ইউসুফ ইদ্রিসের গল্প: কেয়ামতের দিন কখনো আসেনা বলে



  ইংরেজি অনুবাদ : ওয়াডিডা ওয়াসেফ
বাংলা অনুবাদ :  অমিতাভ চক্রবর্ত্তী

রো একবার ও মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করল কারণ ওখানে যা ঘটছিল সেটা ওর জন্য গুরুত্বপূর্ণ। হয়তো ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এমনিতেও, পাড়া-প্রতিবেশীদের বিনাতারের সংবাদ সংগ্রহ ত ছিলই। তাদের ঘরগুলো সব পাশাপাশি, এক দেয়াল থেকে আরেক দেয়াল, আর যা চলছিল একেবারে পুরোদমেই চলছিল। বাইরে যে বাচ্চারা তখনও জেগে আছে তারা ছুটেছুটি করে চিৎকার করে ছড়া কাটছিল - সেই ভালুক আর তার সঙ্গী শুয়োরের ছড়া যারা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। ভালুকটা কি সত্যিই কুয়োতে পড়ে গিয়েছিল আর এখন কি সেটা চুপচাপ শুয়ে আছে সেখানে? সত্যিই কি ওর বন্ধু একটা পেটমোটা গোবদা শুয়োর, ঐ আবুল শেবা ইসমাইলের মত? সে সবকিছু পুরোপুরি শুনতে চাইছিল। কারণ বিছানায় ওর মাথার কাছে ওর মা ওর উপর প্রায় চেপে শুয়েছিল যদিও ওর মা তেমন কিছু মোটাসোটা নয় তবু বিছানাটা ওখানে উল্টো ঢিবির মত নেমে এসেছে। আচ্ছা, মা তো তেমন মোটা নয় তাহলে বিছানাটা এমন ফুলে-ফেঁপে আছে কেন? তবে এ সব তো সেই আগেকার কথা যখন সে ফিসফিস করে কিছু কথা ছাড়া আর কিছু শুনতে পেত না। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের মুখে উজ্জ্বল হাসি, ভালোবাসার উষ্ণ আলোয় চারিদিক ভাসিয়ে ঘুমঘুম গলায় মা ডাকছে, ‘শুতে চলে এসো বাচ্চারা, অনেক রাত হয়ে গেছে।’ তারপর সে বিছানার চারপাশ ধরে ঝুলতে থাকা চাদরের একটা ধার তুলে ধরল আর বাচ্চারা হামাগুড়ি দিয়ে ছোট ছোট মুরগি ছানার মতন চৌকির নিচে ঢুকে পড়ল। বাড়ি বলতে তাদের ঐ একটাই ঘর। গরমকালে দেয়ালের পাশটা বেশ ঠান্ডা থাকত আর তাই ও সেখানেই শুতে চাইতো, খোলা পাযের পাতা দেয়াল ঘষতে ভালো লাগত তার। শীত এলে আবার দেয়াল থেকে দূরে, চৌকির অন্য ধারের দিকে সরে যেত ও। এই সবের মাঝখানে সারা বছর ধরে শোনা যেত - একটা একঘেয়ে শব্দ। এটা যে কেন হতো সেটা সে কখনোই ঠিক বুঝে উঠতে পারেনি কারণ যতক্ষণে তার ঘুম ভাঙ্গত শব্দটা তার মধ্যে থেমে গেছে, ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, আলোগুলো গেছে নিভে, আর পুরো রাস্তাটা ঘোর অন্ধকারে ডুবে গেছে।

দরজাটা আলতো করে একটু ফাঁক হল আর ফিসফিস আওয়াজ শোনা গেল। ফিসফিসানি আর অন্ধকার। আর কিছু নেই। হ্যাঁ, আর আছে সেই একঘেয়ে শব্দ, যেন শক্ত কাঠের মেঝের উপর টপ টপ করে একটানা জল পড়ে চলেছে। ফিসফিসানি, শুনতে অনেকটা মায়ের রাত পোশাকের খসখস শব্দের মত। অথবা এটা হয়তো মায়ের রাত পোশাকের খসখসানিই ছিল, শোনাত যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আর তারপর তার মা বিছানায় উঠে শুয়ে পড়ত। চৌকির উপর বিছানাটা যদিও সবার শোয়ার মত যথেষ্ট বড় ছিল তবু মা একাই সেই বিছানায় শুতো। সে একেবারে নিয়ম বেঁধে দিয়েছিল যে বাচ্চারা সব চৌকির নিচে শোবে এমনকি আব্বা যখন বেঁচে ছিল তখনও এই নিয়মই চালু ছিল। বড় হতে হতে এক সময় যখন তারা ক্ষোভ জানাল যে চৌকির কাঠে তাদের মাথা ঠুকে যাচ্ছে, তখন মা একজন মিস্ত্রি ডেকে চৌকির পায়াগুলো উঁচু করে আরো খানিকটা জায়গা করে দিল। অবশ্য এটা ঠিক যে অন্য যে কোন বাচ্চার মতই এই নিরিবিলি আশ্রয়টি তার খুব পছন্দের ছিল, এখানে সে ইচ্ছেমত লুকোচুরি খেলতে পারত। তার মনে হতো এটা যেন কোন আরব বেদুইনের তাঁবু অথবা কোন সন্ত মহাপুরুষের গোরস্থান। কিন্তু মায়ের কোলের একটু ছোঁয়া পাওয়ার সেই তীব্র আকাঙ্ক্ষাটা তার ভিতরে ভিতরে সব সময় কাজ করে যেত। নরম বিছানায় সাদা চাদরের উপর মায়ের কোলের কাছে লেপ্টে শুয়ে থাকার জন্য মনটা ভীষণ আকুলি-বিকুলি করত। কখনো কখনো মাঝ রাতে শরীর খারাপের ভান করে ভালো রকম গোঙ্গানির আওয়াজ করতো সে। কিন্তু তার গোঙ্গানির আওয়াজ সহ্যের বাইরে চলে না যাওয়া পর্যন্ত মায়ের কাছ থেকে কোন সাড়া-শব্দ পাওয়া যেত না। তখন সে নিচু গলায় বকা লাগানোর সুরে জিজ্ঞাসা করত, ‘কী, হয়েছেটা কী, ইব্রাহিম?’ এবং সেখানেই গোঙ্গানির শেষ, কারণ সেটার উদ্দেশ্যই ছিল এইটুকু দেখা যে এই করে কতদূর যাওয়া যেতে পারে।

