গল্প ভেবে লিখতে বসেছিলাম কিন্তু অনিমেষ বিরক্ত হল। কেন গল্প লিখবেন? এ তো সত্যি! বললাম, কী সত্যি? তোমার বউ হারিয়ে গেছে? তোমার বন্ধু তোমার গোটা জন্মশহর হারিয়ে গেছে? মানচিত্র থেকে উধাও?

অনিমেষ দুঃখের হাসি হাসল। আপনি কিছুতেই আমাকে বিশ্বাস করেন না, না? আমি আপনাকে নোনাঝিল জায়গাটা খুঁজতে বলছি। যেভাবে পারুন খুঁজে দিন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব বলছি। খুঁজে দিন দেখি।

ভারতবর্ষ থেকে বহু দূরে বসে এভাবে একটা নিতান্ত নগণ্য জনপদ খুঁজে দেওয়া আমার পক্ষে যে কতটা অসম্ভব সেটা অনিমেষকে যে কী করে বোঝাই!

বললাম, নোনাঝিলের পূর্বে বাদাঘাট, পশ্চিমে মসজিদ পাড়া, দক্ষিণে একশো মাইল গেলেই সাগর। উত্তরে নতুন শহর। এই তো তোমার দেওয়া সীমানা। কিন্তু নোনাঝিল তো খুঁজে পেলাম না! সাগর তো সীমানায় আছেই। কিন্তু বাকি কিছুই দেখা যাচ্ছে না। বরং একটা ঝাঁ চকচকে শহরই দেখা যাচ্ছে। ম্যাপে নাম নিউ ক্যালকাটা। মাঝে বিক্ষিপ্ত কিছু ওয়াটার বডি আছে বটে, কিন্তু ঝিল, তুমি যেমন বলছ তেমন সাইজের কিছু তো দেখা যাচ্ছে না!

অদ্ভুত কথা বলছেন স্যার! রেগে উঠল অনিমেষ। ওই নতুন শহর তো ঝিলের এপারেই গড়ে উঠেছে! ওকে লক্ষ করলেই তো আমাদের নোনাঝিল পেয়ে যাবেন! অভিনব গার্লস স্কুল পাবেন। চালপট্টি বাজার পাবেন। খুঁজুন স্যার প্লিজ!

আমার অসহায় অবস্থা। গুগল ম্যাপে এসবের কোনো অস্তিত্বই নেই। অনিমেষের গায়ে হাত রাখলাম। বললাম, একবার বলো তো কবে শেষ গেছিলে নোনাঝিলে? তোমার বউয়ের সঙ্গে শেষ কবে কথা হয়েছিল? কী কথা হয়েছিল?

অনিমেষ নতুন করে উৎসাহ পেল, আপনি শুনবেন তো স্যার? দেখুন থানা পুলিশ করে কিছু হল না। তার ওপরে আমি তো দেশে থাকি না। শ্রমণার বাবা মা শোক পেলেন আমি তার কিছুই করতে পারলাম না।

আমি বিদেশে অনিমেষের প্রতিবেশী। ও আমাকে স্যার বলে কেন তা জানি না। ছেলেটা কয়েকমাস হল এসেছে। ভালো চাকরি করে। এ জায়গায় একজন অল্পবয়সী বাঙালি ছেলেকে প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি একা অনিমেষও একা। সত্যি বলতে ওর একা থাকাটা আমার পক্ষে বেশ ভালোই। দুজনে সময় কাটে ভালো। ওর বউ এলে ও আমাকে এতটা সাহচর্য দিতে পারবে কি? এই স্বার্থপর ভাবনাটা যে আমারও ছিল তা অস্বীকার করি কী করে। কিন্তু ওর বউ এখানে আসার সম্ভাবনাটা ক্রমশ ক্ষীণ হতে হতে প্রায় মিলিয়েই গেছে।

অনিমেষ বলেছে, ও নাকি নোনাঝিলে মাত্র ছ মাস আগেই গেছিল। ওদের বাড়িটার নিখুঁত বিবরণ দিল। তারপর বলল, পৌঁছনোর পর দু একটা দিন বাড়ি ঘর গুছিয়ে তুলতে কেটে গেছিল। আমি বরং তৃতীয় দিনের সকাল থেকে আপনাকে বলতে শুরু করি।

