বিপ্লব বিশ্বাস

গল্পপাঠ-এর সঙ্গে আমার যোগাযোগ বেশ কয়েক বছর আগে, এই ফেসবুক সূত্রেই। বাংলা গল্প-প্রবন্ধ-অনুবাদ প্রকাশের একটি আন্তর্জাতিক পরিসরের সন্ধানে থাকতে থাকতেই এই সংযুক্তি। আমি নীতিগতভাবে কোনও ওয়েবজিনে লেখার পক্ষপাতী ছিলাম না। মুদ্রিত পত্রপত্রিকাই আমার সচেতন আশ্রয়স্থল ছিল। এখনও আছে। তবে গল্পপাঠ বিষয়ে অবগত হওয়ার পর আমি আমার নীতির কঠোরতা শিথিল করেছি। এ পর্যন্ত কুড়িটিরও অধিক উপর্যুক্ত তিন ধরনের লেখাই এই সমৃদ্ধ পত্রিকায় লিখেছি এবং অন্য কলমচিদেরও এর সন্ধান দিয়েছি। 

পত্রিকার সজ্জাগত মানোন্নয়ন ঘটেছে অনেকটাই। এখন এই পত্রিকার প্রায় এক সহস্র ছুঁইছুঁই লেখক ও তাঁদের লেখার সন্ধান পেতে খুব একটা পরিশ্রম করতে হয় না। সুন্দরভাবে সে সবের আর্কাইভ তৈরি করা হয়েছে যার শাশ্বত মূল্য অপরিসীম। প্রতিটি সংখ্যা নানান ধরনের, নানান মাপের ও মানের লেখায় ভরপুর থাকে যা বেশ কিছুদিন ধরে পাঠ করতে হয়। 

তবে এখনও সকল লেখকের যথাযথ পরিচিত আর্কাইভে রাখা বাকি আছে। আর ফেসবুকে শেয়ার করার ক্ষেত্রে কিছুটা একপেশে মনোভাব লক্ষণীয়। আশা করি এইসকল ত্রুটি আগামী দিনে দূরীভূত হবে। এখানে কিছু মূল্যবান সাক্ষাৎকার প্রকাশিত হয়, যা শুধু পাঠক নয়, অন্যান্য লেখকদের পক্ষেও গুরুত্ববহ। এভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় গল্পপাঠ। 

শেষত বলি, This valuable webzine is the biggest storehouse of variegated literary genres strewn in one platform. Thanks.