অন্ধকার, ফিসফিসানি আর তারপর তার মায়ের ঘুম না আসা, সেটার কারণ যদিও মনে হতো সেই অচেনা-অজানা শ্বাসের আওয়াজ যেটা দরজাটা খোলা অব্দি ঢুকে এসে গোটা ঘরটা ভরে ফেলেছিল। সারারাত মা বিছানায় এপাশ ওপাশ করত। আর, এক রাতে তো চৌকির পাটাতনের একটা কাঠ খুলে গিয়ে তার বোনের পায়ের উপর নেমে এসেছিল। ব্যাথার চোটে সে চিৎকার করে উঠেছিল। ও নিজেও চেঁচাতে শুরু করেছিল এবং মাযের দিক থেকে কোন সাড়াশব্দ না পেয়ে আতঙ্কে দিশেহারার মত হয়ে গিয়েছিল। তারপর মায়ের কাছ থেকে একটি থাপ্পর জুটিয়ে নিয়ে সে চুপটি করে ঘুমিয়ে পড়েছিল। এতে কোন সন্দেহ নেই যে মায়ের ঐ এপাশ-ওপাশ করা ঘুম না আসার জন্য ছিল না; অবশ্যই অন্য কোন কারণ ছিল। ঠিক কবে থেকে ও এই অন্য কারণের সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়ে উঠলো? আজকের রাতেই নিশ্চয় এটা প্রথম মনে এলনা। প্রথমবার মনে হয় সেই উৎসবের আগের রাতে যখন মা স্নান করবে বলে ওদের সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, আর তারপর তারা যখন ফিরে এসেছিলো, সে দেখলো মা চুল শুকোচ্ছে, পরনের পরিষ্কার রাতপোশাকটা আলগা আর তার স্তন দুটো ওর চোখের সামনে। সেই প্রথম ও খেয়াল করলো, তার মায়ের স্তন আছে। সে’দুটো দেখলো ও, আর দেখলো ওর মায়ের চোখ যা বলছে, ওর মনে হলো সেখানে কারো ছায়া পড়েছে, চারপাশের জগতে যেন অন্ধকার ঘনিয়ে আসছিলো, আর তার চোখ ওকে মনে পড়িয়ে দিচ্ছিলো সেই ফিসফিসানি, আর তার স্তনদুটো। ওর আর সেখানে দাঁড়িয়ে থাকতে সাহস হলোনা। বাইরে বাচ্চারা যেখানে কুয়োয় পড়ে যাওয়া ভালুকটার কথা বলে চিৎকার করছিলো, সেইদিকে ছুটে বেরিয়ে চলে গেল ও। অনেকক্ষণ ধরে সেদিন ও খেলা চালিয়ে গেল যতক্ষণ না ওর চোখ দুটো ধুলোয় ভরে গেল, শরীরটা ঝিমঝিম করতে লাগলো আর ওর মনে হল এবার ও মাথা ঘুরে পড়ে যাবে। তারপর ও ঘরে ফিরে এলো। দরজায় টোকা দিল, যদিও কেউ সেটা খুলে দিলে না। তার বদলে ওর মায়ের বকা শোনা গেল, ‘যেমন তুমি দেরি করে এসেছ, আজ ওই চৌকাঠেই শুয়ে থাকবে।’ এবং সেই রাতে সে আর ওকে কিছুতেই ঘরে ঢুকতে দিলো না। ফলে বাইরে শুয়েই রাতটা কাটাতে হল ওকে, আর ঠিক সেটাই ও নিজেও চাইছিল। কিন্তু সকালে যখন ওর ঘুম ভাঙ্গলো ও দেখল চৌকির নিচে নিজের নির্দিষ্ট জায়গাটাতেই ও শুয়ে আছে আর ওর কাছেই শুয়ে আছে ওর মা। ওকে জেগে উঠতে দেখে মা তাকে আদর করে কাছে টেনে নিয়ে বলল, ‘ঈদ মোবারক, ইব্রাহিম,’ আর ও দুনিয়ার সবার চেয়ে সুখী বাচ্চাটার মত আনন্দে মাকে জড়িয়ে ধরলো। যে একটা মাত্র জিনিসে ওর অস্বস্তি লাগছিল সেটা হল মায়ের গায়ের সাবানের গন্ধ। যেন সেটার মধ্যে একটা লজ্জা মিশে আছে, এমন একটা কিছু যা করা ঠিক নয়। ও মায়ের হাতটা নিজের ঘাড়ের পাশ দিয়ে টেনে নিয়ে তার আঙুলগুলো নিয়ে খেলা করতে রইল, সেগুলোর বাইরের দিকটা ভিতরের তুলনায় কম ফর্সা, প্রথমে ও মায়ের হাতের তালুতে, আর তারপর একটা একটা করে আঙ্গুলগুলোয় চুমু খেতে থাকলো। কত, কত কাল বাদে যে ও এইভাবে মাকে আদর করল, কারণ দীর্ঘকাল মায়ের কাছে ও শুতে পায়নি। ও অনুভব করছিল ওর গায়ে ঠেসে থাকা ওর মায়ের বুকের উষ্ণ, জীবন্ত মাংস। তার জীবন্ত মাংস আর সাবানের ঘ্রাণ, আর তার ঘামের এক বিশেষ গন্ধ, আর অন্ধকারের ফিসফিসানি। এই সমস্ত কিছু মিলে মিশে ওকে এমন একটা স্তরে নিয়ে গেল যে ওর চোখ থেকে জল উপচে এল আর নিঃশব্দে ওর মায়ের হাতের উপর ঝরে পড়ল। মা দ্রুত হাতটা টেনে নিল যেন তাকে কিছুতে হুল বিঁধিয়ে দিয়েছে, আর যখন সে বুঝতে পারল, ছেলেটা তার কেঁদে ফেলেছে, সে ওকে আরো নিবিড় করে কোলে টেনে নিল, আর ওর ইচ্ছে হল ও তার কাছ থেকে ছুটে পালিয়ে চলে যায়, বাইরে, ঐসব ছেলেদের মাঝে যারা ভালুক আর তার সঙ্গী শুয়োরকে নিয়ে চিৎকার করে ছড়া কাটছিল। কিন্তু যখন ও বুঝতে পারল যে, রাতটা আর নেই, এবং যে দিনটা এখন এসেছে সেটা ঈদের দিন, আর বাইরের সমস্ত বাচ্চারা আজ উৎসব করবে আর নানারকম উপহার পাবে, ফুঁপিয়ে কেঁদে উঠল ও, কিছুতেই থামতে পারছিলনা, যতক্ষণনা ওর মা কাঁদতে কাঁদতে ওকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞাসা করল, ‘কি হয়েছে, বাবু?’ সত্যিই ত, কি হয়েছে? ঘটেছেটা কি? কিছুই না। অন্তত এমন কিছু নয়, যাতে ওকে কাঁদতে হবে। তা হলে ওর এত কষ্ট হচ্ছে কেন? সেটা কি আবুল শেবা নামের মানুষটার এই অনন্তকাল ধরে এখানে বসে থাকার জন্য? নাকি প্রত্যেকবার লোকটা যখন আসে তখন ও মিষ্টি খেতে না চাইলেও লোকটা যে ওর হাতে কটা পয়সা গুঁজে দিয়ে ওকে জোর করে মিষ্টি কিনতে পাঠিয়ে দেয়, সেই জন্য? এই লোকটার কাছে মাকে একা ছেড়ে যেতে ভয় করছিল ওর। যখন ও টালবাহানা করে যেতে দেরি করছিল আদেশের সুরে ওর মার গলা শোনা গেল, ‘তোমার ইসমাইল চাচার কথা শোনো, বোরহ্যাম।’১ এবং বোরহ্যাম ঘর ছেড়ে যাওয়ার আগে লোকটার চোখের ভিতর তাকিয়ে খোঁজার চেষ্টা করল, এমন কোন কিছুর সন্ধান যদি মেলে, যাতে ওর ভিতরের ভয়টা কেটে যায়। ব্যাপারটা এমন নয় যে লোকটার বিশাল চেহারা বা তার হাতের বিরাট থাবাগুলো আকারে যেগুলো প্রায় তার বোনের বালিশের মত বড়, সেইসবের কারণে ও ভয় পাচ্ছিল, তবু তার চোখের দিকে ও বেশীক্ষণ তাকিয়ে থাকতে পারলনা। লোকটার চতুর দৃষ্টিতে এমন কিছু ছিল যা ওকে দুর্বল করে দিচ্ছিল। বিদ্রুপের সাথে বিশ্বাসঘাতকতা জড়াজড়ি করে মিশে ছিল সেই দৃষ্টিতে। একটা নোংরা মাথামোটা লোকের কর্কশ জান্তব বিদ্রুপভরা দৃষ্টি, যে লোক এক গ্লাস জল চেয়ে খেলে তারপর ঢেকুর তুলবে আর একটানা খসখসে গলায় ঘড়ঘড় করে কথা বলে যাবে। আর যখন সে ওর মায়ের কানের উপর ঝুঁকে পড়ে ফিসফিস করে কিছু বলছিল, ওর সেই হিসহিসানি এক অশুভ কুয়াশার মত ছড়িয়ে পড়ছিল, সারা ঘর জুড়ে, ওদের সকলের জীবন জুড়ে, একটা অস্বস্তিকর লজ্জার বোধ মিশে ছিল সেই কুয়াশায়।

