অনুবাদ : হারুনুজজামান

যুদ্ধ যে একটা চলছে, তা নিশ্চিতভাবেই জানত বুড়ো মিসেস ওয়াং। সকলেই জানত বেশ কিছুদিন ধরেই একটা যুদ্ধ চলছে—জাপানীরা চীনাদের মারছে। কিন্তু দূর গাঁয়ের কারও মনেই কোনোদিন ঘটনাটাকে বাস্তব বলে মনে হয়নি; বরং মনে হতো ওটা দূর দেশের কোনো শোনা কথা। কারণ, তখনও পর্যন্ত ওয়াং পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড়টি লাগেনি। ইয়লো নদীর পলিধোয়া সমতলে অবস্থিত 'নাইন মাইল ভিলেজ' নামের এই গ্রামটি মূলত মিসেস ওয়াং-এর নিজস্ব গোত্রেরই বসতি। এই গ্রামের মানুষেরা কোনোদিন চাক্ষুষ কোনো জাপানী দেখেনি। তাই স্রেফ লোকমুখে শোনা কথার ওপর ভিত্তি করেই তারা না-দেখা জাপানীদের অবয়ব কল্পনা করত, অবলীলায় গল্প ফেঁদে বসত।

গ্রীষ্মের এক শান্ত, পড়ন্ত বিকেলে মিসেস ওয়াং রাতের খাবার শেষ করল। তারপর প্রতিদিনের অভ্যাসমতো পা বাড়াল বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের দিকে উঠে যাওয়া মাটির সিঁড়িতে। নদীর জল কতটা বাড়ল, তা নিজের চোখে পরখ করা তার নিত্যদিনের কাজ। জাপানীদের নিয়ে তার মনে যতটা না ভয় ছিল, তার চেয়ে ঢের বেশি সে বুঁদ হয়ে থাকত এই নদীটার আতঙ্কে। সে ভালো করেই জানত, খেপে উঠলে এই সর্বনাশা নদী কী করতে পারে! একে একে গ্রামের বাকি লোকেরাও তার পিছু পিছু বাঁধের চূড়া পর্যন্ত উঠে এল। সবাই মিলে নিচে বয়ে চলা ইয়লো নদীর কুচকুচে কালো, বিদ্বেষভরা পানির দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। ফুঁসে ওঠা নদীর জল একগুচ্ছ বিষাক্ত সাপের মতো ফণা তুলে উঁচু বাঁধের কূলে কামড় বসাচ্ছিল।

"এত সকাল সকাল আমি বাপু নদীর পানি কোনোদিন এভাবে উপচে উঠতে দেখিনি," মিসেস ওয়াং আশঙ্কায় কপাল কুঁচকে বলল।

বাঁধের ওপর ছোট্ট একটা কাঠের পিঁড়িতে বসে সে নিচের ঘোলা জলে এক দলা থুতু ফেলে দিল। পিঁড়িটা তার ছোট নাতি 'লিটল পিগ' পরম যত্নে দাদীর বসার জন্য বয়ে এনেছিল।

"জাপানীদের চেয়েও এই বুড়ো নদীটা অনেক বেশি পাজি, দাদু! কী নিষ্ঠুর, দ্যাখো!" লিটল পিগ আলগোছে বলল।

"মুখপোড়া ছেলে, বোকা কোথাকার!" মিসেস ওয়াং নিমেষেই নাতির মুখে চাপা দিল। "নদী-দেবতা কানে শুনলে আর রক্ষা থাকবে না! অন্য কিছু বল।"

নদী ছেড়ে তাদের আড্ডা আবার গিয়ে ঠেকল জাপানীদের গল্পে। যেমন রুটি-প্রস্তুতকারক ওয়াং—যে বুড়ি মিসেস ওয়াং-এর দূর সম্পর্কের এক ভাগ্নে—হুট করে জিজ্ঞেস করে বসল, "আচ্ছা দাদী, সত্যি সত্যি সামনে চলে এলে আমরা জাপানীদের চিনব কী করে?"

সে মুহূর্তে মিসেস ওয়াং বেশ বিজ্ঞের মতো বুক ফুলিয়ে বলল, "ঠিকই চিনতে পারবি। একবার আমি এক ভিনদেশী মানুষকে দেখেছিলাম। আমার ঘরের ছাদ পর্যন্ত লম্বা ছিল লোকটা। চুলগুলো কাদার মতো ঘিনঘিনে রঙা, আর চোখগুলো অবিকল মরা মাছের চোখের মতো ফ্যাকাশে। আমাদের মতো দেখতে না হলেই বুঝবি সে-ই জাপানি।"

সবাই মন্ত্রমুগ্ধের মতো বুড়ির কথা শুনল। যেহেতু সে এই তল্লাটের সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ, তাই তার মুখের কথাই শেষ কথা, অকাট্য সত্য।

খানিকটা উত্তেজিত গলায় লিটল পিগ বলে উঠল, "দূর দাদু! তুমি ওদের ওভাবে দেখতেই পাবে না। ওরা মাটির ওপর চলে না, আকাশের বুকে লোহার যুদ্ধবিমানের ভেতর লুকিয়ে থাকে।"

তাত্ক্ষণিকভাবে মিসেস ওয়াং কোনো জবাব দিল না। অন্য সময় হলে সে হয়ত সোজাসুজি বলে উঠত, "স্বচক্ষে না দেখা পর্যন্ত আমি ওসব উড়ন্ত চিল-গাড়ি বিশ্বাস করি না।" আসলে জীবনে অনেক কিছু নিজের চোখের সামনে ঘটতে দেখা সত্ত্বেও বুড়ি সবকিছু সহজে বিশ্বাস করতে চাইত না। উদাহরণস্বরূপ, যখন দেশের সম্রাজ্ঞী মারা গেলেন, তখনও সে বিশ্বাস করেনি যে সম্রাট-পত্নী আর ইহজগতে নেই। কারণ সে তো নিজে মরতে দেখেনি! আজও পর্যন্ত সে সঠিক জানে না শাসনব্যবস্থা বলতে আসলে ঠিক কী বোঝায়। তবে মানুষের বলাবলিতে এটুকু বোঝে যে, এমন একটা নিয়ম অনেকদিন ধরেই চলে আসছে।

এখন বুড়ির অপলক দৃষ্টি কেবল বাঁধের দিকে। তাকে ঘিরে গোল হয়ে বসে আছে গ্রামের মানুষ। এই মনোরম, শান্ত হাওয়া আর নিঝুম পরিবেশে তার মনে হলো—নদীটা যদি আর ফুঁসে না ওঠে, তবে দুনিয়ায় আর কোনো দুর্ভাবনা নেই।

"জাপানীদের এই অস্তিত্ব-ফস্তিত্বে আমি বিশ্বাস করি না," সোজাসুজি রায় দিল সে। গ্রামবাসীরা একে অপরের দিকে চেয়ে মৃদু হাসল, কিন্তু বুড়ির মুখের ওপর কেউ তর্ক করল না।

এরই মধ্যে কেউ একজন বুড়ির তামাক-ভরা পাইপে আগুন ধরিয়ে দিল। সে আর কেউ নয়, মিসেস ওয়াং-এর চোখের মণি, লিটল পিগের নতুন বউ।

"একটা গান ধর তো, লিটল পিগ!" ভিড়ের মধ্য থেকে কেউ একজন হাঁক ছাড়ল।

অমনি লিটল পিগ রাতের নিস্তব্ধতা ভেঙে উদাত্ত, কিন্তু খানিকটা কাঁপা গলায় পুরনো দিনের এক মেঠো সুর ধরল। মিসেস ওয়াং পরম শান্তিতে চোখ বুজে তামাকের ধোঁয়ায় টান দিতে দিতে গানটা শুনতে লাগল; মনের কোণ থেকে জাপানীদের চিন্তা কর্পূরের মতো উড়ে গেল।

কী অপরূপ সেই সন্ধ্যা! মেঘহীন কাঁচের মতো স্বচ্ছ আকাশটা এতটাই নির্মল যে, বাঁধের ওপর নুয়ে পড়া উইলো গাছের সরু, নমনীয় ডালপালাগুলোর ছায়াও নিচের কাদাজলে স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। চারদিকের প্রকৃতিতে যেন এক মায়াবী প্রশান্তির আবেশ। বাঁধের পাদদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তিরিশটি ঘরের এই ছোট্ট শান্ত গ্রামটি যেন এক নিশ্চিন্ত আশ্রয়। কোনো কিছুই যেন এই মায়াবী বিহ্বলতায় ভাঙন ধরাতে পারবে না। যতই হোক, জাপানীরা তো শেষ পর্যন্ত মানুষই; মানুষ ভিন্ন তো আর কিছু নয়!