আমি মাথা নাড়লাম। যেহেতু অনিমেষ এখন তৃতীয় ব্যক্তি, আমার আর অনিমেষের মধ্যে অন্য অনিমেষ ঢুকে পড়েছে সুতরাং ওর কথা থার্ড পার্সনেই রাখলাম। এতে গল্প ও সত্যির বিভাজনটা মুছে যাবে। আমার সত্যি বলার দায় থাকল না। অনিমেষকে সম্পূর্ণ অবিশ্বাস করার তাগিদও থাকল না। এখন অক্টোবর চলছে। এই ঘটনার সুত্রপাত মার্চের গোড়ায়।

নোনাঝিলের তৃতীয় দিন সকালে অনিমেষ এবার পাড়া বেড়াতে বের হবে। কাঠচাঁপা গাছটার তলায় সাইকেলটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ও বুঝতে পারল অনেকদিনের অব্যবহারে একটু অবাধ্য হয়ে পড়েছে এটা। অনিমেষ এবারের ছুটিতে ঠিক করেই এসেছে। সাইকেল নিয়ে আবার চষে বেড়াবে। দেবীপুর পার হয়ে কলেজ পর্যন্ত গতি ছিল এই হিরো সাইকেলের। বয়স হলেই সব কিছু ফেলে দিতে হবে একথাটায় তার একেবারেই বিশ্বাস নেই।

অনিমেষ আর শ্রমণা কলকাতা থেকে এলে উমা আসে। শ্রমণা উমার জন্য নতুন জামাকাপড় আনে। কলকাতা থেকে টুকিটাকি জিনিস আনে। উমার সঙ্গে দিব্যি জমে গেছে তার। দুনিয়ার গল্প চলে। উমা কলকাতার গল্প শোনে। নিউ মার্কেটে নাকি পয়সা দিলে বাঘের দুধও মিলবে। এই সব শুনে শুনে উমার মনে হয় সে যেটুকু কলকাতা দেখেছে তা কিছুই না। কলকাতার একটা অন্য রূপ আছে। কলকাতার ভেতরে অনেকগুলো কলকাতা আছে। সেটা বউদি ভালো বলে।

উমাকে এমন গল্প করতে পেরে শ্রমণার ভালো লাগে। অনিমেষকে তো বলেও লাভ নেই। সে নাকি কলকাতার সব চেনে সব জানে। কলকাতার আবার গোপন কী আছে? বরং এই মফস্বলের আছে। এবারে ওরা বেশি দিন হাতে নিয়ে এসেছে। ভালো করে সব দেখবে শ্রমণা।

সাইকেলে ক্যাঁচ কোঁচ আওয়াজ তুলতে তুলতে অনিমেষ ঝিলের ঘাটে চলে এসেছে। ছুটির সকাল। এখন সারাটা দিন আড্ডা চলবে। সে আসতেই সম্মিলিত হইচই হল। বিভাস পকেট থেকে ফোন বের করে বলল, গ্রুপে আমি একজ্যাক্ট টাইম দিয়ে ছিলাম। অনিমেষ সকাল নটার মধ্যে ঘাটে পৌঁছবে। কেউ দেখিসনি, তাই তো?

আসিফ গোপনে হাসল। অনিমেষ আসার খবর সবচেয়ে আগে আসিফকে দেয়। একমাত্র আসিফ ছাড়া বাকিরা শহরে থাকে, অনিমেষেরই মতো। একসময় দুজনেই কাঁধে কাঁধ দিয়ে ছাত্র ইউনিয়ন করত। সেসব কী যে দিন গেছে! আদর্শ সব ধুয়ে মুছে সাফ। কিন্তু বন্ধুত্ব অমলিন।

গোটা দলটা মশগুল হয়ে গেল গল্পে।

সময় গড়িয়ে যাচ্ছে। অনিমেষ একেবারে শেষে বলল, এবারে অনেকদিনের ছুটিতে এসেছি। মানে, চাকরিটা চেঞ্জ করছি কিনা। তাই মাঝে বেশ কিছু দিন হাতে আছে। তোরা তো প্রায় প্রতি শনি রবি বাড়ি আসিস। দেখা হবে।

প্রথমে সবাই অবাক নিশ্চুপ তারপর আনন্দের চিৎকার। কী করেছিস ভাই! আবার চেঞ্জ? তুই তো কোটি কোটিপতি হয়ে যাবি এবার! গরীবদের দিকে তাকাস ভাই।

অনিমেষ লজ্জিত মুখে হাসে।

মাথা নামিয়ে স্বগতোক্তির মতন বলে, এবার বাইরে চলে যাচ্ছি। অনেক দূরে। ইয়োরোপের ছোট্ট একটা শহরে।

কেন?

