মনীষা দাশগুপ্তা

লেখার জগতে মনের মাধুরী মিশিয়ে লেখা হলো লেখকের সন্তানের মতো, লেখকের নৈবেদ্য। পাঠকের ভালোবাসা তাঁর প্রেরণা। আজকের লেখাটি ‘গল্পপাঠ’-এর সকল সম্মানিত লেখকের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। বই পড়ুন; নিজেকে জানার প্রথম সিঁড়ি হোক বই।

‘গল্পপাঠ’ বাংলা কথাসাহিত্যের এক অনন্য ওয়েবজিন। এটি নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে হলো। মাতৃভাষায় পড়তে আমার খুব ভালো লাগে। তবে প্রবাসে ইচ্ছে করলেই চটজলদি কোনো বাংলা লেখকের বই কেনা সম্ভব নয়—তা আগেই বুঝে গিয়েছিলাম। তখনই এই দূরত্বের ফাঁক আর সীমাবদ্ধতা টের পাই।

তাই ‘গল্পপাঠ’-এর সঙ্গে পরিচয়পর্বেই এক নতুনত্বের স্বাদ পেয়েছিলাম, যেন ফুচকার মতো চটপটা! এর গভীরে প্রবেশ করতে গিয়ে হয়তো সম্পূর্ণ ডুবেই যেতাম, যদি না কেউ আমাকে ‘দিদি’ বলে ডেকে তুলত। কারণ মাঝখানে ছিল এক বিষাদময় বেলা আর কিছু দুঃস্বপ্নের ছায়াপথ। তখন কেবল মনে পড়ত কবি মানকুমারী বসুর কবিতার কয়েকটি চরণ:

“আমি চাই শিশু হেন উলঙ্গ পরান
মুখে মাখা সরলতা, কয় না সাজানো কথা,
জানে না জোগাতে মন করি নানা ভান;
মনখোলা প্রাণখোলা আপনি আপন ভোলা,
তার স্নেহ-প্রীতি সবই হৃদয়ের টান।”

আমি যার কাছ থেকে এমন স্নেহ-প্রীতি ও হৃদয়ের টান পেয়েছি, তাঁরই প্রেরণায় এই লেখা।

২০০৮ থেকে ২০২৬—এই দীর্ঘ পথচলা তো এখনো পুরোপুরি ছুঁয়ে দেখা হয়নি। কত শত লেখকের সুন্দর কল্পনা আর বাস্তবতার মিশেলে, কলমের আঁচড়ে ‘অ’ থেকে ‘চন্দ্রবিন্দু’ পর্যন্ত স্বর-ব্যঞ্জন ও কারচিহ্ন যুক্ত হয়ে সাবলীলভাবে ফুটে উঠেছে একের পর এক কথাচিত্র! সেখানে নতুনদের পাশাপাশি প্রবীণদেরও বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে উত্তরসূরিদের জানানোর এক অভিনব প্রয়াস রয়েছে—বর্তমানকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া: দেখো ও জেনে নাও, একদা রেনেসাঁর যুগ বিনির্মাণে ওঁরাও ছিলেন। দীপেন ভট্টাচার্য থেকে শুরু করে হেলাল হাফিজ, নাহার তৃণা, স্মৃতি ভদ্র কিংবা ঝুম্পা লাহিড়ী পর্যন্ত সহস্র লেখকের পরশমাখা সকল কলমসৈনিক আমার নমস্য।

সাক্ষাৎকার, সামাজিক আখ্যান, কল্পবিজ্ঞান, তথ্যভিত্তিক রচনা এবং সর্বোপরি সাহিত্যের মানদণ্ড—সব মিলিয়ে সুন্দর থেকে সৌন্দর্যে উত্তরণ; প্রতিটি লেখার মান সুপরীক্ষিত। যাঁরা আমাকে শব্দ, বর্ণ ও বাক্যের জাদুতে বিমোহিত করেন, তাঁদের কাছে আরও লেখার আবদার থেকেই যায়। একটি লেখা শেষ করে অন্যটির জন্য প্রতীক্ষার প্রহরগুলো বড় মিষ্টি।

