প্রজ্ঞাদীপার জন্য : সাগুফতা শারমীন তানিয়া


সে আমায় ডাকতো 'দিদিয়া' বলে, এ পৃথিবীতে এই একজনই আমাকে দিদিয়া বলে ডাকতো। সাহিত্যজগতের এবং জগতের তামাম অবিচার নিয়ে আমি তার কাছে পুঁটুলি খুলতাম, সে বলতো--"লোকে আমগাছেই ঢিল মারে, ভেরেন্ডা গাছে মারে না।"

বলতো--"তুই শুধু আমগাছ নোস, তুই আমার ছোটজাগুলিয়ার হিমসাগর।"

আজকে খুব রোদ উঠেছে, সে দেখলো না। সে আর হাইড্রাঞ্জিয়ার মঞ্জরিতে হিউ গ্র্যান্টের চোখের জোলো নীল দেখবে না, আবদার করবে না, ঝগড়া করবে না, তর্ক করবে না। বেদম ঝগড়া শেষে আবার বলবে না, দ্যাখ, তুই কিন্তু থাকিস, আমি কিন্তু থাকব, আমরা কখনো আলাদা হবো না, দিদিয়া। (Thou'lt come no more, / Never, never, never, never, never.) হাসাহাসি করতে করতে ওকে আর বলবো না, "'ধোঁকার' ডালনা আর কত খাবি?"

আর বলবো না-- ওরে, আরেকবার-সাধিলেই-খাইব ভঙ্গীতে চোখের বালির বিনোদিনী কইছিল--"জীবনে এত ভালবাসা পাই নাই যে ভালবাসারে না কইবার পারুম!"

আর তারপর রোদে বসে আখ চিবোনোর আনন্দে শিল্প-সাহিত্য নিয়ে বিকারগ্রস্তের মতো ঘন্টা-ঘন্টা আলাপ করে যেতে পারব না। যম দত্ত থেকে হাসনাবাদ লোকাল হয়ে বারাসাতের মালপোয়া হয়ে রামের মতো বর মেয়েরা কেন চায় না...। চিঠি লিখতে পারব না আর, হয়ত লিখব, উত্তর পাব না, পাব না শেষ লাইনে--"ভালোবাসা জানিবা।" জানতে আর পারলাম কই, পারলি কই! কোলকাতায় প্রথম নেমে আমার দেখা সেই দৃশ্য, হলদে ট্যাক্সিতে করে হাসতে হাসতে সে এসেছে আমাকে নিতে। আমার তার নামটা খুব পছন্দ ছিল, প্রজ্ঞাদীপা।

আয়, আয়, শেক্সপীয়র আমাদের জন্য রচে গেছে দিব্য কারাগার...বলেছিলি তো আমরা আলাদা হবো না!

"We two alone will sing like birds i’ the cage:
When thou dost ask me blessing, I’ll kneel down,
And ask of thee forgiveness: so we’ll live,
And pray, and sing, and tell old tales, and laugh
At gilded butterflies, and hear poor rogues
Talk of court news; and we’ll talk with them too,
Who loses and who wins; who’s in, who’s out;
And take upon’s the mystery of things,
As if we were God’s spies: and we’ll wear out,
In a wall’d prison, packs and sects of great ones,
That ebb and flow by the moon.”

অত সতেজ কলম, অত জীবনতৃষ্ণা, অত সংসার-সন্তানের বাসনা, অত রূপ, অত সান্ত্বনা, অত গুরুভার সংবেদন নেই হয়ে গেল। নাকি 'নেই' করে দেয়া হলো?

এটাই এখন একমাত্র চাওয়া হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