"তবু ওই যুদ্ধবিমানগুলোকে আমার কেমন যেন খটকা লাগে রে!" লিটল পিগ গান থামালে মিসেস ওয়াং নরম সুরে ফিসফিসিয়ে বলল।

নাতি কোনো উত্তর না দিয়ে ধীরলয়ে অন্য আর একটা গানের সুর ধরল।

বছর আসে, বছর যায়। মিসেস ওয়াং এভাবেই বাঁধের ওপর বসে জীবনের কতশত গ্রীষ্মের সন্ধ্যা পার করে দিল। প্রথমবার, যখন সে সতেরো বছরের লাজুক এক নববধু, তখন তার স্বামী প্রথমবার চিৎকার করে তাকে ঘর থেকে বের হয়ে বাঁধের ওপর আসতে বলেছিল। স্বামীর ডাকে সাড়া দিয়ে সলাজ ঘোমটা টেনে সে যখন সেখানে গিয়েছিল, লজ্জায় আড়ষ্ট হয়ে অন্য মহিলাদের আড়ালে মুখ লুকাতে চেয়েছিল। সমবেত পুরুষেরা তখন উল্লসিত অট্টহাস্যে ফেটে পড়েছিল এবং তাকে নিয়ে নানা ঠাট্টা-মসকরা করেছিল। তবুও গ্রামের মানুষ তাকে ভারী পছন্দ করত।

"তোমার বাটিতে ঈশ্বর এক টুকরো সুন্দর নিটোল মাংস তুলে দিয়েছেন," রসিকেরা তার স্বামীকে বলত। আবার কেউ খুনসুটি করে বলত, "পায়ের পাতা দুটো কিন্তু মেয়েছেলে হিসেবে খানিকটা বেমানান রকমের বড়!" যদিও স্ত্রীর বড় পা নিয়ে স্বামীর মনে কোনো ক্ষোভ ছিল না। মিসেস ওয়াং যখন বুঝত যে তার স্বামী তাকে নিয়ে কানায় কানায় সন্তুষ্ট, ধীরে ধীরে লজ্জার সেই আড়ষ্টতা কেটে গিয়ে সে এই বাঁধের আপনজন হয়ে উঠেছিল।

কিন্তু কপাল পুড়ল অল্প বয়সেই। দরিদ্র মিসেস ওয়াং-এর স্বামী এক প্রলয়ংকরী বন্যার তোড়ে তলিয়ে গেল। বৌদ্ধধর্মের অনুশাসন অনুযায়ী, স্বামীর পাপী আত্মার শুদ্ধিকরণ ও শ্রাদ্ধশান্তি করতে মিসেস ওয়াং-এর জীবনের বেশ কিছু বছর কেটে গেল। এতসব ধর্মীয় আচার আর নিয়মের বেড়াজালে ঘুরতে ঘুরতে একসময় সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সন্তান পালনের কঠিন জোয়াল আর জমিজমার ঝুটঝামেলা তখন তার বিধবা কাঁধে মস্ত বড় এক বোঝা।

এরকম এক জাঁতাকলে পিষ্ট হওয়ার দিনে একদিন ধূর্ত এক পুরোহিত মিষ্টি কথায় তাকে ভুলিয়ে বলল, "আর মাত্র দশটা রৌপ্যমুদ্রা প্রণামী দিলেই তোমার স্বামীর সব পাপমোচন হবে এবং সে সরাসরি নির্বাণ লাভ করবে।"

বিরক্তিতে মুখ তেতো করে মিসেস ওয়াং জিজ্ঞাসা করল, "বলুন তো ঠাকুর, এখন পর্যন্ত ওর আর ঠিক কোন কোন অঙ্গ-প্রত্যঙ্গ প্রায়শ্চিত্তের অপেক্ষায় নরকে আটকে আছে?"

"শুধু একটা পায়ের পাতা আটকে আছে," পুরোহিত তাকে আশ্বস্ত করতে চাইল।

এবার ধৈর্যের বাঁধ ভাঙল মিসেস ওয়াং-এর। দশ ডলার! এই শীতে এই দশ ডলারে ওদের পুরো পরিবারের খাওয়া-পরা ধুমধাম করে কেটে যাবে। সে বেশ কড়া গলায় শোনাল, "যদি স্রেফ একটা পায়ের পাতা আটকে থাকে, তবে আর এক পয়সাও দেব না। সে নিজে বুদ্ধিমান লোক, নিজের এক পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে হলেও শুদ্ধস্থানে চলে যেতে পারবে।"

কথাটা তখন জোর দিয়ে বললেও, একা একা বসে বুড়ি প্রায়শই ভাবত—সত্যি সত্যি যদি লোকটার একটা পা নরকের জাঁতাকলে আটকে গিয়ে থাকে, তবে কী হবে! বেচারা হতভাগ্য! ভাবতেই তার বুড়ো মনটা এক অজানা বিষাদে ভরে যেত। মনে হতো, স্বামী হয়ত ওখানেই এক পায়ে দাঁড়িয়ে কাতর চোখে চেয়ে আছে আর ভাবছে—ওর বউটা বেঁচে থাকতেও ওর জন্য কিছুই করল না! লোকটা বরাবরই কেমন যেন একটু পরনির্ভরশীল প্রকৃতির ছিল, সব কাজে বউ বউ করত।

"দেখা যাক!" বুড়ি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সম্ভবত কোনো একদিন, লিটল পিগের স্ত্রীর কোলজুড়ে যখন প্রথম সন্তান আসবে, ঘরে যখন দু-পয়সা বাড়তি অর্থ জমবে, তখন না হয় শেষবারের মতো কিছু টাকা খরচ করে স্বামীকে পুরোপুরি মুক্ত করে আনবে। তাড়াহুড়ো করার তো তেমন কোনো প্রয়োজন নেই, মৃত মানুষ তো আর পালিয়ে যাচ্ছে না!

"দাদু, এবার ঘরে চলো। ঠাণ্ডা লাগছে," লিটল পিগের বউ নরম কণ্ঠে ডাকল। "নদী থেকে কুয়াশার মতো ভাপ উঠছে, সূর্যটাও পাটে বসল।"

"হ্যাঁ রে দিদি, আমারও মনে হয় এবার নামা উচিত," বৃদ্ধা মিসেস ওয়াং সায় দিল।

মুহূর্তের জন্য সে নদীটার দিকে স্থির দৃষ্টিতে তাকাল। এই সেই নদী—ভালো আর মন্দের এক অদ্ভুত দোলাচল। যদি বাগে রাখা যায়, তবে এই নদীই পরম মমতায় মাঠে মাঠে সোনা ফলায়, জল বিলিয়ে জীবন দেয়। কিন্তু এক ইঞ্চি বাগের বাইরে গেলেই এই নদী ড্রাগনের মতো রুদ্রমূর্তি ধারণ করে প্রচন্ড গর্জনে সবকিছু চূর্ণবিচূর্ণ করে গিলে খায়।

এভাবেই তো মিসেস ওয়াং-এর স্বামী একদিন পানির তোড়ে ভেসে গিয়েছিল—বাঁধের মেরামতের কাজে তার সামান্য একটু অসতর্কতার কারণে। সে রাতে নদীটার জল হঠাৎ রাক্ষসের মতো ফুঁসে উঠেছিল। স্বামী ঘর থেকে দৌড়ে বাঁধের দিকে ছুটে গিয়েছিল, আর মিসেস ওয়াং সন্তানকে বুকে চেপে কোনোমতে বাঁধের চূড়ায় উঠে আত্মরক্ষা করেছিল। সে নিজে বাঁচল, সন্তান বাঁচল, কিন্তু তার স্বামী নদীর অতল গর্ভে হারিয়ে গেল।

পরবর্তীতে গ্রামবাসীরা মিলে নদীকে আবার বাঁধের শিকলে বাঁধতে সমর্থ হয়েছিল, আর তারপর থেকে নদীটা লক্ষ্মীছেলের মতো শান্তই ছিল। প্রতিদিন মিসেস ওয়াং নিজেই লাঠিতে ভর দিয়ে বাঁধের এধার থেকে ওধার পর্যন্ত হেঁটে হেঁটে তদারকি করত—কখন কী হয়! যদিও এই দায়িত্ব পুরো গ্রামের। গ্রামবাসীরা আদর করে হাসাহাসি করে বলত, "বাঁধে যদি কোনো অঘটন ঘটে, আমাদের বুড়ি দাদীমা ঠিকই টের পেয়ে আগেভাগে জানিয়ে দেবে।"

আজ পর্যন্ত এমন কোনো বিপর্যয় ঘটেনি যার জন্য নদী থেকে ওদের এই সাধের গ্রামটাকে গুটিয়ে নিতে হয়েছিল।

হঠাৎ লিটল পিগ তার গান থামিয়ে দিল। চরম এক উত্তেজনায় সে আকাশের দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল, "দ্যাখো দ্যাখো, চাঁদ উঠছে! কিন্তু এটা মোটেও ভালো লক্ষণ নয়। এমন জোছনা- ভাসা ফর্সা রাতেই নাকি আকাশ চিরে যুদ্ধবিমানগুলো হানা দেয়।"

"যুদ্ধবিমান সম্পর্কে এতসব কেচ্ছাকাহিনী তুই কোথায় শিখলি রে লাটসাহেব?" বৃদ্ধা মিসেস ওয়াং বিরক্ত হলো। "এসব শুনতে শুনতে আমার কানের পোকা মরে গেল।"

বুড়ির এমন কড়া ধমকে বাকি সবাই একদম চুপ মেরে গেল। কারো মুখে আর কোনো রা নেই।এই নিথর নীরবতার মাঝে, একহাতে লিটল পিগের স্ত্রীর নরম হাতের ওপর ভর দিয়ে আর অন্যহাতে নিজের লম্বা পাইপটা চেপে ধরে বুড়ি মাটির সিঁড়ি বেয়ে ধীরে ধীরে বাঁধ থেকে নিচে নেমে এল। তার পিছু পিছু গ্রামবাসীরাও যে যার ঘরের দিকে, বিছানার খোঁজে চলে গেল।

অবশেষে, মিসেস ওয়াং তার চেনা বিছানায় নিশ্চিন্তচিত্তে ঘুমিয়ে পড়ল। যদিও ঘুমানোর আগে কয়েক পলকের জন্য হলেও তার মাথায় জাপানীদের কথা এসেছিল। মনে মনে প্রশ্ন জেগেছিল—মানুষ কেন শুধু শুধু যুদ্ধ করতে চায়? কেবল মোটাবুদ্ধির খল খল লোকেরাই বোধহয় এমন যুদ্ধ যুদ্ধ খেলা খেলে। বুড়ির মনে হলো, যদি কখনো সেই জাপানীরা এই গ্রামে আসেই, তবে তাদের পরম আদরে দাওয়াত দিয়ে গরম চা খেতে দেওয়া যাবে। তারপর মিষ্টি কথায় বুঝিয়ে জিজ্ঞেস করা যাবে—কেন বাপু তোমরা এই শান্ত, নিরীহ চাষাভুষোদের গ্রামে হাঙ্গামা করতে এসেছ?