আসিফ বুঝতে পেরেছে বন্ধুরা আহত। রাগ হচ্ছে ওদের। সে বিভাসের কাঁধে হাত রাখল। অনিমেষ খুব ভালো অফার পেয়েছে। ওর কাজটা খুব নিশ। কাজে লাগবে। মানুষের কাজে লাগবে।

তুই জানলি কী করে?

অনিমেষ বলেছিল।

বললেই তুই বুঝতে পারলি? তোর দৌড় জানি না?

ধীরে ধীরে পরিবেশ পাল্টে গেল। খুশির হাওয়া ভারি হয়ে গেল। আসিফ যদিও খুব ধৈর্য ধরে, তবু অনিমেষের খারাপ লাগছিল। বিভাস যেভাবে বলল যেন ও বুঝতে পারবে। আদৌ নয়! কিন্তু সামান্য কথায় ওদের এতটা রাগ কেমন করে বেরিয়ে এলো? তাহলে কি অনিমেষ কিছু মিস করছে? আসিফ দেবীপুর অভিনব বয়েজে পড়ায়। ও ছাড়া আর কেউই তো এখানে থাকে না। সবাই মাঝে মাঝে আসে।

আড্ডা ভেঙে গেল।

রোদ্দুর চড়া হচ্ছে। ছায়া দেখে দেখে সাইকেলটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল অনিমেষ। সঙ্গে আছে আসিফ।

কী হয়েছে সত্যি করে বল তো? আমার যাওয়ার খবরে ওরা খুশি নয়?

না, ঠিক তা নয়। খবরটা আমিই প্রথম জেনেছি বলে ওদের রাগ হল।

মানে? স্কুলের গ্রুপে দশজনের মেসেজ আসা যাওয়া করে। তুই ছাড়া কেউ কি পার্সোনালি একটা ফোন করে? কথা বলে? শ্রমণা কিছুদিন পর যাবে। ওকে এখানে রেখে যাব ভেবেছি। তারপর গলা নামিয়ে বলল, তুই আছিস বলেই ওকে রেখে যাবার ভরসা পাচ্ছি। চলে যাব বলে শ্রমণা নোনাঝিলকে ভালো করে জেনে যেতে চায়। দুজনে মিলে শীতের সন্ধেয় এখানকার গল্প করব। ফাঁকা লাগবে না। গল্পের মধ্যে তুইও তো কতবার ঢুকে পড়বি।

আসিফ ওর পিঠে হাত রাখে। চল শ্রমণার সঙ্গে একটু কথা বলি।

দালানে বসে ওরা গল্প করছিল। শ্রমণা রান্নাঘর সামলে এসে বসল। তাহলে দুপুরের খাওয়াটা খেয়ে যান?

আসিফ মাথা নাড়ে, নাঃ। বাড়িতে বলা নেই। অন্যদিন আসব।

বাড়িতে বলে দিলেই তো হয়! আপনার বাড়ির নাম্বার দিন, নয়ত ফোন লাগান। আমি বলি। শ্রমণা অকপট হতে চায়। এত গল্প সে শুনেছে অনিমেষের কাছে, যে আসিফ তার কাছে একদমই অচেনা নয়। এর আগে দেখে থাকলেও এমন করে বসে কথা বলার সুযোগ হয়নি।

২.
আসিফের বাড়িতে যাওয়ার ইচ্ছেটা শ্রমণাই জানিয়েছিল। অনিমেষ যেন এ কদিনে জায়গাটাকে গিলে ফেলতে চায়। শ্রমণাকে নিয়ে ওর ঘোরার সময় নেই। শ্রমণা সেটা বুঝে বলেছিল, তুমি চলে যাবে। আমি দু একটা মাস এখানে থেকে তবে তো যাব! আসিফের সঙ্গে ভালো করে আলাপ সারাটা আমার দরকার।

আসিফদের বাড়ির সামনে বাগান। পেছনে ওদের ঘরদোর। ভেতরে ঢুকে আসিফ গলা তুলল, মা দেখো অনি এসেছে। দেখো অনির বউও এসেছে।

শ্রমণা দেখল দারুণ সুন্দরী এক নারী, আসিফের মা বেরিয়ে এলেন। পায়ে হাত দিয়ে প্রণাম নিলেন। শ্রমণার হাতে তুলে দিলেন নতুন শাড়ি। বিস্মিত শ্রমণা আসিফের দিকে তাকাল।

মাকে বলেছি তো!