আমি নিতান্তই এক ছাপোষা মানুষ। আমার জীবনের গল্প শুরু হয়েছিল অরণ্যে। বই পড়ার অভ্যাস পরিবার থেকেই উত্তরাধিকারসূত্রে পাওয়া। চা-বাগান থেকে অনেক দূরের উচ্চবিদ্যালয়ে ছয় মাস পড়ার পর আমাকে তৎকালীন মহকুমা শহর হবিগঞ্জে (তখনও জেলা হয়নি) পাঠিয়ে দেওয়া হয়। বিদায়লগ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সঞ্চয়িতা’ হাতে দিয়ে মা বলেছিলেন, “যখন একা লাগবে, আমাদের কথা মনে পড়ে কান্না পাবে, তখন বইটার পৃষ্ঠা ওল্টাবে, পড়বে। এখন হয়তো অনেক কবিতার ব্যুৎপত্তিগত অর্থ বুঝবে না; যখন বুঝবে, দেখবে ভালো লাগবে। বইটা যত্ন করে নিজের কাছে রেখো।”

সেই বইখানি সম্বল করেই কৈশোরে পদার্পণের প্রাক্কালে আমার শহুরে জীবনের সূচনা। বইপড়ার আনুষ্ঠানিক সূত্রপাত তখনই। সঞ্চয়িতার সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি ও গল্প। সুযোগ পেলে অন্য কোনো দিন, অন্য কোনো প্রসঙ্গে তা বলা যাবে। পুরোনোকে সরিয়ে রেখে সামনে এগিয়ে যেতে হলেও মানুষ বারবার পুরোনো স্মৃতিকেই পরম আদরে রোমন্থন করে। তাই অবসরে নিজেকে কখনো একা লাগে না; মনের গহিনে লুকিয়ে থাকা মানুষেরা জেগে ওঠে, কত কথা বলে, ছুঁয়ে থাকে, আর অন্তহীন জিজ্ঞাসায় কত আবদার নিয়ে আসে!

প্রবাসে পা রেখে নতুন করে শুরু করি থিতু হওয়ার এক অস্থির লড়াই। স্কুলপড়ুয়া প্রায় সবার হাতে চটি বই দেখতাম, আর ভাবতাম—আমি কোথায় বই পাব! তখন তো এখানকার কিছুই চিনি না। চা-বাগান থেকে বেরিয়ে প্রথম যে গ্রামটি দেখেছিলাম তা বেঙ্গাডুবা, আর চিনেছিলাম হবিগঞ্জ শহর। ঢাকায় জন্ম হলেও রাজধানী ঢাকাকে প্রথম স্পষ্ট দেখি ১৯৭২ সালে, স্বাধীন বাংলাদেশে। যদিও আবছা স্মৃতি ছাড়া এখন আর তেমন কিছুই মনে নেই।

সমগ্র বাংলাদেশ ঘুরে দেখার স্বপ্নে বিভোর মন হঠাৎ কোনো এক পরিকল্পনাহীন যাত্রায় এসে উপস্থিত হলো বিশ্বের মানচিত্রের দ্বিতীয় বৃহত্তম দেশে। পঞ্চান্ন হাজার বর্গমাইলের জ্ঞানের সাগর তো দূরের কথা, সাধারণ নদীর কিনারেও ঠিকমতো যাওয়া হয়ে ওঠেনি। কেবল ডোবার ধারে যাব বলে দক্ষিণের দুয়ার খুলেছিলাম মাত্র; অমনি দমকা হাওয়া উড়িয়ে এনে দাঁড় করিয়ে দিল নিরানব্বই লাখ বর্গকিলোমিটারের বরফাবৃত অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এক অচিন প্রান্তরে। অথচ আমার খেয়ালে, চিন্তায়, চেতনায় আর হৃৎস্পন্দনে আজও সেই পঞ্চান্ন হাজার বর্গমাইলই খোদাই করা আছে।