তাই বলে সকালে লিটল পিগের স্ত্রীর কলিজা কাঁপানো চিৎকার, "ওরা এসে পড়েছে, ওরা এসে পড়েছে!" এটা শোনার জন্য মিসেস ওয়াং মনে মনে এক্কেবারেই প্রস্তুত ছিল না।

ঘুম ভাঙতেই বিছানায় ধড়মড় করে বসে সে চোখ ডলতে ডলতে বিড়বিড় করল, "চায়ের পানি কি ফুটে গেছে রে বৌমা?"

"দাদীমা, এখন আর চায়ের সময় নেই!" লিটল পিগের স্ত্রী কান্নার সুরে চিৎকার করে উঠল। "ওরা সত্যি সত্যি এসে পড়েছে।"

"কোথায় রে?" বুড়ির আর্তনাদ।

"ওই যে আকাশে!" বউটি আকাশের দিকে আঙুল তুলল।

তখন সবেমাত্র ভোরের আলো ফুটছে। ঘর ছেড়ে সব মানুষ বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে চোখ পাতল। ঠিক যেমন শরৎকালে বুনো হাঁসের দল সুদূর আকাশে দল বেঁধে উড়ে যায়, ঠিক তেমনি বিশাল আকৃতির কিছু অদ্ভুত যান্ত্রিক পাখি আকাশের বুক চিরে ধেয়ে আসছে।

"কিন্তু এগুলো কী জিনিস?" বৃদ্ধা মিসেস ওয়াং বিস্ময়ে চেঁচিয়ে উঠল।

আর ঠিক তক্ষুনি, চকচকে রুপালি ডিমের মতো একটা বস্তু আকাশ থেকে খসে সোজা গিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তের একটা ফসলি জমিতে। যেন মাটির নিচ থেকে এক আগ্নেয়গিরি ফেটে পড়ল! প্রচন্ড বিস্ফোরণে মাঠের বেশ খানিকটা মাটি ও ধোঁয়া ঝরনার মতো আকাশে উড়ে গিয়ে আবার হুড়মুড় করে নিচে আছড়ে পড়ল। কৌতূহলী মানুষ ছুটে গেল তা দেখতে। সেখানে একটা মস্ত বড় পুকুরের মতো—প্রায় ৩০ ফুট লম্বা ও চওড়া—এক গভীর গর্ত তৈরি হয়েছে।

সবাই এতটাই স্তম্ভিত যে কারো মুখ দিয়ে কোনো কথা সরল না। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই, আকাশ থেকে একের পর এক রুপালি ডিম বৃষ্টির মতো বর্ষিত হতে লাগল। চারদিক কেঁপে উঠল কানফাটানো গর্জনে। এবার আর কৌতূহল নয়, যে যেদিকে পারল প্রাণভয়ে দৌড়ে পালাতে লাগল—কেবল মিসেস ওয়াং ছাড়া।

যখন লিটল পিগের বউ এসে বুড়ির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, "চলো দাদু, পালাও!", বৃদ্ধা ওয়াং ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল এবং বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের শক্ত ঢালটার ওপর জাঁকিয়ে বসে পড়ল।

"আমি আর দৌড়াতে পারি না রে মা," বুড়ি শান্ত গলায় জানাল। "আমার এই পা দুটো অসাড় হওয়ার পর থেকে আজ সতেরো বছর আমি এক পা-ও দৌড়াইনি। তোরা যা, পালা। লিটল পিগ কোথায়?"

সে চারদিকে চোখ বোলাল। লিটল পিগ ততক্ষণে সবার আগে লেজ গুটিয়ে 'দে ছুট'।

"অবিকল ওর দাদুর মতো স্বভাব হয়েছে," বুড়ি টিপ্পনী কেটে যোগ করল, "সে ব্যাটাও কোনো বিপদ দেখলে সবার আগে ল্যাজ তুলে পালাত।"

কিন্তু লিটল পিগের বউ তাকে এভাবে একা ফেলে যেতে চাইছিল না। অবশেষে মিসেস ওয়াং তাকে কড়া গলায় মনে করিয়ে দিল যে, এই মুহূর্তে পালিয়ে নিজের জান বাঁচানোই তার প্রথম এবং প্রধান কর্তব্য।

"যদি লিটল পিগ মরেও যায়," বুড়ির গলায় এক অদ্ভুত গম্ভীরতা ফুটে উঠল, "তবে বংশের প্রদীপ জ্বালতে ওর পেটের সন্তানটাকে জীবিত রাখা যে বড্ড জরুরি রে মা! তুই যা!"

মেয়েটি তখনও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দাঁড়িয়ে থাকলে বুড়ি নিজের তামাকের পাইপ দিয়ে ওর পিঠে মৃদু ঠোকা দিল। "যাও, দূর হও এখান থেকে!"

উপর থেকে খাড়া নিচে নেমে আসা আর সোজা উপরে উঠে যাওয়া যুদ্ধবিমানগুলোর তীব্র কানফাটানো গর্জনে কেউ কারো কথা আর শুনতে পাচ্ছিল না। অগ্নিকুণ্ডের চারপাশ থেকে ধেয়ে আসা বোমার আওয়াজে আকাশ-বাতাস প্রকম্পিত। নিরুপায় হয়ে লিটল পিগের বউ বাকিদের সাথে ভিড়ে মিশে গেল।

ইতোমধ্যেই, চোখের পলকে সাজানো গ্রামটা একটা জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হলো। আড়াআড়ি পাতা ঘরের কড়িকাঠগুলো দাউদাউ করে পুড়ছে। গ্রামের কেউ কোথাও নেই; চারদিক খাঁ খাঁ করছে। যেতে যেতে দূর থেকে গ্রামবাসীরা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে মিসেস ওয়াংকে তাদের সাথে চলে আসতে বলছিল, আর বুড়ি পরম নিশ্চিন্তে মনোরম কণ্ঠে হাত নেড়ে বলছিল, "তোরা যা, এই তো আমি আসছি। আসছি রে..."

কিন্তু সে এক চুলও নড়ল না। একা একা বসে সে আকাশের বুকে যুদ্ধবিমানগুলোর হাড়হিম করা কসরত আর কলাকৌশল দেখতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ওলটপালট করে আরও কিছু যুদ্ধবিমান ধেয়ে এল। পরের বিমানগুলো আগের বিমানগুলোকে লক্ষ্য করে আক্রমণ শুরু করল—চিল-শকুনের মতো আকাশে ডানা পাকিয়ে এঁকেবেঁকে ধাওয়া করতে লাগল।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এই মরণখেলা শেষ হলে মিসেস ওয়াং ভাবল, এবার একটু গ্রামে ফিরে গিয়ে দেখা যাক—নীল আকাশের এই যুদ্ধ-যুদ্ধ খেলার আঘাতে তার সাজানো ঘরের কোনো কিছু আস্ত বেঁচে আছে কি না। যুদ্ধ আসলে ঠিক কতটা ভয়ানক এক কুৎসিত ব্যাপার, সে সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণাই ছিল না। একবার অতীতে তাদের গ্রামে ডাকাত পড়েছিল; তারা গ্রামবাসীদের সর্বস্ব লুটে নিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেই পোড়াপুড়ির স্মৃতি তার বেশ মনে আছে। এখনকার দৃশ্যটাও ঠিক তেমনই ছাই আর ধোঁয়ায় মাখা। তবে আকাশে এমন চকচকে রুপালি পাখির লড়াই সে জন্মেও দেখেনি! সে মাথায় ঢুকিয়ে উঠতে পারছিল না—এগুলো কী জিনিস আর কী করেই বা কোনো ডানা না ঝাপটে আকাশের বুকে ভেসে থাকে!