ওর চাচা আবুল শেবা ইসমাইলের ঠিক কোন ব্যাপারটা ও নিতে পারতনা একদম? ওদের বাড়িতে আরো অনেকেই আসত যারা ওর মায়ের সাথে হাতে হাত মেলাত, আর তার কানে ফিসফিস করে কথা বলত, এবং তাদের কেউ কেউ ওকে কখনো কখনো একটা দুটো পয়সা দিত, আর মা হাসত আর তাদের সবার সাথে গল্প করে যেত। কিন্তু কেবলমাত্র এই লোকটা যখন থাকত, ওর হঠাৎ করেই মনে হত যেন মায়ের সাথে ওর অদৃশ্য বন্ধনটা আর নেই, উবে গেছে, যেন মা আর জানেইনা যে মায়ের জীবনে ওর অস্তিত্ব বলে কিছু আছে, আর তখন মাকে নিয়ে ওর নিজের সজাগ অনুভূতি এমন একটা তীব্রতায় পৌঁছে যেত যে ওর মনে হত ও আর নিজেকে ধরে রাখতে পারছেনা, গনগনে রাগে ওর ইচ্ছে করত বাবার ছড়িটা নিয়ে মায়ের চোখে বসিয়ে দ্যায় কি ওর নিজের সমস্ত জামাকাপড় ছিঁড়েখুঁড়ে ন্যাংটো হয়ে মায়ের চোখের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে শুধু এইটুকু জানান দিতে যে, আছে, বোরহ্যামও আছে তার জীবনে। এর আগে জীবন ছিল সহজ সরল, মিষ্টি, কোন জটিলতা ছিলনা সেখানে, এবং সেই জীবনের সমস্ত কিছু ভালোবাসত ও। খাবার সময়ে ওদের টেবিলটার ধার ধরে ঘিরে দাঁড়াতে ভালোবাসত ও, ওর বোনের সাথে আর চার বছরের ছোট ভাইটার সাথে, ভাইটা তখনো আধো আধো স্বরে কথা বলত। ওদের সকলের জন্য মায়ের যে মনোযোগ, বিশেষ করে ওর নিজের জন্য, সেইটা খুব ভালো লাগত ওর। আর ভালো লাগত সকালবেলায় চা আর দুধ, নদীর ধারে বেড়াতে যাওয়া, লেটুস আর লুপিন খাওয়া, আর পার্কে গিয়ে ঘাসের উপর বসে থাকা। ওঃ! কি ভালো যে সব ছিল তখন, এমনকি যখন ওরা আব্বার কথা বলত, ওর মায়ের মুখে ছায়া ঘনিয়ে আসত আর ওর ভয় হত এইবার বোধহয় মা কেঁদে ফেলবে। তারা সব সময় আব্বার নানারকম গুণের কথা নিয়ে গল্প করত। এমনভাবে তাকে নিয়ে কথাবার্তা বলত যেন আব্বা প্রায় কোন সাধু-সন্ত মহাপুরুষ ছিলেন। তারা বলাবলি করত কি অসম্ভব শক্তিশালী লোক ছিলেন তিনি, বলতে গেলে ‘অন্তর ইবনে শাদাদ’২-এর মত। আর বলত তার অসুস্থতার কথা যেটা মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে শেষ করে দিয়েছিল। সবাই বলত, মারা গিয়েছিলেন তিনি।

