‘গল্পপাঠ’কে একটি পূর্ণাঙ্গ পত্রিকা হয়তো বলা যাবে না। একটি পত্রিকায় যেমন নানা বিভাগ থাকে—রাজনীতি নিয়ে আলোচনা, খেলার বিভাগ, অন্যান্য বিনোদন ইত্যাদি, সেসব ‘গল্পপাঠ’ পত্রিকায় নেই। অবশ্য ‘গল্পপাঠ’ নামের থেকেও সেটা বোঝা যায়, এটি পুরোপুরি সাহিত্য পত্রিকা। তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের গল্পের সম্ভার এখানে থাকে। যেমন একটা বড় অংশ জুড়ে থাকে বিশ্বের নানা দেশের অনুবাদ গল্প। আর এতো আমরা জানি যে অনেক পাঠকই বিদেশি গল্পের স্বাদ নেন অনুবাদ গল্প পড়ে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও, বিশ্বের সমস্ত ভাষার গল্পের ক্ষেত্রে সরাসরি মূল ভাষা থেকে অনুবাদ করা গল্প এখানে প্রকাশিত হয় না। উচ্চমানের ইংরেজিতে অনুবাদ করা গল্পের থেকে বাংলায় অনুবাদ করেই এখানে প্রকাশিত হওয়ার চল রয়েছে। একথা নিশ্চয়ই বলা যায় যে নিজের অনূদিত গল্পের সম্ভার নিয়ে ‘গল্পপাঠ’ অবশ্যই গর্ব করতে পারে।
গল্পপাঠ পত্রিকার মান নিয়ে বলতে গেলে বলা যায় যে শততম সংখ্যায় সে পৌঁছেছে, সার্ধশত অথবা দ্বিশত সংখ্যায় সে অবশ্যই তার সমস্তটা নিয়েই শিখরে পৌঁছাবে। তবে সাহিত্যের নিজস্ব একটা রেকর্ড রাখছে সে তার নিজের মতো করে, আর্কাইভ বলা যেতে পারে। সেই নিরিখে গল্পপাঠ এখন অনেকটাই ওপরে উঠেছে। এই যেমন রবিঠাকুরের কোনো লেখা হঠাৎ দরকার পড়ল, আলমারি থেকে রবীন্দ্ররচনাবলির একেকটা খণ্ড বের করে খোঁজা, বেশ আলসেমি লাগে। সেই খোঁজ নিমেষেই দূর করে দিতে পারে গল্পপাঠ। চোখের সামনে চলে আসে কোন লেখাটি কোথায় আছে, বা কোন কাব্যগ্রন্থে।
গল্পপাঠ পত্রিকার পাঠকসংখ্যা বিপুল। তাঁদের বিভিন্ন মন্তব্যে বোঝা যায় যে তাঁদের পছন্দের তালিকায় গল্পপাঠ স্থায়ী জায়গা করে নিয়েছে।
নবীন লেখকদের লেখা প্রকাশের মাধ্যমে গল্পপাঠ তাঁদের লেখার মানোন্নয়নের দিকেও সজাগ দৃষ্টি রাখছে। প্রতিষ্ঠিত লেখকদের সাথে আলাপচারিতা বিভাগটি পত্রিকাকে দিন দিন সমৃদ্ধ করছে। এখানে বাংলাদেশের আর ভারতের পশ্চিমবঙ্গের লেখা সমান্তরালভাবে প্রকাশ পাচ্ছে। সেসব লেখার মধ্যে ভাষা ও ভাবপ্রকাশের একটা বৈচিত্র্য উপভোগ করা যায়।
মৌলিক গল্প প্রকাশের ক্ষেত্রে গল্পপাঠের এখনো পর্যন্ত বিশেষ বাছবিচার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো পত্রিকায় পূর্বপ্রকাশিত গল্পই এখানে পুনঃপ্রকাশিত করা হয়। সাধারণত পত্রিকা ও লেখকের মধ্যে যে সম্পর্ক, যেমন সাম্মানিক প্রদান ইত্যাদি ব্যাপারগুলোকে গল্পপাঠ এখনো সেরকম বাস্তবায়িত করে উঠতে পারেনি। তবে যে কথা আগেই বলেছি, যে সাহিত্য সংরক্ষণ নিয়ে তাঁদের যে ব্যবস্থাপনা, যা তাঁরা অত্যন্ত যত্নের সঙ্গে করে থাকেন, তা সত্যিই প্রশংসনীয়।
গল্পের এক বিশেষ ধারা—পত্রগল্প (Epistolary story)। সেরকমই এক পত্রগল্প লিখেই গল্পপাঠের সঙ্গে আমার পরিচিতি এবং শুভযাত্রার সূচনা। যে যাত্রা এই পত্রিকার প্রকাশিতব্য শততম সংখ্যার সাথে আরও সুদৃঢ় হতে চলেছে। ·

0 মন্তব্যসমূহ