এদিকে সকাল গড়িয়ে দুপুর, পেটে ক্ষিদের চোরা জ্বালা নিয়ে বুড়ি একা বসে নীরবে প্রকৃতি অবলোকন করতে লাগল।

"ইশ! একটাকে যদি খুব কাছ থেকে দেখতে পেতাম," উচ্চকণ্ঠে আপনমনেই বলে উঠল সে।

আর যেই কথা, সেই কাজ! প্রকৃতি যেন হাতেনাতে তার ইচ্ছার জবাব দিল। হঠাৎ একটা যুদ্ধবিমান সরাসরি খাড়া তীরের মতো মাটির দিকে নেমে আসতে লাগল—বোঝাই গেল ওটা আঘাতপ্রাপ্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে খেতে আছড়ে পড়ছে। কিছুদিন আগে লিটল পিগ যে জমিটায় লাঙল দিয়ে চাষ করেছিল, বিমানটি উপুড় হয়ে ঠিক সেই নরম কাদার জমিতেই আছড়ে পড়ল।

মুহূর্তের মধ্যে চারদিকের আকাশ আবার শূন্য, নিঝুম। কোথাও কিচ্ছু নেই। বিস্তীর্ণ মাঠের মাঝে পড়ে রইল কেবল দুটি প্রাণ—এক বুড়ি মিসেস ওয়াং, আর মাটিতে মুখ থুবড়ে পড়া সেই আক্রান্ত যুদ্ধবিমানের ভেতর আটকে থাকা এক মানবসন্তান।

খুব সতর্কর্তার সঙ্গে মিসেস ওয়াং লাঠিতে ভর দিয়ে নিজেকে খাড়া করল। এই বয়সে এসে দুনিয়ার কোনো কিছুকেই ভয় পাওয়ার আর কিছু বাকি নেই। সে সিদ্ধান্ত নিল, নিজেই হেঁটে গিয়ে দেখবে জিনিসটা আসলে কী। বাঁশের লাঠিতে ভর দিয়ে মাঠের কাদা মাড়িয়ে সে ঠকঠক করেএগোতে থাকল। চারদিকের এই আকস্মিক নিস্তব্ধতার মাঝে কোথা থেকে যেন দু-তিনটে গ্রামের নেউটে কুকুর উদয় হলো। কুকুরগুলোও এমন চুপিসারে বুড়ির পিছু পিছু লেজ গুটিয়ে চলতে লাগল যেন ওরাও ভেতরে ভেতরে ভীষণ আতঙ্কিত।

যখন তারা ভূপাতিত যুদ্ধবিমানটির একেবারে কাছাকাছি এল, কুকুরগুলো হঠাৎ হিংস্র হয়ে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধা ওয়াং হাতের লাঠি উঁচিয়ে সজোরে মাটিতে বাড়ি মারল।

"চুপ কর হারামিগুলো!" তীব্র কণ্ঠে সে ধমক দিল। "এতক্ষণ ধরে আকাশে যে কানফাটা আওয়াজ চলল, তাতেই আমার কানের পর্দা ফাটার জোগাড়, এখন আবার তোদের ঘ্যাঁও ঘ্যাঁও!"

সে বিমানের ধাতব গায়ে লাঠি দিয়ে একটা টোকা দিল। তারপর কুকুরগুলোর দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলল, "ধাতু! কোনো সন্দেহ নেই, নিরেট রুপো রে! গলিয়ে বাজারে বেচতে পারলে গ্রামের সবাই এক রাতে ধনী হয়ে যাবে।"

সে বিমানের চারপাশ ঘুরে ঘুরে ভালো করে পরখ করল। কী জিনিস এটাকে আকাশে ওড়ায়? এখন দেখে মনে হচ্ছে যেন এক মস্ত বড় মরা তিমি মাছ। ভেতরে কোনো সাড়াশব্দ নেই, কোনো যন্ত্রের ঘড়ঘড়ানি নেই।

ঘুরে ফিরে বুড়ি যখন ঠিক সেই জায়গায়টায় এল যেখানে সে লাঠির টোকা দিয়েছিল, তখনই বিমানের ভাঙা জানালার ফোকর দিয়ে ভেতরে এক যুবককে দেখতে পেল। একটা দুমড়ে-মুচড়ে যাওয়া সিটের ওপর যুবকটি কোনোমতে কোণঠাসা হয়ে বসে আছে। কুকুরগুলো আবার গর্জে উঠতেই মিসেস ওয়াং লাঠি উঁচিয়ে তেড়ে গেল, আর ওরা ভয় পেয়ে লেজ গুটিয়ে পিছিয়ে গেল।

"হাঁ রে বাপু, তুমি কি মরে ভূত হয়ে গেছ?" মার্জিত কিন্তু অনুসন্ধানী কণ্ঠে বুড়ি জানতে চাইল।

তার গলার আওয়াজ পেয়ে যুবকটি যন্ত্রণায় সামান্য নড়েচড়ে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মিসেস ওয়াং আরও একটু ঝুঁকে ভেতরের সেই অন্ধকার গর্তটার দিকে উঁকি দিল। দেখল, যুবকটির শরীরের এক পাশটা রক্তে ভেসে যাচ্ছে, লাল টকটকে তাজা রক্ত।

"আহারে, বড় চোট পেয়েছে গো!" মিসেস ওয়াং-এর বুকটা দমে গেল।

সে হাত বাড়িয়ে যুবকটির কব্জিটা চেপে ধরল। নাড়ির স্পন্দন অতি ক্ষীণ, কিন্তু শরীরটা তখনও বেশ ওমে ভরা, গরম। চোখ বড় বড় করে সে যুবকটির মুখের দিকে তাকিয়ে রইল। লক্ষ্য করল, ছেলেটির মাথার চুল কুচকুচে কালো আর গায়ের চামড়া শ্যামলা—ঠিক ওদের নিজেদের দেশের মানুষের মতো।

"ছেলেটা নিশ্চয়ই আমাদের দক্ষিণের কোনো অঞ্চলের হবে," বুড়ি মনে মনে ভাবল। কে কোথা থেকে এসেছে, তা এই মরণাপন্ন অবস্থায় কোনো জরুরি বিষয় নয়; মোদ্দাকথা হলো, ছেলেটা এখনও মরে যায়নি, বুকটা ওঠানামা করছে।

"ভালো হতো বাপু তুমি যদি নিজেই একটু কষ্ট করে বেরিয়ে আসতে পারতে," সে পরম মমতায় বলল। তোমার ওই ক্ষতস্থানে আমি কিছু বুনো ভেষজ পাতার রস বেটে প্রলেপ লাগিয়ে দিতাম, রক্ত পড়া বন্ধ হতো।"

যুবকটি যন্ত্রণায় বিড়বিড় করে আধো-আধো কিছু একটা বলল।

"কিছু বললে বাবা?" মিসেস ওয়াং কৌতূহলী হয়ে কান পাতল। কিন্তু যুবকটি আর কোনো সাড়া দিল না, আবার জ্ঞান হারাল।

"আমি বুড়ো হলে কী হবে, শরীরে এখনও যথেষ্ট জোর আছে," কয়েক মুহূর্ত ভেবে বুড়ি মনে মনে এক মস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে নিজের কোমরটা শক্ত করে বেঁধে বিমানের ভাঙা ফোকর গলে যুবকটির দিকে হাত বাড়িয়ে দিল। তারপর ছেলেটির কোমর জড়িয়ে ধরে সব শক্তি দিয়ে টেনে সেই দুমড়ানো আসন থেকে তাকে বাইরে বের করে আনল।

সৌভাগ্যবশত, যুবকটি বেশ হালকা-পাতলা আর ছোটখাট গড়নের ছিল। তাকে যখন সে মাটির ঘাসের ওপর শুইয়ে দিল, ছেলেটি অবশভাবে চোখ মেলে তাকাল এবং অবোধ শিশুর মতো মিসেস ওয়াং-এর শরীর ঘেঁষে আশ্রয় চাইল। বুড়ি তাকে টেনে নিজের কাঁধে ভর দিয়ে দাঁড় করাল।

"এখন যদি তুমি একটু পা ফেলে ফেলে আমার ভাঙা বাড়িটা পর্যন্ত যেতে পারো," সে বলতে থাকল, "তবে দেখি ওখানে কোনো ওষুধ-পত্তর বা একটু খাবার খুঁজে পাই কি না।"

তখন যুবকটি স্পষ্ট করে কিছু একটা বলল। মিসেস ওয়াং প্রতিটি শব্দ শুনল বটে, কিন্তু একটি বর্ণও তার মাথায় ঢুকল না। সে ফ্যালফ্যাল করে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল।

"ওটা কী ভাষা রে বাবা?" সে অবাক হয়ে জিজ্ঞেস করল।

যুবকটি দুর্বল আঙুল তুলে সামনের কুকুরগুলোকে দেখাল। কুকুরগুলো তখন গলার পশম ফুলিয়ে দাঁত খিঁচিয়ে গর্জন করছিল। যুবকটি আবারও ভয়ার্ত গলায় কিছু একটা বলল এবং বলতে বলতেই যন্ত্রণার এক চরম মোচড়ে শরীরটা ভাঁজ করে মাটির ওপর আছড়ে পড়ল।

কুকুরগুলোও মরা মাংসের লোভে ওর ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। অমনি মিসেস ওয়াং নিজের চটি খুলে সজোরে থাপ্পড় মেরে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। "যা ভাগ! দূর হ এখান থেকে!" সে চিত্কার করে উঠল। "তোদের কে বলেছে একে কামড়াতে?"

