সাম্প্রতিক বাংলা ছোটগল্প কি কেবল চিরাচরিত আখ্যান বর্ণনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে, নাকি ভাঙছে তার চেনা ছাঁচ? সমকালের অস্থির বাস্তবতা, আঙ্গিকের ভাঙাগড়া এবং লেখক-পাঠকের আপাত অমীমাংসিত সমীকরণ নিয়ে সাহিত্যের আঙিনায় আলোচনাটি বহুমাত্রিক। চলমান সময়ের আলো-আঁধারি ও জীবনজিজ্ঞাসাকে সাহিত্যের গভীর স্তরে ধারণ করার চ্যালেঞ্জ নিয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ওয়াসী আহমেদকে গল্পপাঠের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন পাঠানো হয়। তিনি উত্তরগুলো লিখে পাঠিয়েছেন। তাঁর ভাবনায়—গল্প কেবল বাস্তবতার নিছক দর্পণ নয়, বরং দৃশ্যমানের আড়ালে অদৃশ্যকে খোঁজার এক জটিল ‘পুনরাবিষ্কার’। সাম্প্রতিক বাংলা ছোটগল্পের বাঁকবদল, শক্তির জায়গা, সীমাবদ্ধতা এবং লেখক ও পাঠকের সম্পর্কের রসায়ন নিয়ে ওয়াসী আহমেদের নির্মোহ ও গভীর সাহিত্যভাবনার প্রতিফলন ঘটেছে এই সাক্ষাৎকারে...
গল্পপাঠ : 
সাম্প্রতিক বাংলা ছোটগল্পের সবচেয়ে বড় শক্তি কী বলে আপনার মনে হয়? কেন?

ওয়াসি আহমেদ : 
সবচেয়ে বড় শক্তি কি না বলতে পারব না, তবে গল্পের গতানুগতিক ছাঁচ ভাঙার প্রবণতা যা ইদানিং অনেকের লেখালেখিতে দেখি তাকে ছোটগল্প চর্চার একটা বাড়তি মাত্রা অবশ্যই বলা যায়। গল্প বলাকে কেবল বিষয়ভাবানায় আগলে রাখার উপায় নেই। লেখকের দেখার ভঙ্গি, দেখার বিষয়-আশয়, কোন প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে দেখার কাজটি করছেন, দেখতে গিয়ে যা পাচ্ছেন তার উপস্থাপনায় কী কৌশল খাটাচ্ছেন এবং সর্বোপরি তাঁর চিন্তা-চেতনার যে প্রতিফলন—এসব কিছুর সম্মিলিত রসায়নই সাহিত্য। আমার মনে হয় এই যে দেখার ভঙ্গি তাতে পরিবর্তন এসেছে, ফলে ন্যারেটিভে নতুনত্ব যোগ হচ্ছে। এখানে বিশেষভাবে যা লক্ষনীয়, সাম্প্রতিক ছোটগল্প নিছক গল্প বলার দায় থেকে সরে এসেছে অনেকখানি। চলমান সময়ের বার্তাকে খুঁজে খুঁজে পরখ করে গল্প লেখার প্রচেষ্টা চলছে—প্রকাশ-প্রকরণ পাল্টে পাল্টে। একে এ সময়ের গল্পের শক্তির জায়গা বলা যেতে পারে।

গল্পপাঠ : 
সাম্প্রতিক বাংলা ছোটগল্পের প্রধান দুর্বলতা বা সীমাবদ্ধতা কোথায় দেখছেন?

ওয়াসি আহমেদ : 
উপরতলের বাস্তবতার গভীরে যে জিজ্ঞাসাকন্টকিত আলো-আঁধারি, তার তালাশ গল্পকারেরা কতটা করতে পারছেন, আদৌ পারছেন কি না, তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। সম্ভবত এখানেই বাংলা গল্পের অন্যতম সীমাবদ্ধতা, অর্থাৎ সময়কে চলমান ঘটনাপ্রবাহের আলোকে ধরতে না পারা। ঢালাওভাবে এ কথা বলছি না। সাস্প্রতিক সময়ে কিছু তরুণ গল্পকারের লেখা পড়ে মনে হয় তারা এ চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।

গল্পপাঠ : 
সাম্প্রতিক বাংলা ছোটগল্পে গল্পকার ও পাঠকের সম্পর্ক কেমন বলে আপনার মনে হয়? গল্পকার কি পাঠককে নিজের মতো করে গল্পটি বুঝে নেওয়ার যথেষ্ট জায়গা দিচ্ছেন?