হ্যাঁ। মোটামুটি এই রকমই কথাবার্তা হত তাকে নিয়ে যেগুলোর আজ এই মুহুর্তর আগে পর্যন্ত বিশেষ কোন তাৎপর্য ছিলনা কিন্তু এখন অর্থবহ হয়ে উঠতে শুরু করেছে। ওর আব্বা মারা গিয়েছিলেন। তার মানে তিনি বরাবরের মত চোখের পাতা বুজিয়ে ফেলেছিলেন, আর তার মুখ ফ্যাকাসে আর ঠান্ডা হয়ে গিয়েছিল, আর তারা তাকে কাফন পড়িয়েছিল, আর তারপর সবাই তার দাফন করেছিল। ও এর সমস্তটাই দেখেছে কিন্তু তার কোন অর্থ বোঝেনি সে। ঠিক যেমন সে বোঝেনি অন্ধকারে ঐ খসখস আওয়াজ আর ফিসফিসানির অর্থ কিংবা বাবা মারা যাওয়ার পর লোকজনের বলাবলি করা - ‘বোরহ্যাম ঠিক সামলে নেবে।’ এখন সেই কুয়াশাটা একটু একটু করে কাটতে শুরু করেছে, আর ও জটগুলো ছাড়াতে পারছে, খুব পরিস্কারভাবে বোঝা না গেলেও, অন্ততঃ একটা ভয় ধরানো কিছুর আভাস টের পাচ্ছে ও যার উৎস কোন এক অস্পষ্ট অতলান্ত, ঐ কূয়োর মুখটার মত গভীর কিছু যার মধ্যে দোস্ত শুয়োরকে সাথে নিয়ে ভালুকটা তলিয়ে গিয়েছিল। এমনকি বাইরে যে বাচ্চারা মনে হচ্ছিল জোর হুল্লোড় করছে তাদের হুটোপাটি আর গলা ছেড়ে গান গাওয়াও সেদিন ওকে ওখান থেকে নড়াতে পারেনি।
 
‘হুম, ভালই ত বেড়ে উঠেছিস রে ছোঁড়া, আর গতরটাও বানিয়েছিস বড়সড় ষাঁড়ের মত,’ ওর কান ধরে মোচড়াতে মোচড়াতে বলল ডিউকো কারখানা মানে যেখানে ও কাজ করত তার মালিক। ‘কাজেই, তুই আর বাচ্চা নেই মোটেও, বুঝেছিস রে গ্যাঁড়া? আর শোন, তোর ঐ সারাদিন ধরে কাঁধ ঝুলিয়ে ঘুরে বেড়ানো আমার মোটেই দেখতে ভাল লাগেনা, বুঝতে পারছিস? কিসে তোর মাথাটা খাচ্ছে বলত? বুড়ো শম্বা কি তোর ঠিকমত দেখভাল করছেনা?’

যা হবার ছিল তাই হল। চাবুকের মত জ্বালা ধরিয়ে দিল। ‘আর কখনো এই কথা বলবেননা, মালিক,’ বলে বসল সে, আদৌ জানা নেই, কোন সাহসে।

যদিও লাথির চোটে কালশিরা পড়ে গেল, আর তা চলতে রইল যতক্ষণনা ওর মুখ ফুলে ঢোল হয়ে উঠল, ওর কাছে যেটা সবচেয়ে আশ্চর্যের লেগেছিল তা হল পিটাই পর্ব মিটে যাওয়ার পর মালিক যখন ইয়ার-দোস্তদের নিয়ে বসে গড়গড়ায় ধোঁয়া টানছিল, সে মালিককে বলতে শুনল, ‘তোমরা যে যাই বলো বাপু, আমার এ ছোঁড়াকে মনে ধরেছে। ও আমার মুখে মুখে তক্ক করেছে ঠিকই, কিন্তু আমার ওকে পছন্দ হয়েছে। এ ছোঁড়ার কলজের জোর আছে, আর এ শম্বার থেকে অনেক ভালো নিকলাবে।’

শম্বা (শম্বের ডাকনাম) ছিল মালিকের সর্দার সাগরেদ। ইব্রাহিমের থেকে বয়সে বড়, রং আরো কালচে, জটা পড়া কোঁকড়ানো চুল, বোঁচা নাক আর গলার স্বর - নীচু, ভারী, খসখসে, আদৌ ওর ভাই লোমুম্বার মত নয়। সারাদিন ধরে ওর কাজ ছিল ইব্রাহিমকে লাথানো আর নানান নামে ডেকে বিদ্রুপ করা।

‘তোর বুড়ি মাগীকে বলিস আমার কথা,’ ও বাড়ি যাওয়ার সময় পিছন থেকে এই বলে চেঁচানোটা ওর রোজকার কাজ ছিল।