অনিমেষ তখনও হাসছে।

তুমি জানো না। কাকিমা অংকের টিচার ছিলেন। দেবীপুরের অভিনব বিদ্যালয়ের অংকের টিচার। শ্রমণা আপ্লুত হয়ে যায়। অংক যা কঠিন! তাই জন্যই অনিমেষ অংকে এত ভালো।

সুন্দরী সেই বিদুষীর চোখে স্নেহ ঝরে পড়ছে। তুমি একা থাকতে পারবে? নইলে আমাদের কাছে এসেও থাকতে পারো।

যে কটা দিন অনিমেষ রইল খুব হইহইয়ের মাঝেই কাটল। উমা ব্যস্ত হয়ে অদ্ভুত সব মাছ সবজি জোগাড় করে আনে। গানে গল্পে সন্ধে ভরে যায়। ছুটির দিন হলে তো কথাই নেই। অনিমেষের ঘরদোর যেন বিরাট এক চারমহলা বাড়ি হয়ে যায়। কতজনের আসা যাওয়া, কতজনের সুখ দুঃখের ঝাঁপি!

ঝিলপাড় বাঁধানো দরকার। সেই নিয়েও কমিটি মিটিং। কংক্রিট না গুঁড়ি, কোনটা ঠিক হবে। দেবীপুরের রাস্তাটা বড় খারাপ। সবাই তো ওদিকেই যায়। স্কুল কলেজ দোকানপাট মিউনিসিপালিটির হসপিটাল সব ও রাস্তা ধরে যেতে হয়। অথচ গাড়ি দুরস্ত, টোটো ভ্যান নিয়ে যাওয়াও রিস্ক। উল্টে যাওয়া নিত্যকার ব্যাপার। এ নিয়ে তদবির করে কিচ্ছু হয়নি। লোকেশ হালদার বয়স্ক লোক। ওঠার আগে বলে যান, এবার তোমরা ছেলে ছোকরারা হাল ধরো। আমরা আর কতদিন। ওপারে যেভাবে শহর বাড়ছে!

এইভাবে একটা মাস চোখের ওপর দিয়ে চলে গেল। অনিমেষ শেষবারের মতন জিজ্ঞেস করল, শ্রমণা, ভালো করে ভেবে দেখো। মায়ের কাছে চলে যাবে? একা একা থাকতে পারবে? শ্রমণা হেসে ঘাড় নেড়েছে, পারব। এখানেই থেকে যাই।

এক কাকডাকা ভোরে অনিমেষ রওনা দিল নতুন দেশে। সকালের সূর্য যখন আকাশে রং ছড়াচ্ছে তখন শ্রমণা কাঠচাঁপা গাছটার নীচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। অনির প্লেন কি ওইটে? কত উঁচুতে উড়ছে! এখন চাইলেও সে তার নাগাল পাবে না। এবার তার একটু ভয় করল। একদম অজানা পরিবেশ বলা যায়। জোর করে মনে সাহস আনতে হবে।

৩.
বিরাট ঝিলটার এপারে পুরনো মফস্বল আরও জীর্ণ হয়ে উঠছে। আর অন্যপারে একটু দূরে বড় বড় বহুতল আবাসন। অনি বলেছিল এসব নতুন কর্মকাণ্ড। এইসব হচ্ছে বলেই এপারটা কেমন দুয়োরানি হয়ে যাচ্ছে। ঝিল পার হয়ে ওদিকে যাওয়া গেলে পাঁচ মিনিটে ওই ঝকঝকে শহরে যাওয়া যায়। এত বড় ঝিল শ্রমণা আগে কখনও দেখেনি। কী বিশাল! টলটলে জলের ঝিলের এপারে দুটো ঘাট ছাড়া বাকিটা বেশির ভাগ ঝোপঝাড়ে আর বড় বড় গাছের ছাওয়ায় ঢাকা।

সন্ধের পর ঝিলের দিকে প্রায় কেউই যায় না। একটা অলিখিত নিয়ম যেন। অনেক ভেবেছে শ্রমণা, উমাকে জিজ্ঞেসও করেছে, আচ্ছা, ঝিলের পাশে মন্দির মসজিদ কিছু নেই তো উমা? উমা অবাক হয়ে বলেছিল, বউদি মন্দির মসজিদ এদিকে কেন থাকবে? ওদিকে বড় রাস্তার ধারে আছে তো! নয়ত চালপট্টি বাজারের দিকে গেলে বড় মনসা মন্দির দেখা যায়। যাবে একদিন? শ্রমণা ঘাড় নাড়ে।

কলকাতা শহরে গঙ্গার ঘাটে যত মন্দির আছে তুমি দেখলে অবাক হয়ে যাবে। সবার আলাদা আলাদা গল্প আছে।

সত্যি?

