— হসপিটালে?

— না এখানে আসুন, রাতে ডিনার করে ফিরবেন।

অবনীর সন্দেহ চন্দ্রনাথ সরকার হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্যই এসেছে ইব্রাহিম তাঁকে নিয়েই। উনি বাংলাদেশেই ফিরে এসেছেন। কিন্তু কথাটা গোপন রেখেছেন। ইব্রাহিম তাঁকে সাহায্য করছেন এই ব্যাপারে। জমিজমা বাস্তুভিটে সব দখল হয়ে যাওয়ার পরও তিনি আমেরিকা কানাডা থেকে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশে, কেন? জমি উদ্ধারে? দখলদার কি সহ্য করবে তা? হিন্দুরা দেশ ছাড়লে আবার ফেরে? জানে না, ধড় থেকে মুণ্ড আলাদা করে দিলেও কোনও বিচার হবে না? মিথ্যে অভিযোগে জেলে পুরে খুলনা থেকে সিলেট পাঠিয়ে দিলে খোঁজই পাবে না ফ্যামিলি, মুক্তি পাবেন কি না সন্দেহ। কথাটি কি এমনি? ভাবতে ভাবতে ফিরে এল অবনী। আবার বিকেল চারটের সময় পৌঁছে গেল। তৈরি হয়েছিলেন ইব্রাহিম। বললেন, চলুন।

ইব্রাহিম যে কদিন কলকাতায় থাকবেন, তাঁর জন্য একটি ভাড়ায় নেওয়া গাড়ি থাকবে। সেই গাড়ি নিশ্চয় হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু না। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে এগিয়ে বিবেকানন্দ রোড থেকে বাঁক নিয়ে গাড়ি ভিআইপি রোড ধরে চলল বিমানবন্দরের দিকে। তারপর বারাসত। ছুটির দিন তাই রাস্তা ফাঁকাই ছিল। বারাসত পেরিয়ে কদম্বগাছি টাকি রোড ধরে। কদম্বগাছি পার হয়েই বাম দিকে ঘুরে গেল। ওদিকে রেল স্টেশন। একেবারে গ্রাম। এত সময় কোনও কথা বলেনি অবনী, এবার জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি?

— চন্দ্রনাথ দাদার বাড়ি, কদম্বগাছি।

— এখানে থাকেন?

ইব্রাহিম বলল, ছেলে কানাডা থেকে আসেনি, উনি চলে আসেন খুলনায়, কী বলব দাদা, কী বলব, বুঝতেই পারছেন সব, আমার দেশের এমন প্রতিভাকে এ দেশ ও দেশ করে বেড়াতে হচ্ছে, মন বসছে না কোথাও।

বহুদিন আগে একবার এখানে এসেছিল অবনী। মরিচঝাঁপির উদ্বাস্তুদের কলোনি হেমন্ত বসু নগরে। এখানকার একটি ছেলে সমরেন্দ্র তার সহপাঠী ছিল। সে এখন কোথায়, জানে না অবনী। গাড়ি এসে থামল একটি একতলা বাড়ির সামনে। তারা প্রবেশ করল ভিতরে। ইব্রাহিমকে দেখে প্রবীণা এক মহিলা আনন্দময়ীর গলায় বললেন, দেখ কে এসেছে, উনি?

— বলছি, বসি আগে। ইব্রাহিম বললেন।

মুখোমুখি সোফায় বসে আছেন চন্দ্রনাথ সরকার। দীর্ঘদেহী, মাথার সব চুল পাকা। মুখখানি ভাঙাচোরা। চোখ দুটি ভাসা ভাসা, চশমা খুলে মুছে নিয়ে আবার চোখে দিলেন, জিজ্ঞেস করলেন, উনি কি আমার বাংলাদেশের লোক?

— না, কলকাতার, আপনার লেখা পড়তে পছন্দ করেন।

— আমার বই আসে এদেশে?

অবনী বলল, আসে, আপনি কতদিন আছেন এখানে?

— আট বছর, ফের একবার আমেরিকা গেছি আটলান্টায়, থাকতে না পেরে চলে এসেছি খুলনা, সেখেন থেকে কদমগাছি, উপায় নেই, জন্মভূমিকে ভালোবাসলে এমন হয়।

অবনী জিজ্ঞেস করল, দু’দুবার ইউ এস এ ছেড়ে এসেছিলেন কেন?

চন্দ্রনাথ বললেন, প্যাসিফিকের ওপারে এশিয়া, আটলান্টায় কত বাংলাদেশী, খুব মন খারাপ হত, রহিম মিদ্দে কি দেশ ছেড়ে পশ্চিমে আসতে পারে, সে ঢাকা যেতেই ভয় পায়, আমার মন কেমন করত, ছেলে চাকরি পেয়ে নিয়ে গেল কানাডা, সেখেনে আরো মন খারাপ হতো, অত শীত, রাস্তাঘাট নির্জন, আমার দেশে কত মানুষ, কত কত রহিম মিদ্দে আর হাসেম মিদ্দে, হরিহর আর কেষ্ট মিদ্দে। দীর্ঘনিঃশ্বাস ফেললেন চন্দ্রনাথ, তারপর বললেন, এত বছরে আপনি প্রথম একজন, আমিও চাইনে তা, আমি বাংলাদেশের লেখক, বাংলাদেশে মরতে চাই, আপনি এইটা পাবলিক করে দেবেন না।

ইব্রাহিম বললেন, না দাদা, তা হবে না, এনারে অনেক দিন ধরে যাচাই করে তবে নিয়ে এসেছি, ভয় নেই।

বাসবী দেবী বললেন, হ্যাঁ, কেউ আসে না, জানেও না, এই প্রথম আপনি, আমরা তো অনুপ্রবেশকারী, ভয় করে।

— আপনি এখানেই থেকে যান স্যার। কুণ্ঠিত গলায় বলল অবনী, যেভাবে হোক থেকে যান।

— কেন?

— ওদেশে যখন ফিরতে পারছেন না।

— আমি কি আমার ভৈরবের মুখ আর দেখব না?

অবনী ধর চুপ করে থাকে। চন্দ্রনাথ এই কথাটি বলে শ্বাস নিচ্ছিলেন। ইব্রাহিম বললেন, দাদা, আর একটু অপেক্ষা করতে হবে, দিন বদলাবেই।

— আমার তাই মনে হয়, আমি ফিরে যাবই ইব্রাহিম, জন্মভূমির টান কি ফুরোয়?

সন্ধ্যা ঘনিয়ে এল। আশপাশ থেকে শঙ্খধ্বনি ভেসে আসতে লাগল ছাড়া ছাড়া সময়ে। চন্দ্রনাথ যুক্তকরে জানালার দিকে তাকিয়ে আছেন। বললেন, তুমি এসে নিয়ে যেও ইব্রাহিম, ভুলে যেও না, এবার উপন্যাস লিখব চিত্রা নদী নিয়ে, নড়াইল, তোমার ভাবীর বাপের বাড়ি, তারা কেউ নেই ওদেশে, কেউ ভালোবাসে না আমার জন্মভূমিকে, বুঝলা ইব্রাহিম।

ঘরে ধূপধুনোর গন্ধ। চন্দ্রনাথ সরকার এখনও যুক্তকরে বাইরে তাকিয়ে। জানালার ওপারেই যেন তার স্বদেশ। জন্মভূমি। ·