প্রথমবার যখন শম্বা এই কথাগুলো বলেছিল, ইব্রাহিম উড়ে গিয়ে ওর উপর পড়ে ওর মুখের উপর ঘুষি বসিয়ে দিয়েছিল। কিন্তু তার ফলে ওর যে পিটুনিটা জুটেছিল তা ও জিন্দেগীতে ভুলবেনা। এতে কোন সন্দেহ নেই যে বড় হয়ে ওর প্রথম কাজ হবে শম্বাকে খুন করে ফেলা। সেটা করতে গিয়ে প্রথমে যদি একটা ভালুকের মুখোমুখি হতে হয় ওকে, তবে ঐ ভালুকটাকেও মেরে ফেলবে ও। অন্যান্য বাচ্চাদের সাথে সুর মিলিয়ে ঐ ছেলেমানুষি ছড়াটা বার বার আউড়ে যেতে ওর এখন খুব বোকা বোকা লাগে। ওটা এখন আর ওকে টানেনা তেমন। আর বিছানার নীচে গুঁড়ি মেরে ঢুকে যেতে আজকাল অনেক বেশী চেষ্টা করতে লাগে। কাঠের তক্তার মত শক্ত হয়ে যাওয়া লম্বা বালিশটায় একসময় মাথা ঠেকানো মাত্র সেই যে চটপট ঘুমিয়ে পড়ত ও, সেইটা এখন বেশ কঠিন হয়ে গেছে। এখন ও খসখসানি আওয়াজের থেকে ফিসফিস শব্দকে আলাদা করতে পারে। এখন আর খটখট আওয়াজে ঘুম ভাঙ্গেনা ওর, বরং সেই আওয়াজ কাছে আসার অনেক আগে, অন্ধকার রাস্তায় পায়ের আওয়াজ শুনতে পেলেই সজাগ হয়ে ওঠে ও, এবং ও জানে, ঐ আওয়াজ আসছে আবুল সেবা ইসমাইলের পা থেকে আর এও জানে যে সেই রাতের মত ক্যাফে বন্ধ হয়ে যাবে এবার। আর, একমাত্র ও-ই যে সজাগ হয়ে ওঠেনি সেটা বোঝা যেত যখন চৌকিটা ক্যাঁচক্যাঁচ আওয়াজ করত আর তার উপরে মায়ের পায়ের নড়াচড়া থেমে যেত আর তার হাতের চুড়িগুলো ঠুনঠুন করে বেজে উঠত। তারপর সেই খসখস আওয়াজ। দরজাটা ফাঁক হওয়া, আর তার মায়ের ঘুম-জড়ানো গলার ফিসফিস করে ডেকে নেওয়া ‘মাসা আল-খায়ের (শুভ সন্ধ্যা)।’ ঘটনা এটাই যে প্রথম অভ্যর্থনাটা মায়ের দিক থেকেই আসত। আর ঐ ব্যাঙের মত আওয়াজ, সেটাকে শত চেষ্টাতেও ফিসফিসানি বলার কোন মানে হয়না। লোকটার চোখদুটো এমন জ্বলজ্বল করে উঠত যে মনে হত সেখান থেকে আলো ছড়িয়ে পড়ে ঐ অন্ধকার ঘরের সমস্ত কিছু উজ্জ্বল করে তুলেছে, এমনকি ওর নিজের তামাটে কুৎসিত মুখ, মায়ের খোলা পা, সেই পায়ের আঙ্গুলগুলো, চৌকির চারদিক থেকে ঝোলা চাদরের ঘেরাটোপে ইব্রাহিমকে রেখে দিয়ে গুঁড়ি মেরে বিছানায় উঠে যাওয়ার সময় যেগুলো মায়ের নিজের-ই শরীরের চাপে কুঁকড়ে রয়েছে। আর ইয়াসমিন, আপনমনে গুটিসুটি হয়ে শুয়ে থাকা, দ্রুত গভীর ঘুমে তলিয়ে যাওয়া, ঘুমন্ত মুখের থেকে কি নিষ্পাপ ভাবে লালা ঝরে যাচ্ছে তার। আর তাদের ছোট ভাইটা, বোনের পায়ের কাছে লম্বা হয়ে পড়ে আছে, একজন বড় মানুষের মত নাক ডেকে ঘুমাচ্ছে। ওরা সবাই এখন কূয়োটার তলায় শুয়ে আছে, আর উপরে স্বর্গে রয়েছেন ফেরেস্তারা, আর সেই স্বর্গের ছাদ বানানো হয়েছে কাঠের তক্তা দিয়ে, যেগুলোর ফাঁক দিয়ে এখানে ওখানে বিছানার তোষক নেমে এসেছে, আর চৌকির নিচে সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। আর কাঠের আকাশটা এবার ছেৎরে যাবে বলে ভয় ধরাচ্ছে। আর এরপর নেমে আসবে সেই শেষ বিচারের, কেয়ামতের দিন। স্বর্গ আর নরক এক কাতারে এসে দাঁড়াবে। সেই কেয়ামতের দিনে ইব্রাহিম তার মাথাটা নীচু করে দাঁড়াবে। আর শম্বা যখন তার মাথায় বাড়ি মারার জন্য এগিয়ে আসবে উপর থেকে ঈশ্বরের বজ্রকন্ঠের হুকুম শোনা যাবে, “হাত সরিয়ে নে হতচ্ছারা!” এবং হাতটা তখন গুটিয়ে যাবে। কেয়ামতের দিনটি এখনও আসছে না কেন? শোনা যাচ্ছে না কেন সেই আকাশ ফাটানো হুংকার “হাত সরিয়ে নে হতচ্ছারা!” যাতে শূয়ারটা বাড়ি খেয়ে স্তব্ধ হয়ে পড়ে থাকে আর ওর মায়ের কথাগুলো চিরকালের মত তার গলার ভিতরেই আটকে থাকে, আর কোনদিন ওকে আর ঐ ফিসফিসানি শুনতে না হয়? ঐ ফিসফিসানি যা ওর মাকে একটা সম্পূর্ণ অচেনা মানুষ বানিয়ে দ্যায়, যার মুখ ও চেনেনা, এমন একজন মহিলা যাকে নিয়ে ওর লজ্জার শেষ নেই। আর যখন ঐ ফিসফিসানির আওয়াজ চাপা আর সন্দেহজনক হয়ে ওঠে, তখন তার সত্ত্বার লুকোনো রূপ যাকে তার নিজের শরীরের গোপন অংশের মত ঢেকে রাখা উচিত ছিল, ঐ ফিসফিসানির সাথে সেটাও বেআব্রু হয়ে বেরিয়ে আসে। আর যত সে ঐ ফিসফিসানিকে চেপে দিতে চেষ্টা করে, ততই তা এত জোরে জোরে ওর কানের উপর বাজতে থাকে যে ওদের সমস্ত ঢাকনা, সমস্ত চাদর মিলেও সেই আওয়াজ চাপা দিতে পারেনা। শোনো, শোনো। কোনভাবেই কি সেই মহিলার থেকে এইসব আওয়াজ আসতে পারে যে ওর জন্ম দিয়েছিল? যে ওর মা?