কুকুরগুলো যখন চোরের মতো লেজ গুটিয়ে সটকে পড়ল, মিসেস ওয়াং কোনোমতে সর্বশক্তি দিয়ে ছেলেটাকে এক ঝটকায় নিজের বুড়ো কাঁধের ওপর তুলে নিল। তারপর অর্ধেক পথ পিঠে বহন করে আর বাকি অর্ধেক পথ হিড়হিড় করে টেনে, চরম ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে সে ধ্বংসপ্রাপ্ত গ্রামের দিকে এগিয়ে গেল। রাস্তার একধারে ছেলেটাকে সাবধানে শুইয়ে রেখে সে চারদিকের চেনা কুকুরগুলোকে সাথে নিয়ে তার নিজের বাড়িটা খুঁজতে বেরোল।

কিন্তু হায়! সেখানে কোনো বাড়ির অস্তিত্বই অবশিষ্ট নেই। তবে নিজের চেনা ভিটেটা খুঁজে পেতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। যেখানে তার ঘর থাকার কথা ছিল, ঠিক সেখানেই—বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের জলকপাটের ঠিক উল্টোদিকে। বরাবরই এই প্রধান জলকপাটের ওপর বুড়ির এক অদ্ভুত নজর ছিল। ঈশ্বরের কৃপায়, বোমার আঘাতে বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি; কোথাও কোনো ফাটল বা ধস দেখা যায়নি।

সে আবার যুবকটির কাছে ফিরে গেল। মিসেস ওয়াং তাকে যেভাবে রেখে গিয়েছিল—বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের দেয়ালের সাথে ঠেস দিয়ে—সে ঠিক সেভাবেই নিশ্চল পড়ে রয়েছে। ছেলেটি তখন হাঁপাচ্ছিল এবং তার মুখমণ্ডল হয়ে উঠেছিল শবের মতো মলিন, ফ্যাকাশে। যুবকটি অতি কষ্টে নিজের গায়ের কোটটা খুলে ফেলল এবং কোটের ভেতর লুকিয়ে রাখা একটা গোপন থলি থেকে কিছু কাপড়ের টুকরো আর একটা বোতল বের করে বুড়ির দিকে এগিয়ে দিল।

সে আবারও মিনতি করে কিছু একটা বলল, এবং মিসেস ওয়াং আবারও কিছুই বুঝতে পারল না। অতঃপর যুবকটি ভাঙা ভাঙা ইশারায় কিছু একটা বোঝাতে চাইল, আর এবার মিসেস ওয়াং বুঝতে পারল যে—তৃষ্ণার্ত ছেলেটি এক ফোঁটা পানি চাচ্ছে।

পথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা তৈজসপত্রের মধ্য থেকে একটা ভাঙা মাটির পাত্র বেছে নিয়ে সে দ্রুত বাঁধে উঠল। পাত্রে নদীর ঘোলা জল ভরে আবার নিচে নেমে এল। সেই জল দিয়ে পরম যত্নে ছেলেটির ক্ষতস্থান ধুয়ে-মুছে পরিষ্কার করল এবং আঘাতে জমে থাকা দলা-পাকানো রক্তাক্ত কাপড়ের টুকরোগুলো ছিঁড়ে ফেলে দিল। যুবকটি নিজেই জানত কীভাবে কাপড়ের টুকরো সেই হাঁ-করা গভীর ক্ষতের ওপর চেপে ধরে ব্যান্ডেজ করতে হয়, আর মিসেস ওয়াং পরম বাধ্য মেয়ের মতো তার প্রতিটি হাতের ইশারা অনুসরণ করল। সারাক্ষণ ছেলেটি কৃতজ্ঞ চোখে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ভাষার দেওয়ালে ধাক্কা খেয়ে মিসেস ওয়াং কিছুই উদ্ধার করতে পারল না।

"মহাশয়, তুমি নিশ্চয়ই অনেক দক্ষিণের লোক," মিসেস ওয়াং মৃদু হেসে বলল। "আমি শুনেছি যে তোমাদের ওদিকের ভাষা আমাদের এই উত্তরের ভাষার চেয়ে একেবারে আলাদা।"

ছেলেটি যাতে একটু ভরসা পায়, তাই সে মুখের কোণে এক চিলতে মায়া মাখানো হাসি ধরে রাখল। কিন্তু যুবকটি একদৃষ্টে ফ্যাকাশে মুখে তার দিকে তাকিয়েই রইল; তার চোখে এক অতল ক্লান্তি।

পরিস্থিতি সহজ করতে মিসেস ওয়াং আবার বলল, "এখন আমাদের দুজনের পেটের জন্য যদি একটু আধটু খাবার দাবার জোগাড় করা যেত, তবে মন্দ হতো না।"

ছেলেটি এর কোনো উত্তর দিল না। পরিবর্তে, সে নিজেকে দেয়ালের সাথে আরও একটু হেলিয়ে দিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগল এবং মহাশূন্যে শূন্য দৃষ্টি ছুঁড়ে দিল।

"কিছু খেতে পারলে তুমি একটু গায়ে জোর পাবে বাবা," মিসেস ওয়াং বলতে থাকল। "আমার নিজেরও..." কথার পিঠে কথা যোগ করল সে। সত্যি বলতে, পেটে তখন তার ক্ষুধার এক ভয়ানক আগুন জ্বলছিল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল দূর সম্পর্কের সেই ভাগ্নে—রুটি প্রস্তুতকারক ওয়াং-এর দোকানের কথা। ওখানে ধ্বংসস্তূপের নিচে হয়ত কিছু হলেও রুটি মিলতে পারে। হতে পারে দোকানটা কামানের গোলায় ভেঙে গুঁড়ো হয়ে গেছে, রুটিগুলো ধুলোবালিতে মাখামাখি হয়ে আছে, তবুও ওটা তো খাবারই!

সে সিদ্ধান্ত নিল, ওখানে যাবে এবং স্বচক্ষে দেখবে কী অবস্থা। কিন্তু যাওয়ার আগে সে যুবা-সৈনিককে রোদের হাত থেকে বাঁচাতে বাঁধের ধারে বেড়ে ওঠা এক মস্ত উইলো গাছের সুশীতল ছায়ায় পরম যত্নে শুইয়ে দিল। অতঃপর, সে রুটি দোকানের পথে রওনা হলো। ইতোমধ্যে চারদিকের কুকুরগুলোও রোদের তাপে যে যার মতো সটকে পড়েছে।

বাকি সবকিছুর মতো রুটির দোকানটাও স্রেফ এক দলা মাটির ঢিবির মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কেউ কোথাও নেই। ভেঙে পড়া মাটির দেয়ালের স্তূপ ছাড়া মিসেস ওয়াং প্রথমে কিছুই দেখতে পেল না। কিন্তু তার চেনা চোখ ভালো করেই চেনে—দরজা দিয়ে ঢুকেই ঠিক কোনখানটায় বড় উনুনটার অবস্থান ছিল। দরজার কাঠের কাঠামোটা অলৌকিকভাবে এখনও সোজা দাঁড়িয়ে আছে, ভাঙা ছাদের একটা কোণকে কোনোমতে ঠেকিয়ে রেখেছে।

দরজার আড়ালে দাঁড়িয়ে, বুড়ি তার রোগা হাতটা সেই তপ্ত ছাই আর মাটির স্তূপের ভেতর গলিয়ে দিল। আন্দাজে হাতড়াতে হাতড়াতে সে লোহার কড়াইয়ের কাঠের হাতলটার স্পর্শ পেল। তার মন বলল—এর তলাতেই গরম রুটি পাওয়া যেতে পারে! সে বেশ কায়দা করে এবং চরম সতর্কতা অবলম্বন করে পুরো হাতটা আরও গভীরে ঢুকিয়ে দিল। বেশ কিছুটা সময় লাগল; পোড়া চুন আর ধুলোবালির ঝাঁঝালো গন্ধে তার দম আটকে যাওয়ার উপক্রম।

শেষ পর্যন্ত মিসেস ওয়াং-এর অনুমানই সত্যি হলো। সজোরে হাত চালিয়ে সে স্তূপের একদম তলদেশে গোল গোল, শক্ত অথচ তখনও বেশ ওমে থাকা গরম চার-চারটে রুটির সন্ধান পেল! পরম আনন্দে এক এক করে রুটিগুলো সে বের করে আনল।

"আমার মতো বুড়ো হাড়কে মেরে ফেলা এত সহজ নয় বাপু!" পরম তৃপ্তিতে হাসতে হাসতে সে মন্তব্য করল, যদিও আশেপাশে সেই কথা শোনার মতো কেউ ছিল না।

একটা রুটিতে বড় একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে সে ফেরার পথ ধরল। ঠিক তখনই দূর থেকে তার কানে বেশ কিছু ভারী বুটের শব্দ আর মানুষের হট্টগোল ভেসে এল। সে যখন গাছের ছায়ায় শুয়ে থাকা সেই আহত যুবকের কাছাকাছি পৌঁছাল, দেখল—তাকে ঘিরে ধরেছে একদল সশস্ত্র সৈন্য! কোথা থেকে এই নতুন সৈন্যদল আচমকা উদয় হলো, তা বুড়ি বুঝতে পারল না। তারা সবাই গোল হয়ে সেই রক্তাক্ত যুবা-বিমানসেনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ছেলেটার চোখ দুটো তখন আবার বুজে গেছে।