সত্যি।

কিন্তু এ তো ঝিল বউদি।

শ্রমণা চুপ করে যায়। এই ঝিলের ধারটা তার ঘর থেকে স্পষ্ট দেখা যায়। ছোট্ট বাড়ির একদিকে অনিমেষের কাকার পরিবার। কাকা আর কাকিমা ছাড়া আর কেউ থাকে না। এপাশে অনিমেষের অংশ। জানলা দিয়ে ঝিলের দিকে চেয়ে চেয়ে শ্রমণার মনে হয় সন্ধের পর ঝিলের জলে ওদিকের নতুন চকচকে আলোছায়া দেখা যাবে। সেই টলটলে ছায়ার ক্রমাগত ভাঙচুরের মধ্যে থেকে নতুন রকমের ছবি উঠে আসবে। রেখাগুলো নরম হয়ে যাবে। অত যে কঠিন লোহার খাঁচাওলা বাড়ি, তাদের ছায়াগুলো ভেঙে ভেঙে এ ওর গায়ে মিশে যাবে। স্বপ্নের মতো। তখন এপার ওপার মিলেমিশে একাকার হয়ে যাবে। অনিমেষ চলে গিয়ে দিন কাটছে না। যদিও দিনের বেলায় পড়াশুনো তাকেও একটু করতে হয়। সন্ধের পর তার কিছুই ভালো লাগে না।

গরমটা সবে পড়েছে। একদিন সকালে আসিফ এল। উমা হাসিমুখে বলল, জানতাম আসবে।

কী করে জানলে?

কেন? আজ ছুটির দিন। আর গরমে যাবেই বা কোথায়?

এমন অদ্ভুত যুক্তি উমাই দিতে পারে। ছুটির দিন হলেই বা। আসলে আসিফ এসেছে শ্রমণার খোঁজ নিতে। কে জানে একা একা কেমন আছে মেয়েটা! মুখে বলল, উমা শ্রমণাকে ডাকবে?

উমার ডাকে শ্রমণা এল। অভিযোগের সুর বাজল গলায়। অনি নেই বলে বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে দেখেছেন? কেউ আসে না। কেন যে থেকে গেলাম!

আসিফ চেয়ে চেয়ে দেখছিল। বয়সের চেয়ে ছেলেমানুষ অনির বউ। অভিমান করে। কিন্তু দেশের লোক তো অনির বউয়ের সঙ্গে একা একা গল্প করতে আসতে পারে না। ও হয়ত সেটা বুঝতেও পারে না।

আচ্ছা তোমার সঙ্গে গল্প করতে আসব। ছুটির দিন সকালে।

বাকি দিনগুলো?

কেন? তুমি অনিকে ফোন করবে। ভিডিও কলে গল্প করবে।

এত সময় অনির কই? রাতে শুতে যাওয়ার সময় যখন ওকে কল করি ও তখন ল্যাবে। খানিকটা কথা হয়। আর ওর যখন সময় হয় তখন এখানে সবে দুপুর গড়াচ্ছে। ভীষণ ক্লান্ত থাকে ও। ভাবি আর ঘন ঘন বিরক্ত করব না। চলেই তো যাব। ওর বিশ্রাম দরকার।

আসিফ বুঝতে চায় শ্রমণার কথার মাঝে অনির প্রতি অভিমান আছে কিনা। থাকাটা অস্বাভাবিক নয়। কখনও এমন একা থাকেনি। কিন্তু পরিস্থিতি এখন এমনই। সে বলে, অন্যদিন স্কুল থেকে এসে সময় থাকে না তো। সন্ধের পর…।

কথাটা ভেসে যায়। শ্রমণা আনমনা হয়ে বলে, সন্ধের পর কী? সন্ধের পর আপনি এলে ঝিলের ধারে যেতে পারি। ঝিলটা রাতে ভারি সুন্দর দেখায়।

