মোহিত কামাল
সাহিত্য মানুষের জীবনবোধকে উন্নত করে; গল্পে লুকিয়ে থাকা একক ঘটনা পাঠ বহুমুখী চিন্তা এবং দৃষ্টিভঙ্গির তীক্ষ্ণতা বাড়িয়ে দেয়। জীবনকে তখন নানা আঙ্গিক থেকে ব্যাখ্যা-বিশ্লেষণ ও মূল্যায়নের সামর্থ্য বেড়ে যায়, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যার সমাধানের ক্ষমতাও। অর্জিত এই গুণ মানুষের জ্ঞানসমৃদ্ধ, মননশীল ও ভাবনাসমৃদ্ধ প্রজ্ঞাকে আলো দেয়। তবে পাঠের মগ্নতা থাকতে হবে—এটাই পাঠকের জন্য প্রধান শর্ত। লেখকের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো লেগে থাকা, বাধা-বিপত্তি কিংবা তীব্র সমালোচনার মুখোমুখি হয়েও হাল ছেড়ে না দেওয়া, হতাশ না হওয়া; পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো এবং ভালো ভালো বই সংগ্রহ করে পড়া ও পড়া।
কিন্তু ‘সাহিত্য কেন প্রয়োজন’—অল্প কথায় প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে মানুষের কথাই বলতে হয়। মানুষ শুধু বেঁচে থাকে না, সে অনুভব করে, স্বপ্ন দেখে, কল্পনা করে, প্রশ্ন করে, ভালোবাসে, হারায়, কষ্ট-যন্ত্রণা পায়, আবার নতুন আশা বুকে নিয়ে বাঁচতে চায়। এই অনুভবের সূক্ষ্মতম প্রকাশগুলোর একটি হলো সাহিত্য। আর কথাসাহিত্য সেই প্রকাশকে জীবনের গল্প, মানুষের গল্প, সমাজের গল্প এবং একই সঙ্গে মানুষের অন্তর্জগতের গল্পে পরিণত করে।
গল্প ও উপন্যাস তাই কোনো বিশেষ সময়ের প্রয়োজনে নয়, মানুষের অস্তিত্বের সঙ্গেই এর প্রয়োজন জড়িয়ে আছে। কোনো ভালো গল্প আমাদের অন্য এক মানুষের জীবনের ভেতরে প্রবেশ করার সুযোগ দেয়। যে মানুষটিকে বাস্তবে হয়তো কখনো চিনতাম না, সাহিত্যের মাধ্যমে তার দুঃখ, আনন্দ, ভয়, আকাঙ্ক্ষা কিংবা নিঃসঙ্গতাকে অনুভব করতে পারি। এই অনুভবই মানুষকে প্রজ্ঞাবান করে, আরও মানবিক হওয়ার ঐশ্বর্য উপহার দেয়। সাহিত্যের বড় শক্তি এখানেই।
কথাসাহিত্য শুধু বিনোদন নয়। কখনো তা সমাজের আয়না, কখনো বিবেকের আয়না, কখনো নিজের অচেনা মনকে চিনে নেওয়ার আয়না। গল্প আমাদের হাসাতে পারে, কাঁদাতে পারে, অস্বস্তিতে ফেলতে পারে। কখনো কোনো ছোট গল্পের কয়েকটা পৃষ্ঠা আমাদের দীর্ঘদিনের চিন্তার জগৎকে আমূল বদলে দিতে পারে। এই কারণেই প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগেও সাহিত্যের প্রয়োজন কমেনি। বরং মানুষের ব্যস্ততা, একাকিত্ব, উদ্বেগ এবং বিচ্ছিন্নতার এই সময়ে সাহিত্যের প্রয়োজন আরও বেড়েছে।
এই সময়ে পাঠের অভ্যাস দ্রুত বদলে যাচ্ছে। একসময় পাঠকের হাতে থাকত মুদ্রিত বই, লিটলম্যাগ ও সাহিত্যপত্রিকা; এখন তার হাতে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে একটা লেখা পড়া যায়। একজন লেখকও নিজের লেখা প্রকাশ করতে পারেন হাজার হাজার পাঠকের কাছে, আর একজন পাঠকও নিজের পছন্দের সাহিত্য খুঁজে নিতে পারেন ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে। এই পরিবর্তনকে শুধু প্রযুক্তির পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে। এখানে পাঠসংস্কৃতিরও বিরাট পরিবর্তন আসন্ন বা এসেছে অনেকটাই।