ঠিক, এখন মনে পড়ছে ওর। কি করে ও ভুলে যেতে পারে সেইসব দিনগুলোর কথা যখন ও ইয়াসমিনের বয়সী ছিল, হয়ত আরো ছোটো? একরাতে ওর ঘুম ভেঙ্গে গেছে, এবং ও প্রায় চিৎকার করে কেঁদে উঠতে যাচ্ছিল, কিন্তু ওর কানে ঢুকে আসা কথাগুলো ওর মন পাল্টে দিল। ও তার আব্বার গলা শুনতে পাচ্ছিল। আব্বা ফিসফিস করে কিছু বলছিল। কাঠের আকাশের উপরে আব্বা তখন মায়ের সাথে শুয়ে ছিল, আর তাদের ফিসফিস কথা হাসির টুকরোয় ভেঙ্গে যাচ্ছিল, সেই শুনে ওর হৃদয় খুশিতে ভরে উঠেছিল আর ও ভুলে গিয়েছিল যে ওর হিসি পেয়েছে, এবং মাত্র এক মুহুর্ত আগেও ও চিৎকার করে কেঁদে উঠতে যাচ্ছিল। উপরের বিছানায় খেলা-খেলা জড়ামড়ির পরে একটা হাল্কা চাপড়ের শব্দ শনা গেল। তারপরে একটা চাপা ব্যথা পাওয়া চিৎকার, তারপরে আবার সেই জড়ামরি, যেন আর শেষ হচ্ছেনা। ও ভাবতেই পারেনা, ওর আব্বা, যাকে সে এত ভালোবাসে আর শ্রদ্ধা করে তিনি এমন কোন খেলায় অংশ নিতে পারেন, আর যখন ওর খেয়াল হল যে ওর মাও এতে যোগ দিয়েছে, কোন এক অজানা কারণে ও এমন ক্ষেপে গিয়েছিল যে অনায়াসেই কেঁদে উঠতে পারত। কিন্তু সেটা অত্যন্ত বোকা বোকা হয়ে যাবে ভেবে ও চেপে গিয়েছিল। তা ছাড়া, সমস্ত বিরক্তি সত্ত্বেও এটা ত ঠিক যে তাদের কাছাকাছি থাকায় ও নিজেকে নিয়ে বেশ নিশ্চিন্ত আর নিরাপদ বোধ করছিল, যেন ও নিজেও এই খেলাটার একটা অংশ। আর এই অনুভূতিটাই অন্য সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছিল। ওর ইচ্ছে হল ও জানিয়ে দ্যায় যে তাদের মত ও নিজেও সেখানে হাজির আছে, আর তাই ও মুখটা হাঁ করে একটা ফোঁপানির আওয়াজ করে উঠল। অবাক হয়ে ও শুনল যে ওর ফোঁপানির উত্তরে উপরের হাসির আওয়াজ আরো বেড়ে গেল, মজা-পাওয়া আর লাগামছাড়া, আর তাতে বিছানাটা আরো ভীষণভাবে নড়তে থাকল। সেই একই বিছানা যেখানে এখন ওর মা শুয়ে আছে, কিরকম যেন সব-মেনে-নেওয়া ভাব, কোথায় গেছে দিনের বেলার সেই প্রবল দাপুটে চেহারা, বা কথা বলার সময়ের সেই ভয় ধরানো গলা! নম্র আর সবকিছু মেনে মেওয়া, পুরোপুরি নিজেকে সমর্পণ করে রাখা, শূয়ারটাকে আরো অত্যাচারী হতে আমন্ত্রণ করা। সেটার দম-চাপা ব্যাঙের ডাক এখন জবাই হতে থাকা ষাঁড়ের ঘড়ঘড়ানি। এখন আর ও শিশুটি নেই। এখন ও জানে। কিন্তু সবটা জানা নেই ওর। কারণ ওর মাথার উপরের আকাশটায়, একেবারে কূয়োর মুখটার কাছাকাছি আজব সব কাণ্ড ঘটে চলেছে যা ওর বোধের বাইরে। ঐ মানুষগুলোকে পিটিয়ে সত্যিটা ও বার করে নিতে পারে, কিন্তু ও যে চায় সব কিছু যেমন আছে তেমন-ই থাকুক, শুধু ওদের থেকে কথাগুলো সরিয়ে নাও, অবান্তর করে দাও সেগুলোকে। এই যে সবকিছু মেনে-নেওয়া আর পাশবিক অত্যাচার, আর ফিসফিস, আর বিছানার স্প্রিং খুলে গিয়ে গায়ের উপর নেমে আসার ভয়। কিন্তু তবু বরাবরের মত এখনও ওর রক্ত টগবগ করে ফুটতে থাকে আর ওর সারা শরীর ঘামে ভিজে যায়। মাথাটার কাজ করে যাওয়া, সমস্ত কিছু বুঝে ফেলা, এসব ও কিছুতেই থামাতে পারছেনা। আর তারপর সেই ভীষণ ভয়, যেন ওর মাথার উপরে ঐখানে এক জোড়া জ্বীন শুয়ে আছে, খোলাখুলি বেপরোয়া, সন্ধ্যাবেলায় যারা একসাথে ভালোবাসাবাসি করেছে, উদ্দামভাবে এবং কোনরকম ভয়ডর ছাড়া। লোকটা গর্জন করে একটা নরখাদকের মত, আর ওর মা যেন এক বাঘিনী যার কিছুতেই তৃপ্তি হয়না, যার মুখের কষে এখনো ওর ছোট ভাইটাকে ছিঁড়ে খাওয়ার রক্তের দাগ লেগে আছে এবং এখনও যার অনেক খাওয়া বাকি আছে। বর্বরতা একেবারে পাগলামীর পর্যায়ে পৌঁছে গেছে, কোন রাখঢাক নেই আর, যেন দুটো খ্যাপা কুকুর কামড়াকামড়ি করছে। আর তাদের চাপে বিছানার স্প্রিংগুলো ওর প্রায় বুকের উপর চেপে এসেছে। আর তারা, এবং এই পৃথিবী আর আকাশ, আর এই দুনিয়ার যা কিছু মায়া-মমতা, ওর ঠিক উপরে শুয়ে আছে, একটু একটু করে ওকে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে, পিষে দিচ্ছে ওকে, দম বন্ধ করে দিচ্ছে ওর। আর নিতে পারছেনা ও। পাগল হয়ে মরে যাবে এবার। ভোর হয়ে আসার ভয় এমনভাবে চেপে ধরেছে ওকে যে ও আর চিৎকারটুকুও করতে পারছেনা। ভয়ই ওকে সামলে রেখেছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা থেকে, সমস্ত কিছু তছনছ করে ফেলা থেকে, ভয়ংকর রাগে ওর পুরনো বাদামী জুতোটা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার থেকে, আর একটা হাতুড়ি দিয়ে তাদের খুলিগুলো ফাটিয়ে দেওয়ার থেকে। কিন্তু ও জানে যে যত রাগই হোক না কেন ওর, সেরকম কোন কিছুই ও করবেনা। বড় হয়ে গেছ তুমি, বোরহ্যাম - একটা গোব্দা ভালুকের মত বড় হয়ে গেছ তুমি। তোমার কান সব শুনতে পায়, তোমার চোখদুটো গরম শলার মত বিছানার স্প্রিং ভেদ করে দৃষ্টি চালিয়ে দেয়, আর দেখে নেয় উপরে যা রয়েছে। যখন ছোট ছিলে, এত কিছু তুমি জানতেনা। তুমি শুধু দেখতে পেতে। এখন তুমি দেখছো আর সেই সাথে জানছো। শুধু ও যদি সব একবার মুছে দিতে পারত - আগে যা যা ঘটে গেছে, আর আবার প্রথম থেকে শুরু করতে পারত। এই যেমন ধরো আজকের থেকেই, কিংবা আগামী কাল থেকে, যেন এর আগে ও আর কিচ্ছু দেখেনি, কিচ্ছু শোনেনি। যেন ওর সমস্ত জ্ঞান এই প্রথম ওর কাছে এসে পৌঁছচ্ছে আর এইবার সেই জ্ঞান অনুসারে ও ঠিক করবে কি করা উচিত ওর। কিন্তু ও জানে এমনটি কখনোই ঘটবেনা। কারণ ও জানে এই বারই প্রথম নয়। এমনকি প্রথমবারেরও আগে থেকে ছায়া ছায়া ধূসর কিছু উপলব্ধি ছিল যারা এখন একটু একটু করে নিজে থেকেই স্পষ্ট হয়ে উঠছে, যার ফলটা এই দাঁড়াচ্ছে যে পুরো খবরটা যখন শেষ পর্যন্ত ওর কাছে এসে পৌঁছচ্ছে, সেটা ইতিমধ্যেই বাসি হয়ে গেছে; যেন বহু যুগের ওপারের একটা ছায়ামূর্তি যা ও দেখার আগেই চিনে নিতে পেরেছিল।