আসিফ চমকায়। এতটা সে ভাবেনি। সন্ধের পর অনির বউকে নিয়ে ঝিলের ধারে যাবে? না না। একদম ঠিক দেখায় না।

সে বলে ওঠে, শ্রমণা, ঝিলের ধারে সন্ধের পর যাওয়াটা ঠিক নয়। একদম ঠিক নয়। ওপারে আলো আছে দেখতে পাও। এপারের মতোই ওপার অন্ধকার ছিল একদিন। দিনে দিনে নকল আলো গিলে ফেলেছে ওদিক। ঝিলের এপারে তাই আলো নেই। আমরা আলো জ্বালতে দিইনি। তাতে ভয় বেড়েছে। কেউ কেউ যে ওরকম আলো এদিকেও চায়! বিকেলে উমাকে নিয়ে বরং ঘুরে এসো।

উমা চায়ের পেয়ালা নিয়ে এসেছে। শেষ কথাগুলো ও শুনতে পেয়েছে। বলছে, আসিফদা বউদির মাথায় গোলমাল আছে। বেড়াবার কত জায়গা! বলছি চলো চালপট্টি বাজার ছাড়িয়ে মনসাতলায় নিয়ে যাই। বেশ ভালো জায়গা। কেত্তন হয়। সে যাবে না, যাবে ঝিলের ধারে। আমাকেও বলেছে। আমি বাবা যেতে পারব না। গাছগুলো কেমন নড়ে। দেখলেই ভয় হয়। আর তুমিই বলো, বউদি তো ঘরের জানলা থেকেই ঝিলের জল দেখতে পায়! না, কাছে গিয়ে দেখবে। বোঝাও বউদিকে।

শ্রমণার অভিমান, জলভরা চোখ, আর চুপ করে বসে থাকা আসিফকে দুঃখ দিলো। আহা অনির বউ। কত আদরের বউ। নাহয় অনির সঙ্গে কথা বলে নিয়ে যাবে একদিন ঝিলের ধারে। দেখিয়ে আনবে ঝিলের জল।

৪.
ঝিলের ধারে সন্ধের পর আসিফ আর শ্রমণা মাঝে মাঝে আসে। দূরে যায় না। সামনের মাঠেই বসে। কথা বলে না। চুপ করে ঘাসের ওপরে পাশাপাশি বসে থাকে। উমার কথামতো সত্যিই কিছু দূরে গাছের নড়াচড়া নজরে পড়ে। আসিফ জানে কারা আসে ওখানে, কেন আসে। তবু শ্রমণাকে বলতে পারে না, ঝিলের ধারে যেও না।

শ্রমণা জলের দিকে তাকিয়ে আঙুল দিয়ে আঁক কাটে। ওপারের বাড়িগুলোর দেওয়াল ভেঙে এদিকে রেখা টানে। এপারের গাছেদের অন্ধকার মাথায় সেই আলো টেনে আনে। মজার খেলা। খানিক বসেই বাড়ি ফেরে ওরা। অনিমেষের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে।

সেদিন শ্রমণা কথা বলছিল। আচ্ছা, আপনার মনে হয় না ওদিকে যেমন আলোয় মোড়া ঘরদোর আছে এই ঝিলের মাঝেও আছে?

না, মনে হয় না। রূপকথায় এমন হয়।

কিন্তু এত আলো এত সুন্দর সব বাড়ি! ঝিলের নীচে থাকলে কত ভালো হতো!

আসিফ হাসে, ভাগ্যিস বলোনি এপারেও আলো হোক।

না। তা বলিনি। ঝিলটা নষ্ট হয়ে যাবে যে! আমাদের বাড়ি পাড়াগুলো কাঠচাঁপা গাছ দেবীপুরের রাস্তা, সব গিলে ফেলবে যে।

আলো গিলে ফেলতে পারে এটা তুমি বুঝতে পারো দেখে ভালো লাগছে শ্রমণা। বাইরের আলো বেশি হলে ভেতরের আলো ক্রমশ কমতে থাকে। কিন্তু ঝিলের তলায় আলো চাও কেন?

শ্রমণার গলাটা কেমন শোনায়। ঝিলের তলায় আলোর বাড়ি ভালো জানেন আসিফদা। ওখানে যারা থাকবে তারা মিশে যেতে থাকবে শুধু। জল না! শক্ত কোনো দেওয়াল থাকবেই না!