"মা! আপনি এই জাপানীটাকে কোথায় পেলেন?" এক সৈন্য বেশ কড়া গলায় বুড়িকে জিজ্ঞেস করল।

"জাপানী! সে আবার কী জিনিস?" উল্টো প্রশ্ন মিসেস ওয়াং-এর।

"এই যে এই মড়াটা!" সুউচ্চ স্বরে সৈন্যরা একসাথে চেঁচিয়ে উঠল।

"সে কি জাপানী?" বুড়ি বিস্ময়ে আঁতকে উঠল। "কিন্তু ও তো দেখতে অবিকল আমাদের মতোই রে বাপু! ওর চোখের মণি দুটো কুচকুচে কালো, গায়ের রঙও আমাদের মতো—"

"জাপানী, বললাম তো!" সৈন্যদের মাঝখান থেকে একজন খেঁকিয়ে উঠল।

"হতে পারে," বুড়ি শান্ত গলায় বলল, "ছেলেটা আকাশ থেকে ডানা ভেঙে পড়েছে।"

"আমায় ওই রুটিটা দিন!" একজন ক্ষুধার্ত সৈন্য চেঁচিয়ে উঠল।

"নাও," বুড়ি আঁচল থেকে রুটিগুলো বের করে দিল। "সবগুলোই নিয়ে নাও, শুধু এই আধখানা রুটি ছাড়া। এটা ওর জন্য।"

"একটা জাপানী বাঁদরকে বুড়ি গরম রুটি খাওয়াচ্ছে!" সেই সৈন্যটি উপহাস করে হাসল।

"আমার মনে হয় ছেলেটা বড্ড ক্ষুধার্ত রে বাবা," মিসেস ওয়াং উত্তর দিল।

মনে মনে সে এই হিংস্র সৈন্যদের ভীষণ ঘৃণা করতে লাগল। চিরকালই সে এই উর্দিধারী সৈন্যদের দু-চোখে দেখতে পারে না; এরা যেখানে যায়, ধ্বংস আর মৃত্যু ডেকে আনে।

"আমার ইচ্ছা, তোমরা বাপু এবার এখান থেকে বিদায় হও," সে বিরক্তি লুকাতে পারল না। "তোমরা এখানে কী করছ? আমাদের এই গ্রামটা সবসময় শান্ত ছিল।"

"সুনিশ্চিতভাবেই বলা যায় যে গ্রামটা এখন বড্ড বেশি শান্ত!" সৈন্যদের মধ্য থেকে একজন দাঁত বের করে কুৎসিত হেসে বলল, "একেবারে কবরের মতো শান্ত! মা, আপনি কি জানেন এই শান্ত অবস্থাটা কারা করল? ওই জাপানীরা!"

"সেটাই হয়তো হয়ে থাকতে পারে," বুড়ি সহমত প্রকাশ করলেও তার মনের সংশয় কাটে না। সে বিড়বিড় করে প্রশ্ন করে, "কিন্তু কেন? এটাই তো আমার এই বুড়ো মাথায় ঢোকে না।"

"কেন আবার? ওরা আমাদের এই ভূখণ্ড, আমাদের এই সোনাফলা মাটি দখল করতে চায়। আর সেটাই কারণ!"

"আমাদের মাটি!" বুড়ি অবাক হলো। "কেন, ওরা আমাদের মাটিতে এসে বাস করলেই তো পারে! মাটি তো সবার। কেন ওরা যুদ্ধ করতে চায়?"

"কখনোই না!" সৈন্যরা একসাথে চিৎকার করে উঠল।

এতক্ষণ ধরে তারা কথা বলছিল আর বুড়ির দেওয়া গরম রুটিগুলো নিজেদের মাঝে ভাগাভাগি করে নিয়ে গোগ্রাসে চিবোচ্ছিল। একই সঙ্গে তারা গভীর আশঙ্কায় পূর্ব দিগন্তের সীমানার দিকে তীক্ষ্ণ নজর রাখছিল।

"তোমরা ওদিকে ওভাবে চেয়ে আছ কেন বাবা?" বুড়ো মিসেস ওয়াং জিজ্ঞেস করল।

"জাপানীরা ওই দিক থেকেই ধেয়ে আসছে," উত্তর দিল সেই সৈন্যটি যে রুটিগুলো কেড়ে নিয়েছিল।

"তোমরা কি তবে ওদের ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ?" বিস্মিত মিসেস ওয়াং-এর সোজাসুজি প্রশ্ন।

"আমরা হাতে গোনা কয়েকজন মাত্র," নিজেদের অক্ষমতার জন্য সেই সৈন্যটি দুঃখ প্রকাশ করে বলল। "আমাদের স্রেফ 'পাও এন' গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য এখানে ফেলে যাওয়া হয়েছে।"

"আমি ওই গ্রামটা খুব ভালো করেই চিনি," সৈন্যের কথা কেড়ে নিয়ে মিসেস ওয়াং আবেগঘন গলায় বলল। "আমি যখন ছোট বালিকা, তখন ওখানে কত গিয়েছি! আচ্ছা, বুড়ো 'পাও'-এর কী খবর বলতে পারো? যে ওখানকার প্রধান রাস্তায় একটা সুন্দর চায়ের দোকান চালায়? ও যে আমার আপন বড় ভাই!"

"ওখানকার সব মানুষ মারা গেছে মা," সৈন্যটি নিরাসক্ত গলায় জানাল। "জাপানীরা ওদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। ওদের হাজার হাজার সৈন্য, বড় বড় আধুনিক বিদেশি অস্ত্র, গোলাবারুদ আর লোহার ট্যাংক। আমরা সামান্য কজন মানুষ কী-ই বা করতে পারতাম?"

"তাই তো... দৌড়ে পালানো ছাড়া আর কী-ই বা করার আছে," মিসেস ওয়াং দীর্ঘশ্বাস ফেলে তাদের সায় দিল।

তা সত্ত্বেও, তার বুকের ভেতরটা এক মুহূর্তে ফাঁকা হয়ে গেল, এক তীব্র কষ্টের ঢেউ এসে তার বুড়ো গলাটাকে আটকে দিল। তার আপন বড় ভাই, এই ইহজগতে আর বেঁচে নেই! এখন সে-ই তার বাবার বংশের শেষ প্রদীপ, যে কোনোমতে এই ধূলির ধরণীতে নিঃসঙ্গ বেঁচে আছে।

দলছুট সৈন্যরা বুড়িকে একাকী ফেলে রেখে ধীর পায়ে এদিক-ওদিক চলে গেল।

"ওরা আবার আসবে, সেই ছোটখাটো, বেঁটে জাপানীদের দল," যাওয়ার সময় সৈন্যরা সতর্ক করে দিয়ে গেল। "এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়াই আপনার জন্য সবচেয়ে উত্তম পন্থা, বুড়ি মা।"

যদিও তাদের মধ্যে একজন, যে বড় রুটিটা নিয়েছিল, সে যাওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য সেই আহত, নিথর যুবকটির দিকে অপলক তাকিয়ে রইল। সেই জাপানী বিমানসেনার চোখ তখন চিরতরে বুজে গেছে, শরীরে নড়নচড়নের কোনো লক্ষণ নেই।

"ও কি মরে গেছে নাকি?" সৈন্যটি কৌতূহলবশত জিজ্ঞেস করল। অতঃপর মিসেস ওয়াং-এর উত্তরের অপেক্ষা না করেই, সে নিজের কোমরের বেল্ট থেকে একটা ধারালো ছোট ছুরি বের করল। "মরেছে কি না জানি না, আমি এই ছুরি দিয়ে ওর বুকে একটা-দুটো খোঁচা দিয়ে দেখতে চাই ব্যাপারটা কী।"

বৃদ্ধা মিসেস ওয়াং রাগ ও ঘৃণায় এক ঝটকায় সেই সৈন্যের হাতটা সরিয়ে দিল। "না! তুমি এই অধর্ম করতে পারবে না," বেশ তেজ দেখিয়ে হুকুমের সুরে বলল সে। "যদি সে মরেই গিয়ে থাকে, তবে তার এই নিষ্পাপ দেহটাকে টুকরো টুকরো করে শ্রাদ্ধশান্তির শুদ্ধি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নিজে একজন সাচ্চা বৌদ্ধ।"

সেই সৈন্যটি কুৎসিতভাবে হাসল এবং বলল, "হ্যাঁ, ও শেষ। মরে ভূত।" অতঃপর সে আর কথা না বাড়িয়ে তার সহযোদ্ধাদের পিছু পিছু মাঠের ওপারে মিলিয়ে গেল।

একজন জাপানি... সে কি তবে সত্যিই ওদের শত্রু ছিল?

পরিত্যক্ত জনমানবহীন প্রান্তরে, এক মানব-আকৃতিসম্পন্ন জড় ও অচেতন দেহের পাশে নিঃসঙ্গ দাঁড়িয়ে বৃদ্ধা মিসেস ওয়াং একদৃষ্টে ছেলেটির মুখের দিকে তাকিয়ে রইল। চোখ বোজা অবস্থায় ছেলেটাকে যখন দেখল, বুড়ির মনে হলো—বয়স কতই বা হবে ওর, একেবারে কাঁচা বয়স, ঠিক যেন তার নাতি লিটল পিগের মতো!