অনলাইন সাহিত্যপত্রিকার সবচেয়ে বড় শক্তি হলো এর সহজপ্রাপ্যতা। মুদ্রিত পত্রিকার নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক পাঠকের কাছে পৌঁছায়। অনলাইন পত্রিকার ক্ষেত্রে সেই সীমা অনেকটাই ভেঙে যায়। দেশের বাইরে থাকা বাংলা ভাষাভাষী পাঠকও একই সময়ে একটা লেখা পড়তে পারেন। নতুন লেখকের লেখাও দ্রুত পাঠকের কাছে পৌঁছে যায়। পুরোনো লেখাও সংরক্ষিত থাকে এবং পরবর্তী সময়ে নতুন পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ পায়।
তবে অনলাইনের এই বিপুল সম্ভাবনার সঙ্গে কিছু ঝুঁকিও আছে। দ্রুত প্রকাশের প্রবণতায় সম্পাদনার মান যেন কমে না যায়, পাঠের গভীরতা যেন তাড়াহুড়োর শিকার না হয়—কথাটা মনে রাখতে হবে। আর সাহিত্য যেন শুধু ভাইরাল ‘কনটেন্টে’ পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ সব লেখা সাহিত্য নয়, যেমন সব প্রকাশনাও সাহিত্যপত্রিকা হয়ে ওঠে না। ভালো সাহিত্যপত্রিকার প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার নির্বাচন, সম্পাদনা, রুচি ও সাহিত্যবোধের ওপর ভর করে।
এই জায়গাতেই গল্পপাঠ-এর গুরুত্ব আলাদা করে দেখতে হয়। কথাসাহিত্যকে কেন্দ্র করে এই ওয়েবজিন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই অগ্রযাত্রাকে শুধুমাত্র প্রকাশনা-উদ্যোগ হিসেবে দেখতে চাই না আমি। বিশ্বাসের সঙ্গে বলতে চাই, বাংলা গল্পের পাঠ ও চর্চাকে বিশ্বজুড়ে এগিয়ে নেওয়ার এক সৃষ্টিশীল সফল প্রয়াস এই লেগে থাকা।
গল্পপাঠ নামটির মধ্যেই এর প্রধান উদ্দেশ্যের ইঙ্গিত আছে। গল্প শুধু লেখা হয় না, গল্প পড়াও হবে এবং পাঠের মধ্য দিয়েই সাহিত্যের প্রকৃত জীবন তৈরি হয়। লেখক লিখবেন, পাঠক পড়বেন, সমালোচক প্রশ্ন করবেন, সম্পাদক নির্বাচন করবেন—এসব পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই সাহিত্যসংস্কৃতি বিকশিত হয়।
গল্পপাঠ-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কথাসাহিত্যকে কেন্দ্র করে এর ধারাবাহিকতা। কবিতা, প্রবন্ধ, অনুবাদ—সব ধরনের সাহিত্যিক প্রকাশের প্রয়োজন থাকলেও গল্পের পাঠ ও চর্চার জন্য আলাদা পরিসর তৈরি করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ কথাসাহিত্য আমাদের সময়, সমাজ ও মানুষের বহুমাত্রিক জীবনকে ধারণ করে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন লেখকের জন্য পরিসর তৈরি করা। সাহিত্যচর্চায় নবীনদের প্রবেশের দরজা যত বেশি উন্মুক্ত থাকবে, সাহিত্যের ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে। তবে নতুন লেখাকে জায়গা দেওয়ার পাশাপাশি সম্পাদনার মান বজায় রাখাও জরুরি। একজন সম্পাদকের কাজ শুধু লেখা প্রকাশ করা নয়; ভালো লেখা চিনে নেওয়া, দুর্বলতা চিহ্নিত করা এবং প্রয়োজনমতো লেখককে পরামর্শ দেওয়াও সাহিত্যসম্পাদনার অংশ।