আসিফ ভয় পায়। শ্রমণার কথার অন্য একটা অর্থ খুব স্পষ্ট হয়ে ওঠে। তবু সেটা জানার লোভ সম্বরণ করতে পারে না। দেওয়াল নেই এমন বাড়ি? কে থাকবে সেখানে?

আমি থাকব উমা থাকবে আপনি থাকবেন…।

আসিফ উঠে দাঁড়ায়। চলো শ্রমণা, রাত হল।

৫.
অফিসের ভেতরটা সেন্ট্রাল হিটিংএ বেশ আরামদায়ক হয়ে আছে। এখন দেশে রাত্তির গভীর। অনিমেষ ল্যাবে কাজ করতে করতে একবার জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। সামান্য দুরেই পাহাড়ের সারি। সব বরফে ঢাকা। দেখতে ভালো লাগে বলে মাঝে মাঝে এসে দাঁড়ায়। পরে এই ছবিটাই পুরনো হয়ে যাবে।

একটা মেসেজ ঢুকল। ফোন হাতে নিয়ে অনিমেষ দেখল শ্রমণার মেসেজ। এত রাতে?

শ্রমণা কল করতে বলছে। দেশে এখন দুপুর গড়িয়েছে। সে কল করল। কিন্তু ফোন তো অফ।

একটা মেসেজ ছেড়ে রাখল। সকালে কল করব। রাত হলেও ধরে নিও। সব ঠিক আছে তো? মেসেজের রিপ্লাই দিও।

আসিফকেও একটা মেসেজ করে রাখল সেই সঙ্গে। সবাই ভালো আছিস তো রে? শ্রমণার ফোন বন্ধ।

এরও রিপ্লাই এলো না।

এবার অনিমেষ একটু চঞ্চল হয়ে পড়ল। বিভাসকে ফোন করা যায়। বিভাস ফোন ধরল। কিন্তু গলায় তেমন উচ্ছ্বাস নেই।

বিভাস, নোনাঝিলের খবর কী রে?

জানি না। অনেকদিন যাওয়া হয় না রে।

ওঃ।

কী হয়েছে?

শ্রমণা ফোন করতে বলল অথচ ওর ফোন অফ। আসিফের ফোনেও মেসেজ ঢুকল না।

অনিমেষ, তোর বউ আর আসিফ দুজনে মিলে ভালোই আছে শুনেছি।

হ্যাঁ, সে তো জানি! রোজ কথা হয় তো! আজ হঠাত শ্রমণা আর্জেন্ট মেসেজ করল আর পেলাম না। একটু দেখবি?

কোথায় দেখব বল? আমরা তো আর নোনাঝিলে থাকি না। জমি বাড়ি সব ছেড়ে দিয়েছি। কলকাতায় পাকাপাকি চলে এসেছি। এমন অনেকেই এসেছে।

সে কী রে! জানি না তো? গ্রুপ ছাড়তে হয়েছে চাকরির জন্য। কিন্তু তোরা কেউ বলিসনি তো?

কী বলব বল? তোর কাকা কাকিমা অবধি ছেড়ে এলেন। তোর বউ ছাড়ল না। বলল, অনির কাছে যাবার আগে এখান থেকে নড়ছি না।

ঠিকই তো! কোথায় যাবে ও!

অনিমেষ, এপারে ঝিলের ধার আর নেই। ওপার ঘেঁষে পার্ক আর পুল হয়েছে। তোকে বলেনি শ্রমণা? আসিফও বলেনি? এপারের ঝিলে গত ক’মাসে ঝোরা ঝোরা আবর্জনা ফেলা হয়েছে। পাঁকে দুর্গন্ধে টেঁকা দায়। তোদের বাড়ি ঝিলের খুব কাছে। তবু তোর বউ রাজি হল না। বলল, অনির সাধের ঘরদোর ছেড়ে যাব না।

তাতে কী হল বিভাস? শ্রমণার কী হয়েছে?

বলতে পারব না। তবে আঁচ করতে পারি।

কী?

যদি আসিফের খোঁজ পাস তাহলে ওরও খোঁজ পাবি।

কিসব বলছিস বিভাস!