সে আবার হাত বাড়িয়ে ছেলেটার কব্জিটা ছুঁল, নাড়ির স্পন্দন বোঝার চেষ্টা করল। কিন্তু না, সেখানে আর কোনো প্রাণের স্পন্দন নেই, নদী যেমন শুকিয়ে গেলে নিথর হয়ে যায়, ছেলেটার শরীরটাও তেমনই ঠাণ্ডা হয়ে আসছে। ছেলেটার বুকের ওপর ঝুঁকে, নিজের হাতের আধখানা রুটির যে অংশটা সে খায়নি, সেই নরম অংশটা সে ঠোঁটের কাছে ধরে রইল বেশ কিছুক্ষণ।

"খাও বাবা, একটু খাও," পরম মমতায় ফিসফিস করে বলল সে। "রুটি..."

কিন্তু ওপাশ থেকে আর কোনো সাড়াশব্দ এল না। খুব সহজেই বোঝা গেল যে ছেলেটি আর এই ইহজগতে নেই। মিসেস ওয়াং যখন ভাঙা উনুন থেকে রুটি আনতে গিয়েছিল, নিশ্চিতভাবেই ছেলেটি ঠিক তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

যেহেতু আর কিছুই করার নেই, মিসেস ওয়াং দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের বাকি রুটিটুকু নিজেই চিবিয়ে খেয়ে নিল। এরপর সে একা দাঁড়িয়ে ভাবল—লিটল পিগ, ওর বউ আর গ্রামবাসীদের দেখানো পথ ধরে তারও কি তবে পশ্চিমে পালিয়ে যাওয়া উচিত?

ইতোমধ্যেই সূর্য ঠিক মাথার ওপর উঠে এসেছে এবং চারদিকে প্রচন্ড উত্তাপ ছড়াতে শুরু করেছে। যদি তার যেতেই হয়, তবে এখনই উপযুক্ত সময়, এক মুহূর্ত নষ্ট না করে তার চলে যাওয়া উচিত। কিন্তু যাওয়ার আগে সে একবার বন্যা-নিয়ন্ত্রণ বাঁধের ওপর উঠে চোখ বুলিয়ে দেখতে চাইল—ঠিক কোন চেনা পথ ধরে তার আদরের নাতি আর গ্রামের মানুষেরা চলে গেছে।

সে দেখল, তারা সবাই পশ্চিম দিকে গেছে; যতদূর চোখ যায়, কেবল অন্তহীন ধূ ধূ ছাই রঙের বিরানভূমি। হয়তো আরও কয়েক মাইল দূরে গেলে একসময় সে তার চেনা মানুষদের অবয়ব দেখতে পাবে। ওসব এখন থাক, মিসেস ওয়াং-এর চোখ গেল পাশের গ্রামটার দিকে। সম্ভবত তারা সবাই এখন ওখানেই আশ্রয় নিয়েছে।

এই খরতাপের মধ্যে সে পরম যত্নে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বাঁধের ওপর উঠল। বাঁধের চূড়ায় এক চমৎকার মৃদু বাতাস বইছিল, যা তার ক্লান্ত শরীরে বেশ আরাম দিল। কিন্তু বাঁধের সর্বোচ্চ প্রান্তের কাছাকাছি নদীর জলের স্তর দেখে মিসেস ওয়াং এক মুহূর্তে স্তম্ভিত ও মর্মাহত হলো।

এই চরম বিপদের দিনে, অসময়ে কেন এই নদীর পানি এতটা উঁচুতে ফুঁসে উঠল?

"তুই একটা আস্ত বুড়ো দানব!" চরম ক্ষোভে ও দুঃখে মিসেস ওয়াং নদীটাকে তিরস্কার করল। নদীর দেবতা যদি তার এই গালি শুনতে চায়, শুনুক! নদীটা একটা আস্ত পাপী, এটাই শেষ কথা!

বেশ খানিকটা ঝুঁকে সে নিজের তপ্ত গাল এবং কব্জি দুটো নদীর জলে ধুয়ে নিল। জলটা বেশ ঠাণ্ডা, আরামদায়ক; মনে হয় সুদূর পাহাড়ে কোথাও সদ্য ভারী বৃষ্টি হয়েছে। অতঃপর সে সোজা হয়ে দাঁড়িয়ে তার চতুর্দিক শেষবারের মতো পর্যবেক্ষণ করল।

পশ্চিম দিকে তাকালে চোখে পড়ে—নিজেদের দেশের সৈন্যরা আধ-মরা হয়ে জান বাঁচাতে দৌড়ে পালাচ্ছে দূর থেকে বহুদূরে। আর তারও অনেক ওপারে, মাটির বেশ উঁচুতে অবস্থিত পরবর্তী গ্রামটি অস্পষ্টভাবে দৃষ্টির সীমানায় ভেসে উঠছে। এতক্ষণে তার নিজেরও ওই গ্রামের উদ্দেশ্যেই যাত্রা করা উচিত ছিল। এতে কোনো সন্দেহ নেই যে, পিগ আর ওর বউ সেখানে দাদীর জন্য পথ চেয়ে বসে আছে, চাতকের মতো অপেক্ষা করছে।

অতঃপর, সে যখন বাঁধ থেকে নেমে পশ্চিমের সেই চেনা পথের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পূর্ব দিগন্তের আকাশে তার চোখ আটকে গেল। প্রথমটায় তার মনে হলো ওটা বুঝি এক মস্ত ধুলোর মেঘ; কিন্তু যখন সে চোখ দুটোকে সরু করে আরও গভীরভাবে তাকাল, তখন তার চেনা চোখ দুটো আতঙ্কে কুঁকড়ে গেল। ধুলোর চাদর ফুঁড়ে বেরিয়ে আসছে অসংখ্য কালো কালো বিন্দু আর রোদে ঝিলিক দেওয়া চকচকে লোহার অস্ত্র।

সে বুঝতে পারল ওটা ধুলো নয়—অগণিত মানুষের এক বিশাল বাহিনী ধেয়ে আসছে। ওরাই তাহলে সেই রাক্ষস জাপানী সৈন্যদল, বুড়ি মনে মনে নিশ্চিত হলো। হ্যাঁ, তাদের মাথার ওপর রূপালি রঙের সেই যান্ত্রিক পাখিগুলো ভনভন করে ক্রমাগত চক্কর কাটছে; মনে হচ্ছে যেন শিকার খোঁজার জন্য তীক্ষ্ণ নজর রাখছে।

"আমি জানি না বাপু তোমরা কাকে ওভাবে খুঁজছ," মিসেস ওয়াং দাঁত কিড়মিড় করে বিড়বিড় করল। "আমি, লিটল পিগ আর ওর বউ ছাড়া এই অভাগা গ্রামে আর কে-ই বা অবশিষ্ট আছে? আমরা ছাড়া বাকি তো আর কেউ নেই। ইতোমধ্যে তোমরা আমার নিষ্পাপ ভাই পাওকে সপরিবারে মেরে ফেলেছ।"

মিসেস ওয়াং ভুলেই গিয়েছিল যে তার ভাই আর এই দুনিয়াতে নেই। এই মুহূর্তে তার মৃত ভাইয়ের হাসিমুখটা তার মনের মণিকোঠায় তীব্রভাবে ভেসে উঠল। কত ভালো একটা চায়ের দোকান ছিল তার ভাইয়ের! পাও কত সজ্জন, পরোপকারী মানুষ ছিল! পাও তো মরে বেঁচে গেছে, কিন্তু ওর সেই সরল বউ আর সাত-সাতটা কচি ছেলেমেয়ের কী দশা করল ওরা? নিশ্চিতভাবেই বলা যায়, সেই কসাইগুলো কাউকেই আস্ত রাখেনি।

এখন সেই জাপানীরা তাকেই খুঁজছে। এই ফাঁকা বাঁধের ওপর দাঁড়ালে শত্রুপক্ষ তাকে খুব সহজেই দূর থেকে দেখে ফেলবে—এই আশঙ্কায় সে যত দ্রুত সম্ভব বাঁধের ওপর থেকে নিচে নেমে এল। যখন সে অর্ধেক পথ নিচে নেমে এল, তখন হঠাৎ তার মাথার ভেতর বিজলির মতো একটা বুদ্ধি খেলে গেল। তার চোখ গেল বাঁধের সেই মূল 'জলকপাটের' দিকে।

এই বুড়ো সর্বনাশা নদী—যেটা কালের বহমানতায় এই গ্রামের সমস্ত মানুষের জন্য চিরকাল এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যে নদী গ্রামবাসীদের জীবনে বারবার শুধু ধ্বংস আর সর্বনাশ ডেকে এনেছে—আজ তবে সেই নদীকে তার পাপের ঋণ শোধ করতে হবে! আজই তার প্রতিশোধ নেওয়ার শ্রেষ্ঠ সময়! দেখে মনে হচ্ছে, এই নদীটাও যেন মনে মনে কোনো এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত, চুপিচুপি তীরের মাটি ধসিয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছে। তবে তাই হোক! যা ঘটার, তা আজই ঘটুক না কেন!