এখানে এসে থমকে দাঁড়িয়ে ক্ষণিকের তরে মন ডুবে গিয়েছিল কৃত্রিমতায়। মাস ছয়েকের মাথায় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি শুনে অনেকক্ষণ অঝোরে কেঁদেছিলাম। তারপর চোখ মুছতে মুছতে আনমনেই বলেছিলাম—আমার জন্মভূমিই সবার সেরা। তার আছে উর্বর পলিমাটি, সবুজ-শ্যামল বনভূমি, লোকগাথা আর রূপকথার ‘ঠাকুরমার ঝুলি’, বাউল গানের সুরেলা আবহ। সেখানে আছেন গগন হরকরা, লালন সাঁই, হাছন রাজা, শাহ আবদুল করিমসহ কত কত গুণীজন! এই মাটিতেই রয়েছে সুয়োরানী-দুয়োরানী, রাজপুত্র-রাজকুমারী, ডালিম কুমারের সঙ্গে রাক্ষস-খোক্ষসের গল্প। আরও আছেন ধ্বংসস্তূপে বিজয়ের পতাকা ওড়ানো সাহসী সৈনিকেরা, কলমই যাঁদের মূল অস্ত্র।

এই সব ভাবনার ভিড় সরিয়ে দিয়ে মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি মনের খোরাক জোগাত আমার পিত্রালয়। পরিবারের মানুষেরা বিভিন্ন সময় নানা লেখকের লেখার প্রেমে পড়েছেন, আমিও তার ব্যতিক্রম নই।

উড়োজাহাজে আমার সঙ্গী ছিল একটি বই—সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’। বারবার পড়া যায় এমন বইগুলোর অন্যতম এটি। প্রবাসে এসে বাংলা সাহিত্যের সন্ধান করতে থাকি। পড়ার তৃষ্ণায় এমন অনেক বইও পড়েছি, যা হয়তো সাহিত্যের পর্যায়ে পড়ে না। পরে অনলাইনে কিছু বই পড়া শুরু করি, কিছু লেখা বারবার পড়তে থাকি। করোনাকালে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি; সেই সূত্রে সহপাঠীদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপিত হয়। কথা প্রসঙ্গে সহপাঠী ও বন্ধু রিজু সন্ধান দেয় ‘গল্পপাঠ’-এর।

রিজু ‘গল্পপাঠ’-এর কথা বললেও লিংক না দেওয়ায় আমি আর নিজ থেকে খুঁজে দেখিনি। তার কয়েক সপ্তাহ পর, ২০২২ সালের এপ্রিলের এক সোনালি দিনে আলোর প্রদীপ নিয়ে এক অপরিচিতা ‘গল্পপাঠ’-এর লিংক পাঠিয়ে আমাকে নতুন করে শোনালেন সেই গান—‘মন রে কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা’। সেই থেকেই আমি যেন নিজের ভেতরকার মানবজমিন আবাদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

‘গল্পপাঠ’-এ প্রবেশের আগেই সামাজিক মাধ্যমে নাহার তৃণার অনেক লেখা পড়া হয়ে গিয়েছিল। তত দিনে স্মৃতি ভদ্রের লেখাও ধারাবাহিকভাবে পড়তে শুরু করি। এরপর নিয়মিত পাঠক হলাম ‘গল্পপাঠ’-এর। শুরু করেছিলাম কুলদা রায়কে দিয়ে, আর এখন এসে পৌঁছেছি ঝুম্পা লাহিড়ীতে। সব লেখা পাঠ করা অবশ্য এখনো সম্ভব হয়ে ওঠেনি।