সাহিত্যিক সম্পর্কের বাইরেও গল্পপাঠ-এর সঙ্গে আমার সম্পর্কের জায়গাটা ব্যক্তিগতও। তাঁদের আন্তরিকতা গল্পপাঠ-এর প্রতি আমাকে অনুরাগী করে তোলে। আমি শব্দঘর নামে সাহিত্য সংস্কৃতির একটি পত্রিকা সম্পাদনা করি। সেই সূত্রে উল্লিখিত তিনজনই দিনে দিনে শব্দঘর-পরিবারের সদস্য হয়ে ওঠেন। কীভাবে কী ঘটেছে ঠিকঠাক বলতে পারব না। তবে কলকাতায় একবার শব্দঘর-এর পক্ষ থেকে সেখানকার প্রথিতযশা সাহিত্যিকদের নিয়ে বিশেষ সাহিত্য আড্ডার আয়োজন করেছিলাম। সেই আড্ডায় প্রাসঙ্গিক কারণে বলার সৌভাগ্য হয়েছিল শব্দঘর-এর সঙ্গে গল্পপাঠ-এর অনুবাদ বিভাগের আন্তঃসম্পর্কের বিষয়ে। এই কথা শোনামাত্র শব্দঘর এবং এর সম্পাদকের প্রতি উপস্থিত প্রথিতযশা লেখকদের দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে বদলে যায়। এভাবে গল্পপাঠ ওয়েবজিনটি প্রাণের অংশ হয়ে যায়।
গল্পপাঠ-এ প্রথম লেখা প্রকাশের স্মৃতি আমার কাছে বিশেষভাবে মূল্যবান। কোনো লেখা যখন প্রথমবার কোনো সাহিত্যপত্রিকার পাতায় প্রকাশিত হয়, লেখকের কাছে সেটি কেবল প্রকাশ নয়; নিজের লেখকসত্তার প্রতি বাইরের পৃথিবীর এক ধরনের স্বীকৃতিও। আমার কয়েকটা গল্প প্রকাশিত হয়েছিল, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তির পর দীর্ঘ এক সাক্ষাৎকারও। তবে বিশেষ করে মনে পড়ছে প্রত্যন্ত অঞ্চলের এক কৃষকের ভুখানাঙা মানুষের নেতা হয়ে ওঠার কাহিনি নিয়ে লেখা ‘মোড়া’ গল্পটি। যেসকল সাহিত্যবোদ্ধা আমার বহুমাত্রিক লেখার পরিসরের ভেতর ঢোকার সুযোগ পাননি, আমাকে যে-ধারার লেখক হিসেবে জেনে এসেছেন, গল্পটি সেই বোদ্ধামহলেই আমাকে ভিন্নধারার লেখক হিসেবে পরিচিত করে তোলে। গল্পপাঠ ওয়েবজিনে প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, দেশের অসংখ্য গুণী লেখক এবং সিরিয়াস পাঠক গল্পটির প্রশংসা করেছেন, ব্যক্তিগতভাবে টেলিফোন করেছেন এবং তাঁদের মুগ্ধতার কথা জানিয়েছেন। আমার কোনো গল্প, বাংলাদেশে প্রকাশিত, আগে তেমনভাবে আলোচিত হয়নি। গল্পপাঠ ওয়েবজিনে প্রকাশিত হওয়ার পর সেটা ছড়িয়ে গেল বিশ্বজুড়ে। হিমালয়সমান এ আনন্দের ঢেউ আমি মনে রেখেছি।
১০০তম সংখ্যায় পৌঁছানো ওয়েবজিনের জন্য নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তবে শততম সংখ্যা নিশ্চয়ই কোনো সমাপ্তি নয়, বরং নবযাত্রায় প্রজ্ঞাময় নতুন সূচনাও। আমার প্রত্যাশা গল্পপাঠ ভবিষ্যতে বাংলা কথাসাহিত্যের আরও বিস্তৃত ও গভীর আর্কাইভ হয়ে উঠুক। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষার লেখকদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি করুক। এই নিবিড়তা এবং সংযোগ পুরো বিশ্বের বাংলা ভাষাভাষী সাহিত্যপ্রেমীদের একই কেন্দ্রবিন্দুতে ধরে রাখবে।