ওয়াসি আহমেদ : 
এখানে পাল্টা প্রশ্ন উঠতে পারে—একজন লেখক (গল্পকার বা ঔপন্যাসিক যা-ই হোন) কি পাঠকের মুখ চেয়েই লেখেন? হয়তো অনেকেই তা করেন, লিখতে গিয়ে পাঠকের শক্তি-সামর্থ্য বা ভদ্রভাবে বললে পাঠাভ্যাসের কথাও ভাবেন। সেই সাথে নিজের পাঠক তৈরিতেও নিয়োজিত থাকেন, পাঠকের কাছাকাছি যেতে নানাভাবে সমঝোতাও করেন। কিন্তু আদতে লেখক লেখেন নিজের তাগিদে, নিজেকে মুক্ত করতে। আমাকে যখন প্রশ্নটি করা হচ্ছে (আর আমি যেহেতু প্রধাণত গল্পই লিখি), আমি বলব পাঠককে বোঝানোর দায় আমার নেই। পাঠককে পাশে পেলে ভালো। না হলে কিছু যায় আসে না। ফলে গল্পকার ও পাঠকের সম্পর্ক আমার দৃষ্টিতে খুব সরল নয়। অনেক নিবিষ্ট নীরব পাঠক যেমন রয়েছেন, তেমনি বিস্তর সরব পাঠকও রয়েছেন। শেষোক্তরা যে কেবল তাদের পাঠকরুচির অনুকূল গতানুগতিক গল্পেরই সমঝদার তা নয়, বরং তাদের মধ্যে এমন অনেককে পাওয়া যাবে যারা ভিন্নধর্মী, নিরীক্ষাপ্রবণ গল্পকেও গুরুত্বসহ বিবেচনা করেন। সোশ্যাল মিডিয়ার এই সময়ে বিস্তর পাঠকের পাঠপ্রতিক্রিয়ার দেখা মেলে—বিশেষত গল্পের, তবে বলতে আটকাচ্ছে না, এসব অনেক ক্ষেত্রেই এক ধরনের সাহিত্যিক সামাজিকতার অংশ যা থেকে লেখক-পাঠকের সম্পর্ক নিয়ে কোনো ধারণা করা সম্ভব নয়।

গল্পপাঠ : 
বাংলা ছোটগল্পে নতুন বিষয় আসছে। গল্প বলার ভাষা, কাঠামো ও কৌশলে কি তেমন নতুনত্ব আসছে?

ওয়াসি আহমেদ : 
এ প্রশ্নের কিছুটা জবাব আগেই দেয়া হয়েছে। বাড়তি যা বলার—নতুনত্ব মানেই সৃজন প্রতিভার উদ্বোধন নয়। কারণ নতুনত্বের নিজস্ব কোনো শিল্পমূল্য নেই; শিল্পমূল্য তৈরি হয় তখনই যখন সেই নতুনত্ব অভিজ্ঞতার গভীরতার সঙ্গে যুক্ত হয়ে পাঠকের চেতনায় দোলা দেয়। একটি গল্প যদি পাঠককে তার চেনা-জানা জগতকে নতুন করে দেখায়, যদি তার অভিজ্ঞতার ভেতরে সামান্য হলেও কোনো অস্বস্তি, বিস্ময়, জিজ্ঞাসা কিংবা নতুন বোধের জন্ম দেয়, তখনই নতুনত্ব তার যথার্থ অর্থ খুঁজে পায়। সাস্প্রতিক বাংলা (বাংলাদেশের) গল্পে ভাষা, আঙ্গিক ও বয়ানভঙ্গির যথেষ্ট পরিবর্তন লক্ষনীয়—বিশেষ করে বিগত দেড়-দুই দশকে। সময়প্রবাহে এর ছাপ কতটা গুরুত্ববহ হবে বা আগামি দিনের গল্প লিখিয়েদের প্রেরণা যোগাবে তা সময়ই বলে দেবে। সমকালে অনেক কিছুরই ছাপ ঠিকঠাক ধরা পড়ে না।

গল্পপাঠ : 
এই সময়ের বাংলা ছোটগল্পকে আরও শক্তিশালী ও স্বতন্ত্র হয়ে উঠতে হলে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি কাজ করা দরকার বলে আপনি মনে করেন?

ওয়াসি আহমেদ : 
একটা সমজব্যবস্থায় মানুষকে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে পথ করে নিতে হয়, সেই পথই তাকে চিনিয়ে দেয় তার সময় ও সমাজের প্রকৃত চরিত্র। ব্যক্তিমানুষের অভিজ্ঞতা তাই নিছক ব্যক্তিগত থাকে না; তার মধ্যে মিশে থাকে সময়ের চাপ, সমাজের চালচিত্র, সম্পর্কের টানাপোড়েন, স্বপ্ন-বঞ্চনা ইত্যাদি—এমনকী অনেক সময় এমন কিছু যা অনুচ্চারিত বা অনুদ্ঘাটিত। সাহিত্যে সেই অভিজ্ঞতা প্রকাশ পায় অনুুসন্ধানে। গল্প যিনি লিখবেন তাঁকে এসবকে পাশ কাটিয়ে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু সেক্ষেত্রে তা কি তাঁর জনপদের গল্প হবে? ফলে লেখককে তাঁর পায়ের নিচের মাটির দিকে যেমন, তেমনি আশপাশের দিকেও নজর না রেখে উপায় নেই। এখানেই তিনি উপলব্ধি করবেন তিনি নিছক উপস্থাপক নন, তিনি ধারক তাঁর সময়ের ও স্থানের। তাই বলে এই নয় গল্পকে দর্পণের ভূমিকায় বসাবেন। দর্পণ ততটুকুই দেখায় যতটুকু তাতে আরোপ করা হয়, আড়াল-আবডালের কোনো কিছুই সেখানে ধরা পড়ে না। একটি গল্প দর্পণের অতিরিক্ত অনেক কিছু দেখাতে সক্ষম। দৃশ্যমানের বাইরে অদৃশ্যকে, উচ্চারিত কথার আড়ালে অনুচ্চারিত, ঘটনার পেছনের কার্যকারণ ও অভিঘাতকে তুলে ধরতে পারে। গল্পের গভীরতম শক্তি সেখানেই। তাই গল্প শুধু যা ঘটছে তা দেখায় না—কেন ঘটছে, কী ঘটতে পারত, কিংবা যা ঘটেনি তারও ইঙ্গিত পাঠককে দিতে পারে। এই অর্থে গল্প বাস্তবতার পুনরাবিষ্কার। আমাদের এই সময়ে গল্পের শক্তি নিহিত থাকতে পারে এই পুনরাবিষ্কারে। ·