মাঝখানে পড়া হয়েছে আরও অনেকের লেখা। সবার নাম লিখে শেষ করা যাবে না। সকল কথাসাহিত্যিকই আমার পরম পূজনীয়; তাঁরা মনের খোরাক জোগান। তাঁদের ভালো না বেসে কি পারা যায়? বর্তমান প্রজন্মটা কেমন যেন উন্মাতাল; সৃষ্টির সৌন্দর্য উদ্ভাসিত না করে অনেকেই ভাঙনের গান গায়। ডাকহরকরা এখন কেবল সাহিত্যের গল্পেই বেঁচে আছে, ডাকবাক্সে ধরেছে মরচে। ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে মানুষকে কাছে টেনে আনার ক্ষমতা যে চিঠির ছিল, তা আজ ইতিহাস। প্রযুক্তি দূরত্ব কমালেও মনের দূরত্ব বাড়িয়েছে বহুগুণ। পড়ুয়ার সংখ্যা ক্রমহ্রাসমান; কেউ আর নিবিষ্ট হয়ে বই পড়তে চায় না।

শিক্ষার মানদণ্ডের অবক্ষয়ে শিক্ষক লাঞ্ছিত হন, সৃষ্টির নিদর্শন ধ্বংসস্তূপে পরিণত হয়। পারিবারিক শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর চারপাশের হিংস্র পরিবেশে সহসা সুপাঠক গড়ে ওঠে না। তবুও এই বিরূপ পরিবেশের মধ্যেও কিছু আলোর দিশারি মানুষের জন্ম হয়, যাঁরা নিজ নিজ কর্মের মাধ্যমে ধারাবাহিকভাবে অবদান রেখে যান—রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে শিল্প-সাহিত্য ও শিক্ষাঙ্গনে। এই অস্থির সময়ে যাঁরা অবিচল থেকে অক্লান্ত মানসিক শ্রমে কলমকে হাতিয়ার করে তথ্য আহরণ করেন এবং উল্টোরথকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাঁদের সেই নিরলস সাধনাকে আমি প্রণতি জানাই।

‘গল্পপাঠ’ ওয়েব ম্যাগাজিনটির প্রথম প্রকাশ ২০০৮ সালে, আর এর সঙ্গে আমার পরিচয় ২০২২-এ। মাঝের এই চৌদ্দ বছরের শূন্যতা আমি এখনো পুরোপুরি পূরণ করতে পারিনি। সহস্রাধিক লেখকের প্রায় পাঁচ হাজার গল্প—সব তো এখনো পড়া সম্ভব হয়নি। পুরোনো ও নতুনের দোলাচলে কখন কার গল্পে হারিয়ে যাই, নিজেই বুঝতে পারি না। চিরায়ত সাহিত্যের নতুন বাঁক থেকে পুরোনো ধারায় বিচরণ করা যেন গভীর জলে ডুবসাঁতার দেওয়ার মতোই রোমাঞ্চকর।

শুরু হয়েছিল কুলদা রায়কে দিয়ে; এরপর যেন দীপেন ভট্টাচার্যের ‘ট্রেন’-এ চেপে বসা। সেই যে যাত্রা শুরু, আজও প্রতিটি কামরায় ছুটে চলেছি। কখনো নামছি, কখনো আবার চড়ছি; কত অচেনা মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, আর তাঁরা আপন হয়ে উঠছেন। পুরোনো থেকে নতুনে যাওয়া, আবার নতুন থেকে পুরোনোকে আবিষ্কারের অভিনব পথপরিক্রমায় পেয়ে গেলাম কৃষণ চন্দর, সৈয়দ মুস্তাফা সিরাজ, শ্রীপান্থ থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস ও শাক্যজিৎ ভট্টাচার্যকে। খুশবন্ত সিং, বাণী বসু, প্রভাতকুমার মুখোপাধ্যায় পেরিয়ে হঠাৎ সাক্ষাৎ মিলল মতীন্দ্র সরকারের—যিনি আমার প্রত্যক্ষ শিক্ষক। নাহার তৃণার সঙ্গে পরিচয় হলো ‘অদৃশ্য খরস্রোত’-এ। সেই স্রোত এতটাই প্রবহমান যে ‘নাওয়াবালী’ পড়ার পর মনে মনে বলতে হলো—দেখা হবে ভাই, ‘অন্য কোথাও, অন্য কোনোখানে’। হঠাৎ করেই যেন দেখা হয়ে গেল টুলুদি, অর্থাৎ শ্রাবণী অ্যান্ড্রু চৌধুরীর সঙ্গে।