ও এমনকি ওর অস্তিত্বটা পর্যন্ত বুঝতে দিতে চায়নি। বাবা আর মায়ের সময় ব্যাপারটা অন্যরকম ছিল কারণ তাদের কাছাকাছি ও নিরাপদ ছিল। কিন্তু এই দুজন ত সম্পূর্ণ অচেনা। একটা শূয়োর আর একটা ভালুক, উপরে ঐ আকাশে, দুনিয়ার ছাদের উপরে, এদিকে ও আর ওর ভাই, আর ওর বোন নীচে এইখানে কবরের ভিতর আটকা পড়ে আছে, ঠিক যেমনটা রয়েছে তাদের বাবা, চারধার দিয়ে ঝুলে থাকা সাদা চাদরে ঢাকা, তার কবরের ভিতর। ওর কি কেঁদে ফেলা উচিত হবে, কিন্তু সেটা করলে ও কি ওর নিজের কাছেই মালিক ওকে যা বলে ডাকে সেই শম্বার ‘খেলার জিনিষ’-এর মত ছোট হয়ে যাবেনা? ওর কি চিৎকার চেঁচামেচি করে একটা কাণ্ড বাধিয়ে তোলা ঠিক হবে? অচেনা লোকটা চলে যাওয়ার পর মাকে ও মেরে ফেলতেই পারে, কিন্তু তাতে ত মাকে ও এখনও যতটুকু কাছে পায় সেটুকুও শেষ হয়ে যাবে। কারণ, যত যাই হোক সে এখনও ওর মা আর ও নিজে যে এখনও বেঁচে আছে তার একমাত্র কারণ ওর একটা মা আছে। মাকে মেরে ফেলে মায়ের জীবন শেষ করে দেওয়ার কোন প্রশ্নই আসেনা। অন্য কোন মা নয়, একমাত্র এই মা আছে বলেই ও বেঁচে আছে। তাদের দুজনের জীবনকে যা জুড়ে রেখেছে, যত পলকাই সেটা মনে হোক না কেন, সেটাকে হারিয়ে ফেলা মানে ওর নিজের জীবনটাও হারিয়ে যাওয়া। এখন এই মুহুর্তে বুকের ভিতর মৃত্যু চেপে বসা ওকে এই ঠান্ডায় এইখানে ফেলে রেখে উপরে ওর মা ঐ অচেনা লোকটার সাথে ওর থেকে একেবারে আলাদা হয়ে আছে। দুনিয়ায় কেউ নেই যে ওকে নিজের ভাবে, কেউ নেই যাকে ও নিজের ভাবে। ও বেঁচে আছে শুধু একটাই আশায় ভর করে। যে, এই মাঝখানের সময়টা একদিন কেটে যাবে, ওর মা আবার ওর কাছেই ফিরে আসবে। ও যদি কেঁদে ওঠে, একবার যদি ওর মা জেনে যায় যে ও সব জানে, তাহলে ত সে ওকে বরাবরের মত দূর করে দেবে, আর যেই ঝরণার থেকে জল নিয়ে ওর জীবনটা বয়ে চলেছে, সেটা শুকিয়ে যাবে, আর ওর মা, সেও আর থাকবেনা। সিল্কের স্বচ্ছ একঢালা পোষাকের উপর দিয়ে একটা কালো আচ্ছাদন জড়িয়ে নেওয়া ঐ অন্য মহিলাটাই শুধু থাকবে, যে কখনো রাস্তায় রাস্তায় জিনিষ ফিরি করে, আবার কখনো স্রেফ মুটেগিরি করে ওদের জন্য দুটো খাবারের যোগাড় করতে প্রাণপাত করে। খাবার পেয়ে ও যে এত খুশি হয় সেটা ঐ বস্তুটা খাদ্য বলে নয়, ওটা ওর মায়ের পরিশ্রম আর ভালোবাসার ফলে পাওয়া গেছে বলে। মায়ের কোন কাজে বাধা দেওয়া কি লোকের কাছে তার কথা বলে দেওয়ার চাইতে ও বরং নিজে মরে যেতে রাজি আছে, কারণ ওদের মায়ের ওদেরকে যতটা দরকার, তার চেয়ে ওর নিজের হাজার গুণ বেশি দরকার ওর মাকে।