এক অদ্ভুত দোলাচলের ভেতর দিয়ে কয়েক মুহূর্ত পার করল মিসেস ওয়াং। সে ভাবল, যদি সে জলকপাট খুলে দেয়, তবে এই ফুঁসে ওঠা জলস্রোত ওই মৃত জাপানী বিমানসেনার লাশটাকেও পরম যত্নে ভাসিয়ে নিয়ে যাবে। সে ওই সুদর্শন জাপানী যুবকটিকে শত্রুর ছুরির আঘাত থেকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু ওর জীবন রক্ষা করা আর একটা পুরো দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা তো এক জিনিস নয়! সে ওই একটি ছেলের জন্য যতটুকু পেরেছে করেছে, তার সেই মানবিক চেষ্টাকে কেউ খাটো করে দেখতে পারবে না।

সে দ্রুত সেই মৃত যুবকের কাছে গেল এবং সব শক্তি দিয়ে টেনে তাকে নদীর তীরের কাছাকাছি এক নিরাপদ উঁচু স্থানে শুইয়ে দিল, যাতে জলের তোড়ে লাশটা নষ্ট না হয়। অতঃপর সে আবারও নিচে জলকপাটের দিকে নেমে গেল।

সে ভালো করেই জানে এই জলকপাট কীভাবে খুলতে হয়। এই গ্রামের যেকোনো ছোট বাচ্চাও জানে কীভাবে জলকপাট খুলে ফসলের ক্ষেতে জল সেচ দিতে হয়। কিন্তু বুড়ো মিসেস ওয়াং জানত—কীভাবে এক ঝটকায় পুরো জলকপাটটা পুরোপুরি হা করে খুলে দিয়ে নদীর সব জলকে একবারে মুক্ত করে দেওয়া যায়।

এখন প্রশ্ন হচ্ছে—সে কি এই বিশাল লোহার কপাট খুলে তীব্র গতিতে ধেয়ে আসা সেই মরণ স্রোতের পথ থেকে নিজে সময়মতো সরে যেতে পারবে? তার এই বুড়ো হাড় কি জলের গতির সাথে পাল্লা দিতে পারবে?

"আমি তো স্রেফ এক জরাজীর্ণ বুড়ো মহিলা, আমার আর হারাবার কী-ই বা আছে," সে বিড়বিড় করে হাসল। দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে সে আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করল।

অবশ্যই তার বুড়ো বুকটা ব্যথায় টনটন করে উঠল যখন সে ভাবল—লিটল পিগের বউয়ের পেটে যে সন্তানটা বড় হচ্ছে, তার মুখটা সে আর কোনোদিন নিজের চোখে দেখতে পাবে না। তবে এটাও তো সত্যি, এক জীবনে কি মানুষ সব আশা পূর্ণ করে যেতে পারে?

আরও একবার সে পূর্ব দিগন্তের দিকে শেষবারের মতো তাকাল। জাপানীরা পঙ্গপালের মতো সমতল ভূমি মাড়িয়ে এই দিকেই ধেয়ে আসছে। এক দীর্ঘ কালো রেখার মতো হাজার হাজার সৈন্যের পদাতিক দল, যাদের হাতের অস্ত্রগুলো রোদে তলোয়ারের মতো চকচক করছে।

যদি সে এখন এই জলকপাট খুলে দেয়, তবে মুহূর্তের উন্মাদনায় নদীর এই রুদ্র জলধারা ড্রাগনের মতো গর্জন করে সোজা ওই শত্রুদের দিকে ধেয়ে যাবে এবং চোখের পলকে তাদের অতল জলে ডুবিয়ে মারবে। এটা নিশ্চিত যে, এই জল থৈ থৈ প্রলয় পার হয়ে অগ্রসরমান জাপানী সেনাবাহিনী আর কোনোদিন মিসেস ওয়াং, লিটল পিগ কিংবা ওর বউয়ের ধারেকাছেও পৌঁছাতে পারবে না। ওদের ছোঁয়া তো দূর, এই পবিত্র মাটিকে অপবিত্র করার শক্তিও ওদের থাকবে না।

পশ্চিমে তার জন্য অপেক্ষারত লিটল পিগ আর ওর বউ—অবশ্যই দাদীর জন্য ওরা দুশ্চিন্তায় কাঁদবে, চোখের জল ফেলবে; কিন্তু পরিস্থিতি যে এমন এক মহাকাব্যিক রূপ নেবে, তা ওরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না।

সে একবুক দৃঢ়তা নিয়ে জলকপাটের কাঠের হাতলটার দিকে এগিয়ে গেল। কিছু মানুষ আকাশ কাঁপিয়ে বিমান নিয়ে যুদ্ধ করে; কিছু মানুষ বন্দুক আর কামান নিয়ে যুদ্ধ করে—আর সে না হয় আজ এই প্রলয়ংকরী নদীটা দিয়েই দেশের জন্য যুদ্ধ করবে!

মিসেস ওয়াং জলকপাটের প্রথম কাঠের গোঁজটা সজোরে টান দিয়ে উপড়ে ফেলল। আর সঙ্গে সঙ্গে ভেতরের জলধারা এক শক্তিশালী রূপ ধারণ করে ফোয়ারার মতো তীব্র বেগে ছুটতে শুরু করল। যখন সে জলকপাটের দ্বিতীয় গোঁজটা শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে বের করে আনল, তখন ভেতরের মূল কপাটটা খানিকটা আলগা হয়ে গেল। সে অবলীলায় পরের গোঁজগুলো টেনে সরিয়ে দিল এবং বাকিগুলো জলের নিজস্ব প্রচণ্ড চাপে নিজে নিজেই খসে পড়ল।

"এই তো মোক্ষম সময় নিজের সমস্ত পাপ ধুয়ে আত্মাটাকে পবিত্র করার," মিসেস ওয়াং মনে মনে পরম তৃপ্তি অনুভব করল। হয়তোবা, এই সুযোগে নদীর অতল গর্ভে তার সেই বহু বছর আগে হারিয়ে যাওয়া বুড়ো স্বামীর সঙ্গেও তার দেখা হয়ে যেতে পারে! বেচারা স্বামী, যার একটা পা আজও স্বর্গের দরজায় প্রায়শ্চিত্তের অপেক্ষায় আটকে আছে, আজ বুড়ি নিজে গিয়ে তাকে মুক্ত করবে। অতঃপর দুজনের আবার দেখা হবে... সেই সতেরো বছরের চেনা বাঁধের ওপর...

হঠাৎ একটা আস্ত কাঠের কপাট পিলসুজের মতো ছিটকে বের হয়ে গেল, আর জলকপাটটা নদীর প্রচণ্ড জলের তোড়ে 'ধরাম' করে পুরোপুরি খুলে গেল। এক প্রলয়ংকরী জলস্রোত সরাসরি এসে ধাক্কা মারল বুড়ো মিসেস ওয়াং-এর বুকে। পানির সেই প্রচণ্ড আঘাতে এক মুহূর্তে তার দম আটকে যাওয়ার উপক্রম হলো।

নাভিশ্বাস ওঠার অন্তিম মুহূর্তে, সে নদীর সেই উত্তাল জলরাশির উদ্দেশ্যে পরম আক্রোশে হেসে চিৎকার করে বলল, "চলে আয়! চলে আয় আমার বুড়ো দানব! গ্রাস কর ওদের!"

তারপর সে স্পষ্ট অনুভব করল—নদীটা যেন এক জোড়া পরম চেনা বিশ্বস্ত হাত বাড়িয়ে তাকে চারদিক থেকে জড়িয়ে ধরে আলতো করে আকাশের দিকে ছুঁড়ে দিল। নদী তখন তাকে চারপাশ থেকে পরম মমতায় আগলে ধরেছে—নিচে, পাশে, সর্বত্র। সস্নেহে নদী তাকে একটা হালকা বেলুনের মতো পাক খাইয়ে এদিক-ওদিক দোলাচ্ছে। আর শেষমেশ, তাকে নিজের বুকের একেবারে কাছাকাছি টেনে নিয়ে, এক পরম আলিঙ্গনে বেঁধে, অবাধ্য ও অতিরোধ্য গতিতে নদী ছুটে চলল পূর্বের সেই শত্রুপক্ষের দিকে—চরম ও পরম প্রতিশোধ নিতে! ·


লেখক পরিচিতি : পার্ল এস. বাক (Pearl S. Buck) উনবিংশ ও বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার। ১৮৯২ সালে আমেরিকায় জন্মগ্রহণ করলেও জীবনের একটি দীর্ঘ সময় (প্রায় ৪০ বছর) তিনি চীনে অতিবাহিত করেন। এই দ্বি-সাংস্কৃতিক জীবনঅভিজ্ঞতা তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। চীনা গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের সুখ-দুঃখের নিখুঁত চিত্রায়ণের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত হন। ১৯৩১ সালে প্রকাশিত তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘দ্য গুড আর্থ’ (The Good Earth) তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, যার জন্য তিনি ১৯৩২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে ১৯৩৮ সালে প্রথম মার্কিন নারী হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর বিখ্যাত ছোটগল্প ‘দ্য ওল্ড ডেমন’ (The Old Demon)-এ যুদ্ধবিধ্বস্ত চীনের এক সাধারণ বৃদ্ধার আত্মত্যাগ ও মানবিকতার এক অনন্য আখ্যান ফুটে উঠেছে, যা সাম্রাজ্যবাদের নৃশংসতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।