অনি, ভুল বুঝিস না। আসিফও শ্রমণাকে একা ফেলে যেতে পারেনি। কাকিমাকে দেবীপুরে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু নিজে কিছুতেই যায়নি। ভেবেছিল শ্রমণা রওনা হলে তারপর যাবে।

আমি এখন কী করি বিভাস?

দেখছি অনি। একটু সময় দে। যারা আমাদের জমি বাড়ি নিলো তাদের সঙ্গেই কথা বলি।

তোদের বাড়ি কে নিলো বিভাস? আমাকে বাঁচা!

ওরা সব অনেক বড় ব্যাপার। ওদের কাছে আমরা কিছু নই রে।

অনিমেষের কথা ভেঙে চুরে যাচ্ছে, বিভাস! আমাকে কেন জানাসনি?

এত বড় কথা শ্রমণা বা আসিফ কেউ তাকে বলল না? কেন? দুঃখ পেত অনিমেষ? তার চেয়ে বেশি কষ্ট তো এখন হচ্ছে! কোথায় গেল শ্রমণা! কোথায় গেল আসিফ!

৬.
আমি সত্যিই কোনো ত্রুটি রাখিনি। আজ কয়েক মাস হয়ে গেল আসিফ আর শ্রমণা নিখোঁজ। অনিমেষকে সাহায্য করতে পারলে খুব খুশি হতাম। কিন্তু মুশকিল হল ওর বলা ওই জায়গাটার কোনো অস্তিত্বই নেই। ওর বন্ধুদের ফোন নম্বর দিয়েছিল অনিমেষ। ওসব নম্বরেরও অস্তিত্ব নেই। তারা নিশ্চয় অলীক কেউ নয়। তাহলে ঘটনাটা কি? অনিমেষ বলেছিল ওরা নিশ্চয় নম্বর পাল্টে ফেলেছে স্যার। কোনো ক্লু রাখবে না বলেই।

শেষ পর্যন্ত যা বুঝেছি, হয় নোনাঝিল বলে কিছুই ছিল না কখনও, সব অনিমেষের মনগড়া কথা, আর নয়ত নোনাঝিলকে আশপাশ সহ পুরোটাই গিলে নিয়েছে বহুতলের আলো। শুধু শ্রমণা ও আসিফের অস্তিত্বটা অলীক ভাবতে কষ্ট হচ্ছে। অনিমেষ তো সবার ছবিই দেখিয়েছে। সেগুলো তো আর ঝিলের জলে পড়া মুখের ছবি নয়!

অনিমেষও চুপ করে গেছে। একটা হাহাকার আছে। শ্রমণাকে নিয়ে আসাই উচিত ছিল। আসিফকেও এভাবে হারিয়ে ফেলতে হত না। ও তো শ্রমণাকে বন্ধুর মতোই রক্ষা করছিল।

এর মাঝে একটা বছর কেটে গেছে। এতদিনে আমি অনিমেষকে আসিফ আর শ্রমণার গল্পটা বোঝাতে পেরেছি। ওরা ঝিলের তলায় একটা ঘরবাড়ি করেছে নিশ্চয়। উমাও সম্ভবত সেখানেই আছে। কাঠচাঁপা গাছটার তলায় ওর হিরো সাইকেল রাখা। সব একই থাকবে। আমরাও একদিন যাবো।

কথাগুলো নিজের কানেই অবাস্তব সান্ত্বনা ঠেকে। এখন শুধু অনিমেষ ও আমি। কাজের বাইরে সে আর কিছুই করে না। এদেশে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। আমি না গেলেও অনিমেষ যেতে পারে। যায় না।

আমার কথা শুনে অনিমেষ উৎসুক চোখ মেলে তাকায়, আমরাও যাব? আসিফ আর শ্রমণাকে ফিরে পাবো?

আমি শক্ত করে ওর হাতটা ধরে থাকি।

শুরুতে যা লিখেছি আর একবার মনে করিয়ে দিই, এই হারিয়ে যাওয়া দুটো মানুষ থার্ড পার্সন অনিমেষের অতীত। আমি শুধু ওর হয়ে লিখে গেলাম। দূর ভারতবর্ষে যারা আছেন তারা যদি কখনও নোনাঝিল, দেবীপুরের রাস্তা, এইসব মনে করতে পারেন, সাহস করে জানাতে পারেন তাহলে লিখবেন। নাহয় গল্প বলেই লিখবেন! সত্যি তো একদিন গল্পই হয়! ততদিন আমি অনিমেষের হাতটা শক্ত করে ধরে থাকব। ·