নতুন লেখকদের জন্য আলাদা আয়োজন, তরুণ কথাসাহিত্যিকদের নিয়ে নিয়মিত আলোচনা, গুরুত্বপূর্ণ গল্পের পুনঃপাঠ, অনুবাদ-সাহিত্য, গল্পের কারিগরি নিয়ে আলোচনা এবং বাংলা কথাসাহিত্যের সমকালীন প্রবণতা নিয়ে বিতর্ক—এসব উদ্যোগ গল্পপাঠকে আরও সমৃদ্ধ করতে পারে। এই-ই আমারও গুরুত্বপূর্ণ প্রত্যাশা।
গল্পপাঠ-এর ভালো দিকের মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব এর ধারাবাহিকতা, কথাসাহিত্যকেন্দ্রিকতা এবং অনলাইন পরিসরকে কাজে লাগানোর সক্ষমতাকে। তবে যেকোনো প্রতিষ্ঠানের মতো এরও উন্নতির জায়গা থাকা স্বাভাবিক। আরও কঠোর সম্পাদনা, লেখার সঙ্গে পাঠকের সক্রিয় সংযোগ, লেখক-সম্পাদক-পাঠকের মতবিনিময়ের সুযোগ এবং ওয়েবসাইটের পুরোনো লেখাগুলোকে বিষয়ভিত্তিকভাবে আরও সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা করলে এর পাঠকসংখ্যা ও প্রভাব দুটোই বাড়তে পারে। আজকের পাঠক শুধু লেখা পড়তে চায় না, লেখাকে ঘিরে আলোচনা করতেও চায়। তাই গল্পপাঠ-কে ভবিষ্যতে একটি ‘ডিজিটাল সাহিত্য-কমিউনিটি’ হিসেবেও ভাবা যেতে পারে।
আবারও বলছি, কোনো ওয়েবজিনের একশ সংখ্যা অতিক্রম করা সহজ কাজ নয়। এর পেছনে থাকে সম্পাদকের শ্রম, লেখকের আস্থা, পাঠকের ভালোবাসা এবং ভিন্নমাত্রার আবেগ ও প্রজ্ঞা-আশ্রয়ী সাহিত্যিক স্বপ্নের দীর্ঘস্থায়ী সাধনা। কোনো বিশেষ লেখকের প্রতি রাগ-অনুরাগ কিংবা বিরাগ মনে পুষে রাখা যাবে না। লেখার মানই হওয়া উচিত সম্পর্কের মূল ভিত্তি। সাহিত্যপত্রিকার ইতিহাস আসলে সাহিত্যচর্চার ইতিহাসেরই অংশ।
অনেক লেখকের প্রথম প্রকাশ, অনেক গুরুত্বপূর্ণ গল্পের প্রথম পাঠ, অনেক সাহিত্যিক বিতর্কের সাক্ষী হয়ে থাকে সাহিত্যপত্রিকা। মুদ্রিত পত্রিকার পাশাপাশি আজ অনলাইন পত্রিকাগুলোও সেই ঐতিহাসিক দায়িত্ব বহন করছে। গল্পপাঠ-এর ১০০তম সংখ্যা তাই শুধু একটা সংখ্যার পূর্ণতা নয়, বাংলা কথাসাহিত্যকে ঘিরে দীর্ঘ যাত্রার মাইলফলকও।
আমি চাই, গল্পপাঠ আরও অনেক দূর যাক। নতুন লেখকের হাতে হাত রাখুক, প্রতিষ্ঠিত লেখকের সঙ্গে নতুন সংলাপ তৈরি করুক, পাঠকের পাঠ-অভিজ্ঞতাকে আরও গভীর করুক; সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকেও বদলাক।
কিন্তু সাহিত্যের প্রতি তার দায়বদ্ধতা যেন অটুট থাকে। কারণ প্রযুক্তি বদলায়, পাঠের মাধ্যম বদলায়, মানুষের জীবনযাপন বদলায়, কিন্তু মানুষের গল্পের প্রয়োজন বদলায় না। যতদিন মানুষের গল্পের প্রয়োজন থাকবে, ততদিন গল্পপাঠ-এর মতো সৃজনশীল সাহিত্যিক পরিসরেরও প্রয়োজন থাকবে। ·

1 মন্তব্যসমূহ
গল্পপাঠ এর শত সংখ্যা পেরিয়ে যাওয়া অবিরত হোক। কথা সাহিত্যিক মোহিত কামাল এর লেখাটা খুবই ভালো লেগেছে। মোড়া গল্পটা আমার পড়া নেই। নিশ্চয়ই খুঁজে নিয়ে পড়ব। সাহিত্য পাঠে আনন্দ পাই। সাহিত্য এবং সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধাবনত থাকলাম
উত্তরমুছুন