ওদের জীবনে ঐ লোকটা এসে হাজির হওয়া অবধি ওর মনে হয় যে মায়ের কাছে ওদের দরকার ফুরিয়ে গেছে। কিন্তু মা ওদের মা বলেই ত তাকে কেন্দ্র করে ওদের জীবনগুলো দাঁড়িয়ে আছে। তাই ওর মাকে বেঁচে থাকতেই হবে আর ওকেও চুপ করেই থাকতে হবে। ওদের টিঁকিয়ে রাখতে, বেঁচে থাকার রসদ যোগাড় করতে শয়ে শয়ে মানুষকে সামলাতে হলে তাই করুক ওদের মা। ওর মা যদি ওকে বকাবকি করে ত করুক। সমস্ত লোকের মধ্যে ঐ অচেনা লোকটাকেই যদি ওর মার মনে ধরে, ধরুক, এমনকি আগ বাড়িয়ে সে নিজেই তার খসখসে আদুরে গলায় লোকটাকে ডেকে নেয়, নিক। ও কোন ঝামেলা করবেনা। কাঠের শামিয়ানা থেকে আসা শব্দগুলো শুনতে শুনতে লম্বা রাত জেগে কাটিয়ে দেবে ও। সে সব শব্দে কোন হাসি নেই, আনন্দ নেই, তার আব্বার গলার প্রিয় নরম স্বর নেই। শুধু কুয়োয় পড়ে যাওয়া শুয়োরের ঘোঁতঘোঁত আর ভালুকের হাঁপানি। এক বিশাল আদরে মহিলাটি নিজের ইচ্ছেয় ঐ থলথলে হোঁৎকাটাকে জড়িয়ে নিয়েছে। তাদের নারকীয় পাশবিক জড়াজড়িতে চৌকির নীচে ওর কিশোর অস্তিত্ব গভীর থেকে ক্রমাগত আরো গভীরে তলিয়ে যায়। এখন ত ও বড় হয়ে গেছে। তবে, সেই যখন ও শিশু ছিল সেই তখন থেকেই ও সব শুনে এসেছে, কিন্তু এখন এগুলো ওকে উন্মাদ করে দিচ্ছে, এবং আর একটাই পথ এখন পড়ে আছে, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের আর তা হচ্ছে, কিচ্ছুটি না বলা। আর এত কিছুর পরেও কেয়ামতের দিনটি আর এসে পৌঁছায়না, এবং আকাশ থেকে কোন বজ্রকন্ঠের দৈববাণী শোনা যায়না “হাত সরিয়ে নে হতচ্ছাড়া!” এবং ভিনদেশী শুয়োরটার মাথায় কেঊ বাড়ি কষায়না, আর খসখসে আদুরে গলার মেয়েলোকটা মরে গিয়ে ওর মায়ের ফিরে আসা হয়না। কাঠের শামিয়ানার নীচ থেকে উঠে আসা কান্নার আওয়াজ ঘুমন্ত শহরের আনাচে কানাচে, সারা পৃথিবী জুড়ে আর তারও ওপারে অনন্ত স্বর্গের কুঠরীতে পৌঁছে যায়। আর কেয়ামতের দিনটি যেহেতু আসবেনা, প্রতিদিন সকালে এক বুক হতাশা নিয়ে ও জেগে ওঠে, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় চুরি করে একবার ও মায়ের দিকে তাকিয়ে নেয়, আর ওর মনে হয় ওদের দুজনের মাঝের নড়বড়ে সেতুটা আরো দুর্বল হয়ে গেছে, আর ওর মা আরো একটু দূরে সরে গেছে। আব্বা চলে যাওয়ার পর অজস্র বছর পার হয়ে গেছে, আর ফিসফিস করা মেয়েলোকটা জাঁকিয়ে বসেছে। একটা নিতান্ত অভাগার মত সে তার কাজে গিয়ে যোগ দেয়, আর শম্বার কিলগুলো পড়তে থাকে তার মাথার পিছনে। একটা ছোট কালো ছেলের মাথার পিছনে।

‘তা হলে, তুই ত এখন বড় হয়ে গেছিস, গায়ে-গতরেও বেড়েছিস ভালোই,’ বলে শম্বা, ‘একটা পেল্লায় হোঁৎকা ভালুকের মত বড় … আর ভালুকটা কুয়োর মধ্যে পড়ে গেছে।’

------------------
১ ইব্রাহিমের সংক্ষিপ্ত রূপ – বোরহ্যাম

২ প্রাক ইসলাম শক্তিশালী বীর


Bengali Translation of ‘Because The Judgement Day Never Comes’


 
লেখক পরিচিতি: চিকিৎসক, নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ইউসুফ ইদ্রিস-এর জন্ম মিশরের ফাকুস শহরে ১৯২৭-এর উনিশে মে আর মৃত্যু ১৯৯১-এর পয়লা অগাস্ট। ইউনেস্কোর অনুবাদ সাহিত্য সংগ্রহশালায় ইউসুফের লেখা সংগৃহীত হয়েছিল মিশরের প্রতিনিধিত্বকারী হিসেবে। আজীবন বামপন্থী ইউসুফ মতাদর্শগত কারণে একসময় প্রেসিডেন্ট নাসেরকে সমর্থন করেছেন আবার পরে তার বিরোধিতা করে জেলেও গিয়েছেন। কাছে থেকে দেখেছেন সাধারণ মানুষের জীবন, সেই জীবন নিয়ে লিখেছেন এবং যৌনতাকে সেখানে ব্যবহার করেছেন অস্ত্র হিসেবে। একই সাথে তাঁর সময়ের এবং চিরকালীন, তাঁর এলাকার এবং সারা পৃথিবীর কাহিনী বলা বর্তমান গল্পটিতেও আমরা তাঁর লেখার এই বৈশিষ্টগুলোর মুখোমুখি হই, আর আমাদের অন্তর তীব্র বেদনায় কেঁপে ওঠে। 


অনুবাদক পরিচিতি:
অমিতাভ চক্রবর্ত্তী
কবি। গল্পকার। অনুবাদক
টেনেসি, যুক্তরাষ্ট্রে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