এভাবেই সাহিত্যের ট্রেন এগিয়ে চলেছে, আর আমি তার মুগ্ধ যাত্রী। ট্রেনে চড়ার আগেই রুমা মোদককে জেনেছিলাম তাঁর ‘বিভাজন’ নাটকের মাধ্যমে। স্মৃতি ভদ্রের সঙ্গে পরিচয় ‘রসুইঘরের রোয়াক’-এর সূত্রে। সেই রোয়াকই জুগিয়ে চলেছে রকমারি মনের খোরাক। এরপর ‘ছাদ’-এ বসে ‘চিঠি’ পড়া হলো, আর ‘বৃষ্টি’তে ভিজে পুনরায় ট্রেনে চড়ে বসলাম। একে একে নতুনদের সঙ্গে পরিচয় ঘটতে লাগল—রঙ্গন রায়, আশিস পাঠক, জগদীশ গুপ্ত, উম্মে হাবিবা, অগ্নি রায়, সাগর রায়, কল্যাণী রমা, পূরবী বসু, ভাগীরথ মিশ্র, রঞ্জন নন্দী, কামরুজ্জামান জাহাঙ্গীর, দেবেশ রায়সহ শতাধিক গুণী লেখকের লেখার সঙ্গে। প্রতিটি লেখাতেই রয়েছে নিজস্ব বৈচিত্র্য। দুটো হলুদ মাখানো ইলিশ মাছ ভেজে তৃপ্তি নিয়ে খাওয়ার মতো করেই এখন আমি মগ্ন হয়ে আছি ঝুম্পা লাহিড়ীর রচনায়।

হয়তো এখান থেকেই কোনো এক লেখা একদিন বিশ্বমানের কথাসাহিত্যে উত্তীর্ণ হবে। ‘গল্পপাঠ’-এর কোনো না কোনো লেখক হয়তো অতীত মন্থন করে অমৃতকুম্ভ তুলে আনবেন আগামীর জন্য; তাঁদের আঁচল ভরে নিয়ে আসবেন উত্তরপ্রজন্মের পাঠকদের আশীর্বাদ।

জানি না, ধ্বংসস্তূপের মাঝে আবার কে বা কারা নতুন করে জেগে উঠবে, বিজয়ের পতাকা ওড়াবে, কিংবা কে হবে আধুনিক হামিলনের বংশীবাদক! ‘লালসালু’র মজিদেরা এখন সংখ্যায় ভারী হয়ে ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিকে সানন্দে যজ্ঞাহুতি দিতে চায়। সেখানে স্নেহ, মায়া, প্রেম-প্রীতি যেন দণ্ডনীয় অপরাধ! ধ্বংস হয়ে যায় জাদুঘর, পুড়ে ছাই হয় লাইব্রেরি। এমন তমসার মাঝে একপশলা বৃষ্টি হয়ে নতুন দিনের পাঠক সৃষ্টি হোক সাহিত্যচর্চার মধ্য দিয়ে।

পাঠকখোরার এই দুঃসময়ে শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও অন্নদাদিদিকে পেছনে ফেলে আমি আজও যেন স্কুলের করিডোরে দাঁড়িয়ে করিম স্যারের ক্লাসে রবিঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’র প্রতিটি চরণের ব্যাখ্যা শুনি—যা তখন অসমাপ্ত ছিল, আর আজও যেন চির-অসমাপ্তই রয়ে গেল। ·